বাঙালমুলুকে গান্ধর্বলোক
একজন পেশায় আইনজীবী, ১৫ বছর ধরে আইন ব্যবসা করছেন। আগে নাম ছিল ফ্র্যাঙ্ক ডি লাঙ্গে, বাড়ি নেদারল্যান্ডে। এখন তাঁর নতুন পরিচয় রবিনাথ। আরেকজন ক্রিশ্চিয়ান বারি, সবার কাছে এখন পরিচিত পঞ্চজন্য নামে, সুইজারল্যান্ডের নাগরিক। পঞ্চজন্য পেশায় অর্থনীতির শিক্ষক। ব্যবসায়ীদের অর্থনীতির ওপর প্রশিক্ষণের জন্য নিজের প্রতিষ্ঠান আছে তাঁর। কিন্তু এর বাইরেও বিভিন্ন দেশে রয়েছে তাঁর আটটি গানের বিভিন্ন সরঞ্জাম বিক্রির দোকান। এ রকম ৮০ জনের একটি দল এখন অবস্থান করছে বাংলাদেশে, যারা তাদের সব কাজকর্ম ফেলে ছুটে এসেছে এখানে। দলের সদস্যদের অনেকেই ইতিমধ্যে দু-তিনবার বাংলাদেশে এসেছেন। কিন্তু এখনো এ দেশের কথায় আনন্দে তাঁদের চোখ চকচক করে ওঠে। যাঁরা প্রথমবার বাংলাদেশে এসেছেন, তাঁদের চোখেমুখেও দারুণ উচ্ছ্বাস। বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মনে হয়েছে, তাঁরা নিজের বাড়িতে এসেছেন। একবারের জন্যও তাঁদের মনে হচ্ছে না, তাঁরা স্বভূম থেকে হাজার মাইল দূরের একটি দেশে এসেছেন। কেন এমন মনে হচ্ছে? ২২ বছর বয়সী ভৈরবী আখেনবাখ, যিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সংগীতের ছাত্রী, তাঁর কথা হলো: চার বছর বয়স থেকেই এ দেশের নামের সঙ্গে পরিচয় তাঁর। বাবা-মায়ের কণ্ঠে গানের সুরে এবং অন্য দৈনন্দিন কথাবার্তায় অসংখ্যবার তিনি শুনেছেন বাংলা শব্দ, বাংলাদেশের নাম।আর বিচিত্র পেশায় নিয়োজিত, বিশ্বের বিভিন্ন দেশের এসব নারী-পুরুষকে যিনি বাংলাদেশকে চিনিয়েছেন, তিনি হলেন শ্রী চিন্ময়। চিন্ময়ের জন্ম চট্টগ্রামের শাকপুরা নামের ছোট্ট গ্রামে. ২৭ আগস্ট ১৯৩১ সালে। ১১ বছর বয়সে প্রথমে তাঁর বাবা মারা যান, ঠিক তার এক বছর পরই মারা যান মা-ও। এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন চিন্ময়, হেঁটে প্রায় হাজার মাইল পথ পেরিয়ে হাজির হন দক্ষিণ ভারতে শ্রী অরবিন্দের আশ্রমে। এখানেই আধ্যাত্মিক দীক্ষা ঘটে তাঁর। মানবজন্ম, জগৎ-সংসার—সব বিষয়ে জ্ঞানের এক নতুন দুয়ার খুলে যায় তাঁর সামনে। ৪০ বছর বয়সে এসে চিন্ময় তাঁর আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিতে শুরু করেন চারপাশে। ১৯৬৪ সালে চিন্ময় ভারত ছেড়ে চলে আসেন আমেরিকায়, নিউইয়র্কে।গানের দল ‘গান্ধর্বলোক অর্কেস্ট্রা’ তিনি গড়ে তোলেন ২০০৭ সালে, বুলগেরিয়ার ভার্নে। এই দলে সংগীতজগতের বিশেষ কোনো রথী-মহারথী নয়, তাঁর দলে সমাবেশ ঘটে তাঁরই অনুসারী সংগীতপ্রিয় কিছু নারী-পুরুষের। গলা খুলে গান গাওয়া, বাজনা বাজানোর মধ্য দিয়ে তাঁরা খুঁজে পেতে শুরু করেন শান্তির আরেক ভুবন।শ্রী চিন্ময় বহুমুখী এক প্রতিভা। তিনি একাধারে কবি, আঁকিয়ে, ক্রীড়াবিদ। জীবদ্দশায় তিনি বাংলা ও ইংরেজিতে ১০ হাজারেরও বেশি গান লেখেন ও সুর করেন। শুরু থেকে যেসব সদস্য এই দলে আছেন, তাঁদের কেউ কেউ পনেরো-ষোলো শ গান শিখেছেন চিন্ময়ের কাছ থেকে। গান্ধর্বলোকের সদস্যদের কেউ বাংলা বোঝেন না। কিন্তু চিন্ময় তাঁদের ইংরেজিতে ছোট ছোট সেসব গানের বাণী অনুবাদ করে অর্থ বুঝতে সাহায্য করেছেন। তিনি বলতেন: গাও, তাতে মনে হবে, নিবিড় ঘন অন্ধকারেও একটি প্রদীপ জ্বলজ্বল করে জ্বলছে।চিন্ময় ছেলেবেলায় জন্মস্থান ছেড়ে গেলেও তাঁর হূদয়জুড়ে ছিল বাংলাদেশ। আশির দশকে তিনি দুবার বাংলাদেশে এসেছিলেন। এই সময় তিনি বাংলাদেশ, স্বাধীনতা ও ঢাকা নিয়ে গান রচনা করেন বেশ কিছু। তাঁর প্রতিটি কবিতা, গান ও বক্তৃতায় ঘুরেফিরে এসেছে বাংলাদেশের মানুষ, প্রকৃতি। ফলে যারা কোনো দিন বাংলাদেশ, বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচিত হয়নি, তারাও অচেনা এই দেশের বোল, সুর আর বর্ণনা শুনে দূর থেকেই চিনে নিয়েছে এই দেশকে। তাই বিমানবন্দর থেকে বাইরে বেরিয়েই তাঁদের অনুভূতি হচ্ছে, ‘এই দেশ তো আমারই। আমার খুব চেনা।’২.চিন্ময় ভক্ত ছিলেন রবীন্দ্রসংগীতের। নিজের রচনার অনেক প্রেরণাই তিনি খুঁজে নিয়েছেন রবীন্দ্রনাথের গানের বাণী থেকে। এই রবীন্দ্রপ্রীতি থেকেই তাঁর সংগ্রহে জমে উপমহাদেশের বিভিন্ন রবীন্দ্রসংগীতশিল্পীর গান; এর ধারাবাহিকতায় তাঁর পরিচয় ঘটে বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের সঙ্গেও। ২০০৭ সালে জুলাই মাসে চিন্ময় আয়োজিত এক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত বন্যার আর চিন্ময়কে গান শোনানো হয়ে ওঠেনি। নানা দুর্বিপাকে জুলাইয়ের অনুষ্ঠানের তারিখ স্থগিত হয়ে যায়। এবং ওই বছরই অসংখ্য ভক্তকে কাঁদিয়ে (১১ অক্টোবর ২০০৭ সাল) চিন্ময় পরলোকগমন করেন। বন্যা অবশ্য পরে নিউইয়র্কে চিন্ময় স্মরণে কনসার্ট করেন, ২০০৮ সালে।বন্যার সঙ্গে চিন্ময়ের গান্ধর্বলোকের যোগসূত্র স্থাপনে নেপথ্যে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি হলেন জাগরী। চিন্ময়ের আরেক স্নেহধন্যা। বাংলাদেশে তিনি কর্মরত ছিলেন ইউএনডিপির প্রধান হিসেবে। তিনি এ দেশের মানুষের কাছে রেনেটা ডেসালিন নামেই বেশি পরিচিত।২০০৬ সালের দিকের কথা এটা। ইউএনডিপি তখন কাজ করছে ঢাকা শহরের বস্তিবাসী ছেলেমেয়েদের নিয়ে, এই সময় রেনেটার সঙ্গে পরিচয় হয় বন্যার। বন্যার গান শুনে দারুণ মুগ্ধ হন তিনি। চিন্ময় মনে করতেন, ‘গান মানুষের হূদয়ে সব সময় প্রেরণা হয়ে কাজ করে। সুর মানুষকে উদ্দীপ্ত করে।’ চিন্ময়ের এই আপ্তবাক্যকেই মূল অনুপ্রেরণা ধরে নিয়ে রেনেটা আগ্রহী হন বন্যার প্রতিষ্ঠিত সুরের ধারার ব্যাপারে। যার ফল ইউএনডিপির বস্তিবাসী ছেলেমেয়েদের গানের সঙ্গে পরিচিত করতে শুরু হয় সুরের ধারা-ইউএনডিপির এক যৌথ প্রকল্প। ২০০৭ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ দিবসে সুরের ধারার উদ্যোগে বস্তিবাসী ছেলেমেয়েরা ঢাকা মিশনের আয়োজিত অনুষ্ঠানে গান শুনিয়ে মুগ্ধ করেন আমন্ত্রিত অতিথিদের। এবং দুই বছর স্থায়ী ওই প্রকল্প শেষ হলেও সুরের ধারার সঙ্গে, রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে এক স্থায়ী বন্ধুত্ব হয়ে যায় রেনেটার। চিন্ময়ের প্রতিষ্ঠিত গান্ধর্বলোক অর্কেস্ট্রা দল প্রথম বাংলাদেশ অনুষ্ঠান করে ২০০৯ সালে, কথা ছিল সুরের ধারা পরিবেশন করবে চিন্ময়ের গান আর গান্ধর্বলোক পরিবেশন করবে রবীন্দ্রসংগীত। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে গিয়ে দুই দলই একসঙ্গে সংগীত পরিবেশনায় অংশ নেয়। সেদিনের কথা স্মরণ করতে গিয়ে দলের মোট তিনবারের সফরসঙ্গী এবং চিন্ময় যাঁকে প্রধান পরিচালক হিসেবে অভিষিক্ত করে গেছেন, সেই পঞ্চজন্য ক্রিশ্চিয়ান বারি বলেন, ‘বাংলাদেশে পা দিয়ে মনে হয়েছে, আমি নিজের ঘরে ফিরেছি। আমার চারপাশে বাংলা শুনছি—সেই অনুভূতির কোনো তুলনা হয় না। আজও বাংলাদেশে পা দিয়ে একই রকম লাগে।’ দ্বিতীয়বার গান্ধর্বলোক বাংলাদেশে সংগীত পরিবেশন করে ২০১১ সালে, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে সুরের ধারা আয়োজিত অনুষ্ঠানে।এবারের আয়োজনে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৮০ জন চিন্ময়ভক্ত। বরাবরের মতো তাঁদের কেউ পেশাদার শিল্পী নন, কিন্তু চিন্ময় আর রবীন্দ্রনাথের লেখা গান তাঁরা গেয়ে শোনান হূদয়ের গভীর থেকে। ফলে দুনিয়াজুড়ে প্রশংসিত তাঁদের অর্কেস্ট্রা পরিবেশনা।গান্ধর্বলোকের সদস্য ছাড়াও সুরের ধারা থেকে অংশ নেবেন ১০০ জন শিল্পী, ৩০ জন খুদে শিল্পী আসবে ঢাকার বিভিন্ন বস্তি থেকে, বাকিরা ব্র্যাক পরিচালিত স্কুলের ছাত্রছাত্রী।৫ ফেব্রুয়ারি থেকে রাত-দিন টানা অনুশীলন শেষে গান্ধর্বলোক আজ হাজির হবে দর্শকদের সামনে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এটি হবে তাদের প্রথম অনুষ্ঠান।গান্ধর্বলোকের ১৯টি গানের একটি গানের দুছত্র এ রকম: বাংলাদেশ বাংলাদেশ তুমি যে প্রেরণাহূদয়ে যখন এষণা বাইরে তখন প্রেরণা...একনজরে গান্ধর্বলোক বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ও অপেশাদার সংগীতশিল্পীদের নিয়ে শ্রী চিন্ময় এই সংগীত দল গড়ে তোলেন ২০০৭ সালে। বিভিন্ন দেশের শ-খানেক শিল্পী সাধারণত বিভিন্ন কনসার্টে অংশ নেন। সূচনালগ্ন থেকে এই দলের নেতৃত্বে রয়েছেন পঞ্চজন বারি। একজন পেশাদার মিউজিশিয়ান। গান্ধর্বলোকের মূল উদ্দেশ্য—গানের মধ্য দিয়ে আত্মার মুক্তি ও হূদয়ের প্রসারতা।বিলুপ্তি ক্রিসটিন বারিনাউগান্ধর্বলোকের এবারের সফরের ব্যবস্থাপক। কাজ করতেন জাতিসংঘে, সর্বশেষ কর্মরত ছিলেন দি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া কার্যক্রমে বিশেষ উপদেষ্টা হিসেবে। যন্ত্রীদলের বাইরে গান্ধর্বলোকের মূল কণ্ঠশিল্পীদের একজন। বাংলাদেশকে যিনি মনে করেন তাঁর দ্বিতীয় দেশ হিসেবে। নিরামিষভোজী বিলুপ্তির প্রিয় পোশাক শাড়ি।পঞ্চজন্য ক্রিশ্চিয়ান বারিবাড়ি সুইজারল্যান্ডে। গান্ধর্বলোকের সূচনালগ্ন থেকেই দলের সঙ্গে আছেন। চিন্ময়ের কাছে সরাসরি সংগীতের দীক্ষা হয়েছে তাঁর। চিন্ময়ের সঙ্গে মিলে অনেক গানের সুরারোপও করেছেন তিনি। বর্তমানে গান্ধর্বলোকের নেতৃত্বে আছেন। তিনি পেশায় অর্থনীতির শিক্ষক। পেশাদার ব্যবসায়ীদের জন্য আছে প্রশিক্ষণপ্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে গানবাজনার বিভিন্ন যন্ত্রপাতির দোকানও আছে তাঁর।ভৈরবী আখেনবাখঅস্ট্রিয়ার অধিবাসী ভৈরবী সাত বছর ধরে বেহালা বাজান। মা-বাবা দুজনই সংগীতজগতের মানুষ। তাঁদের হাত ধরেই গান্ধর্বলোক অর্কেস্ট্রায় আছেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সংগীতের এই ছাত্রীর বাংলাদেশে এটাই প্রথম সফর। উপমহাদেশের সংস্কৃতির দারুণ ভক্ত। বলিউডের ছবি দেখেন নিয়মিত। তাঁর প্রিয় নায়ক শাহরুখ খান।