বাংলায় পাঁচ খণ্ডে বোর্হেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোর্হে লুইস বোর্হেস—ক. নির্বাচিত গল্প ও প্যারাবল। ২৮২ পৃষ্ঠা। ৩৭০ টাকা \ খ. নির্বাচিত প্রবন্ধ ও অভিভাষণ। ১৭২ পৃষ্ঠা। ২৩০ টাকা \ গ. নির্বাচিত কবিতা। ৮১ পৃষ্ঠা। ১২০ টাকা \ ঘ. নির্বাচিত সাক্ষাৎকার। ১৫৫ পৃষ্ঠা। ২১০ টাকা। ঙ. বিদেশি লেখকদের নির্বাচিত প্রবন্ধ। ১৬৪ পৃষ্ঠা। ২২০ টাকা। সংকলন ও সম্পাদনা: রাজু আলাউদ্দিন \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ফেব্রুয়ারি, ২০১০ \ ঐতিহ্য, বাংলাবাজার, ঢাকা।গত শতকের সত্তর ও আশির দশক থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে একঝাঁক গল্পকার-ঔপন্যাসিক এবং কবি ও প্রবন্ধকারের আবির্ভাব ও উত্থান সারা পৃথিবীকে চমক লাগিয়ে দেয়। আমরাও এর বাইরে থাকিনি। আধুনিক সময়ের বাঙালি সাহিত্যরসিকের আড্ডায় যেসব নাম হরহামেশা আলোচিত ও প্রশংসিত হয়, তার অধিকাংশই লাতিন আমেরিকার বিভিন্ন দেশের। এদের মধ্যে প্রথমেই যার নাম করতে হয়, তিনি হলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তাঁর শতবর্ষের নির্জনতা উপন্যাসের মাধ্যমে সাহিত্যে একেবারে নতুন, নিজস্ব একটি ধারার প্রবর্তন করেছেন তিনি। সেই অর্থে সাহিত্যের ইতিহাসে তিনি হয়তো যুগান্তকারী এক লেখক হিসেবে অনাগত কালেও নন্দিত হবেন। কিন্তু তাঁর কথা বাদ দিলে আরও অনেক নামই আমরা উচ্চারণ করতে পারি, যাঁরা শুধু লাতিন আমেরিকা কিংবা স্পেনীয় সাহিত্যেই নন, বিশ্ব সাহিত্যেরই বরেণ্য লেখক, ঔপন্যাসিক কিংবা কবি হিসেবে ইতিমধ্যেই সম্মানের আসন দখল করে নিয়েছেন। আলেহো কার্পেন্তিয়র, মারিয়ো ভার্গাস য়োসা, কার্লোস ফুয়েন্তেস, ইসাবেল আইয়েন্দে, ওক্তাবিও পাস, হোসে দোনোসো, কাবরেরা ইনফান্তে ইত্যাদি অনেক নাম আজ বিশ্ব সাহিত্যের অঙ্গনে সুপরিচিত। সুখের কথা এই যে খুব খণ্ডিত আকারে হলেও তাঁদের অনেকেই বাংলায় ইতিমধ্যে অনূদিত এবং সুপরিচিত।এ ছাড়া বিশেষভাবে উল্লেখ করব বলেই যাঁর নামটি এখন পর্যন্ত লিখিনি, তিনি হলেন হোর্হে লুইস বোর্হেস। বর্তমান সময়ের অত্যন্ত খ্যাতিমান লাতিন আমেরিকার লেখক কার্লোস ফুয়েন্তেসের কথা দিয়েই শুরু করি। ফুয়েন্তেস বলেছেন, ‘তাঁর (অর্থাৎ বোর্হেসের) গদ্য ছাড়া বর্তমান সময়ের লাতিন আমেরিকার উপন্যাস সম্ভব হতো না।’ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও মারিয়ো ভার্গাস য়োসাসহ দক্ষিণ আমেরিকার খ্রিষ্টান লেখকদের প্রায় সবাই-ই কোনো না-কোনো সময়ে বোর্হেস সম্পর্কে অনুরূপ মন্তব্য করেছেন। সত্যি বলতে কি, বোর্হেসকে আধুনিক লাতিন আমেরিকা তথা স্পেনীয় সাহিত্যের পথিকৃৎ বলে সবাই এখন মনে করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে দক্ষিণ আমেরিকার আধুনিক সময়ের উত্তর আধুনিক ও অন্যান্য ঘরানার সাহিত্যকর্ম নিয়ে অনেক হইচই হলেও বাংলাদেশে বোর্হেস অনেকটাই যেন উপেক্ষিত। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণও আছে। প্রথমত, বর্তমান সময়ের লাতিন আমেরিকার স্পেনীয় অঞ্চলে সাহিত্য-গুরু হিসেবে বিবেচিত হলেও বোর্হেস কোনো উপন্যাস লেখেননি। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এই সাহিত্যধারায় সম্পূর্ণ অনুপস্থিত থেকে খ্যাতি পাওয়া প্রায় অসম্ভব হলেও তা সম্ভব করে তুলেছেন বোর্হেস। তবে জনপ্রিয়তা? তা হয়তো বা তাঁর কাছে অধরাই থেকে যাবে! কিন্তু জনপ্রিয়তা যে সাহিত্যের আসরে স্থায়িত্বের মাপকাঠি নয়, এমনকি অপ্রয়োজনীয়ই, তা নিয়ে বোধ করি বিতর্কের অবকাশ নেই। সুতরাং ব্যাপক জনপ্রিয়তা ছাড়াই হোর্হে লুইস বোর্হেস বিশ্ব সাহিত্যের আসরের মধ্যমণি হয়ে থাকবেন বলে আমার ধারণা। এর কারণগুলো আমরা খুব সংক্ষেপে চিহ্নিত করার চেষ্টা করতে পারি।প্রথমেই ধরা যাক বোর্হেসের কোনো উপন্যাস না লেখার বিষয়টি। উপন্যাস যে সবাই লেখেন কিংবা লিখতে পারেন, এমন নয়। তবে বোর্হেসের মতো অনন্যসাধারণ প্রতিভাধর লেখক ইচ্ছে করলে উপন্যাস লিখতে পারতেন, এমন একটা ধারণা করা হয়তো অসমীচীন হবে না। তবে উপন্যাস তিনি যে ইচ্ছে করেই লেখেননি, এর সুস্পষ্ট একটি ব্যাখ্যা তাঁরই একটি সংক্ষিপ্ত, কিন্তু এখন ব্যাপকভাবে পরিচিত, বক্তব্য থেকে সহজেই বোঝা যায়। ১৯৪৪ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গল্পগ্রন্থ কল্পকাহিনির ভূমিকায় তিনি মন্তব্য করেছেন: ‘যার মৌখিক প্রকাশ কয়েক মিনিটেই করা সম্ভব, তার জন্য পাঁচ শ পৃষ্ঠা জায়গা নেওয়ার কী দরকার?’ তাঁর এই মূলত যথার্থ অনুভূতি ও উক্তি সত্ত্বেও পৃথিবীব্যাপী সাহিত্যাঙ্গনে উপন্যাসের রাজত্ব এখন প্রশ্নাতীত। তবুও বোর্হেস এমনই মনে করতেন এবং অনেকটা সে কারণেই, আমার ধারণা, তাঁর খ্যাতি ও পরিচিতি খর্বিত হয়েছে।এ কথা এখন বিশ্বব্যাপী স্বীকৃত যে বোর্হেস শুধু স্পেনীয় সাহিত্যেই নন, গোটা পৃথিবীর সাহিত্য অঙ্গনেই অনন্যসাধারণ এক সাহিত্য-প্রতিভা হিসেবে সমাদৃত তাঁর অসাধারণ ছোটগল্পগুলোর জন্য। এর অধিকাংশেরই মৌলিকত্ব এবং নতুনত্ব অভূতপূর্বই নয় শুধু, অনন্যসাধারণও। তাঁর লেখা গল্প পাঠের কোনো পূর্বপ্রস্তুতি না থাকলে, অত্যন্ত পরিশীলিত পাঠকও হোঁচট খাবেন বলে আমার আশঙ্কা। গল্পে তাঁর কাহিনিগুলো অধিকাংশ ক্ষেত্রেই বেশ জমজমাট, অনেকগুলো গোয়েন্দা কাহিনির মতো। কিন্তু তাদের শুরু ও অগ্রগতি এবং অনেক ক্ষেত্রে সমাপ্তিও পাঠককে প্রায়ই ধাঁধায় ফেলে দেয়। পাঠকের মনে হতে পারে যে তিনি কি একটি গল্প পড়ছেন, নাকি কোনো প্রবন্ধ! এবং ওই প্রবন্ধটি কি ঐতিহাসিক, নাকি অন্য কোনো বিষয়ক!আরেকটি কথা বলা দরকার। হোর্হে লুইস বোর্হেস তাঁর গল্গগুলো লিখেছেন স্রেফ এক নতুন আঙ্গিকে, কোনো কাহিনি বর্ণনার উদ্দেশ্যে নয়। পৃথিবী, সময়, জীবন—এ সবের অর্থ খুঁজেছেন তিনি নিজ জীবনে। তাঁর বিখ্যাত সব গল্পেও তা-ই খুঁজেছেন তিনি। তাই বলে গুরু-গম্ভীর কোনো দার্শনিকতত্ত্ব দিয়ে পাঠককে ভারাক্রান্ত করেন না বোর্হেস। তিনি তাঁকে ভাবিয়ে তোলেন। তাঁর লেখা পাঠের পর চিন্তাশীল পাঠক অবশ্যই ভাবতে বাধ্য হন। এটাই বোর্হেসের বৈশিষ্ট্য। কিন্তু এমন বৈশিষ্ট্য তো বিশ্ব সাহিত্যের নামজাদা আরও অনেক লেখকেরই আছে, তাহলে অনন্যসাধারণ অভিধা কি একটু অতিশয়োক্তি? নিশ্চয়ই না। সাহিত্যে উত্তর আধুনিকতা নিয়ে পৃথিবীব্যাপী এখন যে শোরগোল হচ্ছে এবং বিভিন্ন জনকে তার জন্য যে কৃতিত্ব দেওয়া হচ্ছে, তা হয়তো অহেতুক নয়। তবে বোর্হেসের পাঠক অতি সহজেই লক্ষ করতে পারবেন যে উত্তর আধুনিকতার বৈশিষ্ট্য হিসেবে যেসব লক্ষণ চিহ্নিত, তার প্রায় সবই বোর্হেসের লেখায় উপস্থিত। অর্থাৎ সাহিত্যে, বিশেষ করে লাতিন আমেকািয়। উত্তর আধুনিকতারও পথিকৃৎ হলেন এই বোর্হেস।অথচ বিশ্ব সাহিত্যের এহেন দিকপাল বাংলা সাহিত্যে ছিলেন প্রায় অনুপস্থিত। ছিটেফোঁটা তাঁর দুয়েকটি লেখার অনুবাদ প্রকাশিত হলেও তাঁর প্রধান কোনো লেখা বই আকারে বাংলায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। এই মারাত্মক অভাবটি সম্প্রতি পূরণ করেছেন রাজু আলাউদ্দিন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি আক্ষরিক অর্থেই দেশে অনুপস্থিত ছিলেন, যদিও বিভিন্ন পত্রপত্রিকায় মাঝেমধ্যেই তাঁর লেখা প্রকাশিত হতে দেখেছি। এই ১১টি বছর তিনি ছিলেন লাতিন আমেরিকার অন্যতম প্রধান দেশ মেক্সিকোয়।মেক্সিকোয় স্বেচ্ছা-প্রবাসে যাওয়ার আগেই রাজু আলাউদ্দিনের স্বপ্ন ছিল বোর্হেসের একটি সুবৃহৎ সংকলন প্রকাশ করার। এ জন্য অনেক অনুবাদকের কাছ থেকে কিছু কিছু লেখাও তিনি তখন সংগ্রহ করেছিলেন। এর সুফল দেশে ফিরে এসে উপহার দিলেন তিনি বাংলা সাহিত্যকে, মোট পাঁচটি খণ্ডে প্রায় সাত-আট শ পৃষ্ঠার একটি নির্বাচিত সংকলন প্রকাশ করেছেন রাজু আলাউদ্দিন হোর্হে লুইস বোর্হেসের বিভিন্ন লেখা ও সাক্ষাৎকার নিয়ে। এটি ‘বোর্হেস সমগ্র’ না হয়েও তার চেয়ে খানিকটা ঋদ্ধতর বলে আমি মনে করি। কারণ বোর্হেসের লেখার বিখ্যাত ও অনন্যসাধারণ কোনো লেখাই এই সংকলন থেকে বাদ যায়নি। অধিকন্তু বোর্হেসের নির্বাচিত সাক্ষাৎকার এবং খ্যাতিমান সব দেশি ও বিদেশি লেখকের বোর্হেস-সম্পর্কিত রচনা এই সংকলনটিকে একটি ভিন্নতর অসাধারণ মাত্রা দিয়েছে। লক্ষ করার বিষয় যে সংকলক এবং কতিপয় লেখার অনুবাদক রাজু আলাউদ্দিন বাংলাদেশের প্রধান অনুবাদক ও বোর্হেসপ্রেমীদের খুব সামান্য-সংখ্যকদেরই এই সংকলনের বাইরে রেখেছেন। সংকলনের মোট পাঁচটি খণ্ডে অতিপরিচিত কাঠামো অনুযায়ী কোনো ক্রমিক নম্বরের তকমা এঁটে দেননি তিনি। এর প্রতিটি সংকলনই স্বাধীন এবং স্বতন্ত্র। তবে আগ্রহী পাঠক এর একটি পড়লে অন্যগুলোও নিশ্চয়ই পড়তে চাইবেন বলে আমার ধারণা।স্বাধীন সংকলনগুলো হলো—নির্বাচিত গল্প ও প্যারাবল, নির্বাচিত প্রবন্ধ ও অভিভাষণ, নির্বাচিত কবিতা, নির্বাচিত সাক্ষাৎকার ও বিদেশি লেখকদের নির্বাচিত প্রবন্ধ। প্রতিটি সংকলনের মুখবন্ধে, বিশেষ করে নির্বাচিত গল্প ও প্যারাবল যে খণ্ডে প্রকাশিত হয়েছে সে খণ্ডে, সংকলকের অত্যন্ত মূল্যবান বক্তব্য বোর্হেসের পটভূমি ও তাঁর কৃতি বুঝতে পাঠককে সাহায্য করবে। আমার বিশ্বাস, হোর্হে লুইস বোর্হেসের বাংলা এই অনুবাদ-সংকলনটি প্রকাশ করে রাজু আলাউদ্দিন আমাদের সাহিত্যকে নিঃসন্দেহে ঋদ্ধতর করলেন।