বন্ধু তুমি শত্রু তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের সাক্ষাতে বদলে গেছে পৃথিবী, বদলে গেছে ইতিহাস ও সময়। পল গগা আর ভ্যান গঘ সে রকম দুজন। তাদের দেখা না হলে হয়তো অন্যভাবে লিখিত হতো বিশ শতকের শিল্পের ইতিহাস। কী ঘটেছিল তাদের সাক্ষাতে? মহান এই দুই চিত্রশিল্পীর কৌতূহলোদ্দীপক কাহিনি নিয়ে এবারের আয়োজন। লিখেছেন আলীম আজিজনয় সপ্তাহ একসঙ্গে ছবি আঁকার উদ্দেশ্যে ফ্রান্সের দক্ষিণের শহর আর্লেতে এসেছে দুই শিল্পী— ভিনসেন্ট ভ্যান গঘ ও পল গগা। এটা ১৮৮৮ সালের ঘটনা। রাতের নেশার প্রভাব কেটে যাওয়ার পর এক সকালে ভ্যান গঘ পল গগাকে জানাল, গত রাতের কথা ছিটেফোঁটা যতটুকু তার মনে পড়ছে, তাতে তার ধারণা, সে খুব বাজে আচরণ করেছে গগার সঙ্গে। সত্যি ঘটনা হচ্ছে, পানাহারের একপর্যায়ে ক্ষিপ্ত ভ্যান গঘ অ্যাবসিন্ত মদভর্তি গেলাস ছুড়ে মারে গগার উদ্দেশে। ঘটনা এ পর্যন্তই। আর গগাও ঘটনাটা ভুলে যাওয়ার জন্য তৈরিই ছিল, কিন্তু গোল বাধে অন্য জায়গায়—ভ্যান গঘের আমন্ত্রণে একসঙ্গে ছবি আঁকতে এসে এক বাড়িতে থাকতে গিয়ে গত দুই মাসে তার যে তিক্ত অভিজ্ঞতা, তাতে তার মন এক মুহূর্ত এখানে থাকতে চাইছে না, যত দ্রুত সম্ভব আর্লে ছেড়ে চলে যেতে চায় সে, ফলে মদের গেলাস ছুড়ে মারার ঘটনা তার সেই ইচ্ছেকেই আরও উসকে দিল কেবল। পরদিন সন্ধ্যায়, গগার আসন্ন বিদায়ের খবর শুনে যুগপৎ দুঃখিত ও ক্ষুব্ধ ভ্যান গঘ একপর্যায়ে ছুরি হাতে তাড়া করল পল গগাকে, রাস্তা দিয়ে চিৎকার করতে করতে দৌড়ে গেল গগার পেছন পেছন, শেষে গগার প্রতিরোধের মুখে ভ্যান গঘ ঘরে ফিরে এলেও রাগ সামলাতে না পেরে ধারালো ক্ষুর দিয়ে নিজেই নিজের কানের লতি কেটে ফেলল; তারপর এক টুকরো কাপড়ে কানের সেই কাটা লতি পেঁচিয়ে নিয়ে হাজির হলো স্থানীয় এক পতিতালয়ে, সেখানকার এক তরুণী পতিতাকে উপহার দিল সেই কাটা কান। পরে চিকিৎসার জন্য ভ্যান গঘকে যেতে হলো হাসপাতালে, আর গগাও একমুহূর্ত দেরি না করে সেই রাতে আর্লে ছাড়ল।এ ঘটনার মধ্য দিয়ে ইতিহাসের অতিনাটকীয় এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গগা আর ভ্যান গঘ বন্ধু ছিল, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অস্বচ্ছন্দ, অস্বস্তিকর এবং চিত্রশিল্পী হিসেবে তারা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু ১৮৮৮ সালে আর্লেতে এই দুই শিল্পী যেসব ছবি এঁকেছিল, বিশ শতকের চিত্রশিল্পের উন্নতিতে তা সূচনা করেছিল নতুন এক অধ্যায়ের।১৮৮৭ সালে প্যারিসের আর্ট গ্যালারিতে ভ্যান গঘের সঙ্গে প্রথম পরিচয় ঘটে পল গগার। তার বয়স তখন ৩৯ আর ভ্যান গঘের ৩৪। শিল্পী হওয়ার আগে ভ্যান গঘ নানা পেশায় হাত পাকানোর চেষ্টা চালিয়েছে: কিছু সময় ব্যস্ত ছিল সে ছবি কেনাবেচার কারবারে, ভাগ্যপরীক্ষার চেষ্টা করেছে স্কুলের ভাষাশিক্ষক হিসেবে, কিছুকাল কেটেছে তার গির্জায় ধর্মোপদেশক হিসেবে—এ সময়ে ধর্মতত্ত্ব নিয়েও বেশ আগ্রহী হয়ে উঠেছিল সে—কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই তার থিতু হয়ে ওঠা হয়নি।সূচনাপর্বের সেই অস্থির, অনিশ্চিত ক্রান্তিকালের শেষ ধাপে এসে ভ্যান গঘের সখ্য গড়ে ওঠে রংতুলির সঙ্গে, কিন্তু ১৮৮৬ সালের শেষ দিকে এসেও তার কাজ দেখে মনে হয়েছে সে তখনো পথ খুঁজছে, তখনো তার ছবিপটেটো ইটারস ছবির মতোই গভীর আঁধার আর ধূসর জগতের বিভ্রম-ভরা। তবে এরপর সহসাই যেন আলোর ঝলকানি দেখতে পায় ভ্যান গঘ। তীব্র, উজ্জ্বল সব রং ব্যবহারের পরীক্ষায় নামে সে, ছবি আঁকায় শুরু হয় তার যথেচ্ছ চড়া রং আর এলোমেলো, উদ্দেশ্যহীন তুলির ব্যবহার।পল গগাকেও ভ্যান গঘের মতো সূচনাপর্বে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। গগার আঁকাআঁকি শুরু ২৫ বছর বয়সে হলেও, ১৮৭০ সাল পর্যন্তও গগার প্রাণান্ত চেষ্টা ছিল ইমপ্রেশনিস্ট স্টাইলেই বিশ্বস্ত থাকার, তখনো আরেক বিখ্যাত চিত্রশিল্পী ক্যামিল পিসারো তার কাছে ঈশ্বরসম। তবে ভ্যান গঘের চেয়েও গগার শুরু ছিল বেশি বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। সে সময় নাবিকের চাকরি করেছে গগা, শেয়ার বেচাকেনার দালালি করেছে, মাঝপথে স্ত্রী-পুত্রকে পরিত্যাগ করে জীবিকার খোঁজে চলে এসেছে ফ্রান্সের মার্টিনিকে; সেখানে শুরু করে সে নতুন জীবন। গগার ছবির কাব্যময়তার ভক্ত ছিল ভ্যান গঘ, গগার পছন্দ ছিল ভ্যান গঘের ছবির তীব্রতা। গগা এ কথাও বিশ্বাস করত, ভ্যান গঘের আর্ট ডিলার ভাই থিও ছবি বেচাকেনায় ভবিষ্যতে একদিন গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে কাজে আসতে পারে।১৮৮৭ সালের শেষ দিকে ভ্যান গঘ আর পল গগা ছবি বিনিময় করে। ভ্যান গঘ তার সূর্যমুখী ফুলের অনুশীলনের দুটো ছবি দিয়েছিল গগাকে। আর গগা দিয়েছিল ভ্যান গঘকে মার্টিনিকের নদীতীরে এক মহিলার সঙ্গে একটি বালক ও গরুসমেত এক ল্যান্ডস্কেপের ছবি। ১৮৮৮ সালের ফেব্রুয়ারি মাসে ভ্যান গঘ ঝলমলে রোদে ছবি আঁকার জন্য চলে আসে দক্ষিণ ফ্রান্সে। আর এখানে আসার পরপরই মূলত ভ্যান গঘের আঁকাআঁকিতে বিপ্লব ঘটে যায়, আঁকার ধরনের আমূল পরিবর্তন আসে তার, এই সময়ে ভ্যান গঘ সামনে যা পেয়েছে, তা-ই নিয়েই ছবি এঁকেছে; খড়ের গাদা, পুষ্পশোভিত গাছ, প্রকৃতি—সবকিছু। ভ্যান গঘ তার এই স্বপ্নময় সময়কে বর্ণনা করেছে এভাবে, ‘আশ্চর্য সহজ-স্বাচ্ছন্দ্য এক সময় গেছে আমার, চারপাশে প্রকৃতি তখন এত অপরূপা ছিল, নিজের সম্বন্ধে প্রায় সব বোধ-বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম আমি; স্বপ্নের মতো একেকটা ছবি এসেছে আমার কাছে।’ তীব্র, উজ্জ্বল, সাহসী রং জুড়ে ছিল তার সে সময়কার সব ছবিতে।কিন্তু ভ্যান গঘ এক জটিল, দুর্বোধ্য চরিত্র, যার সহজে কারও সঙ্গে বন্ধুত্ব হয় না, যার কোনো সঙ্গীসাথি নেই; নিঃসঙ্গ একাকী মানুষ সে। তবে তার বহুদিনের এক স্বপ্ন: সমমনা, স্বাপ্নিক কিছু চিত্রকরকে নিয়ে একটা আবাস গড়ে তুলবে সে, যেখানে সবাই মিলে শুধু ছবি আঁকবে, আর কিচ্ছু না। পরিকল্পনা বাস্তবায়নে আর্লের প্লেস লেমারটিনে ছোট্ট একটা বাড়ি ভাড়া নিল সে, তারপর মেতে উঠল সেই বাড়ি সাজানোয়। উজ্জ্বল হলুদ রং করল সে ঘরগুলোর। কয়েকটি রাশ চেয়ার ও দুটো বিছানাও জোগাড় করল সে। ঠিক করল, এই হলুদরঙা বাড়িই হবে তার দক্ষিণের স্টুডিও, আর তার বন্ধু পল গগা হবে এই স্টুডিওর প্রধান। জুনে, গগার ৪০তম জন্মদিনের ঠিক আগে, ৫০ ফ্রাসহ আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়ে দিল সে।সেই সময় গগার হাতে কোনো টাকা নেই, কিন্তু তার পরও ভ্যান গঘের প্রস্তাব লুফে নিতে তার দ্বিধা হচ্ছিল। শেষ অবধি সে আমন্ত্রণ গ্রহণ করলেও তখনই তড়িঘড়ি আর্লের উদ্দেশে বেরিয়ে পড়ল না। ওদিকে হলুদ বাড়ি সাজাতে ক্লান্তিহীন একের পর এক পেইন্টিং করে যাচ্ছে ভ্যান গঘ। এ সময়েই ভ্যান গঘের তুলিতে সৃষ্টি হলো সেই বিখ্যাত সূর্যমুখী ফুল, যা পরে তার সমগ্র শিল্পকর্মের জন্য এক নিজস্ব স্বাতন্ত্র্যের প্রতীক হয়ে দাঁড়ায়। ১৮৮৭ সালের অক্টোবরে গগাকে তাদের আঁকা আত্মপ্রতিকৃতি বিনিময়ের প্রস্তাব দেয় ভ্যান গঘ। এ সময়ে ভ্যান গঘের ছবি ছিল আরও তীব্র, আরও উদগ্র কঠিন আর পুরোদস্তুর নিরাভরণ। ভ্যান গঘের আঁকা আত্মপ্রতিকৃতি দেখে চমকে উঠেছিল গগা। তার বর্ণনায়: ‘যেন এক ডাকাতের মুখ দেখছি, ঠিক ভিক্টর হুগোর কুখ্যাত জাঁ ভালজার মতো, যার ভেতরের সব আভিজাত্য, নম্রতা ছাপিয়ে ঠিকরে বেরিয়ে আসছে এক জোড়া আগুনে চোখ, এক রাগী শিল্পীর চেহারা।’ কিন্তু ভ্যান গঘ যখন গগার আঁকা পোর্ট্রেট দেখল, প্রতিকৃতির মুখে চরম মরিয়া ভাব আবিষ্কার করে ভীষণ রকম অস্থির হয়ে উঠল সে, ‘গগার পোর্ট্রেট দেখে আমার মনে হয়েছে, এ অবস্থা চলতে পারে না।’১৮৮৮ সালের আগস্ট মাসে আর্লে যাওয়ার সিদ্ধান্ত নিল পল গগা। স্ত্রীর কাছ থেকে আগেই পৃথক জীবন বেছে নিলেও গগা স্ত্রীকে এক চিঠিতে লিখল: এক পেইন্টারের সঙ্গে ছয় মাস থাকবে সে, আঁকাআঁকির বিনিময়ে পাবে খাবার ও থাকার জায়গা।’ অতিশয় চিন্তিত গগা আর্লে পৌঁছালে ভ্যান গঘ তাকে আকৃষ্ট করার জন্য ওঠেপড়ে লাগল, তাকে দেখানোর জন্য সারা দিন ছবি এঁকে গেল সে একের পর এক। এ সময় ভ্যান গঘ মন থেকেই নিজেকে গগার শিষ্য বা শিল্পধারার অনুসারী ভাবত, কিন্তু একই সঙ্গে তার উদ্দেশ্যও ছিল গগাকে এও দেখিয়ে দেওয়া যে, গগার সাহায্যের মুখাপেক্ষী সে নয়, সে একাই ছবি আঁকতে সক্ষম, তবে মানসিকভাবে বাস্তবিকই ভিনসেন্টের খুবই উদ্ভ্রান্ত অবস্থা।২৩ অক্টোবর পল গগা ভ্যান গঘের স্টুডিওতে এসে ভীতিকর রকম উত্তেজিত আর বিক্ষুব্ধ এক ভ্যান গঘকে আবিষ্কার করে; অত্যধিক উত্তেজনায় চরমভাবে ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থা তার। তবে গগার প্রতি ভ্যান গঘের গুরুভক্তি তখনো পুরোমাত্রায় বিদ্যমান। তার কর্মকাণ্ড নিয়ে গগার নানা ব্যঙ্গবিদ্রূপ একটুও আমলে নিচ্ছে না ভ্যান গঘ, বরং উৎসাহ যেন আরও বাড়ছিল। কিন্তু গগা ঠিকই টের পেয়েছিল, তাদের মধ্যে বিরোধ অত্যাসন্ন। পল গগা নতুন ছবি আঁকা শুরুর আগে এক ধরনের আবহ বা পরিবেশ তৈরি করতে পছন্দ করে, কিন্তু ভ্যান গঘ প্রথম দিনেই—গগা আসতে না আসতেই— গগাকে ছবি আঁকা শুরুর জন্য পীড়াপীড়ি করতে থাকে, এমনকি নতুন ক্যানভাস কেনায় সময় নষ্ট হবে মনে করে নিজের ঈষৎ ব্যবহূত ক্যানভাসই জোর করে ধরিয়ে দেয় সে গগাকে। প্রথম দিনে ভ্যান গঘ এঁকেছিল: ওল্ড ইয়ু ট্রি আর গগা আঁকে ফার্ম হাউস ইন আর্লে। গগার আঁকা ছিল সুচিন্তিত ও আলংকারিক, অন্যদিকে ভ্যান গঘ ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত ও ব্যঞ্জনাময়। শুরুতে পল গগার কাছ থেকে শেখার জন্য তৈরি ছিল ভ্যান গঘ, যে কারণে গগাকে অনুসরণ করে ভ্যান গঘ আউটডোর ওয়ার্কও শুরু করে। এই কায়দায় প্রাথমিক কাজ হয় বাইরে, আর স্টুডিওতে শেষ হয় ছবির বাকি কাজ। এটা পুরোপুরিই গগার কায়দা।মানুষের দুঃখ-ক্লেশ অনুধাবনের জন্য ভ্যান গঘের উদ্দেশে পল গগা নিবেদন করে আঙুরবাগানে আঙুর তুলছে এমন একদল শ্রমিকের দারুণ বিষণ্ন এক ছবি, গগা এর নাম দিয়েছিল হিউম্যান মিজারিস। এমনকি ভ্যান গঘকে আকৃষ্ট করার জন্য সে ছবিতে গগা তার রীতিবিরুদ্ধ মোটা ব্রাশও ব্যবহার করে। কিন্তু দুজনের এই অনুকরণ বা অনুসরণ ছিল খুবই স্বল্পস্থায়ী; দ্রুতই তারা ফিরে যায় যার যার নিজস্ব স্টাইলে। একসঙ্গে তারা অঁকে ক্যাফে দ্য লা গারের মালকিন মাদাম জিনোর পোর্ট্রেট। গগা এ সময়ে শুধু চক আর কাঠকয়লায় স্কেচগুলো আঁকে। তবে কয়েক দিনের মধ্যেই দুজনের পোর্ট্রেটেরই পুরো ভাগ দখল করে নেয় ক্যাফের বারের দৃশ্যাবলি, অর্থাৎ নাইট ক্যাফের পরিবেশ। এ সময়ে ভ্যান গঘ আর পল গগা পাশাপাশি বিরতিহীনভাবে এঁকেছে, আলাপ-আলোচনা চলেছে পরস্পরের মধ্যে; তাদের এ আলোচনার বেশির ভাগ অংশজুড়ে ছিল শিল্প, সাহিত্য, ধর্ম ও ইতিহাস। ভ্যান গঘ চিঠিতে তার ভাইকে জানিয়েছে এই আলোচনার কথা: ‘আমাদের আলোচনা হতো টান টান উত্তেজনাময়। বেশির ভাগ সময় এই তর্ক-বিতর্ক শেষে মাথা এমন ভারী হয়ে যেত, যেন ব্যাটারির সব শক্তি নিঃশেষ হয়ে গেছে।’ আলোচনার শেষ দিকে বেশির ভাগ সময়ই পল গগা অধৈর্য হয়ে ভ্যান গঘের বেশির ভাগ যুক্তি-তর্ক বাতিল করে দিয়েছে এই বলে, এগুলো ‘বিশৃঙ্খল মস্তিষ্কের’ চিন্তা, একেবারে ‘যুক্তিহীন প্রলাপ’। শিল্পের তর্কে গগা বুঝতে পেরেছিল, তাদের কোনো দিনই একমত হওয়া হবে না। তবে ভ্যান গঘের সঙ্গে সাক্ষাতে পল গগা নিঃসন্দেহে উপকৃত হয়েছিল, গঘের ভাই থিও সে বছর নভেম্বরে প্যারিসে গগার বেশ কিছু ছবি বিক্রির ব্যবস্থা করে দেয়, এতে বছর খানেকের জন্য গগার আর্থিক অবস্থার উন্নতি ঘটে, যা গগাকে ভবিষ্যৎ নিয়ে সুস্থিরভাবে চিন্তা করার ফুরসত এনে দেয়। এই সময়ে গগা মার্টিনিকে নিজের স্টুডিও বানানোর পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলে। ভ্যান গঘ গগার আচরণে সন্দিগ্ধ হয়ে উঠেছিল। সে বুঝতে পেরিছিল, গগা সরে পড়ার জন্য অস্থির হয়ে উঠেছে, তার মানে তাদের যৌথ শিল্পচর্চার সমাপ্তি ঘটতে যাচ্ছে শিগগিরই। দুজনের সম্পর্কের চরম ও চূড়ান্ত অবনতি ঘটে ২৩ ডিসেম্বর, ভ্যান গঘের কান কাটার বিখ্যাত সেই নাটকের মধ্য দিয়ে। সেদিন রাতের ট্রেনেই পল গগা আর্লে ছেড়ে প্যারিসের উদ্দেশে যাত্রা করে; তারপর তাদের জীবদ্দশায় আর কখনো দেখা হয়নি। মাস কয়েক পর ১৮৮৯ সালের এপ্রিলে ভ্যান গঘ স্বেচ্ছায় আশ্রয় নেয় সেন্ট-রেমির এক পাগলাগারদে। এখানে এসেও ক্লান্তিহীন ছবি এঁকে গেছে সে। তার বিখ্যাত ছবি দ্য রিপার, সাইপ্রেস ও স্টারি নাইট এই অ্যাসাইলামের আশ্রয়ে থেকেই আঁকা ছবি। এক বছর পর ভ্যান গঘ চলে আসে অঁভিয়েরের চিকিৎসক পল গাঁখের কাছে; এই চিকিৎসক ভদ্রলোক নিজেও ছিল একজন শখের আঁকিয়ে এবং একসময় ভ্যান গঘের মতো সেও ছিল একই ধরনের মানসিক বৈকল্যের শিকার। অঁভিয়েরে কয়েক সপ্তাহের বসবাসে ভ্যান গঘ আঁকে পোর্ট্রেট অব ডক্টর গাঁখ। তার পরপরই এক গভীর বিষাদে মুহ্যমান হয়ে আত্মহত্যার মধ্য দিয়ে চিরমুক্তির পথ বেছে নেয় ভ্যান গঘ, নিজের গুলিতেই সাঙ্গ হয় এই প্রতিভাধর শিল্পীর জীবন। অন্যদিকে পল গগা অনেক বছর নিরবচ্ছিন্নভাবে ব্রিটানি ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তাহিতিতে ছবি এঁকে যায়, কিন্তু ক্রমাগত ভ্যান গঘের জনপ্রিয়তায় বিরক্ত ও ঈর্ষাকাতর হয়ে একসময়কার বন্ধুকে সে উল্লেখ করে ‘বদ্ধ উন্মাদ আর বিকারগ্রস্ত’ বলে। আর্লেতে ছবি আঁকার মধ্য দিয়ে ভ্যান গঘের যে প্রবল আত্মপ্রকাশ ঘটেছিল, গগা তার সিংহভাগ কৃতিত্ব নিজের বলে দাবি করে। ১৯০৩ সালে পল গগা লেখে: ‘আমি যখন আর্লে আসি, ভিনসেন্ট তখন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আমি ওকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিই। এরপর প্রতিদিন আশ্চর্য রকম উন্নতি করতে থাকে ভিনসেন্ট।’ যুক্তির সপক্ষে গগা দাবি করে, ভ্যান গঘ তার জগদ্বিখ্যাত সানফ্লাওয়ার ছবিটি এঁকেছে তার আর্লে আসার পরপরই, কিন্তু বাস্তব ঘটনা হলো, ভ্যান গঘ এই ছবি এঁকেছিল তারও আগে।তবে আর্লের স্মৃতি, সূর্যমুখীর খেত, সূর্য আর ভিনসেন্টের স্মৃতি পল গগার সঙ্গে ছিল সারা জীবন। তাহিতিতে গগা যখন রোগশয্যায়, প্যারিসে এক বন্ধুকে অনুরোধ করেছিল তার জন্য যেন সূর্যমুখীর বিচি পাঠায়। বন্ধুর পাঠানো বিচি বাগানে রোপণ করেছিল গগা, আর সেই বীজ থেকে বেড়ে ওঠা সূর্যমুখীর ছবিও এঁকেছিল।