বন্ধুত্বের নতুন ধারা
চমৎকার বন্ধুত্ব। দুজনের মনের কথা বলার ধরনটিও ভিন্ন। কখনো বা ফিসফিসিয়ে, কখনো সুরের ছন্দে। কিন্তু তারা দুজন মানুষ নন। একজন মানুষ, আরেকজন হলো একটি তিমির বাচ্চা—স্কার।স্কার তার দলের সবার চেয়ে স্বভাবে আলাদা। মানুষের সঙ্গে বন্ধুত্ব করাই তার শখ। ভিন্নধর্মী এ প্রবণতাই ১০ বছর বয়সী তিমিমাছের বাচ্চাটাকে এনে দিয়েছে দুনিয়াজোড়া খ্যাতি। প্রশংসা লাভ করেছেন স্কারের বন্ধু তিমি বিশেষজ্ঞ অ্যান্ড্রু আরমানও।অ্যান্ড্রু আরমান পানির নিচে। বাজাচ্ছেন পরিচিত সুর। অপেক্ষা করছেন স্কারের জন্য। বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে হলো না। দলবল নিয়ে ওই দেখা যাচ্ছে স্কারকে। বন্ধুর ডাকে সাড়া দিতেই সে প্রতিবার ছুটে আসে।মনভোলানো এ দৃশ্যটি প্রায়ই দেখা যায় ডোমিনিকার ক্যারিবিয়ান আইল্যান্ডে।কুবুলি ওয়াটার স্পোর্টসের কর্ণধার অ্যান্ড্রু আরমান ও স্কারের বন্ধুত্ব জয় করে নিয়েছে সবার মন।চমৎকার এ সম্পর্কের শুরু কিন্তু কষ্টের মধ্য দিয়ে। মাথায় ও ডানার পেছনে আঘাত পেয়ে কাতরাচ্ছিল স্কার। একটু সাহায্যের জন্যই বোধহয় অ্যান্ড্রু আরমানের বোটের কাছে এসেছিল। ‘সেখান থেকে আমাদের সম্পর্কের শুরু। সে সময় ওকে আমরা পোষ্য বানিয়ে নিয়েছিলাম।’—শুরুর গল্পটা বলছিলেন আরমান। আরমানু অবশ্য তাঁর আর স্কারের সম্পর্কের কথা এই ১০ বছর পর এসে প্রকাশ করেছেন, যখন বাচ্চা স্কার একটু বড় হয়ে উঠেছে। এত দিন করেননি কেন?তিনি আসলে ছোট্ট তিমিটির সঙ্গে সম্পর্কটা পাকা করে নিতে চাইছিলেন। দুই পক্ষের মধ্যে ভয়ভীতিও কাটাতে চাইছিলেন,‘স্কার এখন আমাকে চেনে, বোঝে, আমার আওয়াজও চেনে বলেই মনে হয়। তার কাছে আমি যেতে পারি। কারণ আমাদের একে অপরের প্রতি বিশ্বাস।’আরমান ও স্কারের বন্ধুত্বে হইচই লেগে গেছে বিশেষজ্ঞদের মধ্যে। সবার কৌতূহলী হয়ে ওঠার কারণও আছে বইকি। স্পার্ম তিমিদের মানুষের সঙ্গে এমন সম্পর্কের ঘটনা বিরল। এদিক দিয়ে চিন্তা করে বিশেষজ্ঞরা স্কারকে একটু অন্য ধাঁচেরই মনে করছেন।খাওয়া, ঘুরে বেড়ানো, সামাজিকীকরণ, বিশ্রাম নেওয়ার মধ্য দিয়েই স্পার্ম তিমিদের দিন কেটে যায়। কিন্তু স্কারের যেন রয়েছে নিজস্ব একটি ভুবন। বাকি তিমিরা যখন দলবদ্ধ হয়ে বিশ্রাম নেয়, সে তখন বৃত্তাকারে ঘুরতে থাকে। বেশির ভাগ তিমির মানুষের সঙ্গে যোগাযোগ না করার আরেকটি কারণ, তাদের এতে কোনো লাভ নেই। এদিক দিয়ে চিন্তা করলে স্কার অবশ্যই আলাদা। ওয়েবসাইট অবলম্বনে রয়া মুনতাসীর