বাংলিশ-চিংলিশ-হিন্দলিশ-ভিংলিশ
বাহ্, ব্যাপারটা যে এত সোজা তা তো জানা ছিল না।দেশের উচ্চ আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে, এখন থেকে বাংলা ও ইংরেজির মিশেল ‘বাংলিশ’ নিষিদ্ধ হলো। রেডিও-টিভিতে ‘হাই ফেন্ডস’ সম্বোধনে রসালো গপ্প ফাঁদা চলবে না। তবে কেউ এমন অপরাধ করলে কী শাস্তি হবে, আর কীভাবেই বা সে রায় কার্যকর হবে সে বিষয়ে বিজ্ঞ আদালত অবশ্য কোনো আলোকনির্দেশিকা পাঠাননি। বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বললে দণ্ড, কিন্তু শুদ্ধভাবে বাংলা বলতে বা লিখতে না পারলে কী হবে, তার শাস্তিই বা কী, সে বিষয়েও মহামান্য আদালত কিছু বলেননি। না বলে ভালোই করেছেন, তাতে আর কেউ না হোক, আমাদের মাননীয় সাংসদেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ‘তাজা দূরদর্শনের’ কল্যাণে আজকাল সংসদের ‘মেঝে’ থেকে তাঁদের বক্তিমা শোনার অভিজ্ঞতা আমাদের আছে। ভাবতে পারেন, শুদ্ধ বাংলা বলার নির্দেশ দেওয়া হলে তাঁদের কী হাল হবে!আদালতের নির্দেশটি আমার খুব মনে ধরেছে। আমি ভাবছি, ব্যাপারটা যদি এমন সোজা হয় তাহলে তো এখন থেকে আরও অনেক ব্যাপারেই মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া যায়। যেমন সর্বস্তরে বাংলা চালুর সিদ্ধান্ত। ৪০ বছর আগে আইন করে বলা হয়েছিল, সর্বস্তরে বাংলা চালু করতে হবে। হয়নি, হবেও না। অতএব, মহামান্য আদালতের কাছে আমরা আরজি পেশ করতে পারি। প্লিজ (থুক্কু, দয়া করে), একবার এই মর্মে নির্দেশ জারি করুন যে সর্বস্তরে (‘শুদ্ধ’) বাংলা চালু করতে হবে। আর অমনি আলাদিনের ‘চেরাগে’র মতো চারদিকে সব বাংলা চালু হয়ে যাবে।শুধু বাংলা ভাষার প্রচলন কেন, আরও কত ব্যাপার আছে যেখানে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ প্রদান করতে পারেন। করলেই হলো, সে নির্দেশ পালিত হলো কি হলো না, তা নিয়ে তো কোনো দুর্ভাবনা নেই। যেমন, দুর্নীতি করা যাবে না। ইভ টিজিং করা যাবে না। স্টক বাজার নিয়ে ফাটকাবাজি চলবে না। লাইসেন্স ছাড়া বাস চালানো যাবে না। অস্ত্র নিয়ে হল দখল চলবে না। একই দিনে ‘আওয়ামী’-‘বিএনপি’ মাঠ দখলের লড়াইতে নামতে পারবে না ইত্যাদি। হাইকোর্ট শব্দটাও কিন্তু ইংরেজি, এ নিয়েও একটা রুল জারি হতে পারে।পাঠক, বিরক্ত হবেন না। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ রকম হাসি-মশকরা করা সমীচীন নয়, সে বোধটুকু আমার আছে। কিন্তু সত্যি করে বলুন তো, এই নির্দেশকে ‘সিরিয়াসলি’ নেওয়ার কোনো যুক্তি আছে? বিশেষত যেখানে এমন একটি নির্দেশ কার্যকর কীভাবে হবে, তার কোনো স্পষ্ট দিকচিহ্ন একেবারেই অস্পষ্ট?ভাষার এই শঙ্করায়ণ (‘হাইব্রিডাইজেশন’) শুধু এক বাংলার সমস্যা নয়। নিউইয়র্কের ব্রডওয়েতে এই মুহূর্তে একটি ফাটাফাটি মিউজিক্যাল চলছে, যার নাম চিংলিশ (চাইনিজ+ইংলিশ)। বাড়ির পাশে ভারত, যেখান থেকে আমাদের রেডিও-টিভিতে বাংলিশ ব্যাপারটা এসেছে, সেখানে তারা ভুগছে হিন্দলিশের সমস্যায়। পাকিস্তানিরা ভুগছে পাংলিশের (পাঞ্জাবি+ইংলিশ) সমস্যায়। আরও আছে, যেমন সিঙ্গলিশ (সিঙ্গাপুরিয়ান+ইংলিশ), স্পাংলিশ (স্পানিশ+ইংলিশ) বা ভিংলিশ (ভিয়েতনামি+ইংলিশ)। বিশ্বজুড়ে ইংরেজির প্রভাব বেড়েছে। তার ছাপ স্থানীয় ভাষার ওপরে পড়েছে। ফলে ভাষার এই শঙ্করায়ণ। আবার উল্টোটাও ঘটেছে। অন্য ভাষাভাষীর কারণে ইংরেজিতে অসংখ্য বিদেশি শব্দ ঢুকে পড়েছে। ফলে এমন অনেক লেখকের বই আছে যা পড়ে পাক্কা সাহেবদের বোঝার সাধ্য নেই কী বলা হচ্ছে। সালমান রুশদি, অমিতাভ ঘোষ বা বিক্রম শেঠের যেকোনো বই পড়ে দেখুন। ‘হে ভাই, ডিড ইউ আস্ক দ্যাট রসমালাই অন এ ডেট, অর হোয়াট?’ এই জাতীয় বাক্যে সেসব বই সয়লাব (একই কাণ্ড একসময় জেমস জয়েসকে নিয়েও হয়েছিল)। বিলাতে সাহেবরা এই নিয়ে অনেক দিন থেকেই চিন্তিত। ভারতীয় ভাষাসমূহের অবাধ অনুপ্রবেশ ঠেকাতে নানা রকম কায়দা-কসরত হয়েছে, কিন্তু কাজ হয়নি। যেমন কাজ হয়নি ইংরেজির মার্কিনীকরণের বেলায়। ফরাসিরাও তাদের ভাষায় ইংরেজির অনুপ্রবেশ ঠেকাতে আইন করেছে। খুব একটা কাজ হয়েছে বলে শুনিনি।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, যেখানে ভাষাভিত্তিক রাজনীতি বরাবরই একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে, সেখানে ইংরেজির অনুপ্রবেশের একটি শ্রেণীগত চরিত্র রয়েছে। ইংরেজি না জানলে, ইংরেজি না বলতে পারলে জাতে ওঠা অসম্ভব। ইংরেজরা এই অঞ্চল ছেড়ে গেলেও ম্যাকলে সাহেবের ভূত তাদের তাড়া করা থামায়নি। তাঁর পরামর্শমতো সেই যে কেরানি বানানোর উদ্দেশ্যে ইংরেজির চল হলো, এখনো সে নিয়মই বহাল রয়েছে। সেসব কেরানি এবং তাদের ছেলেমেয়ে এখন দেশের হর্তা-কর্তা। তারা যে ভাষায় কথা বলে, সব সরকারি কাজকর্ম সে ভাষাতেই হবে, এ তো জানা কথা। অন্য সবাই যারা মইয়ের পা-দানিতে বসে ওপরে ওঠার চেষ্টা করছে, তারা জানে, কর্তার বোলচাল রপ্ত না হলে তাদের ওপরে ওঠা হবে না। অতএব সর্বত্রই ইংরেজি শেখার, বলার ও তার ব্যবহারের ইঁদুর দৌড়। এর ফলে সৃষ্টি হয়েছে এই ভাষাগত বর্ণবাদ (লিঙ্গুইস্টিক অ্যাপারথেইড)।শুধু বাংলিশ কেন, শুদ্ধ বাংলা বলা ও লেখাও কি কম বড় সমস্যা? বাংলা ভাষার দূষণের মতো অশুদ্ধ বাংলা ব্যবহারও যে মস্ত সমস্যা, বাংলাদেশের আদালতের রায়ের ওপর মন্তব্য করতে গিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা তার একটি সুন্দর উদাহরণ দিয়েছে। ‘শ্রমিকেরা তাহাদের দাবিতে সোচ্চার হওয়ায় ব্যাপক অশান্তি হইল এবং মালিকপক্ষ পদক্ষেপ নেওয়ায় শ্রমিকনেতা তাহার বক্তব্য রাখিলেন।’ এখানে বেশ কয়েকটি ভুল আছে বলে পত্রিকাটি জানিয়েছে। ‘সোচ্চার’ শব্দের অর্থ পাখির সশব্দ মলত্যাগ। ‘পদক্ষেপ’ নেওয়া সম্ভব নয়। ‘বক্তব্য’ রাখা যায় না, পেশ করতে হয়। পত্রিকাটি বলেছে, এটাও একধরনের দূষণ। তা ঠেকাব কী করে? (পাঠকের নিশ্চয় মনে আছে, ‘জঙ্ঘা’ শব্দের ভুল ব্যবহার নিয়ে বাংলাদেশের এক অধ্যাপক কেমন নাকাল হয়েছিলেন।)এ তো গেল শুদ্ধ বাংলা বলা ও লেখার সমস্যা। অন্য সমস্যা শুদ্ধ উচ্চারণ। মনে আছে, বছর দুয়েক আগে প্রমিত বাংলা নিয়ে ঢাকার বুদ্ধিজীবী মহলে চুল ছেঁড়াছিঁড়ি শুরু হয়েছিল। অভিযোগ উঠেছিল, টেলিভিশনের কারণে আমাদের ভাষা দূষিত হয়ে পড়ছে। কোনো কোনো নাট্যকার এক বিচিত্র বাংলায় তাদের সব পাত্রপাত্রীকে দিয়ে কথা বলান, ছেলেছোকরারা সে কথা শুনে ধরে নিচ্ছে, এটাই সঠিক ভাষা। আধুনিক হতে হলে এই ভাষাতেই কথা বলতে হবে। (আমি প্রথম অলোতে ভারতী মুখার্জির সঙ্গে এক সাক্ষাৎকারে দেখেছি, প্রশ্নকর্তা জানতে চাইছেন, ‘আপনি কবে আইলেন?’) নাট্যকাররা অবশ্য বলেন, ছেলেছোকরারা যে ভাষায় কথা বলে, তাঁরা কেবল তা অনুসরণ করেন। একজন নাট্যকার এমন দাবিও তুললেন, একসময় এই খিচুড়ি বাংলাই হয়ে উঠবে এপারের বাঙালিদের ‘লিঙ্গুয়া ফ্রাঙ্কা’। সে কথা শুনে আঁতকে উঠেছিলাম। সর্বনাশ, বাজারি বাংলাই যদি মান বাংলা হয়ে ওঠে, তাহলে শ্রেণীকক্ষে মাস্টার সাহবেরা কী পড়াবেন? যে ভাষার কোনো সুনির্দিষ্ট ব্যাকরণ বা ব্যবহারবিধি নেই, তা ক্লাসে শিখিয়েই বা কী হবে? হরহামেশাই তো এই ভাষা বদলাবে, আর এভাবে ক্রমবিবর্তনের ভেতর দিয়ে যে ভাষা দাঁড়াবে অথবা নাট্যকার মহোদয়েরা যে ভাষা আমাদের মান বাংলা বলে তাঁদের নাটকে চালু করবেন সেটাই হবে আমাদের প্রমিত ভাষা।সত্যি কথা হলো, ভাষার দূষণ ঘটবেই, তা ঠেকানোর জন্য যা দরকার তা হলা শুদ্ধ ভাষা শিক্ষা। এই কাজটা করা দরকার একদম গোড়া থেকে, অর্থাৎ কিন্ডারগার্টেন পর্যায় থেকে। সেই শিক্ষাকার্যক্রম কার্যকর করতে হলে একদিকে চাই কী পড়নো হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা, তেমনি যাঁরা সে ভাষা পড়াবেন তাঁদের সুশিক্ষা। আমাদের দেশে প্রাথমিক স্কুল পর্যায়ে বাংলা শেখানোর জন্য কাউকে আলাদা করে ডিগ্রি নিতে হয় না—নিতে হয় না কোনো প্রশিক্ষণ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি থাকলেই হলো। অথচ ভাষা শেখার সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই অবস্থার পরিবর্তন দরকার। আদালত হয়তো পারবেন না, কিন্তু সরকারের পক্ষে সম্ভব ভাষা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া।আরও একটি জিনিস দরকার। শুধু আদালতের নির্দেশে কাজ হবে না, শুদ্ধ বাংলার পক্ষে চাই একটি ব্যাপক সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন। ওপর থেকে চাপিয়ে দিলে ভাষা শুদ্ধ হবে, এমন উদাহরণ যে একদম নেই, তা নয়। ইসরায়েলে ইড্ডিশ ভাষার বদলে প্রাচীন হিব্রু ভাষাকে জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তুরস্কে আরবির বদলে তুর্কি ভাষা সর্বস্তরে চালু হয়েছে। বালটিক দেশগুলোয় রুশ ভাষা ছেড়ে নিজেদের স্থানীয় ভাষা জাতীয় ভাষার মর্যাদা পেয়েছে। সব জায়গাতেই এই পরিবর্তন এসেছে ওপর থেকে চাপানো সরকারি নির্দেশের মাধ্যমে। পাশাপাশি এই পরিবর্তনের পক্ষে সেখানে ব্যাপক সামাজিক আন্দোলন হয়েছে, যে আন্দোলনের ভিত্তিতে ছিল রাজনৈতিক পুনর্জাগরণের মহামন্ত্র।আমাদের দেশে একসময় বাংলা ভাষার ওপর আরবি চাপানোর চেষ্টা হয়। একদিকে পাকিস্তান সরকার চেষ্টা করেছে বাংলার বদলে আরবি হরফ প্রচলনের, অন্যদিকে তাঁবেদার বুদ্ধিজীবীরা বাংলা ভাষার ভেতর দেদার আরবি শব্দ ঢুকিয়ে দিয়েছেন। ভাবখানা এমন যেন এটাই বাংলা ভাষার স্বাভাবিক চেহারা। উদাহরণ হিসেবে সৈয়দ আলী আহসানের এই কবিতাটি লক্ষ করুন:জরির জোব্বা, শেরোয়ানি আর আমামার সজ্জায়আতরের পানি, মেশকের রেণু খোসবু বিলায়ে যায়,নেকাব খুলেছে নতুন কুমার-রাত্রি হয়েছে ভোরইয়াকুতি আর জুমরাতের লেবাস পরিয়েসুলতানা আছে তখতের পরে বসি।সে চেষ্টা সফল হয়নি, কারণ আমরা তার প্রতিরোধ করেছিলাম সম্মিলিতভাবে, একটি ব্যাপক রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে। বাংলা ভাষার দূষণ—তা ভাষার বিকৃতি বা অশুদ্ধি, যা-ই হোক—তা ঠেকাতে হলে দরকার ষাটের দশকের মতো একটি সম্মিলিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। মহামান্য আদালত যে নির্দেশ জারি করেছেন তাকে হেসে উড়িয়ে না দিয়ে যদি তাকে সেই আন্দোলনের প্রথম ইশতেহার মেনে সামনে আগাই, বাংলাকে দূষণ থেকে বাঁচানো অসম্ভব হবে না।২১ ফেব্রুয়ারি ২০১২, নিউইয়র্ক