
আমার অফিস রুমের ডেস্কের দেয়ালে আমি একটা বাণী ঝুলিয়ে রেখেছি।
‘রুল নম্বর ১: বস ইজ অলয়েজ রাইট।
রুল নম্বর ২: ইফ বস ইজ রং, সি রুল নম্বর ওয়ান।’
আমার বসকে আমি সদাই মান্য করি। তিনি নির্ভুল। তিনি সবচেয়ে সুদর্শন। তিনি যখন অফিসে আমাদের সামনে বসেই দাঁত খিলান করেন, তখনো তাঁকে অপরূপ সুন্দর দেখায়।
আমি একটা চিঠি মুসাবিদা করে তাঁর সামনে নিয়ে গেলাম। তাতে একটা কথা ছিল, ‘মিডিয়াম ইজ দি মেসেজ’।
তিনি সেটা কেটে দিলেন, লিখলেন, ‘মিডিয়া ইজ দি মেসেজ’।
আমার মনে হলো, কথাটা ‘মিডিয়াম ইজ দি মেসেজ’ই হবে। মিডিয়া বহুবচন। একবচনে মিডিয়াম। মার্শাল ম্যাকলুহান ‘মিডিয়াম ইজ দি মেসেজ’ই বলেছিলেন। কিন্তু আমি কথাটা তাঁকে বললাম না।
কারণ, ১. বস ইজ অলওয়েজ রাইট।
২. ইফ বস ইজ রং, সি রুল নম্বর ১।
স্যার বললেন, এই রকম একটা বিখ্যাত কোটেশন আপনার জানা নাই। কীভাবে আপনি এই ভুলটা করতে পারলেন?
আমি মাথা চুলকালাম। ভাবটা এ রকম—ভুল তো হয়েই যায়। আপনি আমার বস, পদাধিকার বলেই আপনি সবকিছু ঠিক বলবেন, ঠিক করবেন।
তিনি বললেন, পড়াশোনা কিছু করেন-টরেন নাকি সারা দিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন।
কথা সত্য। পড়াশোনা করি না। ফেসবুক নিয়েই পড়ে থাকি। তবে, মার্শাল ম্যাকলুহামের ‘মিডিয়াম ইজ দি মেসেজ’ কথাটা আমি গুগল করেই জেনে নিয়েছিলাম। স্যার যদি গুগুল করতে জানতেন, তাহলে তাঁরও কিছু সুবিধা হতো।
আমার বস আমার থেকে বছর দুয়েকের বড়। তাঁর মাথায় একটা উইগ।
আমরা, অফিসে তাঁর নয়জন কর্মচারী, সারাক্ষণ প্রার্থনা করি, একটা প্রচণ্ড ঝড় আসুক, সবার সামনে আমাদের বসের নকল চুল উড়ে চলে যাক।
আমি বসের সাদা শার্ট, লাল টাই, শার্টের হাতের সোনালি বোতামের দিকে অলক্ষে তাকাই। তার সামনের দাঁত দুটো বড়, দাড়ি-গোঁফ কামানো, মুখখানা চন্দ্রাকার। পরচুলাটা না থাকলে ষোলোকলা পূর্ণ হতো।
আমার মনে প্রশ্ন জাগে—
১. পরচুলায় কি শ্যাম্পু দিতে হয়? হলে কোন ধরনের শ্যাম্পু?
২. পরচুলায় কি উকুন হয়?
৩. পরচুলা কি রাতের বেলা ঘুমনোর সময় খুলে রাখতে হয়? ওই সময় পরচুলায় একটা বিছে বা তেলাপোকা বা মাকড়সা ঢুকে থাকলে পরের দিন কী হতে পারে?
আমার এ ধরনের কল্পনা কখনো বাস্তব রূপ পায় না। আমি স্যারের সামনে থেকে চিঠিটা নিয়ে আসি। নিজের ডেস্কে বসে কম্পিউটারে ঠিক করি।
আমাদের স্যারের সেন্স অব হিউমার অতুলনীয়। এটা বাড়ে, যখন আমাদের নারীকর্মীরা সামনে থাকেন। তিনি কৌতুক করতে থাকেন। মেয়েদের সামনে তিনি যেসব কৌতুক বলে থাকেন, তার নমুনা:
১. কলা লেবুকে বলল, ওরে লেবু, মানুষ তো তোকে কচলে কচলে খায়। লেবু কলাকে বলল, ওরে কলা, আর তোকে যে ন্যাংটো করে খায়।
২. মানুষের শরীরের কোন অঙ্গ উত্তেজিত হলে ১০ গুণ প্রসারিত হয়? সঠিক উত্তর: চোখের মণি। তা ভাবেননি আপনি? বিবাহিত জীবনে হতাশ হবেন।
স্যার আমাকে সব সময় বলেন, স্মার্ট হোন। গেট স্মার্ট। শুনুন, স্যান্ডেল পরবেন না। সব সময় জুতা পরবেন। জুতা পরলে স্মার্ট দেখায়।
আমরা আড়ালে এই সব নিয়ে হাসাহাসি করি।
কারণ, স্মার্ট কথাটার দুটো মানে আছে। একটা হলো, বুদ্ধিমান, চালাক, চতুর। স্মার্ট সেই যার বুদ্ধি আছে। আরেকটা মানে হলো, সুবেশ, সুসজ্জিত। স্যার দ্বিতীয় অর্থে কথাটা ব্যবহার করছেন। এটাকে আমরা, কর্মচারীরা বলি, ‘জুতা স্মার্ট’।
স্যারের সঙ্গে আমরা চলেছি সিঙ্গাপুর ট্যুরে। আমি, শান্তা আপা, কাবেরিদি, জয়নাল আবেদিন আর স্যার। মোট পাঁচজনের দল। আমার ধারণা, স্যার শান্তা আপাকে নেওয়ার জন্য বাকিদের সঙ্গে নিয়েছেন।
এয়ারপোর্ট থেকেই শুরু হলো স্যারের উপদেশ বিতরণ।
আমাকে বললেন, ‘কামার সাহেব, এর আগে কখনো প্লেনে উঠেছেন?’
‘জি স্যার।’
‘কোথায় গেছেন?’
‘কলকাতা গেছি, স্যার।’
হা হা হা, থুতু ছিটিয়ে হাসতে হাসতে তিনি বললেন, বাংলাদেশিরা প্রথম প্রেম করে কাজিনের সঙ্গে, প্রথম বিদেশ যায় কলকাতায়, আর প্রথম...
বাকি যেটা বললেন, সেটা সর্বসমক্ষে আমার বলা উচিত না।
‘আচ্ছা তাহলে তো ভালোই। সিটবেল্ট বাঁধতে পারেন?’
‘জি স্যার।’
‘শান্তা পারেন?’
‘জি স্যার।’
‘কোথায় শিখলেন?’
‘কেন স্যার। অফিসের গাড়িতে। সামনের সিটে বসলে তো সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক।’
‘বাহ্। শান্তা তো খুবই স্মার্ট।’
আমরা সবাই মিটিমিটি হাসছি। গাড়িতে সিটবেল্ট বাঁধা শেখাটাও স্যারের কাছে স্মার্টনেস।
স্যার বললেন, আপনারা একটু বসেন, আমি একটু ধূমপান করে আসি। ওই ওদিকে একটা স্মোকিং জোন আছে।
কিছুক্ষণ পরে এসে বললেন, এই জন্য বাংলাদেশের উন্নতি হবে না। এয়ারপোর্টে একটা স্মোকিং জোন থাকবে না? সারা পৃথিবীর সব উন্নত দেশে এয়ারপোর্টে স্মোকিং জোন থাকে। সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করে।
প্লেনে উঠলাম। আমাদের পাশাপাশি সিট। আমি স্যারের পাশে। এখানে শান্তা আপাকে দিলে ভালো হতো। কিন্তু এভাবেই সিট পাওয়া গেছে। বদল করা ঠিক হবে কি না বুঝছি না।
প্লেন ছাড়ল। সিঙ্গাপুর এয়ারলাইনস।
স্যার বললেন, ‘আপনি ড্রিংকস করেন তো?’
আমি বললাম, ‘না স্যার।’
‘কেন করেন না?’
‘কখনো করিনি তো স্যার। ভয় লাগে। বমিটমি করে দেব।’
‘বমি করার অভ্যাস আছে নাকি? তাহলে খাবেন না। আমি আবার প্লেনে উঠলে একটু ড্রিংকস করি। রেড ওয়াইন।’
সিঙ্গাপুরিয়ান বিমানসেবিকা এলেন। তাঁদের গোলাপি-নীল-বেগুনি রঙের ঐতিহ্যবাহী সিংহমার্কা পোশাক পরা। স্যার বললেন, এক্সিকিউজ মি, ক্যান আই হ্যাভ সাম রেড ওয়াইন।
>আমরা, অফিসে তাঁর নয়জন কর্মচারী, সারাক্ষণ প্রার্থনা করি, একটা প্রচণ্ড ঝড় আসুক, সবার সামনে আমাদের বসের নকল চুল উড়ে চলে যাক
হাসিমুখ ক্রু স্যারের সামনের তাকে একটা ওয়াইনের গেলাস রাখলেন। তীব্র লাল রঙের ওয়াইন গেলাসের অর্ধেকটায় ভরা।
স্যার বললেন, ক্যান আই হ্যাভ সাম আইস অ্যান্ড ওয়াটার টু।
বিমানসেবিকা তাঁকে আরেকটা গেলাসে বরফমাখা জল দিলেন।
স্যার বললেন, নো নো, আই ওয়ান্ট টু মিক্স ইট উইথ দি রেড ওয়াইন।
আমি ওয়াইন খাই না। কিন্তু লজ্জায় আমার কান লাল হয়ে উঠতে লাগল। আমি জানি, রেড ওয়াইন কেউ পানি মিশিয়ে বরফ মিশিয়ে খায় না। আমি অন্য দিকে তাকিয়ে রইলাম, যেন আমি এই লোকের সঙ্গী নই।
সিঙ্গাপুরে নেমে ইমিগ্রেশন পার হয়ে আমরা বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। ট্যাক্সি নেওয়া হলো। একটা বড়সড় ভ্যান। একসঙ্গেই পাঁচজন উঠে পড়লাম তাতে।
স্যার বললেন ড্রাইভারকে, ক্যান আই স্মোক ইন দি কার?
নো, ওয়ান থাউজান্ড ডলার ফাইন।
স্যার ছটফট করছেন।
আমরা হোটেলে উঠলাম। একটা কনফারেন্সে এসেছি আমরা। আমাদের সেন্ট্রাল অফিস আমাদের টুর স্পনসর করেছে। রুম আগে থেকেই বুক করা ছিল।
স্যার জিগ্যেস করলেন, রুমটা কি স্মোকিং, নাকি ননস্মোকিং।
ননস্মোকিং। হোটেলের রিসেপশনিস্ট শুকনো মুখে জানালেন।
স্যারের মুখটা করুণ হয়ে গেল। বহুক্ষণ ধূমপান করেন না। সিঙ্গাপুর শহরে ট্যাক্সিতে ধূমপান করতে পারেননি, এই শহরের যে উন্নতি হবে না, এই বিষয়ে স্যারের উচিত কিছু বলা।
স্যার আমার কানের কাছে মুখ এনে বাংলায় বললেন, কোনো অসুবিধা নাই। কীভাবে কী করতে হয় আমি জানি। বুঝেছেন, আপনাকে স্মার্ট হতে হবে। স্মোক ডিটেকটরে টেপ পেঁচিয়ে দেব। আমার কাছে টেপ আছে। ধরতেই পারবে না।
সিঙ্গাপুর এয়ারলাইনসে ওঠা মানে সারা রাত জেগে থাকা। শরীর ভেঙে আসছে। আমরা যার যার রুমে চলে গেলাম। গোসল করেই শুয়ে পড়লাম দুধসাদা বিছানায়। আমার রুমসঙ্গী জয়নাল সাহেব। তাঁর বিছানাটা জানালার ধারে। তিনি ঘুমুবেন না। জানালা দিয়ে বাইরের সৌন্দর্য দেখছেন আর মোবাইল ফোনে ছবি তুলছেন।
একটুখানি চোখ লেগে গিয়েছিল।
হঠাৎ ফায়ার অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। ট্যা টু ট্যা টু।
জয়নাল আবেদিন সাহেব বললেন, সাইরেন কিসের?
আমি বললাম, ফায়ার অ্যালার্ম বাজছে। চলেন বাইরে গিয়ে দেখি, সবাই কী করছে।
আমার পরনে লুঙ্গি। গায়ে সাদা টি-শার্ট।
জয়নাল সাহেব প্যান্ট-শার্ট পরা।
বাইরে এসে দেখি, সবাই ফায়ার ‘এক্সিট’ লেখা চিহ্ন দেখে দেখে দৌড়াচ্ছে।
আমার স্যান্ডেলও নেওয়ার কথা খেয়াল পড়ল না। খালি পায়ে লুঙ্গি পরনে, আমি অন্যদের দেখাদেখি দৌড়াচ্ছি। আমরা ১২ তলা থেকে সিঁড়ি বেয়ে হাঁপাতে হাঁপাতে নিচে নামলাম।
শান্তা আপাও এসেছেন। তাঁর পরনে স্যালোয়ার-কামিজ।
কাবেরিদি নেমেছেন। তিনি প্যান্ট আর ফতুয়া পরা।
একটু পরে তোয়ালে দিয়ে বানানো স্লিপিং গাউন পরা একটা চাঁদমুখ নেমে এল ধরার ধূলিতে।
আমাদের একমাত্র বস। সদা নির্ভুল। সবচেয়ে সুদর্শন। সবচেয়ে স্মার্ট।
তাঁর পরচুলাটা তিনি পরতে পারেননি। মাথা পুরোটাই কামানো।
তাঁকে দেখাচ্ছে সত্যিকারের পূর্ণিমার চাঁদের মতো।
তিনি তোয়ালে-গাউন সামলাতে পারছেন না। কখন যে বেইজ্জতি হয়ে যায়।
আমরা সবাই হাঁপাচ্ছি। ১২ তলা থেকে সিঁড়ি বেয়ে নামা চাট্টিখানি কথা নয়।
ফায়ার ব্রিগেডের গাড়ি এসে গেল। পুলিশ এসে গেল। ভয়াবহ অবস্থা। আমি আমার লুঙ্গি নিয়ে শরমিন্দা।
বস বললেন, আপনারা স্মার্ট হতে পারলেন না। সিঙ্গাপুরে এসেও লুঙ্গি পরেন।
একটু পরে হোটেলওয়ালারা বললেন, একটা রুমে কেউ সিগারেট খেয়েছিল, এটা তারই অ্যালার্ম। সবাই ওঠো ওপরে।
আমরা যার যার রুমে যাচ্ছি। লিফটে উঠলাম পাঁচজনই। আমাদের ফ্লোর নম্বর টুয়েলভ।
আমার রুম, স্যারের রুম পাশাপাশি। তারপরেই শান্তা আপা আর কাবেরিদির রুম।
স্যারের রুমটাই আগে পড়ে।
তার সামনে দেখি, সিঙ্গাপুরের পুলিশ দাঁড়িয়ে রয়েছে।
‘হু ইজ দি বোর্ডার অফ রুম ১২০৫।’
‘আই এম স্যার।’
আমাদের স্মার্ট বস বললেন।
ওহ, ইউ আর দি কালপ্রিট। তুমি সিগারেট তো খেয়েইছ, আবার তোমার রুমের স্মোক ডিটেক্টর ঢেকে দিয়েছ। ঢেকেছ যখন, তখন তোমার বাথরুমের স্মোক ডিটেকটরটাও ঢাকতে হতো। তাহলে আর এতগুলো মানুষকে এত কষ্ট করে নিচে নামতে হতো না। আমাদের আসতে হতো না। ফায়ার ব্রিগেডের গাড়ি আনাতে হতো না। তোমাকে একটু আমাদের সঙ্গে আসতে হবে।
আমরা করুণমুখে তাকিয়ে আছি। আমাদের স্মার্ট বসকে ওরা যদি থানায় নিয়ে যায়, আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সের কী হবে?
বস বললেন, আমি কি আমার পরচুলাটা পরে নিতে পারি?