বাংলাদেশের জাদুকে বলা হয় ‘বাঙাল মুলুুককা জাদু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন তো একটা রেখার মতো নয়। তার রয়েছে অনেক বাঁক। অলিগলি। আর সেসব অভিজ্ঞতা পাল্টে দিতে পারে মানুষের জীবনবোধ। আমারও তেমন কিছু ঘটনায় পাল্টেছে জীবন আর তার বোধ। এর মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে, ছেলেবেলায় প্রথম যেদিন সার্কাস দেখতে গেলাম। দেখলাম, মানুষ চেষ্টা করলে কীই-না করতে পারে। শৈশবের চোখে পুরো ব্যাপারটায় একটা ঘোর কাজ করেছিল।জাদুবিদ্যা বা ম্যাজিক আমার খুব ভালো লাগত। গ্রামের বাড়িতে একবার বেদেরা এল। ওরা ওষুধ, তাবিজ বিক্রি করত। শিঙা লাগিয়ে বাতের রোগ সারাত। ওইটুকু বয়সেই বুঝতে পেরেছিলাম, এটা প্রতারণা। কিন্তু ওদের হাতসাফাই দেখে মজা লেগেছিল। এরপর পিরোজপুরে সাধনা লায়ন সার্কাস দল এল। আবদুর রশীদ নামের একজন ম্যাজিশিয়ানের জাদু দেখে মুগ্ধ হলাম। কবি বন্দে আলী মিয়ার রূপকথার গল্পের মতো অনবদ্য মনে হলো। বেদেরা টাকা-পয়সা, চাল, শাড়ি, আম চুরি করে তাদের দেওয়ার বুদ্ধি দিত। অথচ আবদুর রশীদ আমার আগ্রহ দেখে এমনি এমনি কয়েকটি ম্যাজিক শিখিয়ে দিলেন। মানুষে মানুষে যে বিশাল পার্থক্য, তা তখন বুঝতে পারলাম।আমার গ্রামের বাড়ি সমুদয়কাঠি। গ্রামের স্কুলেই পড়তাম। সেখানকার শিক্ষকেরা আমাকে ভালোবাসতেন। বাবা হঠাৎ সমুদয়কাঠি থেকে আমাকে পিরোজপুর গভর্নর স্কুলে ভর্তি করিয়ে দিলেন। বেশ নামকরা স্কুল। সেখানে ভর্তি হওয়াও অনেক কঠিন। তবু নিজেকে খুব অসহায় মনে হতে লাগল। সমুদয়কাঠিতে আমার মা, ভাই, বন্ধু, দোকানদার—সবাই অনেক ভালোবাসতেন আমাকে। আর পিরোজপুরে কেউ আমাকে চেনে না। আমিও না। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের ছেলেটির মতো মনে হতে লাগল নিজেকে। আনন্দের মধ্যে একরাশ দুঃখ! তখন আমার সঙ্গী একমাত্র একাকিত্ব। সেই সময়ে জীবনটাকে একটু একটু করে উপলব্ধি করতে শুরু করলাম। তখন সবে নবম শ্রেণীতে পড়ি। বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, আমার মধ্যে সেগুলো ভিন্নভাবে এল। দেখতাম, সহপাঠীরা মেয়েদের নিয়ে ঠাট্টা, তামাশা, উঁকিঝুঁকি মারা চালাচ্ছে। মনে হতো, ছেলেদের মধ্যে কোনো ভালোত্ব নেই। সব মেয়েদের মধ্যে। প্রকৃতি সব ভালো গুণ দিয়ে মেয়েদের সৃষ্টি করেছেন। ইশ্! আমি যদি মেয়ে হয়ে জন্মাতাম। সে সময় আবার আমার চেতনা নাড়া খেল।কলেজে প্রথম কো-এডুকেশনে পড়া শুরু করলাম। সেখানকার নিয়মকানুন খুবই কড়া ছিল। তবে প্রিন্সিপাল স্যার মো. দরবেশ আলী খান ছিলেন সংস্কৃতিমনা। প্রতি সপ্তাহে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমার তাতে বেশ লাভ হলো। নিজের লেখা কবিতা পাঠ, ছবি আঁকা, বাঁশি বাজানো, ম্যাজিক দেখানো—সবই করতাম। জাদু দেখাতে গেলে দেখতাম, সবাই মুগ্ধ হচ্ছে। এমনকি বিজ্ঞানের শিক্ষকেরাও। তখন নিজেকে বেশ ভাগ্যবান মনে হতো। মনে হতো, আমি তো অন্যকে বিস্মিত করে দেওয়ার ক্ষমতা রাখি।পাস করে ঢাকায় এসে ভর্তি হলাম জগন্নাথ কলেজে। একাত্তরে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু যখনই বুঝলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের আক্রমণ করতে পারে, তখনই গ্রামে চলে এলাম। ভাবিনি ওরা গ্রামে গ্রামে হামলা চালাবে! এর আগে আমি বেশ শান্ত প্রকৃতির ছিলাম। যখন দেখলাম, জনগণকে বিনা কারণে আক্রমণ করছে, লুট করছে, নারীদের ধর্ষণ করছে—এসব দেখে আর বসে থাকতে পারলাম না। মনে হলো, এটা তো মৃত্যুর চেয়েও বেশি অপমানের। গ্রামে সমবয়সীদের নিয়ে দল গঠন করলাম। আমাদের টার্গেট ছিল পাকিস্তানিদের দোসররা। তখন যে সাহসটা তৈরি হলো নিজের মধ্যে, এটা জীবনের বেশ বড় একটা পরিবর্তন। মুক্তিযোদ্ধারা কোথায় সংগঠিত হয়েছেন, এরপর আমি এটা খুঁজতে শুরু করলাম। অনেক কষ্টে তাঁদের সন্ধান পেলাম। কয়েকটা থানা মিলে বিশাল পেয়ারা বাগান। সেখানে আমরা গোপনে গেরিলা যুদ্ধ শুরু করলাম। সে সময় কঠিন একটা সময় পার করেছি আমরা। একসময় শর্ষীনার পীরের শিষ্য, মাদ্রাসার ছাত্র এবং মগজধোলাই করা বেশ কিছু বর্বর মানুষ আমাদের পেয়ারা বাগানগুলো কেটে সাফ করে ফেলল। বেশ মনে আছে, গাছ কাটার সময় ওরা আট-দশ মাসের একাধিক শিশুকেও কেটে ফেলেছিল। সেখানে আমাদের অবস্থান বেশ বিপজ্জনক ছিল। পাশেই ছিল সন্ধ্যা নদী। সেটা পার হয়ে ওপার চলে গেলাম। সেখানে খলিল হাজরা নামের একজনকে পেয়ে গেলাম। তাঁর সঙ্গে হিঙ্গুলগঞ্জ হয়ে বসিরহাট দিয়ে ভারত পৌঁছালাম। তারপর বাহাদুরপুর ক্যাম্পে শুরু হলো ট্রেনিং আর যুদ্ধ। একসময় আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম। তখন আমার দায়িত্ব পড়েছিল মোটিভেশন করা। ক্যাম্পে নতুন যুবক, কিশোর যাঁরা আসতেন, তাঁদের এই যুদ্ধের যৌক্তিকতা সম্পর্কে বলতাম।এরপর দেশ স্বাধীন হলো। পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিল। স্বাধীনতার পর এক হকি টুর্নামেন্টে পাকিস্তান ১৭ গোলে বাংলাদেশকে হারাল। এ ঘটনাটা আমাকে পাগল বানিয়ে ফেলল। হকি টুর্নামেন্টে সেই যে হার, সেটা আমার জীবনের গতিটাকে একেবারে বিপরীত মেরুতে এনে দাঁড় করিয়েছিল।মনে হলো, আমার যত শক্তি আছে, তাই দিয়ে ওদের সঙ্গে লড়াই করতে হবে। দেখিয়ে দিতে হবে বাঙালি কী পারে আর কী না পারে! কী করতে পারি ভাবতে লাগলাম। বাংলাদেশের জাদুকে বলা হয় ‘বাঙাল মুলুককা জাদু’। শৈশব থেকেই এ বিষয়টির প্রতি একটা তীব্র আকর্ষণ তো ছিলই। সিদ্ধান্ত নিলাম, আমি জাদুবিদ্যা নিয়েই লড়াইটা চালিয়ে যাব। পরিণাম কী হবে, না ভেবেই নেমে পড়লাম। কখনো ব্যবসা করব, অনেক টাকা হবে—জীবনে এসব ভাবিনি। সে সময় আমার জীবনটা সত্যিকার অর্থেই বদলে গেল।আমি দেশের সব জেলায় জাদু দেখানোর আমন্ত্রণ পেতে শুরু করলাম। পাশাপাশি টেলিভিশনেও আমার জাদু প্রদর্শন চলতে লাগল। নাম ছড়িয়ে পড়ল সারা দেশে। মানুষের ভালোবাসায় তখন আমি গভীরভাবে আপ্লুত। এ সময় আমন্ত্রণ এল যুক্তরাষ্ট্রের সোসাইটি অব ম্যাজিশিয়ানস থেকে। সেখানে দুই হাজার ম্যাজিশিয়ানকে আমার ম্যাজিক দেখাতে হয়েছিল। সুনাম ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। এ বিষয়ে এখনো শিখছি। গবেষণা চালিয়ে যাচ্ছি। যত দিন বেঁচে থাকব, জাদু প্রদর্শন চালিয়েই যাব। আমার প্রতিদিনের জীবনবোধে এ রকম নানা ঘটনায় নতুন নতুন চেতনা আর উপলব্ধি এসে জড়ো হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে আরও সোচ্চার করবে আমাকে।অনুলিখন: সুচিত্রা সরকার