ক্রিকেট খেলার মাঠে যখন দামালগুলো ঝলসে ওঠে
বাংলাদেশের আকাশ-বাতাস সাগড়জুড়ে হররা ছোটে
ওই নেমেছে তামিম মাঠে, ওপেনিংয়ে দক্ষ খুব ও
সতর্কতার সঙ্গে লড়ে খুঁটির মতো শক্ত শুভ
নাঈম নেমে দেখায় দাপট, যাচ্ছে খেলে ভীষণ ঝড়ো
দামালগুলোর মারের তোড়ে প্রতিপক্ষ জড়সড়।
মুশফিক এসে হাল ধরেছে, বাইছে তরী ধীরে, জেগে
আর মাহমুদউল্লাহ দেখো চালাচ্ছে ব্যাট তড়িৎ বেগে
রানের গতি বাড়ল হঠাৎ, দর্শকেরা পোড়ায় বাজি
গ্যালারিতে উঠল ধ্বনি—সোহাগ গাজী, সোহাগ গাজী
নাসির এসে দেখেশুনে পেটাচ্ছে বল বীরের মতো
হাতটি খুলে মারার নেশায় মমিনুলের ব্যাট উদ্যত।
রুবেল ছোড়ে অগ্নিগোলা, ডরায় না কে মাশরাফিকে?
রাজ্জাকের ওই ঘূর্ণিবলে প্রতিপক্ষের মুখটি ফিকে।
বাংলাদেশের দামালগুলো কখন কে যে ঝলসে ওঠে
ব্যাট হাঁকালেই ওদের হাতে ফুলের মতো ছক্কা ফোটে!
সবাই ওরা মাটির ছেলে—এঁটেল, বেলে কিংবা দোআঁশ
বাঘের মতো গর্জে আবার করবে ধোলাই—বাংলাওয়াশ।