বাংলা ভাষার উপনিবেশায়ন প্রশ্নে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

.
.

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির চর্চার শেষ নেই। বিভিন্ন সময়ে নানাভাবে আবিষ্কৃত হয়েছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর ক্ষণে সম্প্রতি প্রকাশিত রবীন্দ্রবিষয়ক নির্বাচিত কয়েকটি বই নিয়ে আয়োজন

.
.

বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ

মোহাম্মদ আজম

প্রচ্ছদ: মামুন হোসাইন

প্রকাশক: আদর্শ, ঢাকা

প্রকাশকাল: মে ২০১৪

পৃষ্ঠা: ৫১২

দাম: ৮০০ টাকা

১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে রবীন্দ্রচর্চা নিরীহ কোনো বিষয় নয়। রবীন্দ্রনাথ পূর্ব বাংলায়, অর্থাৎ বাংলাদেশে বরাবরই রাজনৈতিকতার মোড়কে চর্চিত হয়েছেন। দেশ বিভাগের পর থেকে রবীন্দ্রচর্চা ছিল প্রকাশ্য রাজনৈতিক বিষয়। ষাটের দশকে তো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রাম আর রবীন্দ্রচর্চা সমার্থক ছিল। সেই থেকে রবীন্দ্রনাথ নতুনরূপে বাংলাদেশের মানুষের, বিশেষত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির, চেতনার স্থায়ী অহংকারে পরিণত হয়েছেন। ধারণা করা হয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর রবীন্দ্রচর্চা থেকে রাজনৈতিকতা উঠে যাবে; রবীন্দ্রনাথ আমাদের ব্যক্তিগত বিশুদ্ধ সাহিত্য-পিপাসার বিষয় হিসেবে থাকবেন। কিন্তু তা হয়নি। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ঘোলাটে রাজনীতি রবীন্দ্রনাথকে আবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। অদ্যাবধি রবীন্দ্রনাথ মূলত রাজনৈতিক বিষয় হিসেবেই রয়ে গেছেন। এ ছাড়া রবীন্দ্রনাথ প্রায় আড়াই-তিন দশক ধরে ঢাকায় সাংস্কৃতিক ‘এলিটিজম’ বা উচ্চবর্গের অংশ হয়ে দাঁড়িয়েছেন বলেই মনে হয়। মোটাদাগে এই হচ্ছে ঢাকায় (পড়ুন: বাংলাদেশে) রবীন্দ্রচর্চার বাস্তবতা। ফলে আমরা যখনই বাংলাদেশে রবীন্দ্রচর্চার কথা বলতে যাই, তখন অনিবার্যভাবেই পশ্চিম বাংলা বা বাংলাভাষী অপরাপর অঞ্চলের রবীন্দ্রচর্চা থেকে তা আলাদা হয়ে যায়।

ঢাকায় রবীন্দ্রচর্চার এহেন বাস্তবতার কারণে যে ঘটনাটি ঘটেছে, তা সুখকর নয়। রবীন্দ্রনাথ তীব্র মতাদর্শিক আবেগে পরিণত হয়েছেন। এই বাড়তি আবেগ রবীন্দ্রনাথকে যথার্থভাবে বোঝার ক্ষেত্রে একধরনের আবিলতা, ভাবালুতা তৈরি করেছে। হাতে গোনা ব্যতিক্রমী গ্রন্থ বাদে ঢাকায় রবীন্দ্রনাথবিষয়ক অধিকাংশ রচনাই রবীন্দ্রনাথের মর্মশাঁস বোঝার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ভাবালুতার কারণেই ঢাকায় এমন লেখাও লেখা হয় যার শিরোনাম, ‘বাউল রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ যদি বাউল হন তবে বুর্জোয়া কে? আর লালনই বা কী!

ঢাকায় রবীন্দ্রচর্চার এহেন বাস্তবতার মধ্যে মোহাম্মদ আজমের বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ শিরোনামের গবেষণাগ্রন্থটিকে একটু বিস্ময়কর বলেই মনে হয়। তিনি তাঁর এই বইয়ে রবীন্দ্রনাথকে কোনো ‘মেলোড্রামাটিক’ রাজনৈতিক বিষয় হিসেবে হাজির করেননি। এমনকি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো ভাবালুতার অবতারণাও করেননি। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের এক স্বল্প আলোকিত ও স্বল্প আলোচিত সত্তার স্বরূপ উন্মোচন করেছেন। বাংলা ভাষার বি-উপনিবেশায়নে রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে তিনি তাঁর নির্মোহ পর্যবেক্ষণ হাজির করেছেন। এই কাজ করতে গিয়ে ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে রবীন্দ্রনাথের মৃত্যু অবধি বাংলা ভাষার গতিপ্রকৃতি ও এ সম্পর্কিত তাত্ত্বিক চর্চার ইতিহাসের মধ্যে রবীন্দ্রনাথের তাত্ত্বিক ও ব্যবহারিক অবস্থান তুলে ধরেছেন। আজম তাঁর গবেষণায় দেখিয়েছেন, অপরাপর বিষয়ে কমবেশি ঔপনিবেশিক মনস্তত্ত্বের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে উপনিবেশের খপ্পর থেকে মুক্ত করার কী নিরন্তর সংগ্রামে লিপ্ত ছিলেন! খবরটি ঢাকার রবীন্দ্রচর্চার ইতিহাসে শুধু নয়, দুই বাংলার রবীন্দ্রচর্চার ইতিহাসে একটু নতুনই বটে।

উপনিবেশায়নের শিকার কোনো দেশ কেবল অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উপনিবেশায়নের শিকার হয় তা নয়, অনেক সময় উপনিবেশিতের ভাষাকে উপনিবেশকের ভাষা হটিয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু বাংলার ক্ষেত্রে এর সব কটি ঘটনা ঘটার পরও আরও একটি একবারে অভিনব ঘটনা ঘটেছিল। বাংলা ভাষাকে বাগে আনার অভিপ্রায়ে উপনিবেশক ইংরেজ এই ভাষাটিকে ব্যাপকভাবে সংস্কৃতায়ন করেছিল। ফলে বাংলা ভাষার সঙ্গে এখানকার মানুষের মুখের ও মর্মের যোগসূত্রটি কেটে গিয়েছিল। বাংলা ভাষার মধ্যে ঢুকে পড়েছিল এর স্বভাববিরুদ্ধ নানা উপাদান। রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামী রবীন্দ্রনাথকেই, রাজনৈতিক রবীন্দ্রনাথকেই আবিষ্কার করেছেন মোহাম্মদ আজম তাঁর বইয়ে। এই কাজ করতে গিয়ে আজম রবীন্দ্রনাথের নামে হামলে কেঁদে ওঠেননি। তত্ত্ব-তথ্য-প্রজ্ঞা-নির্মোহতায় সওয়ার হয়ে রবীন্দ্রনাথের মৃত্যুর প্রায় পৌনে এক শতাব্দী পরে, বলা চলে এক নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করলেন তিনি। নতুনভাবে রবীন্দ্রনাথকে দেখার দৃষ্টান্ত আজমের নতুন নয়, এটি তাঁর দীর্ঘ পর্যবেক্ষণের ফল। রবীন্দ্রনাথকে নিবিড় ও নতুনভাবে দেখার আরও দৃষ্টান্ত ছড়িয়ে আছে আজমের বেশ কিছু রবীন্দ্রবিষয়ক লেখায়। এসব লেখার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘বাংলা বানান প্রসঙ্গে রবীন্দ্রনাথ’, ‘বাংলা ব্যাকরণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রনাথের মধুসূদন-পাঠ: ঐতিহাসিক-নান্দনিক-ভাষিক পটভূমি’, ‘রবীন্দ্রনাথের মেঘদূত-পাঠ: ক্লাসিক পাঠের রোমান্টিক পটভূমি’, ‘গদ্যের চারুধর্ম এবং রবীন্দ্রনাথের ছেলেবেলা’, ‘গোরা উপন্যাসটি যেভাবে হয়ে ওঠে অথবা গোরার “জাতীয়তাবাদী” প্রকল্পের বিচার’, ‘চতুরঙ্গ: পুনর্বিবেচনা’ ইত্যাদি। বলা বাহুল্য বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ বইটির মতো মোহাম্মদ আজমের রবীন্দ্রবিষয়ক সব লেখাতেই ইতিহাস আর প্রথাগত রবীন্দ্রপাঠের সঙ্গে সংগ্রামরত একজন লেখক-গবেষকের উপস্থিতি সহজেই টের পাওয়া যায়। এসব লেখা পাঠকের চেতনায় তীব্রভাবে ধাক্কা দেয়। এই ধারার রবীন্দ্রচর্চা ঢাকার রবীন্দ্রচর্চার ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে এবং রবীন্দ্রনাথকে সম্যকভাবে বুঝতে সাহায্য করবে—এই প্রত্যাশা অমূলক নয়।