বক ও বাঁশফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য ডোবার আগে আগে বকের ঝাঁক ফিরে আসতে বাঁশঝাড়ের কুঁজো মাথাগুলো ফকফকা সাদা। আসমানের তলপেটে সূর্যটা যে লালে লাল ডুবছে, সেই ডুবুডুবু আলো-আঁধারকে টেক্কা দিতে ঠাসাঠাসি একজোট মাথাগুলো সাদা ঝান্ডা হয়ে জ্বলে। ছাই-ছাই অন্ধকারেও দপদপ জ্বলে। কবে কোন কালে বকরা এ বাঁশঝাড়কে নিরাপদ আস্তানা ভেবে এর দখলদার বনে গিয়েছিল কেউ বলতে পারে না। চেষ্টা করে মনে করতে চাইলে কেউ না কেউ হয়তো পারবে। তবে সেটা কথা না। কথা যা, বকের ঝাঁক দিনকে দিন বড় হচ্ছে। দিনের বেলা বাঁশঝাড়ে খুব একটা থাকে না, দূরে দূরে বিল-বাঁওড়ে কোথায় কোথায় যায়—ধারেকাছে পুঁটিমাছ পায় না বলেই বুঝি! তবে সূর্য ডুবতে বসেছে দেখামাত্র দেরি করে না, শোঁ শোঁ পাখার ঝাপটায় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামে। আর খ্যেরখেরে কর্কশ আওয়াজ; শুনতে মোটেও পাখির গলার মনে হয় না। রোদে পুড়ে কালোর বদলে তারা তখন বেশি বেশি সাদা। ডানা থেকে রোদের ভাপ ঝাড়তে লম্বা হলুদ মাছশিকারি ঠোঁটে বুক-পেট-পিঠের পালক খোঁটে। বিস্তর পালক গা খসে তুলার মতো ওড়ে। চিরল সবুজ বাঁশপাতায় সাদা, অফুরান সাদার ছিটে গোটা ঝাড়টাকে কিম্ভূত দেখায়।এও আসল কথা না। আসল যা বকের কারণে চাপা পড়ে গিয়েছিল। বাঁশঝাড় যে ফুল ছেড়েছে বাঁশফুল—বকরা তা এত দিন বুঝতে দেয়নি। সূর্য ডোবার পর থেকে রাতভর মাস্তি, ঘুমায় যে কখন তারা কে বলবে। এই গা ঝাড়ছে, পালক খুঁটছে, এই এ ওর নাকে-ঠোঁটে খোঁচা দিচ্ছে, জাপ্টাজাপ্টি, রক্তারক্তি। ওপরের দিকে যেখানে ফুল এসেছে সেসব জায়গায় পাতাটাতা খসিয়ে লন্ডভন্ড। ফুল আসার ঘটনা নজরে পড়ার কথা নয়। দেরিতে হলেও যার নজরে প্রথম পড়ল সে মন্তাজ। প্রথম দেখাকে মন্তাজ তেমন আমল দেয়নি। নিজের চোখকেও বিশ্বাস করতে খটকা লেগেছিল। দিন দুই পর মনে পড়তে চমকে উঠে ভাবল, ‘কী দেখলাম?’ নিশ্চিত হতে এক দুপুরে বকের চুন-সাদা গু-তে ছয়লাব বাঁশঝাড়ের ছায়া অন্ধকার তলায় অনেকক্ষণ ঘুর ঘুর করল। ওপরের দিকে তাকিয়ে চোখের মণিজোড়াকে চরিয়ে ফিরিয়ে বেশ কয়েক ছড়া হলদে কুঁড়িসহ অস্ফুট ফুলের হদিস পেয়ে দৌড়ে বেরিয়ে এল। দৌড়ের ওপরই অনেকটা পথ পার হয়ে ঘরে ঢুকে বউকে খবর দিল, ‘বাঁশগাছ ফুল ছাড়ছে।’ দৌড়ে হাঁপাতে হাঁপাতে তার ঘরে ঢোকা ও খুব অল্প কথায় মূল বিষয়টা খোলাসা করে ফেলায় বউ বুকে হাত ঠেকিয়ে ‘আঁতকে উঠল, ‘কও কী!’ মন্তাজ বলল, ‘চল।’ বউ ভাবল মন্তাজ তাকে দেখাতে নিয়ে যেতে চলছে। সে দোনোমনা চোখে তাকিয়ে থাকলে মন্তাজ মনের কথা ভেঙে বলল, ‘চল, ভাগি।’ তিরিশ-চল্লিশ বছর আগে, পঁয়ত্রিশ-ছত্রিশও হতে পারে, বাঁশফুলের পাল্লায় পড়েছিল মন্তাজ। বয়স তখন তার বেশি না, বড়জোর দশ-বারো। বাঁশগাছে যে ধানের ছড়ার মতো আঁটসাঁট ঝুমকো কুঁড়ি ফোটে, কুঁড়ি থেকে ফুল লোকজনের জানা ছিল না। তারা অবাকই হয়েছিল। ভয়-ডর দূরের, খারাপ চিন্তাটিন্তাও কারও মাথায় খেলেনি। ফুলই তো; ফলও কি হবে—বাঁশফল? তাদের জানার মধ্যে তখন পর্যন্ত এক পেঁপেগাছ—ফুল ফুটলে গাছটা নর, মাদি না, ফল দেবে না। বাঁশগাছ তো আর ফল দেবে না, আর দেয়ও যদি, লাভ না লোকসান অত ঘোরপ্যাঁচে কেউ যায়নি। তো সেই তিরিশ-বত্রিশ বা আরও বেশি বছর আগে, মন্তাজের যখন সবে দশ কি বারো, বাঁশগাছে ফুল ফুটবে বলে ঝুমকো কুঁড়ির দেখা মিলেছিল। কিছুদিন যেতে প্রথমে ইটরঙা, পরে পানের পিকের রং ধরতে না ধরতে পাটকিলে হয়ে ঝরে পড়তে একের পর এক ঘটনা। কে জানত বাঁশগাছ ফুল ফোটায় দুনিয়া ছারখার করে দিতে।ফুল ঝরে যেতেই সবার নজরে পড়েছিল বাঁশগাছের মড়ক। ঝাড়-বংশ উজাড় বলে কথাটা যে বাঁশঝাড়ের মড়ক থেকে এসেছে লোকজন তখনই জানতে পারল। পাতাখসা শুকনো মরা খ্যাংরাকাঠির দঙ্গল রোদে পোড়ে, বৃষ্টিতে ভেজে। কেটে সাফ করা ছাড়া উপায় নেই, নগদানগদ যা পাওয়া যায়। দলবেঁধে পাইকার-মহাজন আসতে লাগল। শুরু হলো বাঁশ কাটা। মালিকানা ও শরিকির নানা কূটচালে বাধল মারামারি। গোটা গ্রাম জড়িয়ে পড়ল। কাটারির কোপ খেয়ে মরা বাঁশঝাড়ের তলায় মরে পড়ে রইল কয়েকজন। শহর থেকে পুলিশরা এল দফায় দফায়। দড়ি বেঁধে পালে পালে পুরুষদের চালান করতে লাগল। যারা ধরা পড়ল না, গ্রাম ছেড়ে দূরে দূরে পালিয়ে ভাবল বাঁচা গেল। এদিকে তখন অঘ্রাণ মাস, পাকা ধানের ভার সইতে না পেরে খেতের পর খেতে ধানগাছ যেমন খুশি শুয়ে পড়েছে। কাটার মানুষ কই? ঘরে ঘরে দানা নাই, রোজাগেরে পুরুষ নাই, ছানাপোনা নিয়ে মেয়েরা কী খায়। উল্টাপাল্টা খাওয়া-খাদ্য পেটে চালান করতে গিয়ে পেট তো ঠান্ডা হয়ইনি, বরং চিরদিনের মতো পেটের জ্বালা মেটাতে ওলাওঠা দেখা দিল ঘরে ঘরে। দেখতে না দেখতে সাফ হতে লাগল গ্রাম। আজ এ ঘরে দুইজন, পরদিন ও ঘরে চারজন। এক রাতে বাপ আর পিঠাপিঠি বোন মরে যেতে মন্তাজের হাত ধরে তার মা ভেগে গেল শহরে। বাঁশফুলের এ কীর্তিকাহিনি মন্তাজের বউয়ের খুব জানা। মন্তাজ যখন দৌড়ে ঘরে ঢোকামাত্র তাকে খবরটা দিল আর সে বুকে হাত ঠেকিয়ে আঁতকে উঠল তা দিনের পর দিন মন্তাজের দুর্ভোগের কাহিনি শোনারই ফল। মন্তাজের মুখে সে শুনেছে, মা-বেটা শহরে ভেগে গিয়েও পার পায়নি। ভিক্ষা করে চলছিল কিছুদিন, কিন্তু এমন ছারখার জীবন, শুধু দু-একবেলার ভাতে টেকে না। মাসখানেকের মাথায় মা টুপ করে মরে যেতে মায়ের লাশ সামনে নিয়ে গোটা একটা দিন ভিক্ষা করার কথাও বউকে শুনিয়েছে মন্তাজ। শেষমেশ যা শুনিয়েছে, সে বছর অসময়ের বানে আর নদীর চোরা ভাঙনে আস্ত গ্রামটাকে পদ্মা খেয়ে ফেলেছিল। এত বছর হয়ে গেলেও বাঁশফুল দেখে মন্তাজ বউকে ‘চল’ বলতে যে ভেগে যেতে বলেছে, মানেটা বউয়ের তখনই ধরে ফেলা উচিত ছিল। মন্তাজই ধরিয়ে দিল যখন ভেঙে বলল, ‘চল ভাগি।’ মা মরে যেতে ভিক্ষা করতে জুত হয়নি। কাঁচাবাজারে লঞ্চঘাটে মোট বওয়া, দাও বুঝে চুরিচামারি—একার একটা পেট চলে যাচ্ছিল। তবে জ্বালা একটা ছিল, কাজ-কাম না থাকলে চোখে খালি বাঁশফুলই দেখত। ঘুমিয়ে পড়লে দেখত, জেগে উঠে দেখত। পথে-ঘাটে লোকজন ঘরবাড়ি কোথায় জানতে চাইলে বাঁশফুল দিয়ে সেই গোড়া থেকে শুরু করত। লোকজন হাসাহাসি করত। একবার একজন হাসল না, বলল, ‘রাখালি করবি? করলে চল, খাবি-দাবি, বেতনও পাবি আর ফুল-নাই-বাঁশঝাড়ও পাবি।’ ফুল-নাই-বাঁশঝাড় কথাটা কানে লেগেছিল। আসলে মাথায় বাঁশগাছ এমন গেড়ে বসেছিল, খুব ইচ্ছা হতো ফিরে যেতে, কিন্তু নিজের গ্রাম বলে তখন আর কিছু নেই। এ অবস্থায় প্রস্তাব যখন একটা পাওয়া গেল, সে ভাবল হোক ভিনগাঁ, বাঁশগাছ ফুল ফুটিয়ে রং ছড়িয়ে মানুষকে বোকা বানিয়ে কতটা ছারখার করতে পারে আবার দেখা যাক। না হয় আবার ভাগবে। দ্বিতীয় দফা ভাগার তাল করেই যেন মন্তাজের ভিনগাঁয়ে ফেরা। বাঁশঝাড়ের কমতি নেই এ গ্রামে। গাঢ় সবুজ, ঠাসাঠাসি পাতায় ঝাড়ের পর ঝাড়। অবস্থা দেখে পদ্মার পেটে ডুবে মরা তার গ্রামটাকে সে মেলাতে পারে না। তবু বাঁশগাছ ও বাঁশফুলের কিস্সাটা যাকে পায় শোনায়—সেই গোড়া থেকেই শোনায়। এদিকে নিজে তক্কে-তক্কে থাকে কোথাও কোনো বাঁশঝাড়ে অন্য রকম কিছু নজরে পড়ে কি না। মাসের পর মাস, বছরের পর বছর বাঁশঝাড়গুলো যেই সেই। মন্তাজ তখন কী করে? রাখালি দিয়ে শুরু করেছিল, কত দিন আর রাখালি চালায়। মন চায় রোজগার বাড়াতে, থিতু হতে—কোথাও একটা একচালা তুলে বউয়ের বেড়ে দেওয়া ভাত খেতে। ইচ্ছা থাকলে যে উপায় হয় মন্তাজের বেলায় কথাটা ফলেছিল। মন্তাজ থিতু হয়েছিল। আর ভাগার চিন্তাটা কী করে যেন মাথা থেকে উবে গিয়েছিল। তাই বলে বাঁশগাছে কুঁড়ি বা ফুলের তালাশ তাকে ছেড়ে যায়নি। আর মুখ থেকে দিনের পর দিন শুনে শুনে তার বউ জেনেছে বাঁশগাছও ফুল ছাড়ে, শীত-বর্ষা-হেমন্তের হিসাবে না, বাঁশগাছ চলে নিজের হিসাবে—ফুল যে ফোটায় তা আসলে বিষ, মানুষ রং দেখে ভাবে ফুল, পারে তো শুঁকেও দেখে। বিষ ছড়িয়ে বাঁশগাছ নিজে মরে আগে, তারপর তো ছারখার। বকছাওয়া বাঁশঝাড়টা মস্ত বড়। গ্রামে এই একটা ঝাড়েই বকদের আস্তানা। মন্তাজের চলাফেরার পথে পড়ে বলে অভ্যাসবশত সে ঝাড়টার দিকে নজর রাখল। কিন্তু নজর করে কিছু দেখার অবস্থা রাখেনি বকের পাল। নিচের কঞ্চিপালায় যাও কিছু পাতা-টাতা চোখে পড়ত, ওপরের দিকে সব লন্ডভন্ড। ফুল ফুটবে বলে যদি ঝুমকোকুঁড়ি ঝুলেও থাকত, কারও নজরে পড়ার কথা না। আর এ গ্রামের মানুষ বাঁশগাছে কুঁড়ি বা ফুলের খোঁজ করবেই বা কেন? বাঁশফুলের তারা কী জানে। ভাগবে বললেই যে ভেগে যাওয়া যায় না এর বড় কারণ মন্তাজ এত বছরে থিতু হয়ে গেছে। মানুষটা সে একা না; বউ আছে, দুই ছেলেমেয়ে। দশ কি বারো বছর বয়সে, সেই কোনো কালে সিদ্ধান্ত যা নেওয়ার নিয়েছিল তার মা। এবার সে কী করবে! ভাগার তাল করে এসেও অনেকগুলো বছর অপেক্ষায় পার করে শেষমেশ উপায় না পেয়েই থিতু হয়েছে। কিন্তু সামনে যা ঘটবে সে তো পরিষ্কার দেখতে পাচ্ছে। ঘটনার আলেচালে হতে পারে, তবে ঘটবে যে সে নিশ্চিত। শুরুটা কোথা থেকে হবে, কখন হবে এটুকুই যা অনিশ্চিত। মন্তাজের বউ বাঁশফুলের কাণ্ডকীর্তি জানে বলেই ছেলেমেয়েসহ নিজেদের জান বাঁচানোর উপায় খুঁজতে বুদ্ধি দেয়—শুরুটা হোক, তারপর। জবাবে মন্তাজ যখন বলে শুরুটা যদি তাদের দিয়ে হয়, বউটা তখন থরথরিয়ে কাঁপে। মন্তাজ এ সময় আজব কথাটা বলে, ‘মনে কর, এই এখন তোরে দিয়াই শুরু।’বলামাত্র মন্তাজ টের পেল তার নিজের হাত-পা-বুক থরথর করে কাঁপছে। সে আঁতকে উঠল সত্যি কি তাদের দিয়েই শুরুটা হয়ে গেল। কাঁপুনি রোগে এখনই তারা দুজন আছড়ে পড়বে, ছেলেমেয়ে ছুটে আসবে, তারপর...। মন্তাজ চাইলেই ঘটনার পিঠে ঘটনা গাঁথতে পারে। তবে একটু পরই দুজনের কাঁপুনি থেমে যেতে এ যাত্রা নিস্তার পেল ভেবে সে জোরে বুকভর্তি শ্বাস টানল, দেখাদেখি বউও। কোথা থেকে কীভাবে শুরু হয়ে যায় এই ভয়ে দিন কাটে। রোজ অন্তত একবার মন্তাজ বাঁশঝাড়ের আশপাশে ঘুরঘুর করে। তলায় যেতে মন সায় দেয় না। দূর থেকে বিশেষ কিছু চোখে পড়ে না। তবে খেয়াল করে বাঁশঝাড়টা যেমন ছিল তেমনি আছে, হাওয়া লেগে গোটা ঝাড়টা যখন শিরশিরিয়ে কাঁপে সে মড়কের লক্ষণ-টক্ষণ কিছুই খুঁজে পায় না। আরও যা খেয়াল করে, বকের ঝাঁক দিনের বেলাও বাঁশঝাড় খালি করে যাচ্ছে না। যেন পাহারায় আছে, পালা করে যায়-আসে। সূর্যের কড়া আলো তাদের বাঁকানো ঘাড়ে-পিঠে ঝলকায়। রোদ পিঠে করে বকরা তাদের সরু লম্বা হলদে ঠোঁট ঠুকরে কী যেন খুবলে চলে দিনভর। পরপর কয়েক দিন একই দৃশ্য। সাহস করে এক দুপুরে মন্তাজ বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ে। চারপাশে ছড়ানো ছিটানো, ছিন্নভিন্ন রাশি রাশি কুঁড়ি দেখে সে ভয়ে ভয়ে ওপরে তাকায়। চমকে দেখে বকরা যে কেবল বাঁশঝাড়ের মাথায় তা না, ভেতরেও প্রায় সবখানে তারা। সবার নজর ঝুমকো কুঁড়িগুলোর দিকে। ঠোঁট বাগিয়ে হিংস্র খোঁচার পর খোঁচায় কুঁড়িগুলোকে ঝাঁজরা করে নিচে ফেলছে। বকরা যে কেন বাঁশঝাড় পাহারায় বুঝতে বাকি থাকে না। মন্তাজের ধারণা, শুধু দিনেই না, রাতেও যতটা পারে বকরা কাজটা চালিয়ে যায়। এমনও কি হতে পারে, পুঁটিমাছের লালচ ছেড়ে তারা বাঁশফুলের কুঁড়ি চিবিয়েই খিদা মেটায়?বকেরাই তবে কারণ—ঘটনাকে তারা গড়াতে দিচ্ছে না। দিন-রাতের পরিশ্রমে এক জায়গায় থামিয়ে রেখেছে। নিজেদের আস্তানা টিকিয়ে রাখতেই তারা কাজটা করছে। কিন্তু তাদের ক্ষমতা কতটুকু? রাতের টাটকা শিশির খেয়ে রোজ ভোরে বাঁশফুলের বেসুমার নতুন কুঁড়ি বেরোবে। খুঁচিয়ে তছনছ করে বকরা ছিঁড়বে। তারপর?কত দূর যাবে তারা? অপেক্ষা।