বাংলার বস্ত্রশিল্পের অর্ধশতক
দ্য কোম্পানি উইভারস অব বেঙ্গল: দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দি অর্গানাইজেশান অব টেক্সটাইল প্রডাকশন ইন বেঙ্গল ১৭৫০-১৮১৩ \ হামিদা হোসেন \ প্রকাশক: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড \ মে ২০১০ \ পৃষ্ঠা ২১১ \ দাম ৫০০ টাকা।হামিদা হোসেনের পিএইচডি গবেষণা সন্দর্ভ সম্প্রতি গ্রন্থাকারে প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা ইউপিএল। গত শতকের আশির দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক তপন রায়চোধুরীর তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করেছিলেন হামিদা হোসেন। বিষয় ছিল অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার বস্ত্রশিল্প ও তাঁতিদের জীবন-জীবিকা, ওই ক্ষুদ্র শিল্পের স্বরূপ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তাঁতিদের সর্ম্পক, সে সম্পর্কের বিকাশ এবং অর্থনীতিতে তাদের ভূমিকা ইত্যাদি।দ্য কোম্পানি উইভারস অব বেঙ্গল: দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দি অর্গানাইজেশান অব টেক্সটাইল প্রডাকশান ইন বেঙ্গল ১৭৫০-১৮১৩ শিরোনামে প্রকাশিত হামিদা হোসেনের বইটি রচিত হয়েছে অক্সফোর্ডের বৈশিষ্ট্যপূর্ণ একাডেমিক গবেষণা পদ্ধতির অনুসরণে: কঠোরভাবে মেথডিকেল, প্রচুর টীকা-টিপ্পনীতে আকীর্ণ। তবে হামিদা হোসেনের ইংরেজি বেশ প্রাঞ্জল বলে বইটি কেবল সিরিয়াস গবেষক নয়, সাধারণ শিক্ষিত কৌতূহলী মানুষকেও আকৃষ্ট করবে।অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা অঞ্চলের সুতিবস্ত্র উত্পাদনের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটেছিল; হামিদা হোসেনের গবেষণা ছিল সেসব পরিবর্তন বাংলার তাঁতিদের জীবনকে কীভাবে প্রভাবিত করেছিল তা পরীক্ষা করে দেখা। হাজার বছর ধরে বাংলার কৃষির মতো শিল্পেও ব্যবসা-বাণিজ্যের ঝোঁক ছিল না। কৃষক ফসল ফলাত মূলত নিজের পরিবারের সংবত্সরের খাদ্য জোগাতে; বাজারে বিক্রি করে মুনাফা লাভের উদ্দেশ্যে নয়। অর্থনীতির ভাষায় এ রকম সাবসিস্টেন্স-ওরিয়েন্টেড ছিল বাংলার শিল্পগুলোও। ভিন্ন ভিন্ন পেশার মানুষ তৈরি করত ভিন্ন ভিন্ন দ্রব্য। তাদের মধ্যে সেসব ভোগ্যদ্রব্যের বিনিময় ঘটত সাপ্তাহিক বা অর্ধসাপ্তাহিক হাটে। কৃষক ধান বিক্রি করে কিনত লুঙ্গি, তাঁতি লুঙ্গি বিক্রি করে কিনত চাল। বস্ত্রশিল্প বা তাঁতশিল্প তখনো শিল্প নয়; কৃষির সঙ্গে তাঁতির সম্পর্ক তখনো একদম ছিন্ন হয়নি। তাঁতের কাজের ফাঁকে লাঙল হাতে জমিতে কাজ করার ফুরসতও তার ছিল। হামিদা হোসেন দেখিয়েছেন, তাঁতশিল্প তখন ছিল একটি সাবসিডিয়ারি অকুপেশন। অবশ্য ইউরোপীয়দের আগমনের আগে থেকেই এ অঞ্চলে ধীরে ধীরে আরও কিছু শিল্প খাত গড়ে উঠেছিল। গঞ্জ বা নগরের মানুষের চাহিদা ক্রমেই বাড়ছিল; গঞ্জ থেকে গঞ্জে, প্রদেশ থেকে প্রদেশে, এমনকি এক দেশ থেকে আরেক দেশে ভোগ্যপণ্যের চলাচল বাড়ছিল। সড়কপথে উত্তর ভারত, পশ্চিম এশিয়া ও মোগলদের রাজদরবার পর্যন্ত পৌঁছে যাচ্ছিল বাংলায় উত্পাদিত ভোগ্যপণ্যসামগ্রী। বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পণ্য উত্পাদনের ক্ষেত্রও প্রসারিত হয়, মোটা ভাত মোটা কাপড়ের সঙ্গে সঙ্গে উত্পন্ন হতে থাকে শৌখিন বিলাসদ্রব্যাদি, যার মধ্যে অন্যতম ছিল সুতিবস্ত্র। হামিদা হোসেনের ধারণা, এই প্রক্রিয়ায় অর্থলগ্নিব্যবস্থায়ও পরিবর্তন আসে। হুন্ডি ও দাদনব্যবস্থার প্রচলনের সূত্রপাত ঘটে থাকতে পারে এই প্রক্রিয়ায়।অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ইউরোপীয়দের মাধ্যমে বস্ত্রশিল্পের বাজার সম্প্রসারিত হয় ইউরোপ-আমেরিকায়। বাজারের চাহিদা বৃদ্ধির তালে তালে বাংলার বস্ত্রশিল্পের প্রসার ঘটে, বস্ত্র হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক রপ্তানিপণ্য। অনেক জায়গা হয়ে ওঠে বস্ত্রশিল্পকেন্দ্র, তাঁতিরা নির্দিষ্ট এক পেশাজীবী হয়ে ওঠে; তাঁতশিল্পে কাজ করা তাদের জন্য আর সাবসিডিয়ারি অকুপেশন থাকে না। বস্ত্রশিল্পের এমন জমজমাট অবস্থা চলে অর্ধশতকের কিছু বেশি সময় ধরে। ১৮১৩ সালের পর এর ক্ষয় শুরু হয়। ক্ষয়ের কারণগুলো কী ছিল, হামিদা হোসেনের গবেষণায় এ প্রশ্নটিও আলোচিত হয়েছে।বাংলার বস্ত্রশিল্পের অর্ধশতাব্দীর উত্থান-পতনের চিত্র তুলে ধরতে গিয়ে হামিদা হোসেনের লেখায় সে সময়ের তাঁতিদের জীবনধারা, বাজারব্যবস্থা, বাণিজ্য, পুঁজি, তাঁতিদের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ এবং বাংলায় বস্ত্র উত্পাদনকেন্দ্রগুলোর চালচিত্র উঠে এসেছে। গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে অনেক ঐতিহাসিক নথি-দলিল ও তথ্য-উপাত্ত-পরিসংখ্যান। ওই সময়ের আর্থসামাজিক পরিবেশের একটি চিত্রও বইটিতে পাওয়া যায়। সব মিলিয়ে বইটি বাংলার সামাজিক ও অর্থনৈতিক জীবনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে, লেখার গুণে যা কেবল বিশেষজ্ঞদের চিন্তার রসদ জোগাবে না, ইতিহাসের প্রতি আগ্রহী যেকোনো মানুষের জন্য একটি উপভোগ্য পাঠ হিসেবে বিবেচিত হবে।