বহুস্বরের ময়ূরপ্রভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অভিনন্দন কবি রাসেল রায়হানকে, বিব্রত ময়ূর কবিতা-পাণ্ডুলিপির জন্য ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার’প্রাপ্তিতে। ‘...পাণ্ডুলিপি করে আয়োজন’ বলে যে কবি জীবন ও কবিতার অদ্বৈত খসড়া খাতায় পাঠককে আবাহন করেন, সেই জীবনানন্দ দাশ স্মরণে এই পুরস্কার প্রবর্তনের জন্য জীবনানন্দ গবেষক ক্লিনটন বি সিলি এবং প্রথমা প্রকাশনকেও আন্তরিক ধন্যবাদ।
রাসেল রায়হান তাঁর কবিতাবিভা ও বৈশিষ্ট্যের সংকেত রেখে যান বইয়ের উত্সর্গপত্রেই। কারও উদ্দেশে বলছেন, ‘আমার সমূহ দুঃসময়ে আজও পেখম মেলে দাও—মর্ম ও মর্মরের।’ মর্ম ও মর্মরের অভিজ্ঞানজলে স্নানের আনন্দবিষাদ পাওয়া যাবে অনধিক অর্ধশত পৃষ্ঠার বিব্রত ময়ূর-সমুদ্রে। আমাদের এই ভাবনার উত্সছায়া নিহিত পাই ‘নাচ’ নামের প্রথম কবিতাতেই—
‘এ তবে ময়ূর! আমি অন্ধভাবে

                    ভেবেছি অপ্সরা!’

—এরা যদি উড়ে আসে অভ্রময় সুস্বাদু পালকে

অথবা ঝড়ের সাথে যদি আসে পঙ্খিরাজ ঘোড়া

সবাই দেখেছে যাকে—জন্মান্ধ শাদ্দাদের চোখে।

সেসব ময়ূর আর ঘোড়াগুলো কোন পৃথিবীর,

মাংসময় ছুটে গিয়ে ভেঙে দেয় কেমন প্রাচীর,

আহির ভাঁয়রো গায় ভোরবেলা—

                    অস্থিচেরা রাতে

পঙ্খিরাজ ঘোড়া, নাকি ময়ূরেরা স্নান করে

আমাদের ঘামের প্রপাতে?

>বিব্রত ময়ূর রাসেল রায়হান প্রচ্ছদ: মাসুক হেলাল l প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: সেপ্টেম্বর ২০১৬ ৪৮ পৃষ্ঠা l দাম: ১২০ টাকা

কবিতাগুচ্ছের কেন্দ্রধ্রুবা—ময়ূর। তবে কবিতার প্রারম্ভবাক্যেই বোঝা যাচ্ছে রাসেলের ময়ূর-দর্শনে নতুনত্ব আছে। ময়ূরকে নিরীহ সৌন্দর্য-ধারণার বলয় ছিন্ন করে তিনি দেখতে চেয়েছেন রক্ত-পুঁজ-ঘামের প্রপ্রাতময় মানুষের ক্লিন্ন প্রাত্যহিকের প্রেক্ষিতে। পঙ্খিরাজ ঘোড়া এসে ভর করে বটে এমন কবিতার আকাশে, তবে তা কোনো অলীকের বার্তাবহ নয়; মাংসময় পৃথিবীবাস্তবেরই আহির ভাঁয়রো—সংযোগমাত্র। অতঃপর ময়ূরের পেখমের মতোই কবিতায় কবিতায় চলে গূঢ়গহন ভাবনার রূপবিস্তার।

কিছু কবিতায় আগাগোড়ায় গল্প বলার একটা প্রবণতা আছে রাসেল রায়হানের; এবং আশ্চর্য যে লিরিকাল কোনো গন্তব্যে তাদের না ছেড়ে দিয়ে, নেহাত গল্পগদ্যেই তিনি তাদের কবিতা করে তুলতে সমর্থ। ‘পরম্পরা’, ‘আয়ুর্বেদ’, ‘চায়ের দোকান’, ‘মানুষ’, ‘উত্সর্গ’-এর মতো কবিতা তার সাক্ষ্য দেবে, যেখানে পরীক্ষার ফি থেকে ভোজ্যবস্তু ফিশ, মাছ কাটতে-কুটতে পিতার কর্তিত আঙুল ইত্যাদি গিয়ে পৌঁছায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভবিষ্যৎ-চিন্তায়।

ময়ূরের মতো ‘পিতা’ এই কবিতাগুচ্ছের আরেক বিশিষ্ট ধ্রুবা। পিতৃলব্ধ হননজ্ঞানে মানুষ মারার সমসাময়িক সহজ পৃথিবীতে কবির অনুধাবন, মানুষকে ‘...হত্যা করতে হয় অর্জুনের ধ্যানে।’ সে-ই পিতাই ফের অন্য এক কবিতায় সন্তানকে দেন বর্ণমালা শিক্ষা—‘মর্তে বড় একটা ছাতার বাঁট, আর আকাশে ভয়ংকর অজগর’—এর রূপকে ‘ক’ আর ‘ট’। তারপর পৃথিবীর ক্লাসে ক্লাসে যেন ধ্বনিত হতে থাকে ‘ক’ আর ‘ট’। অক্ষরের কালো সীমা ছাড়িয়ে, কবিতাসূত্রে সব পিতা যেন সন্তানের সামনে দাঁড় করিয়ে দেন তার যুধ্যমান আগামীর দর্পণ। এভাবে ছাতার বাঁট আর অজগরের নিশ্বাস মিলেমিশে সন্তানেরা ছড়িয়ে যায় জীবনের দুরূহ বর্ণমালা আবিষ্কারের নিস্তারহীন শ্রেণিকক্ষে।

যেন প্রায় নিরুচ্চার; রাসেল রায়হান কবিতার আকারে ধারণ করেন তীব্র প্রবাদোপম দর্শনানুভব—

‘...রেশমের প্রতিটি উড়াল আর দর্জির

আলাদা আলাদা

সেলাইগুলোর উহ্য গল্প থাকে—

প্রতিটি ফোঁড় বলে দেয়, তারা কেমন আছে’

(দর্জি)

‘কাকে চাও, সমুদ্র নাকি ব্যস্ত বন্দর—

        যেখানে অযত্নে পাশ ফিরে

শুয়ে আছে মাস্তুলবিহীন অজস্র

        বিষম-খাওয়া জাহাজ। যারা

মসলা পাবার লোভে হেঁটে গিয়েছিল

        তাদের অভ্যন্তরে—মাংস

এবং দগদগে ক্ষত ছাড়া বিশেষ আর

        কিছুই তারা পায়নি।’

(সওদাগর)

‘...যুদ্ধের ফলাফল যা-ই হোক—

        নিরীহ পরিখা বলে কিছু নেই’

(প্রবাদ)

আমাদেরই চেনা জগতের আলোছায়াময় ইশারাভরা কবিতা বলে যেন এক অচিনদেশের যাত্রাবিন্দু নির্দেশ করেন কবি তাই ‘সুবেহ তারা’ শব্দবন্ধের সৃজনপ্রয়াসী কবি অনায়াসে শোনান ‘সুইসাইডাল’। আবার সেখানে ‘কবোতাক্ষ’ বলে বিশেষ উচ্চারণেও তিনি নির্দ্বিধ ও স্বচ্ছন্দ।

ময়ূরের বয়ানে, সূত্রসারে এই বইয়ে ফিরে ফিরে আসে মিথের বাগিচা, যুদ্ধের মাঠ আর কত প্রাণী, পত্র, পতঙ্গ, বিহঙ্গ! বিষয় হিসেবে হয়তো নতুন কিছু নয় এসব। কিন্তু এক তরুণ কবি তাঁর প্রথম তিরিশের লেখা কবিতাগুচ্ছে উদ্দিষ্ট বিষয়কে যেভাবে নিজের বিশেষত্বের মুদ্রায়, বহুর্থময় ব্যঞ্জনায় অভিষিক্ত করেছেন—তা অভিনন্দনীয়। তাঁর বয়সে স্বাভাবিক প্রেমের একমাত্রিক কবিতাপথ পাশ কাটিয়ে নম্র-দৃঢ় উচ্চারণে, গভীর অনুভাবনে সুদূর ও সন্নিকটকে বিব্রত ময়ূর কবিতারূপে সাজিয়েছেন। পাঠক, আপনাকে স্বাগত রাসেল রায়হানের বহুস্বরময় কবিতাভূগোলে।