বব মার্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়ান মার্লে—ব্রিটিশ-জ্যামাইকান রেগে সংগীতশিল্পী। ২০০৯ সালে তাঁর অ্যাওয়েক অ্যালবামটি পেয়েছিল গ্র্যামি মনোনয়ন। যুক্ত আছেন রাসটাফারি আন্দোলনের সঙ্গে। এসব পরিচয় ছাপিয়ে তাঁর সবচেয়ে বড় পরিচয়—বব মার্লের সন্তান তিনি। ঢাকায় এসেছেন ‘জুলিয়ান মার্লে: সেলিব্রেটিং বব মার্লে, রেগে অ্যান্ড মোর’ কনসার্টে গাইতে। বাবা বব মার্লে, রেগে সংগীত, রাসটাফারি আন্দোলন এবং তাঁর নিজের সম্পর্কে আমাদের বললেন এক আলাপচারিতায়। সঙ্গে ছিলেন মাহফুজ রহমানজটাধারী অথচ সুবিন্যস্ত চুল, লম্বায় ছয় ফুটের বেশি, হাঁটাচলায় আলুথালু ভাব—এই হলেন জুলিয়ান মার্লে। আর কিছু নয়, তাঁর চুলই মনে করিয়ে দেয় বাবা বব মার্লের কথা। অনেকখানি সময় অপেক্ষা করার পর তাঁর দেখা মিলল। প্রথম দেখাতেই বোঝা গেল মোটেও ক্লান্ত নন আকাশপথ ভ্রমণের ঝক্কিতে। গানে গানে তেজোদ্দীপ্ততার কথা বলেন, ব্যক্তিত্বেও সেটার পূর্ণ প্রতিফলন। তাই আমাদের পয়লা প্রশ্নও ছিল একই প্রসঙ্গে, এই তেজোদ্দীপ্ততা কি বাবার কাছ থেকে পাওয়া? সুনসান ঘরটার নীরবতা ভাঙলেন প্রাণখোলা হাসি হেসে। গড়গড় করে বলে গেলেন, ‘আমি তো বাবারই ছেলে। তাই আমার ভেতরে যা, তা অবশ্যই তাঁর কাছ থেকেই পাওয়া। আমার বাবা আছেন আমার চামড়ায়, আছেন আমার হূদয়ে।’ আমরাও মনে করিয়ে দিই, কেবল জ্যামাইকা, আফ্রিকা বা পশ্চিমা বিশ্বেই নয়, বব মার্লে আছেন বাংলাদেশের অনেক মানুষের হূদয়ে। যাঁরা হূদয়ে ধারণ করেন তাঁর গান। গান শুনে পান জীবনসংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই তথ্য জুলিয়ানের অজানা নয়। তাই কি নিজেও বাবার দেখানো পথে হাঁটছেন? মাথা ঝাঁকালেন জুলিয়ান, ‘বাবা এই পথে হেঁটেছেন বলে একই পথে হাঁটছি—তা ঠিক। তবে এটাও ঠিক, রেগে সংগীত ও রাসটাফারি আন্দোলনকে হূদয়ে ধারণ করি বলেই এই পথটাই বেছে নিয়েছি।’এবার একটু পেছনে ফেরা যাক। ১৯৭৫ সালের ৪ জুন, লন্ডনে জন্ম নেন জুলিয়ান। বব মার্লের জীবনী ঘাঁটলে দেখা যায়, তাঁর সন্তানদের তালিকাটা নেহাত ছোট নয়—১১ জন! পুরোদস্তুর ফুটবল দল। সন্তানদের প্রসঙ্গে মজার একটা কথা বলেছিলেন বব, ‘বাচ্চারা এককথায় অপূর্ব। তবে আমি খুব বেশি বাচ্চা নিইনি কিন্তু!’ ববের সন্তানদের সেই ‘ছোট্ট তালিকায়’ জুলিয়ানের অবস্থান নবম। মা লুসি পাউন্ডার ছিলেন বারবাডোজের। জুলিয়ানের জন্মের আগ থেকেই যুক্তরাজ্যে থাকতে শুরু করেছিলেন তিনি। তাই জুলিয়ানের বেড়ে ওঠা সেখানেই। গ্রীষ্মের ছুটি পেলেই ছুটে যেতেন পিতৃভূমি জ্যামাইকায়। হাতে তুলে নিতেন গিটার। ধুমসে বাজাতেন ড্রামস, কি-বোর্ডসহ নানা রকম বাদ্যযন্ত্র। জুলিয়ানের ভাষায়, ‘সংগীত তো আমার রক্তেই ছিল। তাই আলাদা করে কিছু শেখার ছিল না। বাবাই আমার শিক্ষক।’ সেটার প্রমাণ মেলে মাত্র পাঁচ বছরে তাঁর প্রথম গান রেকর্ডের কীর্তিতে। কেবল বাবাই নন, ভাইদের সঙ্গেও সমানতালে চালিয়ে যেতেন গলা, সুর তুলতেন গিটারে। এ পর্যন্ত তিনটি অ্যালবাম মুক্তি পেয়েছে জুলিয়ানের—লায়ন ইন দ্য মর্নিং (১৯৯৬), আ টাইম অ্যান্ড প্লেস (২০০৩) ও অ্যাওয়েক (২০০৯)। এর মধ্যে অ্যাওয়েক পেয়েছিল গ্র্যামি মনোনয়ন।ববের অন্য ছেলেরাও তাঁর পথেরই অনুসারী। নাম করেছেন শ্যারন, সেডেলা, জিগি, স্টিফেন, রোহান, কাই-ম্যানি ও ড্যামিয়েন মার্লেরা। ভাইদের সঙ্গে কেমন সম্পর্ক জুলিয়ানের? আপনার তৃতীয় অ্যালবাম অ্যাওয়েকে তো এঁদের অনেকেই যুক্ত ছিলেন। এবারও মাথা ঝাঁকালেন জু জু (জুলিয়ানের ডাক নাম), ‘এক অর্থে আমরা সবাই একসঙ্গেই থাকি। একসঙ্গে থাকি সংগীতের ভুবনে। আমাদের ভিত তো একটাই। ছোটবেলায় গানের পাশাপাশি ফুটবল খেলতাম ভাইদের সঙ্গে।’ ক্রিকেট খেলতেন না? অর্ধ-জ্যামাইকান বলেই প্রশ্নটা করা। জুলিয়ানের মুখে অপারগতার হাসি, ‘খেলতাম, তবে খুব ভালো পারতাম না!’ ক্রিকেট প্রসঙ্গই যখন এল, সুযোগ বুঝে আমরা জানিয়ে দিলাম সম্প্রতি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দারুণ চমকে গেলেন ববপুত্র, ‘তাই নাকি! তাহলে তো আমি বাংলাদেশের ফ্যান হয়ে গেলাম!’পুরোনো প্রসঙ্গে ফিরে যাওয়া, জুলিয়ান ও তাঁর ভাইয়েরা কি পেরেছেন বব মার্লের ছায়া থেকে বেরিয়ে আসতে? উত্তর জানা—না, পারেননি। কেন? ব্যাখ্যা জুলিয়ানের কাছে, ‘এটাই কি স্বাভাবিক না? একজন দরজির ছেলে দরজি হতেই পারে। এমনকি একজন সাংবাদিকের ছেলে হতে পারে সাংবাদিক। তবে আমরা যা করছি, ভালোবাসা থেকে করছি। এর মাঝে বাবার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা জড়িয়ে আছে।’ ছেলে হিসেবে বাবার সৃষ্টির মূল্যায়ন কীভাবে করেন, এই প্রশ্নটা মাথায় ঘুরছিল। তার সঙ্গে যুক্ত করা হলো আরেক প্রশ্ন—কোন দিক থেকে বিশ্ব সংগীতে নতুনত্ব এনেছিলেন বব মার্লে? নড়েচড়ে বসলেন জুলিয়ান, বললেন, ‘নিপীড়িত আর খেটে খাওয়া মানুষের জন্য গান করতেন বাবা। সবাইকে বলতেন একত্র হতে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে। বাবার সময়ে অনেক গানই হয়েছে, যেগুলোর বেশির ভাগের মোদ্দা কথাই ছিল—খাও দাও ফুর্তি করো। কিন্তু বাবার মনোযোগ ছিল সাধারণ মানুষ নিয়েই। বাবা গানে গানে বলতেন মানুষের কথা, আধ্যাত্মিকতার কথা।’ বাবা গাইতেন রেগে সংগীত, সে কারণেই কি এই ঘরানাকে বেছে নিলেন? এবারও নিজের ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিলেন জু জু। জানালেন, রেগে সংগীতের শুদ্ধতা তাঁকে আচ্ছন্ন রাখে সব সময়, ‘ঘুম থেকে উঠে যখন এই চুল দেখি, তখন ভাবি—আমার কী করা উচিত, কেন আমি এই পৃথিবীতে এসেছি? আমার তো অনেক কিছু করতে হবে, ভালোবাসতে হবে। এই ভাবনা আমার মাথায় গেঁথে গেছে ছোটবেলা থেকেই।’ একইভাবে এসে যায় রাসটাফারি আন্দোলন প্রসঙ্গ। বব মার্লে তাঁর পুরো ক্যারিয়ারেই যুক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। গানের সুরে তুলে এনেছেন ভ্রাতৃত্ব, অসাম্প্রদায়িকতার কথা। বিশ্বাস করতেন, মানুষের মনে ভালোবাসা ও গান প্রবেশ করাতে পারলেই মুক্তি পাওয়া যাবে ঘৃণা থেকে। জুলিয়ানও তাই রাসটাফারি আন্দোলনের একজন। এই বিশ্বাস ও দর্শনই তাঁকে প্রতিদিন প্রেরণা জোগায় সাধারণ মানুষকে নিয়ে গান বাঁধতে। তৃতীয় অ্যালবাম অ্যাওয়েকের বয়স তিন বছর হয়ে গেল। ওই অ্যালবামের পর নতুন কোনো গান কিংবা অ্যালবামের কথা ভাবছেন? জুলিয়ান জানালেন, দক্ষিণ এশিয়া সফরের পর চলে যাবেন জ্যামাইকায়। এরই মধ্যে চলছে নতুন গান লেখালেখি। আর আজ সন্ধ্যা সাতটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাইবেন ব্যান্ড আপরাইজিংয়ের সঙ্গে। নিজের গানের পাশাপাশি গাইবেন বাবার গানও। বাবার গান গাইতে কেমন লাগে? বব মার্লের কোন গানটি বেশি প্রিয় আপনার? উত্তরে আকাশ-পাতাল ভাবলেন, তারপর বললেন, ‘বাবার প্রায় ৫০০ গান আছে। এর মধ্যে যে কোনটি বেশি প্রিয়, তা বলতে পারব না। তাঁর সব গানই প্রিয় আমার! আর তাঁর গান গাইতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে।’ বব মার্লে না ফেরার দেশে পাড়ি জমান ১৯৮১ সালের ১১ মে। তখন জুলিয়ানের বয়স প্রায় ছয় বছর। বাবার কথা কি মনে পড়ে তাঁর? লক্ষ্যহীন দৃষ্টি মেলে তাকিয়ে থেকে বললেন, ‘১৯৮০ সালের কথা, তখন আমার বয়স ছিল মোটে পাঁচের মতো। যুক্তরাজ্যের এক কনসার্টে গাইতে গিয়েছিলেন বাবা। কনসার্টের আগে আগে স্টেজের পেছনে প্র্যাকটিস করছিলেন গিটার নিয়ে। দম ফেলার ফুরসত নেই তখন। ঝাপসা এই স্মৃতিটাই মনে পড়ে কেবল।’ জুলিয়ানের একটি গান আছে ‘অন দ্য ফ্লোর’ নামে। সেখানে তিনি বলছেন, ‘সংগীতই আমার জীবন।’ তাই আমাদের শেষ প্রশ্ন ছিল, গানের মধ্য দিয়ে কী বলতে চান? যেন পত্রপাঠমাত্র উত্তর, ‘ভালোবাসার কথাই বলতে চাই। কেবলই ভালোবাসার কথা। ভালোবাসা যেন কখনোই শেষ না হয়।’