বাংলার ভাব ও মনসুর হাল্লাজ
কিতাব আল-তাওয়াসিন—মনসুর আল-হাল্লাজ \ ভাষান্তর ও সম্পাদনা: রায়হান রাইন \ সংবেদ, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০ \ দাম ১৫০ টাকা \মনসুর আল-হাল্লাজ ‘আনা আল-হক’-এর মন্ত্র দিচ্ছেন বলে শরিয়তি মুসলমানরা তাঁর ওপর ভয়ানক তেঁতে আছে। খলিফার দরবারে নালিশ উঠেছে, তিনি কাবাগৃহ ধ্বংসের প্ররোচনা দিচ্ছেন (হাল্লাজ তাঁর শিষ্য শাকিরকে রূপকার্থে নিজের কাবা ধ্বংসের উপদেশ দিয়েছিলেন। ভেতরের কথাটা ছিল ইসলামের জন্য দেহ-মন উৎসর্গ করা। কিন্তু জাহিরি সমাজ এর ভুল ব্যাখ্যা করে)। এই নিদানকালে, হাল্লাজ খোদার কাছে শরিয়তি সমাজের হাত থেকে রেহাই পাওয়ার ভিক্ষা চাইবেন—এমনই তো স্বাভাবিক। কিন্তু তিনি করছেন একেবারে উল্টো প্রার্থনা। কিতাব আল-তাওয়াসিন গ্রন্থে হাল্লাজ একটি রূপক দিয়েছেন। মথ যখন আগুনের মধ্যে পুড়তে পুড়তে পুরোনো রূপ হারিয়ে ফেলে, তখন সেই মিলনের চরম যাতনার প্রকাশ ‘বাগেন্দ্রিয় না সম্ভবে’। গুপ্তজ্ঞানের বাগানে হাল্লাজ যখন মথের মতো পুড়ে মরছেন, আত্মতত্ত্বের চেতন পেয়ে ছটফট করছেন, তখন জাহিরি সমাজের দুনিয়াবি ক্রোধ তো পাখির পালকের থেকেও তুচ্ছ। তাঁকে যখন জাহিরি সমাজ ‘ব্লাসফেমি’তে লটকানোর ফন্দি করছে, তখন এই আত্মভোলা সুফি বলছেন, ‘তোমরা বলছ যে আল্লাহ হারিয়ে গেছেন আমার মধ্যে। তোমরা বরং বলো যে সে হচ্ছে হুসাইন বিন মনসুর, যে হারিয়ে গেছে তাঁর (আল্লাহর) মধ্যে।’সবাই জানেন, হাল্লাজের বাণী সেকালের মুসলিম উম্মাহর হূদয়ে পশেনি, তীরের মতো বিঁধেছে। ফলত ‘আইনসংগতভাবে’ মনসুর আল-হাল্লাজ খুন হন। এসব প্রায় এক হাজার ১০০ বছর আগের ইতিহাস।কিতাব আল-তাওয়াসিন দশম শতকের রচনা। এতকাল পর এই কিতাবের বাংলা করলেন রায়হান রাইন। তিনি দর্শনশাস্ত্রের মান্য শিক্ষক, বিশেষত, বাংলার দর্শন বিষয়ে সুপণ্ডিত। কাজেই প্রশ্নটা ওঠে, এই গ্রন্থ অনুবাদে তিনি উৎসাহী হলেন কেন? অনুবাদকের ভূমিকায় তিনি এর উত্তরের কিছু ইশারা দিয়েছেন। আমরা বইয়ের কয়েকটি মূল প্রশ্নের ছুতো ধরে এই উত্তরটাই খুঁজব।শরিয়ত আর মারেফতের দ্বন্দ্ব বাংলাদেশে একটা দৈনন্দিন ব্যাপার। গ্রামে তো বটেই, শহরতলির অনেক চায়ের দোকানেও এসব বাহাস শোনা যায়। তাই ‘বাতেনি’ বা গুপ্তজ্ঞান পাশ্চাত্যে যেমন একটা ‘মিস্টিক’ বিষয়, বাংলায় তেমন নয়। আমাদের লৌকিক সমাজের সামান্য কথা ও গানে এসব জটিল তত্ত্বের মীমাংসা আছে। হাল্লাজের মন্ত্র তাই এ দেশে তত ভিনদেশি গানের মতো দুর্বোধ্য ঠেকবে না। একটা উদাহরণ দিচ্ছি। মনসুর হাল্লাজের তত্ত্বকথার সার ভাবটা এ রকম: যখন ব্যক্তিসত্তা হিসেবে ‘আমি’র সৃষ্টি হয়নি, তখন শুধু ছিল এক অতীন্দ্রিয় ‘পরম উপস্থিতি’। এই উপস্থিতির ভেতরই ছিল আকারহীন সমস্ত ‘আমি’। ব্যক্তিসত্তা হিসেবে ‘আমি’ যখন সৃষ্টি হলো, সেটা পৃথক হয়ে গেল ‘পরম উপস্থিতি’ থেকে। এর পর থেকে সৃষ্ট ‘আমি’র সাধনা পরম উপস্থিতির ভেতর ফিরে যাওয়া। এর পাশাপাশি রেখে তৈত্তিরীয় উপনিষদ থেকে পড়া যাক: ‘আদিতে জগৎ বলে কিছু ছিল না। কেবল ব্রহ্ম ছিলেন। এই জগৎ তখন অব্যক্ত ব্রহ্মরূপে ছিল। তারপর নামরূপের এই দৃশ্যমান জগৎ আত্মপ্রকাশ করল। ব্রহ্ম যেন নিজেই নিজেকে এভাবে সৃষ্টি করলেন।’সৃষ্ট ‘আমি’ পরমের সঙ্গে মিলবে কেমন করে? হাল্লাজ এর নিদান দিচ্ছেন, ‘ঐক্য প্রতিষ্ঠিত করার উপায় হবে প্রেম।’ আমাদের বৈষ্ণব মতের গোড়ার কথাটাও এই। হাল্লাজের এই কিতাবের একটি গুরুতর ব্যাপার হলো ‘ইবলিসতত্ত্ব’। ইবলিস কিছুতেই আদমকে সেজদা দেবে না। কারণ, সে খোদার তাওহিদ ঘোষণা করেছে। যুগপৎ খোদার একত্ব এবং আদমকে সেজদা করার হুকুম করার মধ্যে স্ববিরোধ আছে। কিন্তু স্বর্গীয় আদেশে স্ববিরোধ থাকতে পারে না। এখানে কি তবে এমন কোনো ইঙ্গিত আছে যে আদম খোদার অংশ? লালন ফকির এই তত্ত্বকে গানের মধ্যে প্রকাশ করেছেন:‘আপন ছুরাতে আদম গড়লেন দয়াময়নইলে কি ফেরেশতারেসেজদা দিতে কয়\আল্লা আদম না হইলেপাপ হইত সেজদা দিলেশেরেক পাপ যারে বলেএ দীন দুনিয়ায়\’পশ্চিমে একটা ভজঘট চলছে, ইসলামকে সন্ত্রাসের সঙ্গে অভিন্ন করে বুঝতে হবে। একদিকে এই নতুন ‘বিদ্যে’র চোখ রাঙানি, অন্যদিকে সাম্প্রদায়িক জোশে বিভিন্ন সমাজের ঠোরাঠুরি—এ দুই দিককার ঠেলা সামলাতে হাল্লাজের এ বই একটা জুতসই জবাব হতে পারে। বাংলার লৌকিক চিন্তায় পারস্যের সুফির ক্বালবের প্রতিধ্বনি শুনতেই শুধু নয়, সম্পূর্ণ রাজনৈতিক প্রণোদনা থেকেও এ বই পাঠ্য হতে পারে।অনুবাদের ক্ষেত্রে রায়হান রাইন যথাসম্ভব মূলানুগ থেকেছেন। সতর্কতার সঙ্গে খেয়াল করেছেন, অর্থের অন্যথা না হয়। এদিকে নজরদারি রাখতে গিয়ে রূপের দিকটায় কিছুটা ঢিল পড়েছে, অনুবাদ সর্বত্র সমানভাবে প্রাঞ্জল হয়নি। নিজের ভূমিকায় তিনি প্রাসঙ্গিক আলোচনার পাশাপাশি বাংলার ভাববিগ্রহের সঙ্গে সুফিবাদের সম্পর্ক যাচাই করেছেন। সেটা এ বইয়ের একটি বাড়তি পাওনা। মনসুর আল-হাল্লাজ বাংলায় বহুকাল ধরে পঠিত, অনুবাদক যার একটি সাবুদ লালনের গান থেকে তুলে দিয়েছেন:‘মনছুর হাল্লাজ ফকির সেতবলেছিল, আমি সত্যসই পলো সাঁইর আইন মতোশরায় কি তার মর্ম পায়\আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়।’অনুবাদক তাই নিঃসন্দেহে জানাতে পারছেন, ‘মনসুর আল-হাল্লাজের মরমি-তত্ত্বের পরিচয় বাংলার ভাবসাধনাকে বুঝতে আমাদের সাহায্য করবে।’