বঙ্গ সম্মেলন ও বাংলা সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গসম্মেলনে লেখকদের সঙ্গে সেলিনা হোসেন
বঙ্গসম্মেলনে লেখকদের সঙ্গে সেলিনা হোসেন
সম্প্রতি একটি সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন। বিদেশ-বিভুঁইয়ে কেমনভাবে কেটেছে তাঁর দিনরাত্রি, প্রবাসে কীভাবে চলছে বাংলা সাহিত্যচর্চা, তিনি লিখেছেন সেই বিবরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে অনুষ্ঠিত ৩৫তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের সাহিত্য শাখার জন্য আমন্ত্রিত হয়েছিলাম। আয়োজন ছিল তিন দিনের—১০, ১১ ও ১২ জুলাই। তবে আমি এক দিন বেশি ছিলাম শহরটি ঘুরে দেখার জন্য। জানতাম, তেল-গ্যাসের রাজধানী বলে হিউস্টন বেশি পরিচিত। এখানে রয়েছে মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা। আরও আছে শহরের একটি পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বেশ বড় ভাস্কর্য। আছে টেগোর সোসাইটি। এই সম্মেলনের আয়োজক ছিল টেগোর সোসাইটি অব হিউস্টন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির ভালোবাসার কবি। যেখানেই যাই রবিঠাকুরকে পাই, তাঁর হাতে হাত রাখতেই হয় বিশ্বের সর্বত্র।
সম্মেলনের সভাপতি সঙ্কু বসু। মৃণাল চৌধুরী ও সুনিতা বসু ছিলেন সাহিত্য শাখার সহসভাপতি। মৃণাল চৌধুরী ২০১৪ সালের ডিসেম্বর মাসে ঢাকায় আয়োজিত সেমিনারে এসেছিলেন এবং সে সময়ে আমাকে এক সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমার বাড়িতে এলে আমি জানতে পেরেছিলাম, তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের মেয়ের ঘরের নাতি। তাঁকে নিয়ে এসেছিল আরমা দত্ত। আরমা আমাদের কাছে ‘বুয়া’ নামে বেশি পরিচিত। আমার যাপিত জীবন উপন্যাসে ধীরেন্দ্রনাথ দত্তের একটি ভূমিকা আছে। ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা এই উপন্যাস তাঁকে ছাড়া হতো না বলেই আমার বিশ্বাস। সেদিন সন্ধ্যায় মৃণাল চৌধুরী জানালেন, সাহিত্য সভার প্যানেল আলোচনায় থাকবে ‘প্রমোটিং বেঙ্গলি লিটারেচার’। একটু বিস্তৃত করে বলা যায়, ‘বাংলা সাহিত্যকে কী করে আনব বিশ্ব পাঠকের দরবারে। মাধ্যম হবে অনুবাদ, প্রচার, প্রতিশ্রুতি ও অঙ্গীকার।’ শুনে বেশ অনুপ্রাণিত হলাম। সম্মেলনের আয়োজক আমার যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থা করবেন। নিঃসন্দেহে একটি গ্রহণযোগ্য প্রস্তাব। তা ছাড়া হিউস্টন আমার জন্য নতুন জায়গা। টেক্সাসের ডালাসে গিয়েছিলাম ফোবানা সম্মেলনে। ‘নাসা’র শহর হিউস্টন দেখব বাংলা সাহিত্যকে বুকের মধ্যে রেখে, এটিও ছিল আনন্দের আর একটি দিক। নির্দিষ্ট দিনে পৌঁছে যাই হিউস্টনে।

আমার মাথায় ছড়িয়ে থাকে সীমান্তবিহীন পৃথিবীর ছায়া। সেখানে ছড়িয়ে যায় কোনো কচিকণ্ঠের ডাক—আয় আয় চাঁদ মামা—। ভেসে ওঠে বাংলা ভাষা

জর্জ ব্রাউন কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশাল সেন্টারের লেভেল তিনে আছে গ্র্যান্ড বলরুম, জেনারেল অ্যাসেমব্লি থিয়েটার। আছে হল এ-তিন ও হল বি-তিন। সঙ্গে অনেক মাঝারি আকারের রুম। তারই ৩২০ নম্বর ঘরটি রাখা হয়েছে সাহিত্যকক্ষ হিসেবে। সুন্দর মঞ্চ। ১০ থেকে ১২ জন একসঙ্গে বসতে পারবে। সামনে ২০০টি চেয়ার। দরজার বাইরে নানা রকম পোস্টার লাগানো হয়েছে। ১০ জুলাই সকালে নিবন্ধন করে ঘরটি দেখে যাই। এ বছরে সম্মেলনের স্লোগান—‘ঐতিহ্যকে সঙ্গে রেখে নতুনের হাত ধরো’। বেশ মনকাড়া স্লোগান। নবীন-প্রবীণের মিলন মেলার আয়োজন। সাহিত্যও এই স্লোগানের বাইরে নয়। ঐতিহ্যের হাত ধরেই সামনে এগোয়। ভাবলাম, ঐতিহ্যের হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের পাঠকের কাছে পৌঁছাবে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পূর্বসূরি। বঙ্গবন্ধু বাংলা ভাষাকে নিয়ে গিয়েছিলেন জাতিসংঘের ভাষণে। হিউস্টনের সাহিত্য শাখা অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার চিন্তা করছে। দেখা যাক কতটা পথ যাওয়া যায়।
১০ জুলাই সন্ধ্যায় জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হয়। মিলনায়তন-ভর্তি হাজার পাঁচেক দর্শক তো ছিলেনই। মনে মনে ভাবলাম, এর মধ্য থেকে ২০০ জন বাঙালি যদি সাহিত্যের কথা শুনতে ৩২০ নম্বর ঘরে আসেন, তাহলে মন ভরে যাবে। দীর্ঘ সময় পাড়ি দিয়ে এত দূরে এসেছি, মন খারাপ করে ফিরে যাব না নিশ্চয়। সাহিত্য সভায় যে লোক বেশি হয় না তা তো সবার জানা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে বাঙালিরা এসেছেন। কানাডা থেকেও এসেছেন প্রবাসী বাঙালিরা। এই সম্মেলন তাঁদের জন্য উৎসব।
সঙ্কু বসু বলেন, তিন দিনে অন্তত ২০ হাজার মানুষ ভিড় জমাবেন সম্মেলনে। তাঁরা প্রদর্শনী দেখবেন, গান শুনবেন, নাটক দেখবেন, নাচ দেখবেন। আর বাংলা হস্তশিল্পের নানা উপাদান কিনবেন। শাড়ি-গয়নার দোকান থাকছে। পাশাপাশি বইয়ের দোকান আছে। বিরাট এলাকাজুড়ে সাজানো হয়েছে অসংখ্য দোকান। জর্জ ব্রাউন কনভেনশন সেন্টারের এ মাথা-ও মাথা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতাম। বসতে হতো কোথাও। তারপরও স্বপ্ন ছিল ৩২০ নম্বর ঘরটি নিয়ে।

মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার সামনে লেখক
মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার সামনে লেখক

১১ জুলাই বেলা ১১টার শুরু হয় সাহিত্য সভা। লেখকেরা জড়ো হয়েছেন। লন্ডন থেকে এসেছেন ঔপন্যাসিক নবকুমার বসু, কলকাতা থেকে এসেছেন হর্ষ দত্ত, অমরেন্দ্র চক্রবর্তী, বীথি চট্টোপাধ্যায়, যশোধরা রায় চৌধুরী, আর্যনীল মুখোপাধ্যায়, চিত্রা ব্যানার্জি, দিবাকারুণী এবং স্থানীয় আরও কয়েকজন লেখক। সম্মেলনের উদ্বোধন করেন সাহিত্যিক-শিক্ষাবিদ কৃষ্ণা বসু। শুরু হয় আলোচনা—‘বাংলা সাহিত্যকে কী করে আনব বিশ্ব পাঠকের দরবারে’। দর্শকের সারির দিকে তাকিয়ে মন খারাপ হয়ে যায়। অর্ধেকের বেশি চেয়ার শূন্য। ভাবি, এই যদি হয় উদ্বোধন অনুষ্ঠানের দর্শক, তাহলে অন্য অধিবেশনের কী হবে! মন খারাপ হলেও ভাবি যে সাহিত্য আলোচনায় এর চেয়ে বেশি লোক থাকে না। বঙ্গ সম্মেলন শুধুই সাহিত্যের জন্য নয়, এটি নানা শিল্প মাধ্যমের উৎসব। সবাই উৎসবের আনন্দ উপভোগ করছে। দূর বিদেশে বসে নিজের আত্মাকে স্বদেশের কাছাকাছি এনেছে। সাহিত্য অনেক উপকরণের একটি মাত্র। নিজেকেই বললাম, দুঃখ পাওয়ার কিছু কি থাকা উচিত? সীমিতসংখ্যক দর্শক থাকলেও তিন দিনের মঞ্চে নানা বিষয় নিয়ে অনেক কথা হলো, কবিতা পাঠ হলো, পত্রিকা সম্পাদনার বিষয়টি কীভাবে হওয়া উচিত সেটা আলোচিত হলো। এমনকি পরিবেশ বিষয় ও বাঙালির ইংরেজি ভাষায় লেখার দিকটি—যাঁরা ইংরেজিতে লেখেন, তাঁরা আলোচনা করলেন। অমরেন্দ্র চক্রবর্তী, কালের কষ্টিপাথর-ইন্ডিয়া ভ্রমণ পত্রিকার সম্পাদক একদিন হাসতে হাসতে বললেন, ‘অনেক বিষয়ই তো আলোচনা হলো। কিন্তু তাতে বাংলা সাহিত্যের সেরা সৃষ্টিকে কীভাবে বিশ্বসাহিত্যের দরবারে পৌঁছে দেওয়ার উপায় পাওয়া যাবে?’ সবাই তাঁর সঙ্গে একমত হলেন। তিনি আরও বললেন, ‘সব মিলিয়ে এ এক বিশাল বঙ্গ-ঘটনা। তবে এই সর্বতো সফল বঙ্গ সম্মেলনের ক্রোড়মঞ্চ হিসেবে সাহিত্যকে অধিষ্ঠিত করার উচ্চাশা বোধ হয় যতটা আন্তরিক ততটাই বাস্তব নয়।’ সে জন্য সম্মেলনে অংশ নেওয়া লেখকদের ইচ্ছা ছিল, বঙ্গ সম্মেলনের এই বিশাল আয়োজনের আগে বা পরে এক-দুই দিনের জন্য সাহিত্য সভাটি হলে তা পাঠকের মনোযোগ পাবে। গান-নাটক-নৃত্য-সিনেমা ইত্যাদির মাঝে সাহিত্য আড়াল হয়ে যায়। তবে এই সম্মেলনই পরে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিত অনুবাদের মাধ্যমে। তারা যদি বড় কোনো উদ্যোগ নেয়, তাহলে হয়তো খানিকটুকু প্রত্যাশার জায়গা খুঁজে পাওয়া যাবে।
ফিরে এসে এই প্রসঙ্গে আমি সম্মেলনের সভাপতিকে কয়েকটি সুপারিশ দিয়েছিলাম যে অনুবাদের বিষয়ে কী করা যায়—ক. যিনি বাংলা-ইংরেজি দুটো ভাষা জানেন এমন অনুবাদক নির্বাচন। খ. কমিশন করে অনুবাদের দায়িত্ব প্রদান। গ. পাবলিশিং হাউস ঠিক করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এমন বড় দেশ থেকে বই প্রকাশের চেষ্টা করা। ঘ. ঘুরেফিরে দিল্লির বিভিন্ন প্রকাশনা হাউস থেকে বই প্রকাশ করলে তা দক্ষিণ এশিয়ার গণ্ডির মধ্যেই থেকে যাবে। ঙ. উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের উদ্যোগে কোনো প্রকাশনা হাউস যুক্তরাষ্ট্র থেকে হতে পারে কি না তা ভেবে দেখা। চ. যাঁরা বিদেশে বাস করে ইংরেজিতে লিখছেন, তাঁদের বইও বিদেশের বড় প্রকাশনা হাউস থেকে প্রকাশের উদ্যোগ নেওয়া। এমন সুপারিশ করলে ওদের কেউ কেউ বললেন, বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে।
টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায় চৌধুরী নিজে লেখক। এক যুগের বেশি সময় ধরে এই সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছেন। তাঁর পক্ষে বিষয়টি ভেবে দেখা সম্ভব। তিনি এই বছর থেকে ‘আজকাল এনএবিসি বিশ্বসেরা বাঙালি পুরস্কার’ চালু করেছেন। এ বছর ছয়জনকে এই পুরস্কার দিয়েছেন। সাহিত্যের জন্য আমি এবং নবকুমার বসু এই পুরস্কার পাই। মিলনায়তন-ভর্তি লোকের মাঝে যখন মঞ্চে উঠি, তখন মনে হয়েছিল হিউস্টনের আকাশ নেমে এসেছে। এই আকাশে বাংলাদেশের ছায়া আছে। বিদেশের মাটিতে থেকে পুরস্কার গ্রহণ করতে গিয়ে স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের। যাঁরা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছেন। হলভর্তি মানুষ শহীদদের স্মরণে প্রবল করতালিতে প্রবাস-জীবনে নিজেদের অস্তিত্বের জানান দেন। বুকভরা আনন্দ ঘিরে রাখে আমাকে।
পরদিন রবীন্দ্রনাথের ভাস্কর্যের সামনে এসে দাঁড়াই। স্মরণ করি ঐতিহ্যের মানুষকে। আমাদের সঙ্গে আছেন মৃণাল চৌধুরী। ভাষা আন্দোলনের প্রাণপুরুষ ধীরেন্দ্রনাথ দত্তকে স্মরণ করি। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন নিজের মাতৃভাষার মর্যাদার জন্য। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন। নিজের দেশ ও দেশবাসীর জন্য গৌরবের দুটো জায়গা ছুঁয়ে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের সামনে।
পরদিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা দেখতে যাই। কেন্দ্রের নাম স্পেস সেন্টার হিউস্টন। ১ হাজার ৬০০ একরজুড়ে বিশাল একটি এলাকা গড়ে তোলা হয়েছে। পুরো এলাকা ঘোরার জন্য ট্রামের ব্যবস্থা আছে। ট্রামে করেই যেতে হয় রকেট পার্কে। সেখানে আছে বিভিন্ন সময়ে আকাশে ওঠা রকেটের অনেকগুলো। অ্যাপোলো-১১ দেখে থমকে দাঁড়াই। এই রকেটে করেই তিনজন নভোচারী চাঁদে গিয়েছিলেন। নেমেছিলেন দুজন। একজন নীল আর্মস্ট্রং তখন বলেছিলেন, ওপর থেকে মনে হয়েছিল পৃথিবী একটি ‘বাউন্ডলেস ইউনিভার্স’। ঘরের ভেতরের দেয়ালের গায়ে নভোচারীদের নানা উক্তি লেখা আছে। আমার মাথায় ছড়িয়ে থাকে সীমান্তবিহীন পৃথিবীর ছায়া। সেখানে ছড়িয়ে যায় কোনো কচিকণ্ঠের ডাক—আয় আয় চাঁদ মামা—। ভেসে ওঠে বাংলা ভাষা। এভাবেই হিউস্টনের বঙ্গ সম্মেলন এক থেকে বহু হয়। সঙ্গে নিয়ে আসি মানুষের ভালোবাসা এবং ভবিষ্যতের প্রত্যাশা।