বাংলাদেশ আমাকে বাঁচিয়ে দিয়েছে
হে সাহিত্য উৎসবের সুবাদে বাংলাদেশে আসার আমন্ত্রণ আমি ফেলে দিতে পারিনি। অদ্ভুত হলেও সত্যি যে এর আগে কখনোই আমি বাংলাদেশে আসিনি। অদ্ভুত বলছি এ কারণে যে, প্রথমত, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কলকাতার এলিগ্যান্ট নার্সিং হোমে আমার জন্ম; দ্বিতীয়ত, বাংলাদেশ না থাকলে হয়তো এই পৃথিবীতে আমিই থাকতাম না। ব্যাপারটি ব্যাখ্যার দাবি রাখে। আমি বলেছি, বাংলাদেশ না থাকলে আমিই এই পৃথিবীতে থাকতাম না। ‘বাংলাদেশ’ বলতে অবশ্য বাংলাদেশ রাষ্ট্রের কথা আমি বলছি না। বলছি সেই ভূখণ্ডটির কথা, যেটি এখন বাংলাদেশ নামে পরিচিত। আমার নানি খুব অল্প বয়সেই বিধবা হয়েছিলেন। তিনি যখন বিধবা হন, তখন তাঁর বয়স তিরিশের আশেপাশে। তাঁর তেমন টাকা-পয়সা ছিল না। যৎসামান্য যা ছিল, সেটুকু দিয়ে তিনি কোনো সয়-সম্পত্তি করতে আগ্রহী হননি। পুরো টাকাটাই ব্যয় করেছিলেন চার সন্তানের—আমার মা ও মায়ের তিন ভাইয়ের—পড়াশোনার পেছনে। কিছু আত্মীয়ের সহূদয় সহায়তায় নানি তাঁর চার সন্তানকে পড়াশোনার জন্য দার্জিলিং পাঠিয়ে দেন। তিন ছেলেকে ভর্তি করান এক স্কুলে; আর মেয়েকে আরেকটিতে।আমার মা যখন দার্জিলিংয়ে সিনিয়র কেমব্রিজ পর্যায়ে পড়াশোনা করছেন, তখন হঠাৎ করেই ধর্মের দিকে তাঁর মতি ঘুরে যায়। তাঁর দিব্যদর্শন হতে থাকে। তিনি নান (কুমারী সন্ন্যাসিনী) হওয়ার চিন্তা করতে শুরু করেন। ব্যাপারটি জানাজানি হলে আমার নানি অসম্ভব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে তিনি ছুটে যান দার্জিলিংয়ে। সেখানে গিয়ে দেয়ালে ঠুকতে ঠুকতে মাকে বললেন, ‘নান কী জিনিস আমি জানি না। তবে তুমি যদি নান হতে চাও, তাহলে আমিও নান হব।’ এরপর মাকে তিনি দার্জিলিং থেকে নিয়ে আসেন। চলে যান খুলনায় তাঁর বড় ছেলের কাছে। পরিবারের বেঁচে যাওয়া কিছু টাকা দিয়ে নানি তাঁর বড় ছেলেকে খুলনায় একটি চালের কল করে দিয়েছিলেন। মা খুলনায় যাওয়ার কিছু পরেই সেই চালের কল চালু হয়। খুলনা থেকেই দার্জিলিংয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে মা তাঁর পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। খুলনায় কেউই ইংরেজি বা হিন্দি বুঝত না। ভাষা নিয়ে সেখানে তিনি ভীষণ সমস্যায় পড়ে গেলেন। বাধ্য হয়ে তাঁকে বাংলা শিখতে হলো। তিনি কথা বলতে শেখেন খুলনার স্থানীয় বাংলায়। পরে অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়াশোনার সময়ে তিনি ভালোভাবেই বাংলা ভাষাটা রপ্ত করেছিলেন। তবে সেই বাংলা ছিল আবার সীমান্তের ওপারের।খুলনায় বছর খানেক ধরে থাকতে থাকতে আমার মায়ের নান হওয়ার বাসনা মাথা থেকে পুরোপুরি উবে যায়। আমি যখনই ‘আমার সোনার বাংলা’ গানটি শুনি, কিংবা এবারেও যখন আমি খুলনার ওপর দিয়ে ভ্রমণ করেছি, তখন আমার মনে হয়েছে, খুলনা না থাকলে তো আমার নানি মাকে এখানে নিয়ে আসতেন না। খুলনায় না এলে আমার মা হয়তো নান হয়ে যেতেন। আমার তাহলে আর জন্ম হতো না। আমিও বিক্রম শেঠ হতে পারতাম না। বাংলাদেশ আমাকে বাঁচিয়ে দিয়েছে। খুলনা ও বাংলাদেশের প্রতি তাই আমি অসম্ভব কৃতজ্ঞ।হে উৎসবের মতো একটি সাহিত্য সম্মেলনে আসার আমন্ত্রণ পেয়ে আমার মনে হয়েছে, বাংলাদেশে এসে শুধু কয়েকজন সাহিত্যিকের সঙ্গে সাহিত্য নিয়ে গুরুগম্ভীর আলোচনা করে কী লাভ? এই লেখকদের সঙ্গে তো রিকয়াভিক বা ভেনিস বা জয়পুরেও দেখা হতে পারে। বাংলাদেশে যাব, কিন্তু দেশটা ঘুরে দেখব না—সেটা তো হতেই পারে না। এখানে আসার আগে মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশে আমার কী কী করা উচিত কিংবা কী কী দেখা উচিত। উত্তরে স্বাভাবিকভাবেই তিনি অবশ্যই আমাকে খুলনায় যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু একই সঙ্গে ইলিশ মাছের সুস্বাদু স্বাদ নেওয়ার কথা বলতেও ভুলে যাননি। আনন্দের সঙ্গে বলছি, ইলিশ মাছের স্বাদ আমি নিয়েছি।শিলাইদহ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ওখানে গিয়ে তুমি তোমার আসল নামটি স্মরণ কোরো। তাঁর এই কথার কিছুটা ব্যাখ্যা দরকার। আমি যখন মায়ের পেটে, তখন তাঁর কলকাতার এক বান্ধবী তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা পড়ে শোনান। শেষের কবিতা পড়ে মা এতটাই অভিভূত হয়ে পড়েন যে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাঁর ছেলে হলে নাম রাখবেন অমিত, মেয়ে হলে অমিতা। জন্মের পর জন্মসনদে কালি দিয়ে আমার নাম লেখা হলো অমিত শেঠ।আমার বাবার পরিবার মায়ের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন। অমিত নামটি নিয়ে অবশ্য তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার বাবার পরিবারে একটা নিয়ম ছিল। তাঁদের পরিবারের প্রত্যেকের নামের আদ্যক্ষর হতে হবে ‘ব’। যেমন: বিশাল, বিমল, বিবেক ইত্যাদি। অমিত শেঠের বদলে আমার নাম হয়ে গেল বিক্রম শেঠ। তবু ভাগ্য ভালো যে আমার নাম বিকৃত শেঠ বা বিনাশ শেঠ রাখা হয়নি।কলকাতায় আমাকে দেখলে সবাই বলে ওঠে, ‘ওই যে আমাদের বিক্রম।’ আমি চাই, ঢাকায় সবাই আমাকে অমিত নামেই ডাকুক। ঢাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে আজ থেকে আমাকে অমিত নামে ডাকার অনুমতি দিয়ে গেলাম।ঢাকায় আসার আগে দুতিন দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। এই ঘোরাঘুরির বেশির ভাগটাই করেছি সড়কপথে। আমি চট্টগ্রামে গিয়েছি, গিয়েছি কুষ্টিয়ায়। কুষ্টিয়ার শিলাইদহ ছিল আমার অন্যতম আগ্রহের জায়গা। আরও কিছু জায়গা ঘুরে আমি বাগেরহাটে গিয়েছি। দুর্ভাগ্যবশত, খুলনার এতটা কাছাকাছি গিয়েও আমি খুলনায় যেতে পারিনি। কারণ আমার যেদিন খুলনায় যাওয়ার কথা, সেদিন সেখানে হরতাল ডাকা হয়েছিল। তবে খুলনা-বাগেরহাট অঞ্চলে নদীর তীরে বসে আমি জোয়ার ভাটা উপভোগ করেছি। নদীর দিকে তাকিয়ে হয়তো কিছু ভেসেও যেতে দেখেছি। সেগুলো কুমির না হাঙর ছিল—আমি জানি না।ঢাকায় এসে আমি মুক্তিযুদ্ধ জাদুঘর দেখেছি, দেখেছি শহীদ মিনার। দুটি জায়গাই আমাদের চোখের সামনে বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য ছবি তুলে ধরেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর তুলে ধরছে বাংলাদেশের জন্মের সময় এ দেশের মানুষের সর্বোচ্চ ত্যাগের কথা। শহীদ মিনার জানাচ্ছে ১৯৫২ সালে মানুষের এমন এক আত্মত্যাগের কথা, যার উৎস ভাষা। হে উৎসবের আয়োজনস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও বাংলা একাডেমীর ঐতিহাসিক গুরুত্বও দারুণ। ভাষা আন্দোলনের সূত্রপাত তো এখান থেকেই হয়েছিল। ভাষা আন্দোলনের পীঠস্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমী প্রাঙ্গণে হে উৎসবের আয়োজন এ উৎসবকে করে তুলেছে আরও অনেক বেশি মহিমান্বিত।হে সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভারতের ইংরেজি ভাষার লেখক বিক্রম শেঠের বক্তৃতার অংশবিশেষভাষান্তর: নাইর ইকবাল