বাংলা গদ্যের চারুধর্ম ও রবীন্দ্রনাথের 'ছেলেবেলা'
বছর ঘুরে আবার এল পঁচিশে বৈশাখ—রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। তবে এই ক্ষণে তাঁকে চিনে নেওয়া যাক নতুন করে...

বাংলা গদ্যে চারুতা সঞ্চারের প্রথম কৃতিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। স্বয়ং রবীন্দ্রনাথ এই সাক্ষ্য দিচ্ছেন। চারিত্রপূজা বইয়ে ‘বিদ্যাসাগরচরিত’ নামে দুই প্রস্ত প্রশংসাকীর্তন আছে। এর দ্বিতীয়টিতে রবীন্দ্রনাথ লিখেছেন: ‘বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্যসাহিত্যের সূচনা হইয়াছিল, কিন্তু তিনিই সর্বপ্রথমে বাংলা গদ্যে কলানৈপুণ্যের অবতারণা করেন।’ এ ক্ষেত্রে পরবর্তী মহাজন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সে কথা রবীন্দ্রনাথও বারবার বলেছেন, অন্যরাও কেউ ভিন্নমত জানাননি। তবে বাংলা গদ্যের শ্রেষ্ঠ চারুশিল্পী যে রবীন্দ্রনাথ ঠাকুর, তাতে সন্দেহের অবকাশ নেই। এখানে গদ্যের সমস্ত গুণের কথা নয়, বলা হচ্ছে শুধু চারুধর্মের কথা। বলার কথাটা সুন্দর করে বলা। কেজো দিকের বাইরে সৌন্দর্যসঞ্চারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া। এ ব্যাপারে রবীন্দ্রনাথের রীতিমতো বাড়াবাড়ি রকমের আসক্তি ছিল। সবচেয়ে গদ্যধর্মী, সবচেয়ে তথ্যপ্রধান রচনায়ও তিনি চারুপ্রসাধনের দিকে মনোযোগ দিতেন। এ ক্ষেত্রে তাঁর সাফল্যও ঈর্ষণীয়।
দুটি প্রসঙ্গ এখানে বলে রাখা দরকার। উনিশ শতকে ঔপনিবেশিক শাসনের প্রত্যক্ষ প্রভাবে বাংলা গদ্যের নতুন যাত্রা শুরু হয়েছিল। এ যাত্রায় বাংলা গদ্য পুরোনো দিনের সঞ্চয়ের কথা মনে রাখেনি, চালু ভাষাকেও আমলে আনেনি। সংস্কৃত ধ্বনি ও রূপতত্ত্ব এবং ইংরেজি বাক্যতত্ত্বের প্রত্যক্ষ প্রভাবে তার নতুন জীবনের গৌরব অর্জিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বটেই, রবীন্দ্রনাথের গদ্যের চারুধর্মও অর্জিত হয়েছিল এই নতুন তরিকায়। দ্বিতীয়ত, গদ্যের চারুধর্মের সঙ্গে সাহিত্যের উদারনৈতিক মানবতাবাদী ধ্যানধারণার প্রত্যক্ষ সম্পর্ক আছে। সম্পর্কটি প্রধানত শিক্ষামূলক। এই সাহিত্যাদর্শ মনে করে, সাহিত্য উন্নত বোধবোধি এবং নীতি-আদর্শের আশ্রয়। সাহিত্যশিল্পের মধ্য দিয়েই এগুলো ছড়িয়ে পড়বে জনসমাজে। জনসমাজকে আকৃষ্ট করার জন্যই সৌন্দর্য দরকার। বঙ্কিমচন্দ্র ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে লিখেছিলেন: ‘যাহা অসুন্দর, মনুষ্যচিত্তের উপরে তাহার শক্তি অল্প।’ এই ঘোষণা পূর্বোক্ত সাহিত্যাদর্শের সহোদর।
রবীন্দ্রনাথ অবশ্য বঙ্কিমের মতো উপযোগবাদী ছিলেন না। তিনি ছিলেন মুখ্যত সৌন্দর্যবাদী। সাহিত্যশিল্পে সত্য আর কল্যাণের সাধনা তাঁর অন্য দুই অভিপ্রায়। কিন্তু আর-আর রোমান্টিক মহাজনের মতো রবীন্দ্রনাথও মনে করতেন, সত্য আর কল্যাণ কেবল চারুধর্মের নৈপুণ্যেই অর্জিত হতে পারে। আমৃত্যু অবিশ্বাস্য বিপুল পরিমাণের গদ্যে—বৃহদাকার উপন্যাস থেকে ক্ষুদ্রতম কুশলবিনিময় পর্যন্ত—তিনি ওই কাজটিই করেছেন। এর ফল অনেক সময়েই ভালো হয়নি। তাঁর প্রাবন্ধিক গদ্য বরাবরই অভিযুক্ত হয়েছে কাব্যধর্মের বাড়াবাড়ির জন্য। বাংলা গদ্যে সত্য কথা সোজা করে বলার দুর্লভ গুণ সঞ্চিত হয়েছিল বঙ্কিমের প্রবন্ধে। রবীন্দ্র-প্রবন্ধে এই গুণ স্পষ্টতই কম। তাঁর গল্প সম্পর্কে গীতিধর্মিতার অভিযোগ বহু পুরোনো। উপন্যাসের ভাষায় চরিত্রের সংলাপ আত্মস্থ করে নেওয়ার বদলে তিনি পছন্দ করতেন নিজের স্বরে-সুরে কথা বলতে। আরও আছে। তাঁর গদ্যের প্রসাদগুণ ও প্রাঞ্জলতা অসামান্য। এই গদ্য মার্জিত এবং যাবতীয় গ্রাম্যতা-স্থূলতা-অশ্লীলতা থেকে বিস্ময়করভাবে মুক্ত। কিন্তু এর ফলেই হয়তো, জীবনের বিচিত্র রস প্রকাশের ক্ষেত্রে এ গদ্য কমজোর প্রতীয়মান হয়েছে। রুদ্র, বীভৎস ইত্যাদি রস রবীন্দ্রগদ্যে খুব একটা সুলভ নয়। এ রকম অনেক কিছু বাদ দিয়ে তিনি বিরামহীন ভজনা করে গেছেন চারুধর্মের। সুন্দর করে বলার সামান্যতম সুযোগও ছাড়তে চাননি।
বঙ্কিমচন্দ্র মনে করতেন, গম্ভীর ও উন্নত বিষয়, বিশেষত সৌন্দর্য-উৎপাদক বিষয়গুলো সংস্কৃতায়িত বিদ্যাসাগরী গদ্য ছাড়া লেখা যায় না। কথ্য বাংলার শক্তি তিনি বুঝতেন, কিন্তু সৌন্দর্যরস নির্মাণের ক্ষেত্রে এ ভাষা তাঁর অনুমোদন পায়নি। আজ পর্যন্ত জ্ঞাতে-অজ্ঞাতে বাংলা গদ্য সম্পর্কে এই দৃষ্টিভঙ্গিই প্রবল। ঠিক এ জায়গাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য উদ্যোগ নিয়েছিলেন। তাঁর গদ্যও, আগেই বলেছি, মুখ্যত উপনিবেশিত সংস্কৃতায়িত বাংলার উত্তরাধিকার। বহুবার তিনি মনে করিয়ে দিয়েছেন, সেকালে প্রচলিত সাহিত্যিক গদ্যের আদর্শেই তিনি লেখা শুরু করেছিলেন। ওই ভাষার সংকীর্ণতা বা কথ্য বাংলার শক্তি তখনো আবিষ্কার করে উঠতে পারেননি। কিন্তু বয়স চল্লিশের কোঠা পার হওয়ার আগেই ‘সংস্কৃত বাংলা’র বিপরীতে প্রকৃত বা ‘প্রাকৃত বাংলা’র তাৎপর্য তাঁর কাছে নিঃসংশয়ে ধরা পড়ে। এ ব্যাপারে তাঁর দু-একজন সহযাত্রী ছিলেন। একজন হরপ্রসাদ শাস্ত্রী। শাস্ত্রীর ‘খাঁটি বাংলা’ প্রকল্প এবং নিজের ‘খাঁটি বাংলা গদ্য’ পুরো বাংলা সাহিত্যেই তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু গদ্যে তিনি সৌন্দর্যবিলাসী ছিলেন না। ছিলেন রবীন্দ্রনাথ। প্রাকৃত গদ্যে সৌন্দর্যের সন্ধানে তিনি মাঝেমধ্যেই অভিযান চালিয়েছেন। এর মধ্যে ছেলেবেলা বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, শেষদিকের কাব্যে তিনি বিশেষভাবে চলতি ভাষার রীতিমাধুর্য ব্যবহার করতে চেয়েছেন। চিঠিপত্রে এ ভাষা ব্যবহারের নিদর্শন পাওয়া যায় তাঁর প্রথম যৌবন থেকেই। তা ছাড়া, ক্ষণিকা পর্বে তিনি—তাঁর নিজের ভাষায়—‘প্রাকৃত বাংলা ভাষা ও প্রাকৃত বাংলার ছন্দ’ ব্যবহার করেছিলেন। এ ধারার সর্বোত্তম নিদর্শন ছেলেবেলা। শেষ বয়সে ১৯৩৮ সালে তিনি চলতি ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখেছিলেন বাংলাভাষা-পরিচয় নামে। ভাবার যথেষ্ট কারণ আছে, ছেলেবেলা বইতে নিজের আবিষ্কৃত প্রাকৃত বাংলার সৌন্দর্য ছেনেই তিনি গদ্যে চারুধর্ম সঞ্চারিত করতে চেয়েছেন।
রবীন্দ্রনাথের অন্য দুই আত্মজৈবনিক গ্রন্থের মতো ছেলেবেলাও ভিন্ন মাত্রার প্রকল্প; শুধু জীবনীমূলক তথ্যের বিস্তার নয়। এ প্রকল্পের লক্ষ্য এক লুপ্ত অতীতের আবিষ্কার। সেই অতীত শুধু রূপ-রস-গন্ধেই মোহনীয় নয়, এ এমন এক অতীত যা বর্তমান হয়ে আর কখনোই ফিরে আসার নয়। স্পষ্টতই এ এক রোমান্টিক কবির স্বপ্নাভিসার। ওই স্বপ্ন, ওই রহস্যময় অনুভূতি আর বিগত সুন্দরের গাথা তিনি তুলে আনতে চেয়েছেন বর্তমানে। এনেছেন এক অন্য ধরনের ভাষায়। প্রাবন্ধিক গদ্যে তিনি যাকে ‘প্রাকৃত বাংলা’ বলে বিশ্লেষণ করেছেন, এ যেন তারই বাস্তব প্রতিফলন। ছেলেবেলা থেকে একটা অংশ উদ্ধৃত করা যাক:
সে আজ কত শত বৎসরের কথা। নহবতখানায় বাজছে রোশনচৌকি দিনরাত্রে অষ্টপ্রহরের রাগিণীতে, রাস্তায় তালে তালে ঘোড়ার খুরের শব্দ উঠছে, ঘোড়সওয়ার তুর্কি ফৌজের চলছে কুচকাওয়াজ, তাদের বর্শার ফলায় রোদ উঠছে ঝকঝকিয়ে। বাদশাহি দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুস্ফাস। অন্দরমহলে খোলা তলোয়ার হাতে হাবশি খোজারা পাহারা দিচ্ছে। বেগমদের হামামে ছুটছে গোলাবজলের ফোয়ারা, উঠছে বাজুবন্দ-কাঁকনের ঝন্ঝনি। আজ স্থির দাঁড়িয়ে শাহিবাগ, ভুলে-যাওয়া গল্পের মতো; তার চারদিকে কোথাও নেই সেই রঙ, নেই সেই-সব ধ্বনি-শুকনো দিন, রস-ফুরিয়ে যাওয়া রাত্রি।
এই গদ্যের তিনটি বৈশিষ্ট্য বিশেষভাবে চোখে পড়ে। ধ্বনিপ্রকৃতির দিক থেকে এ গদ্য ব্যঞ্জননির্ভর। হলন্ত ধ্বনিমাধুর্যই এর সংগীতময়তার ভিত্তি। ধ্বন্যাত্মক শব্দগুলোও বিশেষভাবে কানে বাজে। স্মরণীয়, রবীন্দ্রনাথ প্রাকৃত বাংলায় ধ্বন্যাত্মক শব্দের ঐশ্বর্য নিয়ে খুব গভীর আর বিস্তারিত আলোচনা করেছিলেন বেশ কয়েকবার। শব্দভঙ্গির দিক থেকে অংশটি চলতিপ্রধান। তৎসম শব্দ সচেতনভাবে এড়িয়ে গেছেন লেখক। সন্ধি আর সমাসবদ্ধ পদেও তাঁর অনাসক্তির প্রকাশ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে অবশ্য বাক্যস্তরে। বাক্যগুলো সরল এবং সংক্ষিপ্ত জটিল বাক্য নেই। যৌগিক বাক্যের আভাস আছে মাত্র। কার্যত সেগুলো সরল বাক্যের পাশাপাশি বিন্যাসমাত্র। এ তিনটি বৈশিষ্ট্যের সঙ্গে এবার অন্য স্তরের আরও দুই উপাদান মিলিয়ে পড়া যাক। সরল বাক্যগুলো কমা দিয়ে দিয়ে যুক্ত করে দেওয়ায় অনুচ্ছেদটির গতিধর্ম আর সংগীতধর্ম রক্ষিত হয়েছে। আর পুরো অংশটিতে তথ্য-উপাত্তের অতিরিক্ত ব্যঞ্জনা সঞ্চার করে লেখক গদ্যের চারুতা নিশ্চিত করেছেন।
ছেলেবেলার উদ্ধৃত অংশটি লেখার সময়ে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, আমেদাবাদের এই প্রাসাদটিই তাঁর মনে ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের সূত্রপাত ঘটিয়েছিল। গল্পটি তিনি লিখেছিলেন অনেক আগে—উনিশ শতকের নব্বইয়ের দশকে। তখন তাঁর সংস্কৃতায়িত ভাষাভঙ্গির স্বর্ণযুগ। তুলনার জন্য ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের সমধর্মী একটি অংশ উদ্ধৃত করা হলো:
যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না, তথাপি স্পষ্ট প্রত্যক্ষবৎ মনে হইল যে, এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদচঞ্চল নারী শুস্তার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে। যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে, নদীতীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না, তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থিনীরা চলিয়া গেল। আমাকে যেন লক্ষ্য করিল না। তাহারা যেমন আমার নিকট অদৃশ্য, আমিও যেন সেইরূপ তাহাদের নিকট অদৃশ্য। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল, স্বচ্ছতোয়ার অগভীর স্রোত অনেকগুলি বলয়সিঞ্জিত বাহুবিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে; হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুঁড়িয়া মারিতেছে, এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দুরাশি মুক্তামুষ্টির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে।
দুই যুগের এই দুই রচনাশৈলীর ফারাক মোটেই কাকতালীয় নয়। ‘ক্ষুধিত পাষাণ’-এর গদ্য রবীন্দ্রনাথের সাধুগদ্যের অন্যতম শ্রেষ্ঠ নমুনা। এর আভিজাত্য প্রতিষ্ঠিত হয়েছে প্রধানত তৎসম আর সাধিত শব্দের লীলায়। দীর্ঘ জটিল আর যৌগিক বাক্যের প্রবাহের মধ্যে স্বরধ্বনির নিপুণ বিন্যাস এর সাংগীতিক মূর্ছনার উৎস। ছেলেবেলায় এই প্রতিটি বিশিষ্টতা বাদ দিয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের আমদানি নিঃসন্দেহে লেখকের সচেতন সিদ্ধান্ত। সাফল্যের মাত্রা নিয়ে দ্বিধা থাকতে পারে; কিন্তু বাংলা গদ্যের চারুধর্মের অন্যতর সম্ভাবনার পরীক্ষাই যে ছেলেবেলার মূল প্রাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই।
রবীন্দ্র-পরবর্তী বাংলা গদ্যে কথ্য বাংলার বিচিত্র সফল ব্যবহার হয়েছে। কিন্তু ব্যবহারটা হয়েছে প্রধানত সৃষ্টিশীল প্রেরণায় বা বাস্তববাদী প্রয়োজনে। ফলে এ-সংক্রান্ত দ্বিধা বাংলা গদ্য-লিখিয়েদের কখনোই ছেড়ে যায়নি। ছেলেবেলায় রবীন্দ্রনাথের ভাষা-ব্যবহারের নিরীক্ষা সম্পূর্ণ অন্য ব্যাপার। বাংলা গদ্যের প্রভাবশালী ধারা ও ধারণার বিপরীতে তিনি বিকল্প সৌন্দর্য আবিষ্কার করেছিলেন, সেই সৌন্দর্যের খুব বিস্তারিত বিচার-বিশ্লেষণ করেছিলেন, আর সবশেষে দীর্ঘ গদ্যে তার পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন। এর মধ্যে তত্ত্বপ্রণয়ন আর বিচার-বিশ্লেষণের কাজটা খুব গুরুত্বপূর্ণ। এটা ভাষা-ব্যবহারকারীকে সিদ্ধান্তের ব্যাপারে প্রত্যয়ী করে তোলে। আর রীতিপদ্ধতির প্রসঙ্গ যদি তুলি, তাহলে বলতেই হয়, ধ্বন্যাত্মক শব্দের তাৎপর্যপূর্ণ ব্যবহার আর হলন্ত শব্দের লীলায় ছেলেবেলায় বাংলা গদ্যের চারুধর্মের যে নতুন সম্ভাবনা ঘোষিত হয়েছিল, অদ্যাবধি তা অনেকটা অব্যবহৃতই থেকে গেছে।