বসন্তের ফুলে পাখির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে গেলে প্রায় বসন্তের শুরু থেকেই সারা দেশের বেশ কিছু বড় বড় দেশি ও কিছু বিদেশি গাছে ফুল ফুটতে থাকে। একেবারে নিঃশব্দে নয়, বেশ যেন ঘটা করেই সেটা ঘটে। অবস্থা দেখে মনে হবে, বনে যেন ফাগুনের আগুন লেগেছে। এ সময় বনের দিকে, বিশেষ করে শাল-গজারি এবং চিরহরিৎ বা চিরসবুজ বনের দিকে তাকালে দেখা যাবে আগুনের লেলিহান শিখার মতো প্রজ্বলিত হয়ে উঠেছে চাঁদোয়া। এ আগুনের উৎস আর কিছু নয়, আমাদের চারপাশের বন ও বনাঞ্চলের বাহারি শিমুল, পলাশ ও মাদার, কাঁটা মাদার, মান্দার বা প্রবাল [Erythrina variegata or Indian Coral Tree and Erythrina fusca Coral Tree] আর অশোকের টকটকে লাল ফুল—যাদের ওই তীব্র লাল ঘোষণা করে বসন্তের আগমনকে।তবে শহরের কোনো কোনো বাগানে ঝরনা বা প্যাগোডা ফুলের বা ফাউনটেইন ফ্লাওয়ার অন্য যেকোনো লাল ফুলকে হারিয়ে দিতে পারে। কিন্তু এটি একটি ভিনদেশি ফুলের প্রজাতি। বাকি লাল ফুলওয়ালা সব গাছই আমাদের দেশের। বনে এবং বনের বাইরে দুই ধরনের মাদার বা মান্দার গাছ আছে। এদের বলে ‘কোরাল ট্রি’। একটির বাকলে কাঁটার সমারোহ কম এবং অন্যটিতে বেশি। উপরন্তু বেশি কাঁটাওয়ালা প্রজাতিটি গ্রামাঞ্চলের খেত-খামারের আইলে বা বাড়ির আঙিনায় লাগানো হয় মানুষ ও গবাদিপশুর অনুপ্রবেশ ঠেকানোর জন্য। এগুলো বেশ বড় হয়ে বেড়ে উঠে খুব ভঙ্গুর গাছে রূপ নিতে পারে। এর বাকল প্রায় হলুদাভ বাদামি ও অজস্র কাঁটাযুক্ত। দ্বিতীয় প্রজাতিটির বাকল ফিকে সবুজ এবং কম কাঁটাযুক্ত। আর এদের যৌগিক পাতা বেশ বড় বড়। এই প্রজাতিটি গ্রাম ও বন—উভয় জায়গাতেই ভালো হয়। তবে গাছ হিসেবে খুব বড় হয় না, কিন্তু খুব ভঙ্গুর।মাদার বা প্রবাল, শিমুল এবং পলাশের প্রতিটি ফুলের গোড়ায় প্রচুর পরিমাণে মধু হয়। আর এ মধুর আকর্ষণে সেখানে ভ্রমরের সঙ্গে সঙ্গে ভিড় করে মৌমাছি, বোলতা, ভিমরুল, মাছি, প্রজাপতি, দেয়ালীপোকা বা মথ্ এবং অসংখ্য পাখপাখালির সঙ্গে কাঠবিড়ালী, বানর, বাদুড় এবং গন্ধগোকুলে দল।একবার জামালপুরের এক নিভৃত পল্লির একটি মাত্র মাদারগাছে কেবল দুই ঘণ্টার ব্যবধানে সেখানে মধু পান করতে আসে তোতা বা বড় টিয়া, টিয়া, ময়না-শালিক, ফিঙে, কোকিল, কাক, কাঠঠোকরা, বসন্ত বাউড়ি, বুলবুলি, চড়ুই, টুনটুনি ও মৌটুসিদের দল। ফাগুনে এমন মধুপানে লিপ্ত পাখি ও তার কলকাকলি এবং ফুলের বাহারি দৃশ্য যে কি দর্শনীয় তা বলাই বাহুল্য।