বাংলার মাটি বাংলার জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক গবেষকগান আমার সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। গান আমাকে বিভোর করে রাখে। প্রায়ই ভাবি, গান ছাড়া আমি হয়তো অন্য কোনো ভুবনের বাসিন্দা হতাম। রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান বিশেষভাবে টানে। সেই সঙ্গে পাশ্চাত্য সংগীতও শুনি। প্রিয় একটি গানের কথা বলা সত্যিই ভীষণ মুশকিল। তবে এই মুহূর্তে যে গানটি বিশেষভাবে মনে পড়ছে, সেটি লালনের। ‘কি কালাম পাঠাইলেন আমার সাঁইজী দয়াময়...’। গানটি আমার ভাবনাকে উজ্জীবিত করে। তাড়িত করে। ভাবতে অবাক লাগে, গানটিতে লালন কত সহজেই মানবতার কথা বলেছেন। মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। গানটি অনেকের কণ্ঠেই শুনেছি। তবে আনুশেহ আনাদিলের কণ্ঠেই বেশি ভালো লেগেছে। বাউল, পল্লি বা মরমি গানগুলোয় গায়কীর পার্থক্য রয়েছে। আবার অঞ্চলবিশেষে বেশ ভিন্নতাও রয়েছে। আমার মনে হয়, এই গানটি বাউলেরা যেভাবে গায়, আনুশেহও যেন একইভাবে গেয়েছে। ওর গান শুনলে মনে হয় আখড়ার কোনো বাউলের কণ্ঠে গান শুনছি।আগেই বলেছি, রবীন্দ্রসংগীত আমার প্রিয় গানের একটি ধারা। রবীন্দ্রনাথের সব গানই ভালো লাগে। তবে নিজেই মাঝেমধ্যে গুনগুন করে গাই ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে...’।রবীন্দ্রনাথের আরেকটি গানের কথা বলতে পারি, স্বাগতালক্ষ্মীর কণ্ঠে ‘বাংলার মাটি বাংলার জল’। এত তন্ময়তার সঙ্গে তিনি গানটি গেয়েছেন! যখনই তাঁর কণ্ঠে গানটি শুনি, মনে হয় কী এক আশ্চর্য করুণ পেলব সৌন্দর্য আছে গানটিতে। শুনতে শুনতে এত মগ্ন হয়ে রই, বুঝতে পারি না কখন চোখে পানি এসে গেছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন। মনে হয় কবি বাংলাদেশের প্রতি তাঁর সব ভালোবাসা উজাড় করে গানটি লিখেছেন।প্রিয় গানের দীর্ঘ তালিকার মধ্যে আরেকটি গানের কথা এই মুহূর্তে বলতে পারি—প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’। তবে এটা মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠেই ভালো লাগে। সামগ্রিকভাবে আমার কাছে রবীন্দ্রনাথ এক আশ্চর্য বিস্ময়। জীবনের সব বিষয় নিয়ে তিনি অসাধারণ প্রকাশভঙ্গিতে বাঙ্ময় করে তুলেছেন। এমন তুলনা খুঁজে পাওয়া কঠিন। তিনি কী সূক্ষ্ম সৌন্দর্যময় লাবণ্যে মণ্ডিত করেছেন সাহিত্যকে! কেউ যদি তাঁর গভীরতর ভাব, চিন্তার অসাধারণত্ব, প্রকাশভঙ্গির প্রাঞ্জলতা, লাবণ্যময়তা লক্ষ করেন, বলতেই হবে বাঙালি সংস্কৃতিকে তিনি একটি উচ্চতায় নিয়ে গেছেন, যা মানুষের সৌন্দর্যতৃষ্ণাকে পরিতৃপ্ত করতে সক্ষম। আর তাই তিনি প্রতি মুহূর্তে আমাদের সত্তার সঙ্গে জড়িয়ে আছেন। গত বছর ছিল রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী। তাই গতবারের বাংলা একাডেমী বইমেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান—সবই ছিল তাঁকে ঘিরে। আর এবার চেষ্টা করেছি, অপার সম্ভাবনাময় বাংলাদেশ এই বিষয়কে ধারণ করে সব আয়োজন করার।আমি মনে করি, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হলে, সাম্প্রদায়িকতা কমে গেলে, মানবিক চৈতন্য দীপ্ত মানুষ হলে—সব দেশের চাইতে যে সেরা আমার জন্মভূমি—এটা আবারও প্রমাণিত হবে। অনুলিখন: সুচিত্রা সরকার