
ফ্রেমবন্দী ছবিগুলো দেখে মনে হতে পারে, আলোকচিত্র বুঝি। কিন্তু ভালো করে দেখলে বোঝা যায়, এখানে জলরঙে অনেক যত্নে শিল্পীরা গড়েছেন তাঁদের চিত্রভূমি। হ্যাঁ, প্রদর্শনীটি জলরঙের। জলরং হলো ছবি আঁকা অন্যান্য মাধ্যমের চেয়ে ভিন্ন। এটি স্বচ্ছ একটি মাধ্যম। এর প্রলেপে বোঝা যায় কাগজের ধরন ও চরিত্র। তো, এ প্রদর্শনীর ছবিগুলো আঁকা হয়েছে রমনা পার্ক, কার্জন হল, চিড়িয়াখানা ধানমন্ডি লেক, সোয়ারী ঘাট, আমিনবাজার, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা ঘাটসহ ১২টি স্থানে। শুরুটা হয়েছিল ‘জলের ধারা’ নামে একটি সংগঠনের উদ্যোগে, গেল বছরের ৫ থেকে ১৬ নভেম্বর জলরঙের এক কর্মশালার মাধ্যমে। জলরঙে ছবি আঁকার চর্চাকে ছড়িয়ে দিতে প্রতিবছরই কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে এই সংগঠন। মূলত এখানে অগ্রজ শিল্পীরাই শেখান নতুনদের। যেমন অগ্রজ শিল্পীদের মধ্যে এবারের কর্মশালায় ছিলেন সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, বীরেন সোম ও অলকেশ ঘোষ। আর প্রদর্শনীটি হয়েছে প্রবীণ-নবীন সব শিল্পীর সমন্বয়ে।
জ্যামিতিনির্ভর প্রকৃতি আঁকেন সমরজিৎ রায় চৌধুরী। এ প্রদর্শনীতে তাঁর প্রকাশে আছে ভিন্ন মাত্রা—সবুজ জলরঙের ওয়াশে মিশে গিয়েছে ভূমিতে দণ্ডায়মান গাছগাছালি। বিষয়টির মধ্যে প্রতীক আছে, রয়েছে রহস্যময়তাও।
হামিদুজ্জামান খানকে আমরা বলতে পারি ধাতব পাতে তৈরি ভাস্কর্যের জনক। তবে এখানে তাঁর কাজটি সম্পূর্ণ বিপরীত, কঠিনের উল্টো পিঠে স্বচ্ছ—সোনারগাঁয়ের পানাম নগরের সৌন্দর্য তুলে এনেছেন চিত্রমালায়।
বাস্তবধর্মী ছবি আঁকায় সিদ্ধহস্ত বীরেন সোম। সেই রীতিতেই এঁকেছেন মাঠ, স্রোতে টইটুম্বুর নদী তীরে সার বাঁধা নৌকা। ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বঙ্গীয় প্রকৃতির শাশ্বত রূপ।
কম তুলির আঁচড়ে জলরঙে ছবি আঁকেন অলকেশ ঘোষ। তাঁর বাস্তবধর্মী ছবিতেও যেন-বা পাওয়া যায় সংগীতের তাল-লয়— এ শিল্পীর ছবিটি তো বলছে এ কথাটিই।
বাস্তবধর্মী বিষয় আঁকার পরিবর্তে কেবল রং আর জ্যামিতিক আকৃতি বিন্যাসের মাধ্যমে জলরং মাধ্যমেও আঁকা হচ্ছে নান্দনিক শিল্পকর্ম। এ ক্ষেত্রে প্রবীণ-নবীনে ভেদ নেই। প্রদর্শনীর কিছু কাজেও পাওয়া গেল সেই আভাস। জলরঙের ছবি কত রকমে যে আঁকা যায়, প্রধানত সেই চর্চাই দেখা গেল এখানে। যেমন তরুণ শিল্পী আজমীর হোসেনের তিনটি ছবিতে দেখা গেল নীল ও কালো রঙের রেখার বিন্যাস। আবার মো. কামালুদ্দিন যেভাবে ছবি আঁকলেন, সেখানে নিসর্গের মধ্যে নিহিত শৃঙ্খলাকে ছবির বিষয় করলেন তিনি। হালকা বাদামি রঙের কাগজে তাঁর আঁকা উলম্ব আকৃতির গাছের সারি তৈরি করল এই শৃঙ্খলা।
বিপ্লব কুমার দাশের নিসর্গ– চিত্রে দেখা গেল গতিশীল আকাশ, নদীতে চলাচল করা নৌকার সারি। সব মিলিয়ে নিসর্গের রূপমাধুর্য হাজির ছবিতে।
শাহানূর মামুন ও সোহাগ পারভেজ আলো-ছায়ার নিরীক্ষা করেছেন তাঁদের ছবিতে। শাহানূর যেমন এঁকেছেন ঝড়ের দিনে অন্ধকার আকাশ ও দ্রুত ধাবমান নৌকার ছবি, তেমনি দ্রুততার সঙ্গে রং ব্যবহার করে সোহাগও এঁকেছেন বান্দরবানের প্রকৃতি। তবে প্রকৃত জলরং–চিত্রের চরিত্র নেই তাঁর কাজে। বিপরীতে যেন প্রকৃতির অনুভবই প্রধান। উপরন্তু ছবিতে তিনি ব্যবহার করেছেন কালো রঙের ফেল্ট পেন। ফলে একই সঙ্গে এটি পেয়েছে অলংকরণের সুষমাও।
বুড়িগঙ্গার সাম্প্রতিক অবস্থা ছবিতে তুলে ধরেছেন মো. আলাউদ্দিন। এ ছাড়া অন্য শিল্পীদের ছবিতেও বাংলার রূপ ও বাস্তবতা, ছন্দ আর নান্দনিক সৌকর্য নানা মহিমায় উপস্থিত। প্রকৃতি প্রতিভাত হয়েছে প্রদর্শনীর সব কটি কাজে। শিল্পাঙ্গন গ্যালারিতে ১৩ জুন শুরু হওয়া প্রদর্শনীটি আজ শেষ হচ্ছে।