বর্ষার ছোট বোন
প্রথম বৃষ্টিতে ভিজে সেই মেয়ে স্পষ্ট হয়ে উঠেছিল;
জানি না কী নাম তার, আমি তাকে বৃষ্টি বলে জানি।
এত এত বছরের পর
তৃপ্তিহীন জেগে আছে তৃষিত প্রহর।
বৃষ্টির উদীয়মান বক্ষে আমি টোকা মেরে দেখে নিতে চাই—
বেজে ওঠে কি না।
ঘরের কোনায় পড়ে থাকা
বাদকবিহীন এক তানপুরার তারে
টান মেরে দেখেছিল হামাগুড়ি দেওয়া এক শিশু—
শিরায় শিরায় আজও বেজে যায় কোমলগান্ধার।
বর্ষার প্রতি আমার তেমন আসক্তি নেই কোনো
—সাত ঘাটে পানি খাওয়া মেয়ে,
ছকে ছকে এক্কাদোক্কা নিয়মমাফিক আসে যায়
যারতার কাছে।
প্রায়ই তার সঙ্গে থাকে বৃষ্টি—ছোট বোন।
তখন বৃষ্টিকে আর বৃষ্টি বলে মনেও হয় না।
মাঝেমধ্যে বৃষ্টি কিন্তু হুট করে একা চলে আসে,
সুরমণ্ডলের মতো অকস্মাৎ বেজে ওঠে শিরা-উপশিরা;
অথচ আঙুলগুলো হামাগুড়ি দেওয়া সেই শিশুর চেয়েও বেশি।
বর্ষপঞ্জিকার চোখ ফাঁকি দিয়ে সেই বৃষ্টি হঠাৎ করেই চলে আসে,
চোখ দুটি বন্ধ করে আবেশে স্পষ্ট হয়ে ওঠে।
তখন আমার মনে হয়—
এখনো তরুণ কবি আমি।