রবীন্দ্রনাথ ঠাকুর আর বনফুলের মধ্যে ছিল দারুণ সম্পর্ক। তাঁরা পরস্পরের সঙ্গে খুব কৌতুক করতেন। একবার শান্তিনিকেতনে এসেছেন বনফুল, উত্তরায়ণে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে দেখলেন একটা বিরাট ঘরে বিশাল টেবিলে ঝুঁকে মন দিয়ে লিখে চলেছেন রবিঠাকুর, কবিগুরুর তখন প্রায় উপুড় হওয়ার মতো দশা। বনফুল দাঁড়িয়ে রইলেন নীরবে। লেখায় রবীন্দ্রনাথ এতটাই মনোযোগী ছিলেন যে তাঁর উপস্থিতিটাও টের পাননি। এ অবস্থায় কবিকে বিরক্ত করা ঠিক হবে না ভেবে বনফুলও আর কোনো শব্দ করেননি। একসময় রবীন্দ্রনাথই মুখ তুলে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছেন বনফুল। রবীন্দ্রনাথ তাঁকে বললেন, ‘কখন এলে? বসো, আমার লেখাটা এক্ষুনি শেষ হয়ে যাবে।’ লেখা শেষ হলে বনফুল করজোড়ে জিজ্ঞেস করলেন, ‘গুরুদেব, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হয় না? আজকাল তো দেখি কত রকম চেয়ার বেরিয়েছে, তাতে ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায়।’
মুচকি হাসলেন রবীন্দ্রনাথ। বললেন, ‘জানি। সব রকম চেয়ারই আমার আছে। কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না! আসলে কুঁজোর জল কমে গেছে তো, তাই উপুড় করতে হয়।’ এ কথা শুনে বনফুল আর কী করবেন, হেসে ফেললেন।
বলাইচাঁদ মুখোপাধ্যায় মানে বনফুল আরেকবার এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। তাঁর বক্তৃতা শেষ হলে সবাই তাঁর বক্তব্যের খুব প্রশংসা করলেন। উপস্থিত রবীন্দ্রনাথও তাঁর বক্তৃতার প্রশংসা করে বললেন, ‘একটা কথা আপনারা সবাই ভুলে যাচ্ছেন কেন? বলাই তো ভালোই বক্তৃতা দেবে, ওর নামই যে বলাই। বলাই তো ওর কাজ।’
রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা শুনে সবাই না হেসে পারলেন না, স্বয়ং বনফুলও হাসিতে ফেটে পড়লেন।
সূত্র: অংশুমান চক্রবর্তীর বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা
গ্রন্থনা: বাশিরুল আমিন