লেওনার্দো দ্য ভিঞ্চি খেলার ছলে অনেক কিছুই আঁকিবুঁকি করেছিলেন তাঁর খেরোখাতায়। ভিঞ্চির সময় ওসব আঁকিবুঁকির কিছু কিছু নেহাত অবাস্তব কল্পনা মনে করা হলেও তাঁর খেরোখাতার অনেক কিছুই পরবর্তী সময়ে বাস্তবে রূপ নিয়েছে; হেলিকপ্টার ও বাইসাইকেল হচ্ছে এমনই দুটি যন্ত্র। নিজের খেরোখাতায় লেওনার্দো দ্য ভিঞ্চি আধুনিক সভ্যতার এই দুই বাহনের নকশা এঁকে গেলেও তিনি হয়তো ভাবেননি, এত দ্রুত কোনো এক প্রজন্ম তাঁর এই স্বপ্নের বাস্তবায়ন করে দেখাবে।লেওনার্দো দ্য ভিঞ্চি বাইসাইকেলের নকশা এঁকেছিলেন ১৪৫২ থেকে ১৫১৯ সালের মধ্যে। লেওনার্দোর আঁকা নকশা থেকেই তাঁর মৃত্যুর ৩০০ বছর পর ১৮৩৯ সালে বাইসাইকেল তৈরি করেন কিরকপ্যাট্রিক ম্যাকমিলান নামের এক স্কটিশ ব্যক্তি। লেওনার্দোর নকশাকে হুবহু অনুকরণ করে ম্যাকমিলানের তৈরি করা পৃথিবীর প্রথম বাইসাইকেলটি অবশ্য খবরের শিরোনাম হয়েছিল অন্য এক কারণে।ম্যাকমিলানের তৈরি বাইসাইকেল গ্লাসগোর রাস্তায় একটি দুর্ঘটনার কারণ হয়েছিল। ১৮৪২ সালে গ্লাসগোর একটি সংবাদপত্রে বের হওয়া খবরটি ছিল অনেকটা এ রকম, ‘অদ্ভুতদর্শন একটি বাহন গতকাল গ্লাসগোর রাস্তায় একটি ছোট্ট মেয়েকে ধাক্কা দিয়ে আহত করেছে। বাহনটি দুই চাকাবিশিষ্ট; এর মালিক বাস করেন ডামফ্রাইসশায়ারে। এই অপরাধে তাঁকে পাঁচ শিলিং জরিমানাও করা হয়।’ পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল