বাংলাদেশি শিল্পীদের চিত্রপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পূর্বাঞ্চলের গোয়াহাটির শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্র সাংস্কৃতিক দিক থেকে যে এত তাৎপর্যপূর্ণ ও নয়নাভিরাম একটি কেন্দ্র তা ঘুণাক্ষরেও আমাদের কারোর জানা ছিল না। উঁচু পাহাড়ি স্থানে মিউজিয়াম, দ্বিতলে প্রদর্শনী কেন্দ্র, সংলগ্ন সাহিত্য আকাদেমী, নৃত্য ও নাট্যচর্চা এবং মহলার স্থান নিয়ে এ কেন্দ্রটি গোয়াহাটির আকর্ষণীয় স্থান বলে বিবেচিত হয়ে আসছে। কেন্দ্রটির সামগ্রিক স্থাপত্যশৈলী বৃক্ষশোভিত লন, স্থানে স্থানে সৌন্দর্যমণ্ডিত ভাস্কর্য, জলাধার। ছিল নয়নাভিরাম। সঙ্গে অতিথিশালা। আর ছিল সাতটি পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যের ঐতিহ্যমণ্ডিত বয়ন, কাঠ, বাঁশের নানা ধরনের হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। কেন্দ্রটি মনোগ্রাহী ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছিল দীর্ঘ লন ঘিরে গোলাকৃতি সাতটি বিক্রয়কেন্দ্র। প্রতিদিন ভারতবর্ষের ও বিদেশের শত-সহস্র দর্শনার্থী এ কেন্দ্রটিতে ভিড় জমান। শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্র প্রদর্শনী দেখেন ঘুরে ঘুরে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষকদের নিয়ে আসেন। শিল্পরুচি ও দৃষ্টিকে প্রসারিত করার চেষ্টা করেন তাঁরা।বাংলাদেশের শিল্পীদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরীর নেতৃত্বে ২৮ অক্টোবর রাতে যখন পৌঁছাল এই কলাক্ষেত্রে, সারা দিনের ক্লান্তি ও ধকল দূর হয়ে গিয়েছিল। সিলেটের তামাবিল সীমান্ত অতিক্রম করে দলটি চেরাপুঞ্জি হয়ে গোয়াহাটি পৌঁছেছিল। চেরাপুঞ্জির মেঘ ও বৃষ্টিতে সিক্ত হয়েছিলেন তাঁরা। মেঘালয়ের উঁচু-নিচু পার্বত্যপথ, কখনো বৃষ্টি এবং মেঘের লুকোচুরি সব শিল্পীর হূদয় ও মনকে ছুঁয়ে গিয়েছিল, বিশেষ করে যখন উঁচু আঁকাবাঁকা পার্বত্যপথ থেকে দূরের পাহাড়শ্রেণী ও বনাঞ্চলকে মায়াময় মনে হতো। আমরা গোয়াহাটি কলাক্ষেত্র পৌঁছেছিলাম ২৮ অক্টোবর। ২৯ তারিখ ছিল বিশ্রাম। ব্রহ্মপুত্র নদ ও কামাক্ষা মন্দির দেখা হলো সেদিন। এই কামাক্ষা মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবীর আনুকূল্য প্রার্থনা করেন শত-সহস্র পূজার্থী।৩০ অক্টোবর থেকে গোয়াহাটির শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্রে শুরু হয়েছিল ‘রঙের ছন্দ’ শীর্ষক বাংলাদেশের চিত্রশল্পীদের প্রদর্শনী। ১১ জন শিল্পীর মোট ৩১টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। ছিল কাইয়ুম চৌধুরীর ঐতিহ্য-আশ্রিত মাটিলগ্ন কাজ। রফিকুন নবীর নেপাল আর্ট ক্যাম্পে করা একটি তেলরং। ফরিদা জামানের চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জ্বল ছবি। মাহমুদুল হকের বিমূর্ত অবগাহনের প্রকাশসংবলিত ছবি। কালিদাস কর্মকারের নিরীক্ষাধর্মী ভিন্ন প্রকাশের ছবি। নজর কেড়েছিল নাসিম আহমেদের শরৎভিত্তিক সাদা-কালোয় করা মনোগ্রাহী তিনটি কাজ। প্রত্যেকের তিনটি ছবি। বাস্তবভিত্তিক ও বিমূর্তরীতির এই ছবিগুলো যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছিল। কলাক্ষেত্রের প্রদর্শনী হলে ভিড় করে এসেছিলেন গোয়াহাটির শিল্পকলা-রসিকেরা।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুব হাসান সালেহ। বিশেষ অতিথি ছিলেন আসাম সরকারের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সচিব শান্তনু ঠাকুর। এ ছাড়া আসামের প্রবীণ শিল্পী বেণু মিশ্র, বাংলাদেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্রের সহসভাপতি রত্ন ওঝা, আইসিসিআর গোয়াহাটির আঞ্চলিক পরিচালক রাধারমণ চ্যাটার্জি এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে গোয়াহাটির খ্যাতনামা চিত্রশিল্পীসহ নবীন শিল্পীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও আসামের শিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠান। ‘রঙের ছন্দ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছিল ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর), বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্র গোয়াহাটি। প্রদর্শনীতে যাঁদের চিত্রকর্ম প্রদর্শিত হয়েছিল তাঁরা হলেন: কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, আহমেদ সামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য ও মাকসুদা ইকবাল নীপা।উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘মানবিক সম্পর্ক উন্নয়নে ও সংস্কৃতির ভাববিনিময়ে এ প্রদর্শনীটি খুবই গুরুত্ববহ।’বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসামের জনগণের সহায়তার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘দুই দেশের সংস্কৃতির ভাববিনিময়ে চিত্রশিল্পীরা যে ভূমিকা পালন করছেন, তা নানা প্রদর্শনীর মধ্য দিয়ে নবীন মাত্রা অর্জন করবে।’এই ১১ জন শিল্পীর রঙের ছন্দ প্রদর্শনীটি বিষয়বৈচিত্র্যে, রং ব্যবহারে, পরিপ্রেক্ষিত জ্ঞানে ভিন্ন ভুবন নির্মাণে যে বিভাব সৃষ্টি করেছিলেন, গোয়াহাটির শিল্পরসিকদের জন্য এ ছিল নবীন অভিজ্ঞতা। প্রতিদিনই প্রচুর দর্শকসমাগম হয়েছে। ভিড় করেছেন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের কলা-সমালোচকেরা।আর্ট ক্যাম্পশ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্র গোয়াহাটিতে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশের ১০ জন এবং আসামের ১৭ জন শিল্পীর অংশগ্রহণে চার দিনব্যাপী এক আর্ট ক্যাম্প শুরু হয়েছিল। এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর), বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ও শ্রীমন্ত শংকর দেব কলাক্ষেত্র গোয়াহাটি।আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিলেন আসামের ১৭ জন শিল্পী। গোয়াহাটির কয়েকজন প্রবীণ শিল্পীসহ প্রত্যন্ত অঞ্চল থেকে নবীন শিল্পীরাও এসেছিলেন।লক্ষণীয় ছিল, বাস্তব ও বিমূর্ত সব ধরনের কাজই চার দিনের আর্ট ক্যাম্পে আসামের শিল্পীরা এঁকেছিলেন। এঁদের অনেকেরই শিল্পশিক্ষা হয়েছে কলকাতা, শান্তিনিকেতন ও বরোদায়। মানসম্মত ছবি এঁকেছেন অনেকেই। সমকালীন নানা প্রবণতার বিচ্ছুরণ ছিল অনেকের কাজে। বিমূর্ত শিল্পীরা যে আসামের শিল্পীদের নানা দিক থেকে ছুঁয়ে স্পর্শ করেছেন, তা-ও প্রতীয়মান হয়েছে।