বাংলার লোকসংস্কৃতি, ব্রত, পালা-পার্বণের অবিচ্ছেদ্য অংশ বিবিধ বৈচিত্র্যময় আলপনা। সমকালীন বাংলার আন্দোলন, সংগ্রাম ও মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীকে রূপান্তরিত হওয়া একুশে ফেব্রুয়ারি উদ্যাপন আলপনা ছাড়া আমরা ভাবতেই পারি না। বাঙালি ঐতিহ্যের গভীর থেকে জীবনীশক্তি নিয়ে আলপনাশিল্প এখন ভবিষ্যতের দিকে প্রবহমান। নানা শিল্পীর হাত ধরে লোকায়ত আলপনায় যুক্ত হয়েছে নতুন নতুন ফর্ম, শেপ ও অভিব্যক্তি। আলপনাকে বিশুদ্ধ শিল্পে রূপায়িত করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলা শিল্পীর নাম রুহুল আমিন কাজল। তিনি এর নতুন নামকরণ করেছেন ‘ট্রাফিক আর্ট’। বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিত ‘ট্রাফিক আর্ট’ শব্দটার প্রথম প্রচলন করেছেন শিল্পী রুহুল আমিন কাজল। তবে কপিরাইট করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি কখনো।কোপেনহেগেনের একটি রাস্তায় একুশের আলপনা করা এই সুদক্ষ শিল্পী প্রথম একটি দীর্ঘ পেইন্টিং করেন। তখন কার্নিভালের সময়, এক মুগ্ধ শিল্পরসিক তাঁকে সুইডেনে একটি শোভাযাত্রা যাওয়ার পথে এমন কাজের প্রস্তাব দেন। ১৯৯৪ সালে সুইডেনের কোস্টাল টাউন ল্যানসক্রোনা শহরে। সেই কাজটাই গিনেজ বুক অব রেকর্ডে স্থান করে নেয়। তখন তিনি এর নাম রাখেন ‘ট্রাফিক আর্ট’। শিল্পী রুহুল আমিন কাজল বলেন, ‘ট্রাফিক আর্ট’। কারণ এই আর্টের সঙ্গে নানা যানবাহন চলে। স্পিডের মধ্যে রয়েছে সাইলেন্স। এর কিছু মাস পরে রুহুল আমিন জানতে পারেন, ওই পেইন্টিংয়ের ওপর দিয়ে যানবাহনগুলো আস্তেই চলে। স্পিড লিমিট থেরাপি হচ্ছে ট্রাফিক আর্ট। আর এভাবেই শুরু। ১৯৯৭ সালে চেক রিপাবলিকে আরেকটা করেন। চিড়িয়াখানা থেকে আয়োজন করেছিল এবং স্কুলের ছেলেমেয়েদের ইনভলভ করা হয়েছিল। তিনি ড্রয়িং করে দিয়েছেন আর স্কুলের ছেলেমেয়েরা রং করেছে। এই ট্রাফিক আর্ট ভীষণভাবে আকৃষ্ট করেছিল সবাইকে।পরবর্তী সময়ে তাঁর ট্রাফিক আর্টের স্টাইলে ফোক ও পপের সংমিশ্রণ দেখা গেছে। আগের চেয়ে কনফিডেন্ট বেড়ে গিয়েছিল বলেই তাঁর কাজে অনেক নতুনত্ব আসে এবং ব্রাইট কালারের ব্যবহার বেড়ে যায়। মূলত আলপনা করার পারদর্শিতাই এই আর্টে ভীষণ কাজে লেগেছে, তা শিল্পী কাজল বারবার উল্লেখ করেন। রুহুল আমিন বলেন, ‘অনেকেই বলেন, রাস্তার আর্টিস্ট। এভাবেই আসলে বড় হয়েছি, রাস্তায় এঁকেছি ছবি, পরিচিত হয়েছি—ভালো লাগে এটা শুনতে—পাবলিকের কাছে আর্টকে পৌঁছে দেওয়া এমন কমিটমেন্ট নিজের সঙ্গে অনেক আগে থেকেই ছিল।’ দীর্ঘদিন ইউরোপে বসবাস তাঁর স্বদেশচেতনাকে আরও ঋদ্ধ করেছে। বিবেচনাহীন অন্ধ অনুকরণকে তিনি আমাদের শিল্পের প্রধান সমস্যার দিক বলে মনে করেন। নিজস্ব আইডেনটিটি ছাড়া কোনো জাতি কখনোই উন্নতি করতে পারেনি। তিনি বলেন, ‘আমরা যে ইউরোপিয়ান আর্ট শিখছি, তা আসলে ওদের জন্য ঠিক আছে। আমরা তো ওভাবে বেড়ে উঠছি না। তা ছাড়া ইউরোপে শিল্পধারার যে পরিবর্তন, তার ধারাবাহিকতা রয়েছে, আমাদের এমন কিছুই নেই। প্রশ্ন করার অভ্যাসটা থাকতে হবে।’‘কলোনি’ শিরোনামে প্রদর্শনী তিনি করেছিলেন। সেখানে আমাদের অরিজিন দ্রাবিড় সভ্যতাই ছিল মূল প্রতিপাদ্য। তিনি সিন্ধুসভ্যতার একটি আবক্ষ ভাস্কর্য দেখে অনুভব করেন, আমাদের মধ্যে তিন ধরনের স্বভাব বিদ্যমান। কিং, প্রিস্ট অ্যান্ড স্লেভ। ফিলোসফিক্যালি এই বিষয়টি তাঁর কাছে প্রধান হয়ে ওঠে। একটি ব্যক্তির মধ্যে এই তিন চরিত্র সাইকেলিক অর্ডারে আসে। এটা অরিজিনাল ক্যারেক্টার প্রত্যেকের। এ ছাড়া তিনি একটি ট্রাই এক্সিবিশন (ত্রি-দর্শনী) শুরু করেছিলেন ২০০০ সাল থেকে। ‘ডেমোক্রেজি’, ‘কিলিজিয়ন’ এবং ‘ইভিলাইজেশন’ শিরোনাম ব্যবহার করে এই শব্দগুলোর নতুন অর্থ তৈরি করেন তিনি।বাংলাদেশে এ বছর বাংলা একাডেমীর সামনে ফেব্রুয়ারির বইমেলাকে উপলক্ষ করে এমন একটা ট্রাফিক পেইন্টিং এবং ড্যান্সিং পারফরমেন্সের পরিকল্পনা রয়েছে শিল্পী রুহুল আমিনের। রুহুল আমিন কাজল: ময়মনসিংহ জেলায় ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে ঢাকা আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজ (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে সিরামিকসে ডিপ্লোমা করেন। ১৯৭৭ সালে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে বিএফএ করেন। ১৯৮৬ সাল থেকে তিনি ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একক ও যৌথভাবে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন।