বর্ণপর্দার ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উত্তর আধুনিক চিত্রের ময়নাতদন্ত’, শিল্পী: জাহাঙ্গীর আলম
‘উত্তর আধুনিক চিত্রের ময়নাতদন্ত’, শিল্পী: জাহাঙ্গীর আলম

বর্ণের আছে আপন বৈশিষ্ট্য। একটির সঙ্গে আরেকটি বর্ণের মিলনে তৈরি হয় নতুন বর্ণপর্দা। বর্ণমিলনের এই প্রক্রিয়া প্রকৃতিতেই বিদ্যমান সৃষ্টির শুরু থেকে। বিষয়টি মনে ধরেছিল অঁরি মাতিসের। রঙের বিশেষত্বকে অক্ষুণ্ন রাখতে ফভিজমের উদ্ভাবন করেছিলেন তিনি। মাতিসের দেখানো পথে এঁকেছেন অনেক শিল্পী। পরিপ্রেক্ষিত বদলে গেছে, তবু এখনো আঁকছেন অনেকে।

যেমন তরুণ শিল্পী জাহাঙ্গীর আলম। শখের বশে ছবি আঁকতে আঁকতে বর্ণপর্দার ধাঁধায় বাঁধা পড়েছেন এই আঁকিয়ে। তাঁর চোখ মজেছে প্রাচ্যপ্রকরণের অঙ্কনে, মন মজেছে রঙের স্বাতন্ত্র্য বজায় রাখার কৌশলকলায়। রঙের পিগমেন্ট প্রয়োগ করে বর্ণবৈশিষ্ট্য প্রায় অক্ষুণ্ন রেখে ছবি আঁকছেন তিনি। ফলে তাঁর ছবিতে রং একটু-আধটু মিলেমিশে যে রেখা তৈরি হয়, সেটির অস্তিত্বও অপরিহার্য হয়ে দেখা দেয়।

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ‘পিঞ্জরমুক্ত’ শিরোনামে জাহাঙ্গীরের প্রথম একক প্রদর্শনীর সূত্রে বলা এই কথাগুলো মোটেই কথার কথা নয়। এটি তাঁর প্রথম একক প্রদর্শনী হলেও তাঁর কাজের সঙ্গে আমার চেনাজানার যোগ প্রায় অর্ধযুগের, ওরিয়েন্টাল স্টাডি গ্রুপের প্রদর্শনী থেকে। দেখে-শুনে, এঁকে-বুঝে, শিল্পীদের সঙ্গে নিত্যযোগাযোগে গত কয়েক বছরে বেশ পরিণত হয়েছেন তিনি। নিয়মিত আঁকতে আঁকতে কাজও জমেছে।

এ প্রদর্শনীতে শিল্পবোদ্ধারা জাহাঙ্গীরের কাজকে দেখছেন সপ্রশংসায়। ভালো লাগে রঙের পিগমেন্ট নিয়ে তাঁর নিরীক্ষার ধরন; যেমন ‘নীলের ভেতর নৃত্য’ শিরোনামের চিত্রকর্মের বর্ণ ব্যবস্থাপনার কথা ধরা যাক। শিল্পী এই চিত্রপটকে প্রায় বৃত্তাকারে বিভাজন করেছেন নানা বর্ণের পিগমেন্ট প্রয়োগ করে। এর কেন্দ্রে হলুদ আর সবুজের মায়াজড়ানো আলো, চারপাশে নীলাভ প্রগাঢ় ধরন দিয়ে মায়াবী বর্ণপর্দার নির্মিত দর্শকদৃষ্টিকে মোহিত করে।

জাহাঙ্গীরের কাজের শিরোনামগুলোও চমকপ্রদ। তাঁর ছবি বোঝার সূত্র হিসেবেও এসব শিরোনামের ভূমিকা আছে। এ শিল্পীর দুটি কাজের কথা বলি, যেখানে শিল্পী পৃথিবী গোলকের ভেতর চারটি নারী অবয়ব স্থাপন করেছেন কয়েকটি রঙের ভিন্নতায়। তারপর দিয়েছেন শিরোনাম: ‘উত্তর আধুনিক চিত্রের ময়নাতদন্ত’। এগুলো বাংলার সরাচিত্রের মোটিফ নিয়ে আঁকা। শুধু শিল্পী হিসেবে নয়, এখানে তাঁর শক্তি তাঁর লেখনী, পড়াশোনা—সর্বোপরি দার্শনিক ভিত্তি। উল্লেখ্য, চিত্রকলা সম্পর্কে লেখালেখি করতে করতেই ছবি আঁকতে শুরু করেন জাহাঙ্গীর, তা-ও সাত-আট বছর আগে।

ফুল নিয়ে অনেক ছবি এঁকেছেন জাহাঙ্গীর। তবে তাঁর ফুলগুলো ঠিক বাস্তবিক ফুলের মতো নয়, এখানে রং এসেছে ফুলের মোহনীয় রঙের ইঙ্গিত হয়ে।

এই প্রদর্শনীতে জলরং ওয়াশ পদ্ধতিতে কিছু কাজ করেছেন শিল্পী। এতে রং ও রেখার চলনে তৈরি হয়েছে মেঘের রূপ।

শেষে বলতে চাই, ছবি আঁকা বা গড়ার ইচ্ছাশক্তিকে রূপ দিতে অন্য দক্ষতাও তো দরকার, যেমন অঙ্কনের দৃঢ়তা, রেখার ছন্দময়তা, গঠনের জম্পেশ জমানো ইত্যাদি। এসব জায়গায় নজর দিলে জাহাঙ্গীরের কাজ আরও মোহনীয় হতে পারে। প্রদর্শনীটি শেষ হয়েছে ১৫ ডিসেম্বর।