বাংলাদেশ থেকে বিশ্বের পথে
বাংলাদেশ নিয়ে অজস্র নেতিবাচক খবর শুনেছেন রুপার্ট গ্রে। দেশটি দুর্নীতিগ্রস্ত। মাথাপিছু আয় এই সেদিনও ছিল ৪০০ ডলারের নিচে। দারিদ্র্যসীমার নিচে বাস করে অধিকাংশ মানুষ। নিদারুণ দারিদ্র্য যেমন আছে, তেমনি গুটিকয় মানুষের হাতে জমছে সম্পদের পাহাড়। দেশটির রাজনীতি মোটা দুই দাগে বিভক্ত। বড় জাতীয় ইস্যুতেও দুই প্রধান দল একমত হতে পারে না...বাংলাদেশ নিয়ে সুখবর কোথায়? যে একটা-দুটো ভালো খবর আছে, সেটা পশ্চিমা দুনিয়া অবধি পৌঁছানোর আগেই যেন হাওয়ায় মিলিয়ে যায়।তার পরও এই দেশটাকে পছন্দ হয়েছে রুপার্ট গ্রের। ব্রিটিশ ভদ্রলোক যতটুক জেনেছেন-বুঝেছেন, এই দেশের ওই খেটে খাওয়া মানুষগুলো খুব সরল। দেশটির মধ্যে আছে অদ্ভুত এক সারল্যও। খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর তো আর দুর্নীতি করে না। দেশটির সবুজ প্রকৃতিও মনে ধরেছে গ্রের। আর তাই আগামী সেপ্টেম্বরে যখন তিনি এক বিশেষ অভিযানে বের হবেন, তাঁর যাত্রার প্রথম পদক্ষেপটি নেওয়া হবে বাংলাদেশ থেকেই।কী সেই অভিযান? বিশ্বভ্রমণ। প্রশ্ন করতে পারেন, ‘বিশ্বভ্রমণ! এ আর এমন কী হাতিঘোড়া! এ তো আর জুল ভার্নের জামানা নয়, আশি দিনে বিশ্বভ্রমণ এখন আর চ্যালেঞ্জ নয়, বরং দু-তিন দিনেই পৃথিবীটা এক চক্কর দিয়ে আসা সম্ভব। আর তা ছাড়া প্রযুক্তির কল্যাণে বিশ্ব তো হাতের মুঠোয়। প্রযুক্তির এমন এক যুগে বসে রুপার্ট গ্রের বিশ্বভ্রমণের আলাদা মাহাত্ম্য কী? মাহাত্ম্য হলো, বিমানের বিজনেস ক্লাসের আরাম কেদারায় শুয়ে-বসে তিনি বিশ্বভ্রমণ করবেন না। বিশ্বভ্রমণ করবেন সেই ১৯৩৬ সালের রোলস রয়েসের ক্লাসিক মডেলের এক গাড়িতে চেপে! দুঃসাহিক মিশন, বলতেই হবে। আর এই অভিযানে গ্রের সঙ্গী হচ্ছেন তাঁর প্রিয়তমা স্ত্রী জেন। সেপ্টেম্বর আসতে এখনো কয়েক মাস বাকি। কিন্তু শুরু হয়ে গেছে প্রস্তুতি। পুরাতন গাড়িটাকে দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। এমনও তো হতে পারে, ধু-ধু মরুর মাঝখানে নষ্ট হয়ে গেল। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রাংশও নিতে হচ্ছে সঙ্গে। আর খোলা আকাশের নিচে রাত্রী বাসের প্রস্তুতি তো থাকছেই।ইংল্যান্ড থেকে তাঁদের গাড়িটা সমুদ্রপথে জাহাজে করে ভিড়বে চট্টগ্রাম বন্দরে। সেখান থেকেই যাত্রা শুরু করবেন গ্রে আর জেন। ভুটান, নেপাল, ভারত ঘুরে পৌঁছাবেন আরব আসরে। সেখান থেকে জাহাজে করে ইরান। পারস্য থেকে যাবেন তুরস্কে। এশিয়া আর ইউরোপের সেতুবন্ধ হয়ে আছে এই তুরস্ক। এদিক দিয়েই ইউরোপে ঢুকবে তাঁদের গাড়ি। এক সময় ফিরে যাবেন ইংল্যান্ডে। পুরো এই যাত্রাপথে তাঁরা ক্যামেরাবন্দী করবেন তাদের অভিজ্ঞতা, উপলব্ধি। ক্যামেরাবন্দী হবে ভিন্ন সংস্কৃতি, ধর্ম, বর্ণ, প্রকৃতি। সবশেষে এটা নিয়ে একটা প্রামাণ্যচিত্র বানানোর পরিকল্পনাও আছে। যে প্রামাণ্যচিত্রের নাম রাখা হয়েছে আ সেন্স অব জার্নি। রাজীব হাসানসূত্র: গ্যাডলিং.কম