বাংলাদেশের সংবেদী ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজউইক-এ বাংলাদেশ: মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর
নিউজউইক-এ বাংলাদেশ: মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর

নিউজউইক-এ বাংলাদেশ: মুক্তিযুদ্ধ,
বিজয় এবং তারপর
হাসান শাহরিয়ার
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: উৎস প্রকাশন, ২০১৪
২১৬ পৃষ্ঠা
দাম: ১০০০ টাকা।
বাংলাদেশের যে কজন সাংবাদিক আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন, তাঁদের মধ্যে হাসান শাহরিয়ার অগ্রগণ্য। দীর্ঘ পাঁচ দশক তিনি সাংবাদিকতা করছেন—এখনো এই পেশাকে তিনি বিদায় জানাননি: সংবাদপত্রে কলাম লিখে তাঁর প্রিয় বিষয়গুলোর ওপর অনুসন্ধানী আলো ফেলছেন। ইত্তেফাক-এ কেটেছে তাঁর বেশির ভাগ সময়। একই সঙ্গে দুবাইভিত্তিক খালিজ টাইমস ও ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, এশিয়ান এজ ও ড্যাকান হেরাল্ড-এর বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। জাতীয় প্রেসক্লাবের বৈদেশিক সংবাদদাতা সমিতির সভাপতি এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি হিসেবে পর পর দুই মেয়াদে পালন করেছেন দায়িত্ব। প্রতিষ্ঠানটি ২০১২ সালে ইমেরিটাস সভাপতির পদে অধিষ্ঠিত করে তাঁকে সম্মানিত করে।
বিদেশি পত্রপত্রিকা ও সংবাদ সাময়িকীগুলোর মধ্যে নিউজউইক ইন্টারন্যাশনাল-এর সঙ্গেই তাঁর সম্পর্ক ছিল দীর্ঘতম।
১৯৮১ থেকে তিনি এই বিখ্যাত সাময়িকীর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিন দশক ধরে। এই সময়টা ছিল বাংলাদেশের জেগে ওঠার সময়। একদিকে গণতন্ত্রের মৃত্যু ও স্বৈরশাসনের নিগড় দেশের ওপর চেপে বসা, অন্যদিকে গণতন্ত্রের জন্য সংগ্রাম ও তার পুনরাগমন এবং পাশাপাশি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। ঘটনাবহুল এই তিন দশকে বাংলাদেশ বিশ্বের মানুষের কাছে নতুনভাবে দেখা দিচ্ছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ নিয়ে অনেক প্রতিবেদন ওই সাময়িকীতে পাঠিয়েছেন হাসান শাহরিয়ার। বিদেশের মানুষকে সেগুলো বাংলাদেশের শক্তি ও সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করতে সাহায্য করেছে—এ দেশের গতিশীল সমাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে ঈর্ষণীয় অর্জন সম্পর্কে তাদের উৎসাহী করেছে।

২০১২ সালে নিউজউইক-এর মুদ্রিত সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাসান শাহরিয়ারের যেসব প্রতিবেদন সাময়িকীতে ছাপা হয়েছিল, সেসবের একটি অনূদিত সংকলন প্রকাশিত হয়েছে গত বছরের মার্চে। এই প্রতিবেদনগুলোর পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিসংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে যেসব প্রতিবেদন সাময়িকীটিতে ছাপা হয়, সেগুলোর অনুবাদও ছাপা হয়েছে এই বইতে। শাহরিয়ারকে এসব প্রতিবেদন অনুপ্রাণিত করেছিল এবং তিনি ভেবেছেন, এ দেশর তরুণেরা মুক্তিযুদ্ধের গৌরব ও মহিমার কাছে আরেকবার ফিরে যেতে পারে, এই বর্ধিত সংস্করণটি তা নিশ্চিত করবে।
এই বইটি পড়া এক চমৎকার অভিজ্ঞতা। এ জন্য হাসান শাহরিয়ারকে ধন্যবাদ।