বাগদাদ চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন উইলিয়ামসের সঙ্গে আমরা প্রথম পরিচিত হই মর্ক ও মিন্ডি নামের এক সিটকম থেকে। বিটিভি থেকে প্রচারিত হতো সেই আশির দশকে। মর্ক অর্থাৎ রবিন উইলিয়ামস ভিন্ন গ্রহ থেকে আসা এক মানুষ। মিন্ডি তার মর্ত্যলোকের বান্ধবী। এই দুজন মিলে এক ফাটাফাটি হাসির কাণ্ড। তখন থেকেই আমরা রবিন উইলিয়ামসের ভক্ত। পরে অবশ্য অসংখ্য ফিল্মে তিনি এসেছেন, অধিকাংশই কমেডি। তার মধ্যে সবচেয়ে মনে ধরেছিল যেটি, তার নাম মিসেস ডাউটফায়ার। সেই রবিন উইলিয়ামসকে মুখোমুখি দেখলাম ‘বেঙ্গল টাইগার অ্যাট দি বাগদাদ জু’ নামের এক ব্রডওয়ে শোতে। ব্রডওয়ে শো বলতেই আমরা বুঝি মিউজিক্যাল। সোজা গল্প, বিস্তর নাচ ও গান, আড়াই ঘণ্টা ধরে মনভোলানো এক অভিজ্ঞতা। বিস্তর রেস্ত খরচ হয় বটে, কিন্তু মনে থাকার মতো একেকটি শো। ‘বেঙ্গল টাইগার’ সে রকম নয়। এটি একটি নাটক, তাও মূলধারার বলতে আমরা যা বুঝি তা নয়, রীতিমতো এক্সপেরিমেন্টাল। ইরাকে মার্কিন সামরিক অভিযানের ঠিক পরের ঘটনা। সে সময় বাগদাদের চিড়িয়াখানায় ছিল একটি রয়েল বেঙ্গল টাইগার। তাকে পাহারা দেওয়ার সময় অভুক্ত সেই বাঘ থাবা মেরে বসে এক মার্কিন সেনাকে। তাকে খাবার এগিয়ে দিচ্ছিলেন সেই সেনাসদস্য। থাবা দিয়ে খাবার আনতে গিয়ে তাঁর একখানা হাতই খুবলে আনে সেই বাঘ। তা দেখে পাহারারত অপর সেনা ধাম করে গুলি মেরে বসেন, ফলে নিহত হয় সেই বাঘ। গল্পের শুরু সে বাঘের মৃত্যুর পর। মৃত্যু মানে অহোরাত্রি বন্দিত্ব থেকে মুক্তি। খাঁচা থেকে বেরিয়ে সেই বাঘ ও তার পাহারাদার সেনাদের নিয়ে এক দক্ষযজ্ঞ ঘটনা।রবিন উইলিয়ামস হলেন সেই বাঘ। পর্দা সরে গেলেই তাঁর সঙ্গে দর্শকদের সাক্ষাৎ। উষ্কখুষ্ক চুল, গায়ে বিচিত্র ঢোলাঢালা পোশাক, সম্ভবত তাঁকে বাগদাদি একজন বানানোর চেষ্টায় এই পোশাক। দেখেই মনে হয়, কত দিনের অভুক্ত। নাটকের গোড়া থেকেই তাঁর বকবকানি শুরু। ঠিক বোঝা যায় না, কী নিয়ে এত অভিযোগ করছেন তিনি। এক বুনো ভালুকের আত্মহত্যার কথা জানান। চিড়িয়াখানার তাবৎ সিংহ নেহাতই বোকা বলে মন্তব্য করেন। আশপাশে যারা আছে, সবাই আস্ত আহাম্মক, সে কথাও জানান। যে দুজন মার্কিন সেনা তাঁকে পাহারা দিচ্ছেন, সে কথার বিন্দু-বিসর্গও তাঁরা বোঝেন না। তাঁরা ব্যস্ত নিজেদের সাফল্যের গল্প শোনাতে। উভয়ের কাছেই ইরাক বিজয় যেন ছেলেখেলা—এলাম, দেখলাম, আর জয় করলাম, সেই রকম একটা ব্যাপার। এই বিজয়ের পেছনে কত রক্ত ঝরেছে, কত মানুষের মৃত্যু, তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাঁদের। দুই সেনার একজন গর্ব করে জানান, সাদ্দাম হোসেনের দুশ্চরিত্র ছেলে উদে হোসেনের প্রাসাদ আক্রমণে তিনি অংশ নিয়েছিলেন। আলিশান সে প্রাসাদ। সেখানে সবকিছুই সোনার, এমনকি টয়লেটের ঢাকনাটা পর্যন্ত। এই প্রাসাদেই তিনিই খুঁজে পান উদের ব্যক্তিগত রিভলবার। হ্যাঁ, সেটিও সোনার। এখন সেই রিভলবারের মালিক তিনি, গর্ব করে বন্দুকটি দেখান অপর সেনাকে। আর ঠিক তখনই ক্ষুধার্ত বাঘ থাবা বসায়। বন্দুক থেকে গুলি ছিটকে বেরোয়। তারপর মৃত সেই বাঘ খাঁচার বেড়ি গলে বেরিয়ে আসে। এখন সে মুক্ত। মার্কিন সেনার দখলে নেওয়া এই বাগদাদ এমন এক শহর, যেখানে কেবল মৃত্যু হলেই মানুষ মুক্ত হতে পারে। এ কথা সত্যি ছিল সাদ্দাম হোসেনের সময়ে, এ কথা সত্য এখনো, যখন তাঁকে মুক্ত করার নামে দখল নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এটি একটি কমেডি। এই নাটক দেখে আপনার পেট ফেটে হাসি আসার কথা। কিন্তু দেড় ঘণ্টাজুড়ে খুব কেউ যে হাসে, তা মনে হয় না। মৃদু হাততালি অথবা খুক খুক হাসির ধ্বনি শুনি বটে, কিন্তু অধিকাংশের মুখেই কোনো কথা নেই। যুদ্ধকে মহান বলে দেখানোর যত চেষ্টাই হোক না কেন, তা সব সময়ই গভীর বেদনার। সাদ্দামের পতন ও মার্কিন অধিগ্রহণও সে রকম একটি ঘটনা। যুদ্ধে কোনো বিজয় নেই, যুদ্ধের আগে যে কবরের শান্তি ছিল ইরাকে, তাতেও না ছিল বিজয়, না ছিল শান্তি। এ কথা বোঝা যায় এই নাটকের অপর প্রধান চরিত্র এক ইরাকি দোভাষীর ভেতর দিয়ে, যে মার্কিন সেনা তাঁর বন্ধুর লুট করে আনা বন্দুক দিয়ে বাঘটিকে হত্যা করেছিলেন, তাঁর দোভাষী তিনি। যুদ্ধের আগে তিনি ছিলেন একজন উদ্যানপালক। ফুলগাছের লালন ছিল তাঁর কাজ। ফুলের কেয়ারি সাজানো, ঝোপঝাড় কেটে অনবদ্য নানা জীবজন্তু বানানো ছিল তাঁর কাজ। এখন তাঁর দায়িত্ব হানাদার বাহিনীর সেনাদের নির্দেশ ইরাকিদের বুঝিয়ে বলা। কিন্তু যে কাজের অর্থ তিনি নিজেই বোঝেন না, অন্য ইরাকিদের তিনি তা বুঝিয়ে বলবেন কী করে? লুকানো অস্ত্রের খোঁজে এক ইরাকির ঘরে হানা দেওয়ার সময় ভাষার এই দূরত্ব স্পষ্ট হয়ে ধরা পড়ে। ইংরেজি ও আরবি মিলিয়ে শব্দের প্রতিদ্বন্দ্বিতা শুনি, কিন্তু সে কথার কোনো অর্থ কারও কাছে পৌঁছায় না। উদে হোসেনের সোনার বন্দুকটি এখন এই দোভাষীর কাছে। এটির আসল মালিক ইরাক, হানাদারের হাত থেকে তাকে উদ্ধার করে তিনি প্রীত। একসময় মৃত উদে স্বমূর্তিতে আবির্ভূত হয়ে দাবি জানান তাঁর বন্দুকের। উদেকে সেই দোভাষী খুব ভালো করেই চেনেন। তিনি কেবল তাঁর উদ্যানপালকই নন, একসময় তাঁর নাবালিকা ভগ্নিকে অপহরণ করে এনেছিলেন উদে, হাসতে হাসতে তাকে বলাৎকার করেছিলেন তিনি। সেই কিশোরী অথবা তার মতো একজন এখন মার্কিনদের মনোরঞ্জনের কাজে ব্যস্ত। একই সঙ্গে হাসির ও কান্নার একটি দৃশ্য এখানে আমরা দেখি—ইরাকি কিশোরীর কাছে ফুর্তি খুঁজছেন এক সেনাসদস্য, তিনি কিশোরীর ভেতর নিজের ভগ্নিকে দেখে আহত, অপমানিত এক ইরাকি। যুদ্ধের ভগ্নস্তূপে অভিনীত সে দৃশ্য দেখে আমরা বুঝি, এই যুদ্ধের সবচেয়ে বড় যে ক্ষতি, তা হলো মানবতার মৃত্যু। চোখের সামনে যা ঘটে যায়, মৃত বাঘটি তার সবই প্রত্যক্ষ করে। মৃত্যুর আগে সে ছিল ঘোর নাস্তিক, মৃত্যুর পর সে নাস্তিকতা কেবল পোক্তই হয়। যে পৃথিবীতে সে ছিল খাঁচাবন্দী, বস্তুত তা ছিল এক নরক। মৃত্যুর পর স্বর্গের সন্ধান করে সে দেখেছে, কোথাও কোনো স্বর্গ নেই। অথবা ঈশ্বরও নেই। ঈশ্বর যদি থেকেই থাকে, তাহলে যে দৈনন্দিন নরকের সে সৃষ্টিকর্তা, তার দায়ভার নেবে কে? দেবতা ও শয়তান উভয়ই ঈশ্বরের সৃষ্টি, অথচ দেবতার বদলে পৃথিবীর নিয়ন্ত্রণ রয়ে যায় শয়তানের হাতে। কেন?নাটকটির লেখক রাজীব জোসেফ। ভারতীয় বংশোদ্ভূত এই খ্যাতিমান নাট্যকার যুদ্ধকে এলেগরি হিসেবে ব্যবহার করেছেন মানুষ ও ঈশ্বরের পরস্পরবিরোধী সম্পর্কের নৈতিক জটিলতা অনুসন্ধানে। কিন্তু এই দার্শনিক অনুসন্ধান কখনো শুধু কথা কপচানি হয়ে থাকে না। দার্শনিকতাও কখনো নাট্যাভিজ্ঞতায় বোঝা হয়ে ওঠে না। এ কথা ঠিক, একটি নির্ভেজাল গল্প এখানে নেই, কতগুলো আপাত বিচ্ছিন্ন ঘটনা জুড়ে দিয়ে একটি ন্যারেটিভের আদল তৈরি হয় মাত্র। বাঘের চরিত্রে রবিন উইলিয়ামসকে তিনি ব্যবহার করেছেন গ্রিক নাটকের বিবেকের মতো। এ ঘটনার তিনি কেবল প্রত্যক্ষদর্শীই নন, তার ব্যাখ্যাকারীও। ফলে ছেঁড়া ছেঁড়া এই গল্পই শেষ পর্যন্ত পরিণত হয় এক গভীর দার্শনিক অভিজ্ঞতায়। ২৫ এপ্রিল ২০১১, নিউইয়র্ক