বাংলাদেশের ট্রাক পেইন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নগরকেন্দ্রিক চারুশিল্পের একটি চমৎকার উদাহরণ ট্রাক পেইন্টিং। মূলত অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের মাধ্যমেই এ শিল্পশৈলীটি বিকাশ লাভ করেছে এবং তা এখনো বহমান। ঠিক কবে ট্রাক পেইন্টিংয়ের উৎপত্তি, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সংশ্লিষ্ট প্রবীণ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে এ শিল্পধারার সূত্রপাত সম্ভবত পাকিস্তান আমলে, ষাটের দশকে। ষাটের দশকে শুরু হলেও বাংলাদেশে এই বিশেষ ধারা বিস্তার লাভ করেছে সত্তরের দশকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। উল্লেখ্য, পাকিস্তান-ভারতসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে ট্রাক আর্টের প্রচলন আছে। বিশেষ করে, ট্রাক আর্টের বিশেষ খ্যাতি ও ঐতিহ্য রয়েছে পাকিস্তানের।ছোট-বড় নানা ধরনের ট্রাক বিভিন্ন চিত্র দিয়ে শোভিত করার পেছনের মূল কারণটি সৌন্দর্যবর্ধন। কিন্তু এর কিছু ব্যবহারিক দিকও আছে। এমনকি এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় আবেগ ও লোকায়ত সংস্কার। সাধারণত আমরা রাস্তায় যে রকম ট্রাক চলতে দেখি, কেনার সময় কিন্তু এগুলো ঠিক সে রকম থাকে না। ইঞ্জিনসহ মূল কাঠামো বা চেসিসটি বিদেশ থেকে আমদানি করা হয়। ক্রেতা সেটি কিনে নিয়ে স্থানীয়ভাবে ট্রাকের বডি নির্মাণ করে নেন। অতঃপর গাড়ির মালিক নিজ খরচে এবং নিজের চাহিদা ও রুচিমাফিক গাড়িটি সজ্জিত ও অলংকৃত করে নেন। ট্রাক পেইন্টিংয়ের ক্ষেত্রে রংমিস্ত্রিকে বলা হয় ‘পেইন্টার’। তাঁর কাজ শুধু রঙের আস্তরণ দেওয়া। রংমিস্ত্রি বা পেইন্টারের কাজ শেষ হলে শুরু হয় ‘আর্টিস্টের’ কাজ। আর্টিস্টের কাজ হলো বিভিন্ন ধরনের ছবি এঁকে ট্রাকটিকে আকর্ষণীয় করে তোলা।ট্রাকের অলংকরণ আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। ট্রাক নির্মাণের প্রাথমিক পর্যায়ে বডি তৈরির পাশাপাশি কাঠমিস্ত্রি কেবিনের (চালকের ঘর) ওপরের দিকে তিন পাশে খোদাই করে লো রিলিফ প্যানেল তৈরি করেন। এটাকে ‘হুড’ বলে। হুডের এই প্যানেলে সাধারণত ফুল, তরঙ্গায়িত লতাপাতা, পাখি, প্রস্ফুটিত শাপলা, মাছ প্রভৃতি স্থান পায়। গ্রামের ঐতিহ্যবাহী চারুশিল্পীদের কাজের ধারার সম্প্রসারিত রূপ আমরা এসব লো রিলিফ কাঠ খোদাই কাজের ভেতর প্রত্যক্ষ করি। সরেজমিনে অনুসন্ধান করে দেখেছি, গ্রাম ও শহরের ঐতিহ্যবাহী সূত্রধরদের একটা অংশ ট্রাক অলংকরণের কাজে নিজেদের নিয়োজিত করেছেন। ট্রাক অলংকরণের কাজে তাঁরা পরম্পরাগত শৈলীরই প্রকাশ ঘটিয়েছেন, তবে এর সঙ্গে যুক্ত হয়েছে রঙের কারসাজি। ট্রাকের এসব কাঠের প্যানেল শুধু খোদাই করা হয় না, নানা বর্ণের রং দিয়ে চিত্রিতও করা হয়। আগেই বলেছি, রং দিয়ে ছবি আঁকার কাজটা করেন আর্টিস্টরা।শুধু এ কাঠখোদাই প্যানেল নয়, ট্রাকের বিভিন্ন অংশে যাঁরা বিভিন্ন ধরনের ছবি আঁকেন, তাঁদের কাজে সিনেমার ব্যানার-পেইন্টারদের প্রভাব লক্ষ করা যায়। বিশেষ করে, রেখা ও রং ব্যবহারে এ প্রবণতা অধিক চোখে পড়ে। ট্রাক পেইন্টিংয়ের কাজ করেন, এমন বেশ কয়েকজন চিত্রকরের সঙ্গে কথা বলে দেখা গেছে, তাঁদের গুরু কিংবা তাঁরা নিজেরাই একসময় সিনেমার ব্যানার-পেইন্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বোধগম্য কারণেই সিনেমার ব্যানার-পেইন্টিংয়ে রেখা ও রং ব্যবহারের যে ধারা, তার প্রভাব পড়ছে ট্রাকের ছবিতে। পরম্পরাগত কাঠ খোদাইয়ের ধারার সঙ্গে সিনেমার ব্যানার-পেইন্টিংয়ের ধারার সংমিশ্রণে ট্রাক আর্টে একটি নতুন ধারা তৈরি হয়েছে, যা একই সঙ্গে আকর্ষণীয় ও বৈশিষ্ট্যপূর্ণ।সাধারণত ট্রাকের পেছনের ডালা (‘ব্যাক ডালা’ নামে পরিচিত) ও সাইড বডিসহ (দুই পাশের ডালা) কেবিনের দরজায় ছবি আঁকার সুযোগ থাকে। সেই হিসেবে একটি ট্রাক বেশ বড় আকৃতির ‘ক্যানভাস’। কিন্তু এ ক্যানভাস সাধারণ ক্যানভাসের মতো সমান্তরাল নয়। ব্যবহারিক প্রয়োজনে ব্যাক ডালা বা সাইড বডিতে লোহা ও কাঠের নানা ধরনের প্রয়োজনীয় অনুষঙ্গ লাগানো থাকে। এসব উঁচু-নিচু সারফেসকে অপরিবর্তিত রেখেই চিত্রকরকে ছবি আঁকতে হয়।সাইড বডি বা দুই পাশের ডালায় সাধারণত ‘সাধারণ পরিবহন’ কথাটি লেখা থাকে। প্রায়ই এমনভাবে এই লেটারিং করা হয়, যেন প্রতিটি অক্ষরের ভেতর দিয়ে একেকটা ল্যান্ডস্কেপ বা রিভারস্কেপ দেখা যায়। তবে চিত্রকরের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে পেছনের ডালা। পেছনের ডালাতেই সাধারণত একটা পূর্ণাঙ্গ ছবি আঁকা হয়। ট্রাক পেইন্টিংয়ে শিল্পীর হাতের দক্ষতা ও কল্পনাশক্তি প্রকাশের এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট স্থান। নদী, নৌকা, ঘরবাড়ি, ঝরনা, শহরের দৃশ্য, সুন্দরবনের দৃশ্য, হরিণ শিকাররত বা বিশ্রামরত বাঘ, নায়াগ্রা জলপ্রপাত, রাঙামাটির পাহাড়ি দৃশ্য, সারি সারি গাছের ভেতর দিয়ে আদিগন্ত বিস্তৃত পথ, সূর্যোদয় বা সূর্যাস্ত ইত্যাদি বহুবিধ হতে পারে পেছনের ডালার ছবির বিষয়বস্তু। আবার বিভিন্ন ধরনের ফুল আঁকা হয় বিশেষ আগ্রহে। যেমন—সূর্যমুখী, গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি। পাখির মধ্যে দোয়েল, ইগল বেশি দেখা যায়। আবার বিভিন্ন ধরনের আলপনার প্রচলনও আছে। কাঠ ও লোহার ওপরে সিনথেটিক অ্যানামেল পেইন্ট ব্যবহার করে এসব ছবি আঁকা হয়। কালো, হলুদ, লাল, সাদা ও রয়েল ব্লু—এ পাঁচটি রং বেশি ব্যবহূত হয়, তবে প্রয়োজনমতো মিশ্র রংও তৈরি করা হয়।অধিকাংশ ক্ষেত্রে ছবির বিষয়বস্তু নির্বাচনের সুযোগ শিল্পীর থাকে, তবে কখনো কখনো গাড়ির মালিকের ইচ্ছে বা ফরমায়েশ অনুযায়ীও তাঁকে কাজ করতে হয়। ট্রাকের সামনে কেবিনের ওপরে উঁচু চূড়ার মতো যে জায়গাটা থাকে, তাতে সাধারণত মুসলমান মালিকের গাড়ির হুডে আল্লাহু বা কাবা শরিফের ছবি বা কোনো মসজিদ/মাজারের ছবি খোদাই করা হয় বা আঁকা হয়। গাড়ির মালিক হিন্দু হলে বিষয়বস্তু আলাদা হতে পারে, যেমন—ওম্ চিহ্ন বা লোকনাথ ব্রহ্মচারীর ছবি। তবে মজার তথ্য হলো, অনেক সময় হিন্দু মালিক ইচ্ছে করেই গাড়ির হুডে ইসলামি প্রতীক ব্যবহার করেন। চালক ও হেলপারের ধর্মীয় আবেগের কথা বিবেচনায় রেখেই প্রধানত এমনটি করা হয়। এ ছাড়া পথে পুলিশি উৎপাত থেকে রক্ষা পওয়ার কৌশল হিসেবেও এটা করা হয় বলে জানা গেছে। আর শিল্পী যে ধর্মেরই হন, মালিকের ইচ্ছার প্রতিফলনে কোনো আপত্তি থাকে না তাঁর।ট্রাকের ছবি আঁকার ক্ষেত্রে শিল্পীরা অনেক সময় ছাপাই পোস্টারের সাহায্য নেন। আবার নিজের মনের মাধুরী মিশিয়েও অনেক ছবি আঁকা হয়। এলাকাভেদে বিশেষ বিশেষ ছবি জনপ্রিয় হয়েছে, এমনটিও দেখা যায়। যেমন—খুলনার অনেক শিল্পী সুন্দরবনের দৃশ্য অর্থাৎ বাচ্চাসহ বিশ্রামরত বাঘের ছবিটি আঁকেন বিশেষ আগ্রহে। আবার কুষ্টিয়ার শিল্পীরা আঁকেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ির ছবি, রাজশাহীর শিল্পীরা আঁকেন রাজশাহী রেলস্টেশনের ছবি। এ ছাড়া ট্রাকের পেছনের দিকে নানা নাটুকে সংলাপও লেখা থাকে; যেমন—‘লাগলে খবর আছে’, ‘চাচা ঢাকা কত দূর’ ইত্যাদি। আবার কোনো কোনো ট্রাকে জনহিতকর স্ল্লোগানও লেখা থাকে, যেমন—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘আপনার সন্তানকে স্কুলে পাঠান’, কিংবা ‘এইডস সম্পর্কে সচেতন হোন’। আবার জ্বালানি ট্যাংকের ওপর লেখা থাকে ‘জন্ম থেকে জ্বলছি’ বা এ ধরনের সিনেমাটিক বাক্য।বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ট্রাক পেইন্টিংয়ের জন্য বিখ্যাত। এর মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, ফরিদপুর ইত্যাদি উল্লেখযোগ্য। এসব অঞ্চলেই আছে কিছু নিজস্ব স্টাইল ও বৈশিষ্ট্য। সামনের হুডের ছবি বা প্রতীক দেখে অভিজ্ঞজনেরা বলে দিতে পারেন, এটা কোন অঞ্চলের ট্রাক বা কোন অঞ্চলের শিল্পীর আঁকা ট্রাক।শৈলীগত বিবেচনায় এ ধারার শিল্পকর্ম প্রাতিষ্ঠানিক শিল্পধারা থেকে অনেক আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ। পরিবহন শিল্পকলা হিসেবে তো বটেই, এমনকি পাবলিক আর্ট হিসেবেও বাংলাদেশের ট্রাক পেইন্টিংয়ের বিশেষ গুরুত্ব আছে।১৫ জুন ২০১০, আদাবর, ঢাকা