বাংলাদেশের মানুষ বিশ্বকে পথ দেখাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত কাজে সুদূর আফ্রিকার নাইজেরিয়াতে অবস্থান করলেও দেশের কথা সব সময় মনে পড়ে। দেশে থাকতে অনেক সমস্যা চোখে পড়ত। নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে মনে হচ্ছে, বাংলাদেশের অগ্রগতি অনেক ক্ষেত্রেই বেশ ভালো। বিশেষ করে বাংলাদেশের মানুষের বুদ্ধিমত্তার গড় মান আমার কাছে বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভালো মনে হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে, উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে বাংলাদেশকে স্বর্গ বলা চলে। বিশ্বের অনেক দেশেরই বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখার আছে। আপাতত নাইজেরিয়াতে কাজ করলেও দেশে ফিরে আসার ইচ্ছা আমার। পুরস্কারের আড়াই লাখ ডলার বাংলাদেশের শিশুদের টিকা দেওয়ার কাজে খরচেরও পরিকল্পনা রয়েছে। তবে এ অর্জনটা আমার ব্যক্তিগত বিষয় নয়। জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ সৃজনশীল ও নিষ্ঠাবান। দেশপ্রেম নিয়ে কাজ করলে পৃথিবীর যেকোনো দুঃসাধ্য কাজই এ দেশের মানুষের পক্ষে সম্ভব। যেমন টিকাদানের ক্ষেত্রে যখন শতভাগ সফলতা পাওয়া যাচ্ছিল না, তখন আমি গর্ভবতী নারীদের তালিকা করে সন্তান জন্মদানের পর মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নবজাতকের বাড়িতে পাঠাতাম। শিশুদের টিকা দেওয়ার সময় আমার নিজের সন্তান আরিবার কথা মনে হয়েছে। গ্রামের শিশুদের টিকা দেওয়ার সময় মনে হয়েছে আমি আমার সন্তানকে টিকা দিচ্ছি, তাকে সুস্থ রাখছি। এ দেশে একটা সমস্যা, সেটা হচ্ছে সুযোগের অভাব। সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ পেলে বাংলাদেশের মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারে। বিদ্যমান সুযোগ-সুবিধার ঘাটতির মধ্যেও বাংলাদেশের মানুষের শিশুমৃত্যুর হার কমানোর রেকর্ড বিশ্বের কাছে উদাহরণ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় একটি এলাকার সব শিশুকে টিকার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমি যে পদ্ধতি কাজে লাগিয়েছি, তা এখন বিশ্ব স্বাস্থ্য পদক নিয়ে এসেছে। অথচ কাজ করার সময় এ ধরনের কোনো পুরস্কারের কথা মাথায় ছিল না। টাঙ্গাইল, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় যে পদ্ধতি সফল হয়েছে, তা এখন বিশ্ব গ্রহণ করছে। নাইজেরিয়াসহ আফ্রিকার বেশ কিছু দেশে তা এরই মধ্যে প্রয়োগ শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ যে বিশ্বকে পথ দেখাতে পারে, তা বারবার প্রমাণিত হয়েছে। [লেখাটি এ এস এম আমজাদ হোসেইনের সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে তৈরি করা হয়েছে]