বন্ধুবরেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বন্ধু মুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খুঁজে খুঁজে প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত। কোনো খবর নেই। এর মধ্যে মুনের বাবা থানায় গিয়ে ডায়েরি (জিডি) করে এসেছেন। স্থানীয় পত্রিকায় ছেলে হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন ছাপিয়েছেন। সেও প্রায় এক সপ্তাহ আগের কথা। কোনো হদিস মেলেনি। এদিকে আমরা যারা মুনের ঘনিষ্ঠ বন্ধু, যারা পরিবার ও প্রতিবেশে বেকার হিসেবে প্রতিষ্ঠিত, তারা এই সময়ে একটা চাকরির সন্ধান পাওয়ার চেয়ে মুনকে খুঁজে পাওয়াটাই গুরুত্বপূর্ণ মনে করছি।তো মুনকে খুঁজে খুঁজে আমরা যখন অস্থির, তখন আমাদের স্থির হওয়ার পরামর্শ দিলেন আমাদের স্থানীয় পরামর্শক, বড় ভাই আখতার ফারুক। তিনি বললেন, ‘মুনকে খুঁজতে গিয়ে তোমরা নিজেরাই তো হারায়া যাচ্ছ।’ আমরা আখতার ভাইয়ের কথার মাথামুণ্ডু খুঁজে পাই না। আমরা কীভাবে হারায়া যাচ্ছি জানতে চাইলে বলেন, ‘শোন, মুনকে খুঁজতে গিয়ে তোমরা আর নিজেদের মধ্যে নাই। নিজেদের কাছ থেকে অনেক দূরে চলে গেছ তোমরা। তোমাদের দেহ পড়ে আছে এখানে, কিন্তু মনটা ছড়িয়ে পড়েছে দেশময়। আবার কারওটা হয়তো বিদেশেও, কেবলই মুনের খোঁজে। অথচ মুন যেখানেই থাকুক না কেন, নিজের মধ্যেই আছে আর ঘোরাফেরাও করছে নিজের সঙ্গে।’ আমাদের অবয়বে হতাশা ও বিস্ময়, ‘আখতার ভাই, আপনি এসব কী বলেন?’ আখতার ভাই বুকভরে নিঃশ্বাস নেন, তারপর বলেন, ‘জানো, মানুষ কখন হারায়া যায়?’ ‘কখন?’ জানতে চাই আমরা। ‘মানুষ যখন নিজেকে খুঁজে পায়, কেবল তখনই সে হারায়া যায়, একা হয়ে যায়।’ আখতার ভাই তথ্যের দিকে না গিয়ে তত্ত্বের দিকে যাচ্ছেন দেখে আমরা চুপ মেরে যাই। তিনি আরও তত্ত্ব হাজির করতে পারেন এই আশঙ্কায় আমরা কথার মোড় ঘোরানোর চেষ্টা করি। মুনের কথা বাদ দিয়ে আখতার ভাইয়ের ব্যক্তিগত জীবনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি।আখতার ফারুক মফস্বলের একটা কলেজে শিক্ষকতা করেন। দর্শন পড়ান। পাসের হার সন্তোষজনক না হওয়ায় কলেজের সব শিক্ষকের বেতন বন্ধ। সে-ও প্রায় বছর দুই আগে থেকে। আখতার ফারুক চলেন বউয়ের টাকায়। বউও শিক্ষক। প্রাইমারি স্কুলের। থাকেন কুড়িগ্রামে। সেখানেই স্কুল। আখতার ফারুক থাকেন রংপুরে। একা। রান্নাবান্নাও করেন নিজে। সকালের নাশতাটা অবশ্য হোটেলেই সারেন। তা না হলে ট্রেন ফেল করার আশঙ্কা থেকে যায়। কলেজে পৌঁছানোর জন্য তাঁকে প্রতিদিন ভোর ছয়টার লোকাল ট্রেনটা ধরতে হয়। বাসেও যেতে পারেন। সে ক্ষেত্রে ট্রেনের চারগুণ ভাড়া গুনতে হয়। বেতন বন্ধ থাকায় সবদিক হিসাব করে চলতে হয় তাঁকে। ট্রেনে ভ্রমণটাও বেশ উপভোগ করেন তিনি। সুযোগ পেলে ট্রেনে ভ্রমণের নানা অভিজ্ঞতার কথা শোনান আমাদের। ট্রেনকে উপজীব্য করে তাঁর একটা উপন্যাস লেখার ইচ্ছা আছে। সে কথাও মাঝেমধ্যেই পাড়েন। বলেন, ‘ট্রেন হচ্ছে একটা চলন্ত উপন্যাস, যার চরিত্রগুলো স্থির, অথচ উপন্যাস নিজেই গতিশীল।’ আমরা বলি, ‘খোলাসা করেন।’ গল্পে আমাদের আগ্রহ আছে দেখে আখতার ভাই স্মৃতিকাতর হন, ‘দেখো, ট্রেন প্রতিদিন তার পেটে পুরে কত কিসিমের মানুষকে যে বহন করে এর কোনো হিসাব নেই। প্রতিটি মানুষের স্বভাব-চরিত্র আলাদা আর তারা তাদের বিচিত্র রকমের ভাবনা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে ট্রেনের কাঁধে চাপিয়ে দিয়ে দুলতে দুলতে গন্তব্যে পৌঁছায়। অথচ ট্রেন! ট্রেন তার পেটভর্তি সুখ-দুঃখ নিয়ে রাত-দিন ছুটে চলে। তো সেই ট্রেনকে তোমরা কী বলবা?’ ‘চলন্ত উপন্যাস’, বলি আমরা।আখতার ফারুকের পর আমরা তিন বন্ধু—আরিফ, ওলি ও আমি দেখা করি চিনু কবিরের সঙ্গে। চিনু কবির আমাদের বয়োজ্যেষ্ঠ বন্ধু। ইনিও দর্শনের শিক্ষক, সরকারি কলেজের। টুকটাক কবিতা লেখেন আর উদ্বুদ্ধ করেন অন্যদেরও। অনিয়মিতভাবে প্রকাশ করেন সাহিত্যবিষয়ক একটা লিটল ম্যাগাজিন। যেহেতু আমাদের বন্ধু মুনেরও গল্প-কবিতা লেখার বাতিক আছে, আর সে নিজেও সাহিত্য পত্রিকা প্রকাশ করে, তাই চিনু কবিরের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক। তো আমরা সেই যোগসূত্র ধরেই চিনু কবিরের কাছে জানতে চাই, তিনি মুনের কোনো খোঁজখবর জানেন কি না। চিনু কবির যে মুনের ব্যাপারে কিছুই জানেন না, তা সোজাসাপটা জানিয়ে দেন এবং আরও জানান, মুনের নিখোঁজ সংবাদটা তিনি আমাদের কাছেই প্রথম শুনলেন। এরপর মেজাজে একটা ফুরফুরে ভাব এনে বলেন, ‘কুষ্টিয়া থেকে এক লেখক একটা গল্প পাঠাইছে। মারাত্মক গল্প। ভাবতেছি, পত্রিকার আগামী সংখ্যায় ছাপায়া দিব। গল্পটা শুনবা তোমরা?’ চিনু কবিরের কথায় আমাদের টাস্কি লাগার অবস্থা। আমরা ওনারে কী বলি আর উনি শোনান কী। মুন কোথায় আছে, কেমন আছে, আদৌ আছে, নাকি কেউ ওকে চৌষট্টি টুকরা করে চৌষট্টি জেলায় ছড়ায়া দিয়েছে—এমন আশঙ্কায় যখন আমাদের দিন-রাত একাকার, তখন কিনা চিনু কবির আমাদের গল্প শোনাতে চাইছেন! কিন্তু অবস্থা বেগতিক। গল্পটা না শুনলে চিনু কবির আগামী কয়েক সপ্তাহ আর আমাদের দর্শন দেবেন না। শেষে মুনের মতো চিনু কবিরকেও হারায়া ফেলব। আমরা চিনু কবিরকে বলি, ‘শুরু করেন গুরু।’চিনু কবির গল্পের গা ঝাড়েন, ‘গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রবাল মাহবুব। পড়ালেখা শেষ করে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘোরে। চাকরির বয়স শেষ হয় হয়, বেচারার চাকরি হয় না। এদিকে চাকরি পাচ্ছে না দেখে তার প্রেমিকাও অন্যের দরজায় খিল লাগায়। তো এই যখন অবস্থা, তখন প্রবাল মাহবুব কী করে, জানো?’ ‘কী করে?’ জানতে চাই আমরা। ‘তখন প্রবাল আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়।’ আমাদের চোখেমুখে বিস্ময়—‘আত্মহত্যা!’ ‘হ্যাঁ, আত্মহত্যা। যেদিন রাতে আত্মহত্যা করবে বলে ঠিক করে, সেদিন বিকেলে কাকতালীয়ভাবে আত্মহত্যাকে উপজীব্য করে লেখা একটা উপন্যাস হাতে পায় প্রবাল। উপন্যাসে লেখক আত্মহত্যার বিপক্ষে অসংখ্য যুক্তি দাঁড় করান। যাতে কেউ কখনো আত্মহত্যা করার কথা না ভাবে, সেদিকেও ইঙ্গিত করেন। উপন্যাসটা প্রবাল এত গভীর মনোযোগে পড়ে যে ওটা শেষ করতে রাতের যে সময়টায় আত্মহত্যা করতে চেয়েছিল, সেই সময়টা পেরিয়ে ভোর হয়ে যায়। উপন্যাসটা পড়ে ঘোরাচ্ছন্ন হয়ে পড়ে প্রবাল। সে সিদ্ধান্ত নেয়, জীবনে কোনো দিন আর আত্মহত্যার কথা ভাববে না। প্রবাল ভাবে, সে নতুন জীবন ফিরে পেয়েছে এবং এটা সম্ভব হয়েছে সেই লেখকের জন্য, যাঁর বই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে।’ আরিফ বলল, ‘গল্পের কাহিনিটা কেন জানি চেনা চেনা মনে হচ্ছে।’‘গল্প শেষ?’ জানতে চায় ওলি। ‘আরে না, এখনো তো আসল ঘটনাই বলা হয়নি।’ চিনু কবির আবার শুরু করেন, ‘এরপর প্রবাল কী করে শোন। প্রবাল সেই লেখকের প্রতি কৃতজ্ঞতা জানাতে লেখকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। ঠিকানা জানার জন্য লেখকের জীবনী পড়তে শুরু করে। কিন্তু একটা জায়গায় গিয়ে থমকে যায় প্রবাল। সেখানে লেখা, বইটা প্রকাশের আগেই লেখক আত্মহত্যা করেন।’ ‘বিষয়টা কেমন ঘোলা হয়ে গেল না, চিনু ভাই?’ ওলির কথায় দীর্ঘশ্বাস ছাড়েন চিনু কবির, ‘দেখ, যে লোকটা লেখার মাধ্যমে মানুষকে আত্মহত্যা না করার আহ্বান জানাল, সে নিজেই কিনা শেষ পর্যন্ত...? মানুষের মন বোঝা দায়। তবে একটা বিষয় ভেবে ভালো লাগল, প্রবাল কিন্তু শেষ পর্যন্ত আর আত্মহত্যা করেনি।’চিনু কবিরের কাছ থেকে গল্পটা শোনার পর কিছুক্ষণ থ মেরে ছিলাম আমরা। এর মধ্যে আরিফ হঠাৎ লাফিয়ে ওঠে, ‘ইউরেকা, ইউরেকা, পায়া গেছি।’ আমি আর ওলি আরিফের পাগলামো দেখে হতভম্ব। হঠাৎ ও আবার কী পাইল! ‘চিনু ভাই, কুষ্টিয়ার সেই লেখকই আমাদের মুন। যে গল্পটা বললেন, এর থিম মুন আমাকে অনেক দিন আগেই বলেছে। তাই তো বলি, কাহিনিটা চেনা চেনা লাগছে কেন? এবার চিনু কবিরের চোখেমুখেও বিস্ময়, ‘কুষ্টিয়ার সেই লেখক মুন হতে যাবে কেন? তা ছাড়া গল্পের লেখক হিসেবে তো মুনের নাম থাকতে পারত। লেখকের নাম তো দেয়া আছে—আনন্দ জানু।’ ওলি গলা ঝাড়ে এ সময়, ‘হবে হয়তো ওটাই মুনের ছদ্মনাম। তা ছাড়া আপনাদের কবি-সাহিত্যিকদের তো আবার ছদ্মনাম না হলে চলে না। আপনার নিজের নামটাও তো কেটেছেঁটে ছোট করা।’ ওলির কথায় নড়ে-চড়ে বসেন চিনু কবির। আরিফ ভেবেচিন্তে উপায় একটা বের করে, ‘চিনু ভাই, যে খামে করে কুষ্টিয়া থেকে গল্পটা এসেছে, সেই খামটা নিয়া আসেন। ওই খামের মধ্যেই মুনের ঠিকানা পাওয়া যাবে। ব্যাটাকে আমরা খুঁজে খুঁজে পাঁড় আর ও কিনা লালনের আখড়ায় বসে ছদ্মনামে গল্প পাঠাচ্ছে!’চিনু কবির ঠিকানাসমেত খামটা নিয়ে এলে সেদিন রাতেই আমরা তিন বন্ধু কুষ্টিয়াগামী গাড়িতে বসে পড়ি।