বন্ধু আমার
ও পতাকা বন্ধু আমার লাল-সবুজে আঁকা
একটি জাতির গর্ব তুমি স্বপ্ন কাজল মাখা।
সকাল-বিকাল তোমায় দেখি বুক চিতিয়ে ওড়ো
ঝড়-বাদলে চুপসে গিয়ে রৌদ্র খরায় পোড়ো।
সাগর গিরি পাহাড়চূড়া কিংবা মহাকাশে
তোমায় দেখি বিশ্বসভায় সকল জাতির পাশে
তোমায় পাওয়ার রূপকথা আজ সব মানুষের জানা
আঁধার ভেঙে উড়ছে তোমার বজ্র চপল ডানা।
অনেক ত্যাগের বিনিময়ে অনেক প্রাণের দানে
উড়ছ তুমি প্রাণ পতাকা সহসা সবখানে।
ও পতাকা বন্ধু আমার দীপ্ত জয়ের সুখ
তুমি আমার মায়ের নোলক বাবার হাসি মুখ।