বাঘ পুষবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘ
বাঘ

সকালবেলা তোমার-আমার ঘুম ভাঙে চড়ুই-শালিকের কিচিরমিচির শুনে। কিন্তু ব্রাজিলের অ্যারি বোরগেসের ঘুম ভাঙায় পায়ের কাছে বাঘের গর্জন! ভাবছ, ঘুম থেকে উঠেই বোরগেস ‘ওরে বাবা রে, মা রে’ বলে পড়িমরি ছুট লাগান? মোটেই না। বরং বাড়ির পোষা বিড়ালের মতো বাঘের মাথায়, গলায় হাত বুলিয়ে আদর করেন। বাঘটি যে তাঁর পোষা!

বাঘের পিঠে সওয়ার রায়ারা
বাঘের পিঠে সওয়ার রায়ারা

২০০৫ সালে ড্যান আর টম নামের দুটো আহত বাঘকে সার্কাসের দল থেকে ‘উদ্ধার’ করেছিলেন বোরগেস। সেবা-শুশ্রূষা করে তাদের সুস্থ করে তুলেছেন। এখন বোরগেসের বাগানে ঘুরে বেড়ায় সাতটি ‘শিশু বাঘ’! সঙ্গে দুটো সিংহ আর বানরও আছে। তবে বাঘ দুটোর সঙ্গে পরিবারের লোকজনের ভাব জমেছে একটু বেশি। বোরগেসের দুই মেয়ে নায়রা আর উয়ারা তো ছোটবেলা থেকে বাঘের সঙ্গে খেলাধুলা করেই বড় হয়েছেন। এখনো বাঘের সঙ্গে তারা সুইমিং পুলে সাঁতার কাটেন, ফিডার মুখে তুলে খাইয়ে দেন। এমনকি বোরগেসের ছোট্ট নাতনি রায়ারাকে মাঝেমধ্যে বাঘের পিঠে বসে থাকতেও দেখা যায়।
পরিবারের সবার সঙ্গে ড্যান আর টমও প্রতিদিন খাবারের টেবিলে হাজির হয় সময়মতো। পারলে বোধহয় ‘কই, আমার প্লেট কোথায়?’ বলে চেয়ার টেনে বসেও পড়ত! এতে অবশ্য বোরগেস পরিবারের আপত্তি নেই। বাঘগুলোকে তারা পরিবারের সদস্য বলেই মনে করেন।

বাঘের সঙ্গে বসবাসে বোরগেসদের আপত্তি না থাকলেও আপত্তি করছেন প্রতিবেশীরা। পাশের বাড়ির উঠানে বিশালদেহী বাঘ ঘুরে বেড়াচ্ছে, এই পিলে চমকানো দৃশ্যের সঙ্গে তাঁরা মানিয়ে নিতে পারছেন না।

বাঘ
বাঘ


পশুপ্রেমী বোরগেসের বাড়িতে পশু-পাখি লালন-পালনের লাইসেন্স আছে, তবু পুলিশ মনে করছে, এভাবে বসবাস করাটা নিরাপদ নয়। কিন্তু বোরগেস তাঁর আদরের বাঘগুলোকে হারাতে একদম রাজি নন। লোকের কাছে ভয়ংকর হলে কী হবে, বোরগেস পরিবারের কাছে টম আর ড্যান আদরের বিড়ালছানার মতো।
কী, তুমিও একটা বাঘ পুষবে নাকি?

মো. সাইফুল্লাহ
সূত্র: ডেইলি মেইল