
নিউইয়র্ক টাইমস পত্রিকায় মাত্র দিন দশেক আগে ছোট একটা ফিচার পড়ে বুঝে উঠতে পারলাম না আমার কী করা উচিত—উদ্বিগ্ন নাকি খুশি হওয়া? ফিচারটি ছিল এমন: প্রখ্যাত ছোট গল্পকার রেমন্ড কার্ভারের বইগুলো এত দিনকার ছাপা বইয়ের শাশ্বত জগৎ পার হয়ে এই সেপ্টেম্বরে ঢুকছে ডিজিটাল জগতে। ‘ভিনটেজ’ নামের প্রকাশনা সংস্থা কার্ভারের সবকিছু ই-বুক আকারে বাজারে ছাড়ছে মাত্র ১০ থেকে ১২ ডলার দামে। নিউইয়র্ক টাইমস আরও লিখেছে, পশ্চিমের নামী লেখকদের মধ্যে কার্ভার ছিলেন ডিজিটাল বাজারে না আসা শেষতম অল্প কয়েকজনের একজন। গত বছর ই-বুক হয়ে বাজারে এসেছিল হারপার লি–এর বিখ্যাত টু কিল অ্যা মকিংবার্ড; আর গত সেপ্টেম্বরেই ‘ভিনটেজ’ একযোগে ডিজিটাল বইয়ের জগতে ছেড়েছিল নয়টা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, সেই সঙ্গে আলব্যের কাম্যু ও জেমস বল্ডউইন। ফিচারটির লেখিকা জানাচ্ছেন, এখন জে ডি স্যালিঙ্গারই বোধ হয় শেষ প্রধান কোনো গদ্যলেখক, যাঁর বই আজও রয়ে গেছে শুধু কাগজের বই হিসেবে।
এই বইকেন্দ্রিক ডিজিটাল বিপ্লব যেভাবে পাশা উল্টে দিচ্ছে প্রথাগত বই প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর, তাতে যেকোনো বইপাগল পাঠকের মনে আজকাল মাঝেসাঝে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন: ছাপা বইয়ের দিন কি শেষ? আরেকটু সান্ত্বনাসূচক ভঙ্গিমায় বললে: ছাপা বইয়ের ভবিষ্যৎ কী?
বই বলতে আমরা চিরকাল যে কাগজে ছাপা বস্তুটির আকারকে বুঝি, তার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে সাধারণ ব্যক্তি-পাঠক হিসেবে আমার তেমন মাথাব্যথা নেই। প্রাইস ওয়াটার হাউস কুপারসের ভবিষ্যৎদ্বাণী দেখে আমি বুঝে গেছি বাণিজ্যের অত বড় ‘টাইটানিক’ নিয়ে আমার মতো গরিব দেশের এক মধ্যবিত্তের উদ্বিগ্ন না হলেও চলবে। ওই গবেষণা প্রতিষ্ঠান জানাচ্ছে, ২০০৯ সালে পৃথিবীর প্রধান ছয়টি বইয়ের বাজারে (আমেরিকা, জাপান, জার্মানি, চীন, ইতালি ও স্পেন) ৩৮ বিলিয়ন ডলারের ছাপা বই বিক্রির বিপরীতে ই-বুকের বিক্রি ছিল মাত্র ১ দশমিক ৬ বিলিয়ন ডলার; আর সেটাই ২০১৮ সালে, এখন থেকে মাত্র তিন বছর পরে হয়ে দাঁড়াবে ছাপা বইয়ের পুরো অর্ধেক—২৭ বিলিয়ন ডলারের বিপরীতে ১৩ দশমিক ৭ বিলিয়ন। এই তালে এগিয়ে গেলে, গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০৩০ সাল নাগাদ ছাপা বই বনাম ই-বইয়ের অনুপাত হবে এখনকার উল্টো, আর ২০৪০ সালের কোনো এক সময়ে প্রায় পুরো বন্ধ হয়ে যাবে কাগজে কালি দিয়ে বই ছাপানোর চিরকালীন ঐতিহ্যটি, যেভাবে ডিভিডির সামনে হারিয়ে গেছে ভিসিআর আর সিডির সামনে ক্যাসেট টেপ। যেহেতু সংখ্যাগুলো সব মিলিয়ন বিলিয়ন ডলারে, তাই আগেই যেমন বলেছি, একজন ব্যক্তি-পাঠকের এ নিয়ে খুব বেশি আগ্রহী বা অনাগ্রহী হওয়ার কিছু নেই। সে কারণেই বাণিজ্যের এই দিকটা বাদ দিয়ে বরং ভাবা যাক ছাপা বইয়ের অনুপস্থিতিতে বই পড়ার চিরকালীন বিষয় এবং সেই সঙ্গে এর অন্যান্য অনুষঙ্গের কী হবে, সেই কথা।
বইপাগল পাঠকের মনে আজকাল মাঝেসাঝে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন: ছাপা বইয়ের দিন কি শেষ?
ঢাকা থেকে ইস্যু করা ক্রেডিট কার্ডের বরাতে আমি ই-বুক বাজারের সবচেয়ে বড় পান্ডা আমাজনের মোটামুটি মাঝারি মাপের একজন নিয়মিত ক্রেতা—যেমন ই-বুকের, তেমনই ছাপা বইয়ের। বাজারে ‘কিন্ডল’ নামের ই-বুক রিডার চালু হওয়ার পর থেকে (এখন চলছে কিন্ডল পেপারহোয়াইটের যুগ, যা অন্ধকারেও পড়া যায় কারণ মুঠোফোনের মতোই এর নিজস্ব আলো আছে) আমাজন আমাদের মতো সাধারণ পাঠকদের কাছ থেকে কামাচ্ছে দুই আকারে-প্রকারেই। তাই ওটা নিয়ে আর বেশি বলে লাভ কী? আমার মন খারাপ এ মুহূর্তে দান্তের ডিভাইন কমেডি (রবার্ট ও জাঁ হল্যান্ডার দম্পতির ২০০০ সালের বিখ্যাত অনুবাদটি) বাধ্য হয়ে আমাজন কিন্ডলে ই-বুক হিসেবে পড়তে হচ্ছে বলে নয়, বরং দান্তের ‘নরক’ অংশের দুই বিখ্যাত প্রেমিক যুগল পাওলি ও ফ্রান্সেসকার কথা মনে করে। জীবিত থাকতে তারা দুজন একদিন এক গাছের তলায় বসে পড়ছিল একটি বই, চিরায়ত প্রেমকাহিনি। নিজের হাতে বইটা খুলে মেলে ধরেছে ফ্রান্সেসকা, আর পাওলি পড়ছে চিবুকে হাত রেখে, এবং বই পড়তে পড়তেই তারা—দুজনেরই আছে যার যার স্বামী-স্ত্রী—বারবার তাকাচ্ছে একজন অন্যজনের দিকে। একসময় পাওলি কাঁপতে কাঁপতে ঠোঁটে চুমু দিয়ে বসল ফ্রান্সেসকার। গাছতলায় হাতে বই ধরে পড়ার মাধ্যমে যে পাপের সূচনা, মৃত্যুর পরে তা-ই তাদের ঠেলে দিল নরকবাসের ভেতরে।

অন্তর্জালে পাওলি-ফ্রান্সেসকার হাতে বই ধরা নিষিদ্ধ প্রেমের চমৎকার ছবির মতো আছে আরও কিছু অনবদ্য চিত্রকর্ম ও ভাস্কর্য, যেগুলো এক লহমায় আমাকে ঘুরিয়ে এনেছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বইয়ের পাঠকদের ভ্রাতৃত্ববোধের অজস্র চিহ্ন ও সংকেতভরা এক অনুভবের মধ্য দিয়ে। একটা ভাস্কর্যে দেখলাম তরুণ অ্যারিস্টটল, কোলের ওপরে দীর্ঘ স্ক্রল খুলে (তখন চামড়ায় বা প্যাপিরাস কাগজে মোড়ানো স্ক্রলই ছিল বই) বাঁ হাত মাথায় রেখে নিবিষ্ট মনে পড়ছেন বই; অন্য চিত্রকর্মে, চোখে গোল গোল দুটো কাচ লাগিয়ে মাথা ঝুঁকিয়ে ভার্জিল উল্টে যাচ্ছেন বইয়ের পাতা, তাঁর লম্বা দাড়ি প্রায় ছুঁয়েছে বইটাকে; অন্যটায় দেখা মিলল, কিশোর যিশুর কোলের ওপর বড় আকারের খোলা বই (তখনকার বইগুলো আকারে বড়ই হতো) আর তাঁর সামনে বসা প্রবীণেরা নিজেদের হাতের বইগুলো উল্টে যাচ্ছেন যিশুর কথা দ্রুত খণ্ডনের আশায়; দেখলাম আরও এক চিত্র, যেখানে কেতাদুরস্ত পোশাকে অভিনয়পটু চার্লস ডিকেন্সের হাতে নিজের উপন্যাস, সেখান থেকে তিনি পড়ে শোনাচ্ছেন ভক্ত-পাঠকদের; এবং শেষে, অন্ধ বোরহেসের সেই অমর ছবি—রীতিমতো দেবদূতসুলভ চেহারার এই বিখ্যাত ‘পাঠক’ কুঁচকে বন্ধ করে আছেন তাঁর দুচোখ, কী এক তন্ময় অনুধ্যানে ডুবে শুনে যাচ্ছেন অন্যের পাঠ, বোরহেসকে যিনি বই পড়ে শোনাচ্ছেন, ছবিতে দেখা যাচ্ছে না তাঁকে।
এতগুলো ছবি দেখে হারিয়ে যাই বই পড়ার আদিমতম আনন্দগুলোর মাঝে—নাকের কাছে নিয়ে কাগজের গন্ধ শোঁকার আনন্দ, যে গন্ধ শুধু কাগজ থেকে নয়, আসে কালি থেকেও; পাতা উল্টানোর ‘সাঁৎ’ শব্দ শোনার আনন্দ, যা আবার উল্টানো হয় হাতের আঙুল জিবে ভিজিয়ে (উমবের্তো একোর দ্য নেম অব দ্য রোজ-এ বই পাঠকদের এই চিরাচরিত অভ্যাস জানা এক খুনি বইয়ের পাতার কোনায় বিষ লাগিয়ে রেখে খুন করে বহু পাঠককে); পৃষ্ঠা থেকে চোখের ভেতরে ছাপা অক্ষরগুলো গেঁথে নেওয়ার আনন্দ; পড়ার শব্দের প্রতিধ্বনি কানে বাজার আমোদ; খসখসে বা নরম কাগজে আঙুলের ছোঁয়া লাগার আনন্দ; আর নাকে বইয়ের পাতার গন্ধের পাশাপাশি কার্ডবোর্ড অথবা লেদারের প্রচ্ছদ বা বাঁধাইয়ের গন্ধ পৌঁছার অবিস্মরণীয় পুলক। তখনই আমার মাথায় এসেছে গ্রন্থাগার থেকে বই চুরির চাপা উত্তেজনাময় আনন্দটুকুর কথাও।
উনিশ শতকের শুরুর দিকে ফ্লোরেন্সের কাউন্ট লিবরি একের পর এক বড় বড় গ্রন্থাগারে হানা দিয়ে তাঁর বিশাল আলখাল্লার মধ্যে সাবাড় করতেন বইয়ের পরে বই। ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের এমন কোনো বড় গ্রন্থাগার ছিল না যেখান থেকে বই চুরি করেননি লিবরি। ১৮৪৬ সালে তাঁর বিরুদ্ধে আসে প্রথম অভিযোগ আর ১৮৪৬-এর বিপ্লবের পরে লিবরিকে পালাতে হয় ইংল্যান্ডে, পালানোর সময় সঙ্গে করে তিনি নিতে পেরেছিলেন মাত্র আঠারো কার্টন বই, যার মূল্য ছিল তখনকার দিনের ২৫ হাজার ফ্রাঙ্ক। সে সময়ে ফ্রান্সে সর্বদক্ষ কোনো শ্রমিক সারা দিন খেটে মজুরি পেতেন মাত্র চার ফ্রাঙ্ক। লিবরি পশ্চিমের বইয়ের জগতের সবচেয়ে বড় বই চোর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তাঁর সময়ে বই চুরিকে অপরাধ বলেই গণ্য করা হতো না।
বই চুরিকে অপরাধ হিসেবে না ধরার এই রীতি সম্ভবত চলে আসছে আদি যুগে গ্রিসের গ্রন্থাগারগুলো তছনছ করে গ্রিক বইয়ের মহাসমারোহ ঘটিয়ে রোমানদের অসংখ্য বিখ্যাত গ্রন্থাগার গড়ে তোলার দিন থেকেই। বই পাঠকের নিগূঢ়তম সম্পত্তির অংশ, সেটা অন্যের সঙ্গে ভাগ করে পড়া প্রেমের মানুষকে অন্যের সঙ্গে ভাগেরই সমতুল্য, এমনটাই বলেন লরেন্স থম্পসন, তাঁর বই চুরির ইতিহাস বইয়ে; যে ইতিহাস মধ্যযুগ ও রেনেসাঁর সময়ে, ভরে আছে অজস্র খ্যাতিমান বই চোরে, এতটাই যে ১৭৫২ সালে চতুর্দশ পোপ বেনেডিক্ট বই চোরদের জন্য আইন জারি করতেও বাধ্য হয়েছিলেন।
আমার মাথাব্যথা ওই চুরির ইতিহাস নিয়ে নয়। পাতা উল্টে, চোখে দেখে, কানে শুনে বই পড়ার যে আনন্দগুলোর তালিকা ওপরে দিয়েছি, সেগুলোর সঙ্গে অদূর ভবিষ্যতে আরও একটা আনন্দ—বই চুরির আনন্দ থেকেও পাঠক বঞ্চিত হতে যাচ্ছেন, সেটি ভেবেই আমি ব্যথিত।
আর কী কী আনন্দ বিদায় নিতে পারে ডিজিটাল বইয়ের তাড়ায় শাশ্বত কাগজের বইগুলো হারিয়ে গেলে? প্রথমেই মনে পড়ে আলেকজান্ডার দ্য গ্রেটের কথা, এশীয় অঞ্চলে যুদ্ধের সময় যিনি সঙ্গে নিতেন তাঁর বিখ্যাত তরবারি আর হোমারের ইলিয়াড, এবং রাতে ঘুমাতেন ওই ইলিয়াডকেই বালিশ বানিয়ে। মনে পড়ছে, পোলোনিয়াস হ্যামলেটকে জিজ্ঞাসা করেছিল: ‘হোয়াট ডু ইউ রিড, মাই লর্ড?’ হ্যামলেট উত্তরে বলেছিল: ‘ওয়ার্ডস, ওয়ার্ডস, ওয়ার্ডস।’ ওই নামের কোনো বইয়ের সন্ধান আমি আজও পাইনি, তবে মনে হয় যদি পেতাম, তাহলে প্রিন্স হ্যামলেটের প্রহেলিকাভরা পাঠক-চরিত্রটিকে বুঝে নিতে পারতাম বেশ ভালোভাবে।
আবার পাঠক কী বই পড়েন, তা-ও যে কোনো লেখকের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে—এমন নমুনাও উপস্থিত ইতিহাসে। অ্যাডলফ হিটলার বিখ্যাত ট্রেজার অব দ্য সিলভার লেক-এর লেখক কার্ল মে–এর উপন্যাসগুলোর প্রশংসা করেছিলেন বলে মে–কে পরবর্তীকালে নতুন পাঠক ও নতুন শ্রোতা পেতে কম ভুগতে হয়নি।
হঠাৎ মনে হলো, আরেকটা আনন্দেরও ইতি ঘটবে ছাপার বই হারিয়ে গেলে। সামনের দিনের হিটলার বা জোসেফ গোয়েবলসরা সে সময় কীভাবে পোড়াবেন ফ্রয়েড, মান, হেমিংওয়ে, মার্ক্স, জোলা ও প্রুস্তের বই (দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বার্লিনে এঁদের বই পুড়িয়েছিলেন গোয়েবলস)? বইয়ের বদলে তো তখন ই-বুক রিডার ‘আমাজন কিন্ডল’ নামের ডিভাইসটা পোড়াতে হবে তাঁদের। কাগজের মতো ওভাবে দাউ দাউ করে পুড়বে তো এই শক্তপোক্ত জিনিসগুলো?
রে ব্রাডবারির বিখ্যাত উপন্যাস ফারেনহাইট ৪৫১। স্নাতক শ্রেণিতে এটি পাঠ্য ছিল আমাদের। ওই বইটা হাতে নিতেই একটা শিহরণ জাগত; ঠিক শিহরণ নয়, একধরনের উদ্বেগজনক ভয়। মনে আছে, ওখানে বলা হয়েছিল দূর-ভবিষ্যতে পুড়িয়ে ফেলা হবে পৃথিবীর সব বই, অতএব বইগুলো টিকিয়ে রাখার স্বার্থেই একটা একটা করে বই মুখস্থ করে ফেলতে হবে পাঠকদের, পাঠককেই হতে হবে ভ্রাম্যমাণ গ্রন্থাগার। কী সাংঘাতিক এক ভবিষ্যৎ! খ্রিষ্টপূর্ব ৫৯৩ সালে ইজিকিয়েল নবী স্বপ্ন দেখেছিলেন, খোদা তাঁকে আদেশ দিয়েছেন মুখ খুলতে আর গিলে খাওয়ার মাধ্যমে বই পড়তে। কারণ, স্বপ্নে বলা ছিল, গিলে খেলেই বইয়ের অর্থ পরিষ্কার বোঝা যাবে বেশি। রে ব্র্যাডবেরি যেমন ভয়ংকর, ইজিকিয়েলের স্বপ্নও তেমনই আতঙ্কজনক, আর সক্রেটিস যে আমাদের বই পড়তে বারণ করতেন (কারণ, বই কী বলতে চায়, তা বোঝাতে পারে না, বরং খালি একই কথা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে বলে!), বিষয় হিসেবে সেটাও ভীতিকর। এগুলোর পাশাপাশি আমাদের সামনে আছে ভয়ংকর এক অতীত ঘটনাও। খ্রিষ্টপূর্ব ২১৩ সালে চীনা সম্রাট শি হুয়াং-তি বলেছিলেন, ‘হে মানব, ইতিহাসের শুরু হবে আমাকে দিয়েই; তাই আগুনে পোড়ানো হোক আমার আগের যাবতীয় বই।’ এসব ভয়ংকর ইতিহাসের বিপরীতে দাঁড়িয়ে এটা ভাবলেই মন প্রসন্ন হয়ে যায় যে দান্তের পাওলির মতো গাছতলায় প্রেমিকাকে পাশে বসিয়ে রূপ-রস-গন্ধভরা কাগজের কোনো বই সামনের দিনে হয়তো আর উল্টাতে না-ও পারতে পারি আমরা, কিন্তু ডিজিটাল বুক বা ই-বুক পৃথিবীর সব বইকে পাগল মানুষ (কাফকা, ভার্জিল) ও পাগল শাসকদের (শি হুয়াং-তি, হিটলার) খেয়াল পেরিয়ে ‘ক্লাউডে’ পাঠিয়ে বাঁচিয়ে তো রাখবে অনন্তকাল।
আগে যেমন বলেছি, এ মুহূর্তে আমাজন কিন্ডলে পড়ছি ডিভাইন কমেডির হল্যান্ডার অনুবাদের ই-বুক; আর আমার সামনে টেবিলে পড়ে আছে আমাজন থেকেই কেনা এক সেকেন্ডহ্যান্ড দান্তে—ডিভাইন কমেডির ১৮৬৭ সালের হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর অনুবাদ। পুরোনো এই বইয়ের পৃষ্ঠা থেকে তামাকের কেমন একটা ঝিমধরা গন্ধ বেরোয়, আর এর প্রচ্ছদে স্পষ্ট দেখা যায় বইয়ের আগের মালিকের ভেজা কফি কাপের গোল একটা দাগ। আমি ভাবি, কে ছিল সেই আগের মালিক—কোন সালে, পৃথিবীর কোন দেশের কোন শহরে? পাঠক-পাঠকের মধ্যে এই নীরব ভাবাভাবিটুকুও তো কেড়ে নেবে ডিজিটাল বই, আরও কেড়ে নেবে বন্ধুর কাছ থেকে বই ধার নিয়ে ফেরত দিতে না চাওয়ার বাসনাটুকুও। তার পরও কিন্ডলের অভিধান ও হাইপারটেক্সটের সুবিধার কথা চিন্তা করে, শেষমেশ দান্তের ই-বুক পড়াটাই চালিয়ে যাই।