
>করোনাকাল বদলে দিয়েছে আমাদের চেনা দৃশ্যপটগুলো। করোনাকালে শহরবাসী অনেকে হয়তো গ্রামে গিয়ে আটকা পড়েছেন, ফিরতে পারেননি আর শহরে। তেমনই একজন নাজিফা তাসনিম খানম তিশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই তরুণ লেখক কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া থেকে লিখেছেন করোনার সময়ে তাঁর গ্রামে থাকার অভিজ্ঞতা।
উনিশ-বিশ বছরের জীবনে আমি যে কয়টা স্বপ্ন দেখেছি তার মধ্যে অন্যতম ছিল ঘরে না ফেরার স্বপ্ন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আমি যখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা ছেড়েছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম ঘরে আর ফিরব না। কোভিড-১৯ অন্য অনেকের মতো আমার এই ছোট এবং আপাতদৃষ্টিতে অগুরুত্বপূর্ণ ছেলেমানুষী স্বপ্নটা ভেঙে দিয়েছে।
দীর্ঘ সময়ের জন্য যেদিন ঘরে ফিরতে হয়েছিল, সেদিন মনে হচ্ছিল আমি বর্তমান রেখে দিয়ে অতীতে ফেরত যাচ্ছি। এখনো তা-ই বিশ্বাস করি। এই চিন্তাটা আমার খুব প্যারাডক্সিক্যাল মনে হয়। আমার মাথায় বর্তমানের একটা আইডিয়া ছিল—অর্থাৎ প্রতিটা আগামীকালের একটা পরিষ্কার চিত্রায়ণ ছিল। তেমনটা ঘটেনি বলে আমার মনে হচ্ছে যে আমি অতীতে আছি। আবার এটাও আমার কাছে সত্যি, আড়াই বছর আগে ঘর ছেড়ে যাওয়া মানুষটা আর ফিরে আসা মানুষটা এক না। কাজেই আমি চাইলেই অতীতে বাঁচতে পারি না। স্থানটাই শুধু একই; কাল আর পাত্র দুটোই বদলে গেছে। তবু অতীতে বসবাসের চিন্তাটা বারবার আসে, ঘুরেফিরে আসে; এই চিন্তা থেকে আমি বের হতে পারি না।
দুই মাস হলো আমি আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ আমার দাদুবাড়িতে আটকা পড়ে আছি। ‘আটকা পড়ে আছি’ জাতীয় অনুভূতি না থাকলে বোধ করি সময়টা খুব আনন্দদায়ক হতো। তবে আটকা না পড়লে এত লম্বা সময় আমি অবশ্যই গ্রামে থাকতাম না। কোথাও দীর্ঘক্ষণ থাকা আমার পোষায় না।
একটা জায়গা, যেখানে আমি সব সময় ৭ থেকে ১০ দিনের জন্য বেড়াতে এসেছি, সেখানে দুই মাস থেকে বুঝতে পারছি এখানে আমি এর আগে কখনোই ঠিক ‘থাকি’নি। এর আগে আমি কখনো জানতাম না একটা বড় পরিবারের সঙ্গে থাকার বিষয়টা আসলে কেমন; কত দ্বন্দ্ব আর মায়া সেখানে যুগপৎভাবে বসবাস করে। একটা বাচ্চার সঙ্গে সময় কাটানোর আসলে কী মানে; তাদের পর্যবেক্ষণ আর সাহস কীভাবে তাদের বড় করে তোলে—এসব জানতাম না। অনুকরণ আর অনুসরণ আমাদের সবার জীবনে কত ভীষণভাবে ব্যাপৃত থাকে, সেটা আমি গত দুই মাসে একটা বাচ্চাকে দেখে শিখেছি। জেনেছি, শুধু কর্মজীবী মায়ের সন্তানেরা মায়ের সান্নিধ্য পায় না, এই ধারণা ভুল; একটা সংসার চালানোর বিশাল কর্তব্য সম্পাদন করার পর গৃহিণী মাকেও সন্তান সন্ধ্যার পরই পায়।
সব সময় দেখেছি, আমাদের বাড়িতে গোলাভর্তি ধান থাকে। নতুন বিয়ে করিয়ে আনা বউকে দিয়ে সেই গোলায় এক মুঠো ধান দেওয়ানো হয়, যেন এমনই ভরভরন্ত থাকে সম্ভার। কিন্তু এর পেছনে কত পরিশ্রম আর তপস্যা লাগে, সেটা আমি শেষ দুই মাসে জেনেছি। গ্রামে জিনিসপত্রের প্রচুর পুনরুৎপাদন হয়। খুব কম বস্তুসামগ্রী এখানে ফেলা যায়। একদিন শুনলাম ঝাড়ুর দরকার। পরদিনই দেখলাম নারকেল পাতা থেকে শলা নিয়ে দাদিমা বসে বসে ঝাড়ু বানাচ্ছেন। তারপর শুনলাম নতুন ঘরের জন্য কাঠ দরকার। দেখলাম পুরোনো খাটিয়া নামিয়ে সেখান থেকে যত দূর সম্ভব কাজে লাগানো হচ্ছে। কলাগাছ মরে গেছে কেটে ফেলতে হবে; দাদু ভাইয়া এসে বললেন, ‘বাচ্চাদের জন্য ভেলা বানিয়ে দিই; সবাই বাড়িতে আছে, মজা পাবে।’ চাচিরা যে হারে প্রতিদিন নতুন নতুন শাকপাতা কাটেন, আমি খুবই ভয়ে আছি, কোনো দিন ঘাস বা কাঁঠাল পাতা টেবিলে দেখতে পাব। ধানের খড় গোয়াল আর খামারে চলে যাচ্ছে, অবশিষ্টাংশ চুলায়। বাসি ভাত হাঁস-মুরগির খাবার হয়ে যাচ্ছে, হাড়গোড়, কাঁটা কুকুর-বিড়ালের। বিষয়টা আমার খুবই চমকপ্রদ লাগে।
তবুও বারবার মনে হয়, আমি বর্তমানে না, অতীতে বসবাস করছি।