বর্ণমেলায় আঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেদিন ২১ ফেব্রুয়ারি। খুব সকালেই দেখা গেল খুদে শিল্পীর দল পেনসিল, রং ও তুলি নিয়ে বেরিয়ে পড়েছে। গন্তব্য—ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘বর্ণমেলা’। নির্ধারিত সময়ে ছবি আঁকার প্রতিযোগিতা শুরু হতেই বেঁধে গেল হুলস্থুল কাণ্ড! রং করতে গিয়ে কারও হাত-জামা মাখামাখি, কেউ কাগজ হাতে ভাবতে বসেছে, কেউ আবার ঝটপট আঁকা শুরু করে দিয়েছে... খুদে আঁকিয়েদের ছবি আঁকা দেখতে ভিড় করেছিল অনেক দর্শকও।
ছবি আঁকা শেষে বিজয়ীদের নাম ঘোষণা হতে যথেষ্ট দেরি হলো। হবেই তো। এত এত সুন্দর ছবি পেয়ে বিচারকেরা পড়েছিলেন মহা দুশ্চিন্তায়। কোনটা রেখে কোনটাকে বেশি নম্বর দেবেন, বুঝে উঠতে পারছিলেন না।
বর্ণমেলায় আঁকা ছবি থেকেই তিনটি তুলে দিলাম তোমাদের জন্য। দেখো তো, কেমন হলো?

.
.

রংবেরং
তানজীন ওয়াজিদা কোন ক্লাসে পড়ে জানো? মাত্র প্লেতে। অথচ তার আঁকা দেখে বিচারকেরা মুগ্ধ! কী যেন একটা মজা আছে ছবিটায়! ক বিভাগে প্রথম হয়েছিল শহীদ বাবুল একাডেমির ছাত্রী তানজীন।

অ আ ক খ
কান পেতে শুনে দেখো তো, ‘অ-তে অজগরটি আসছে তেড়ে, আ-তে আমটি আমি খাব পেড়ে’—শুনতে পাও কি না! অপ্সরী নন্দনা খানের আঁকা ছবিটি খ বিভাগে প্রথম হয়েছে। সে পড়ে ভিকারুননিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণীতে।

ভুলব না

মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে শহীদ মিনার। কাছে গিয়ে দাঁড়ালেই শ্রদ্ধায় মাথা নত আসে। গ বিভাগে প্রথম, ছবিটা এঁকেছে আনিকা তাহসীন। সে এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী।