বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনার প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’র ২১ জ্যৈষ্ঠ ১৪১৭ তারিখে প্রকাশিত রায়হান রাইনের ‘সমকালীন পরিবেশনাশিল্পের জরিপই কি বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস?’ শীর্ষক প্রতিক্রিয়ার জবাব দিতেই এই লিখতে বসা।আলোচকের আলোচনা ও প্রতিক্রিয়া দুটো রচনা পাঠেই বেশ বোঝা গেল, তাঁর প্রধান আপত্তি গ্রন্থ-শিরোনামে ব্যবহূত ‘অলিখিত’ শব্দটি নিয়ে। কিন্তু আলোচক একবারও বাংলা সাহিত্যের অপরাপর ইতিহাসের পরিপ্রেক্ষিত খতিয়ে দেখতে চাননি। বাংলা সাহিত্যের এ যাবৎ রচিত ইতিহাসে এমন কী নেই, যা রচনার জন্য আমাদের এই গ্রন্থ প্রণয়ন করতে হলো এবং গ্রন্থ-শিরোনামে ‘অলিখিত’ শব্দটি প্রয়োগ করতে হলো?এ ক্ষেত্রে বলে রাখি, প্রথমে আমরা বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে এবং পরে লেখক-গবেষক হিসেবে বাংলা সাহিত্যের প্রচলিত প্রায় সমস্ত ইতিহাসগ্রন্থ পাঠ করে তৃপ্ত হতে পারিনি বলেই ‘অলিখিত ইতিহাস’ লেখার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু আলোচক রায়হান রাইন গ্রন্থালোচনায় বাংলা সাহিত্যের পথিকৃৎ ইতিহাসকার দীনেশচন্দ্র সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন, সৈয়দ আলী আহসান, শশীভূষণ দাশগুপ্ত, আহমদ শরীফ, অসিতকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ রচিত অপরাপর ইতিহাস গ্রন্থের পরিপ্রেক্ষিতকে বিবেচনায় আনেননি। কেন আনেননি, তাও ঠিক বোধগম্য হলো না। অথচ গ্রন্থের মুখবন্ধে আমরা সুস্পষ্টভাবে বলে রেখেছি, ‘সদাশয় পাঠকদের কাছে সবিনয় অনুরোধ—আমাদের গ্রন্থটি পাঠ করতে হবে বাংলা সাহিত্যের অপরাপর ইতিহাসগ্রন্থের পরিপূরক হিসেবে।’ আলোচক সম্ভবত পাঠকের প্রতি আমাদের এই অনুরোধবাক্যটির মর্মার্থ যথাযথভাবে অনুভব করতে পারেননি, আর তাই তিনি এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, যার উত্তর দেওয়া গ্রন্থকার হিসেবে সঙ্গত মনে করি।প্রথমে আলোচকের প্রশ্নবোধক প্রতিক্রিয়ার জবাবে বলি, বাংলা সাহিত্যের প্রচলিত ইতিহাসের অনালোচিত অংশ নিয়েই আমরা মূলত বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস রচনা করতে চেষ্টা করেছি। সংগত কারণে অন্য কিছু বিষয়ের সঙ্গে অপরাপর ইতিহাস গ্রন্থে স্থান পাওয়া মৈমনসিংহ-গীতিকার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েও কোনো আলোচনা স্থান দিইনি। তবে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ‘কিচ্ছাপালা’ বা ‘কিচ্ছাগান’ আঙ্গিকটির কথা আমাদের গ্রন্থে রয়েছে এবং সেই আঙ্গিকের নবসৃজন আত্মজীবনী ‘কিচ্ছাদার’ সম্পর্কে তথ্য প্রদত্ত হয়েছে। আলোচকের অবগতির জন্য জানাচ্ছি, চন্দ্রকুমার দে সংগৃহীত ও দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ-গীতিকা এবং ক্ষিতীশচন্দ্র মৌলিক সংগৃহীত ও সম্পাদিত প্রাচীন পূর্ববঙ্গ-গীতিকার আঞ্চলিক নাম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ‘কিচ্ছাগান’, ‘কিচ্ছাপালা’ বা ‘কিচ্ছা’। কিন্তু প্রথম পর্যায়ে দীনেশচন্দ্র সেন পাশ্চাত্যের ব্যালাডের সঙ্গে তুলনা স্থাপনের স্বার্থেই সম্ভবত ব্যালাডের অনুকরণে ময়মনসিংহ অঞ্চল থেকে উদ্ধার করা কিচ্ছাপালাগুলোকে সম্পাদনার সময় ‘গীতিকা’ নামকরণ করেছিলেন এবং গীতিকার আঙ্গিকে অধিকাংশ কিচ্ছাপালাকে ছন্দবদ্ধ করে সম্পাদনা করেছিলেন, এ কথার সপক্ষে দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ-গীতিকার ভূমিকা এবং সাইমন জাকারিয়ার প্রণমহি বঙ্গমাতার (তৃতীয় পর্ব) ভূমিকা ও বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য-এর সংশ্লিষ্ট অংশ পাঠ করে দেখা যেতে পারে। তার পরও বিষয়টি ধরিয়ে দেওয়ার জন্য আলোচককে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী সংস্করণে এ বিষয়টির বিস্তারিত ক্ষেত্রসমীক্ষা ও পাঠাভিজ্ঞতা সমন্বিতভাবে উপস্থাপন করা হবে।আলোচকের প্রতিক্রিয়ায় উচ্চারিত আরেকটি গুরুতর প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি। তিনি প্রশ্ন তুলেছেন, ‘লিখিত বা মৌখিক যেকোনো রূপের সাহিত্য ব্যতিরেকে নিছক পরিবেশনার অস্তিত্ব কি সম্ভব?’ উত্তর হচ্ছে, সম্ভব। যেমন, লিখিত হোক আর মৌখিক হোক, কোনোরূপ সাহিত্য ব্যতিরেকেই দর্শকের উপস্থিতিতে এক বা একাধিক ঢোলক কোথাও ঢোল বাজালে তা যেমন পরিবেশনাশিল্প হয়ে যায়, তেমনি দর্শকের উপস্থিতিতে কোথাও কেউ বাঁশি বাজালে, লাঠি খেললে, মূকাভিনয় বা নৃত্য উপস্থাপন করলে তাও পরিবেশনাশিল্প হয়ে যায়। আলোচকের অবগতির জন্য উল্লেখ করা প্রয়োজন, পরিবেশনকারী, পরিবেশনার স্থান ও দর্শক—এ তিনটি শর্ত পূরণ হলে যেকোনো ধরনের ক্রিয়াই পরিবেশনাশিল্প হিসেবে স্বীকৃত হতে পারে। এ ক্ষেত্রে সাহিত্যকীর্তির কোনো অপরিহার্যতা নেই। সূত্রটি মাথায় রেখে খোলা চোখে তাকালে কোনো ধরনের মৌখিক বা লিখিত সাহিত্যকীর্তি ব্যতিরেকে বাংলায় অজস্র পরিবেশনাশিল্পের অস্তিত্ব প্রত্যক্ষ করা যায়। আলোচক এই ভেবে অন্তত খুশি হতে পারেন যে, আমরা ‘বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস’ লিখতে গিয়ে ‘নিছক পরিবেশনার’ সমকালীন ইতিহাস বর্ণনা করিনি, বরং বাংলা সাহিত্যের হাজার বছরের পরিবেশনাকেন্দ্রিক ঐতিহাসিক সত্যতাকে সাহিত্যের প্রচলিত ইতিহাসের সঙ্গে যুক্ত করতে চেয়েছি, যাতে করে বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনার পথ সুগম হয়। ভবিষ্যতে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় আমাদের বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস শীর্ষক গ্রন্থধৃত প্রস্তাবনা-প্রেরণা গৃহীত হলে শ্রম সার্থক মনে করব।নাজমীন মর্তুজাআদাবর, মোহাম্মদপুরঢাকা