বাঙালি ও সাহেবদের গ্রীষ্মযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

গ্রীষ্মের অনেক রূপ। কারও কাছে এ সময়টি মধুর, কেউবা এর তাপদাহে অতিষ্ঠ। গরমকে কীভাবে দেখেছেন বাঙালি ও সাহেবরা?

গরম থেকে বাঁচতে টানাপাখা একসময় যেমন দারুণ কার্যকর ছিল, তেমনি এটি দর্শনধারী মর্যাদার প্রতীকও হয়ে উঠেছিল, শিল্পী: ডাব্লিউ ডানিয়েল, ১৮৩৬
গরম থেকে বাঁচতে টানাপাখা একসময় যেমন দারুণ কার্যকর ছিল, তেমনি এটি দর্শনধারী মর্যাদার প্রতীকও হয়ে উঠেছিল, শিল্পী: ডাব্লিউ ডানিয়েল, ১৮৩৬

গ্রীষ্মকাল বিষয়ে রবীন্দ্রনাথের মনোভাবও পূর্ণরূপে প্রসন্ন ছিল বলে মনে হয় না। পরিচয় গ্রন্থে লিখেছিলেন, গ্রীষ্ম তাঁর কাছে ঋতুদের মধ্যে ‘ব্রাহ্মণ’। কারণ ‘সমস্ত রসবাহুল্য দমন করিয়া, জঞ্জাল মারিয়া, তপস্যার আগুন জ্বালিয়া সে নিবৃত্তিমার্গের মন্ত্র সাধন করে।’ কিন্তু গ্রীষ্মের দাপটের কারণে পূর্ববাংলার গ্রামে গ্রামে যে জলকষ্ট দেখা দিত, তা-ও তাঁকে ব্যথিত করেছিল: ‘নদীর জল গিয়েছে নেমে, তীরের মাটি গিয়েছে ফেটে, বেরিয়ে পড়েছে পাড়ার পুকুরের পঙ্ক—ধু ধু করছে তপ্ত বালু। মেয়েরা বহুদূর পথ থেকে ঘড়ায় করে নদীর জল বয়ে আনছে, সেই জল বাংলাদেশের অশ্রুজলমিশ্রিত।’ গ্রীষ্মকালের তীব্র ঝড়ঝাপটা নিয়েও কবির বিশেষ রোমান্টিকতা ছিল না, বরং ছিন্নপত্রর একটি চিঠিতে এর ভয়াবহতার চিত্রায়ণই পরিলক্ষিত হয়: ‘চা খাবার জন্যে উপরে যাচ্ছি, এমন সময়ে প্রচণ্ড ঝড় এসে উপস্থিত...যেন অরণ্যের যত প্রেতাত্মাগুলো হঠাৎ জেগে উঠে ভুতুড়ে নাচন নাচতে আরম্ভ করে দিলে...যেন সেইরকমের একটা উচ্ছৃঙ্খল পলায়ন এবং পশ্চাদ্ধাবন চলছে...’ (৯ জ্যৈষ্ঠ ১২৯৯)।

কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবার গ্রীষ্মের উত্তাপ ততটা ভালো না লাগলেও, কালবৈশাখী ঝড় তাঁর কাছে ছিল এক আকর্ষণীয় বিষয়। ১৩৫৬ বঙ্গাব্দের ১৯ বৈশাখ তারিখে সৌরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে বলেছিলেন: ‘কী সুন্দর কালবৈশাখীর আকাশ হয় রোজ বিকেলে। ভগবানের কী বিরাট শিল্প, অথচ তাকে কেউ চিনলে না।’ কালবৈশাখী ঝড়ের পর ঘোর রাত্রিবেলায় ছোটদের সঙ্গে আম কুড়িয়ে নির্মল আনন্দলাভের কথাও তাঁর অন্য একটি পত্রে মেলে।

২.

দেখা যাচ্ছে, সেকালের বাঙালি বিদ্বজ্জনদের গ্রীষ্ম নিয়ে ছিল বিমিশ্র মনোভাব। কিন্তু যেসব সাহেবসুবো কর্মসূত্রে ব্রিটিশদের করতলগত বাংলাদেশে থাকতে এসেছিলেন, বাংলার তাপদাহময় গ্রীষ্মকাল তাঁদের কাছে কখনোই কোনোভাবে সুখপ্রদ অভিজ্ঞতা হিসেবে গণ্য হয়নি। উনিশ শতকে প্রথম প্রকাশ পাওয়া ইংরেজ রমণী ফ্যানি পার্কসের ডায়েরিতে কলকাতার গরম সম্পর্কে কেবলই নেতিবাচক বাক্যরাশি লভ্য। ১৮২৫ সালের ৯ মে তিনি লিখেছেন: ‘এই গরম সাংঘাতিকÑ ভীষণরকমের নিষ্ঠুর। আমি গির্জায় যাওয়ার সাহস পর্যন্ত পাই না, যদি অজ্ঞান হয়ে পড়ে যাই...।’ এমনকি গ্রীষ্মকালের বিখ্যাত ফল আমও ছিল ফ্যানির না-পছন্দ, কারণ বাংলার আমের সর্বাঙ্গে নাকি তারপিন তেলের উৎকট গন্ধ!

ইংরেজ কথাসাহিত্যিক, তাঁরা আবার দুই বোন রুমার ও জন গডেনের শৈশব কেটেছিল তৎকালীন পূর্ববাংলার নারায়ণগঞ্জে। তাঁদের স্টিমবোট কোম্পানির ম্যানেজার বাবার আর্থিক সামর্থ্য খুব বেশি না হলেও, স্ত্রী ও সন্তানদের প্রতিবছরই গরমকালে পাঠিয়ে দিতেন হয় শীতল শহর দার্জিলিং, নয় সিমলায়। নারায়ণগঞ্জে থাকাকালে একবারই তা সম্ভব হয়নি। ওই সময়ে যে গরমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল দুই বোনকে, তা মোটেও ইতিবাচক নয়। গডেন ভগ্নিদ্বয়ের যৌথভাবে লেখা স্মৃতিকথা ভারতীয় সূর্যের নিচে দুজনায়সেই বিবরণ পাই: ‘ওই বছরই আমরা জেনেছিলাম তাপদাহ সহ্য করতে কেমন লাগে। সর্বত্র ছিল ধুলো, শুষ্কতা। ত্বক শুকিয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল চোখের পাতাগুলো যেন কাগজ দিয়ে তৈরি।’ তাঁরা আরও জানিয়েছেন, পারতপক্ষে গরমের দিনে তখন বাইরে বের হওয়ার কথা ভাবাও যেত না। এমনকি পাথরের মেঝের বারান্দাতে হাঁটার কথাও নয়, কারণ রোদ পড়ে তা তপ্ত বালুর মতো হয়ে উঠত। সকালের তীব্র রোদ এড়ানোর জন্য ওই সময় ঘুম থেকে আগেভাগে ওঠাটাও ছিল বিষম অভিজ্ঞতা তাঁদের জন্য।

কিন্তু যেসব ইংরেজের পক্ষে শীতল এলাকায় নিষ্ক্রমণ করাটা পকেটে কুলোত না, তাঁদের কী উপায়? এ রকম ক্ষেত্রে ঘরের মধ্যে থেকেই গরম কমানোর উপযুক্ত ব্যবস্থা নিতে হতো। উনিশ শতকে ময়মনসিংহ জেলায় হেনরি রবারদিউ নামে এক সিভিলিয়ান নিযুক্ত হয়েছিলেন, তাঁর স্মৃতিকথায় পাই গরম ঠেকানোর জন্য ‘টাট্টি’ নামের এক বিশেষ ব্যবস্থার কথা। ঘরের দরজা ও জানালায় একটি বাড়তি ‘ফ্রেম’ সংযুক্ত করা হয়। তাতে লাগানো হয় ‘খুশখুশ’ নামের সুগন্ধি ঘাস। রোজ ভিস্তিওয়ালা এসে ওই ঘাসযুক্ত ফ্রেমকে পানি দিয়ে ভিজিয়ে যায়। বাইরের উত্তপ্ত বেয়াড়া বাতাস ওই ‘টাট্টি’-তে আটকে গিয়ে দুর্বল হয়ে পড়ে, পরে সেটি ঘরের মধ্যে প্রবেশ করে ঠান্ডা হয়ে। যদি এই ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে নাকি তাপদাহের মধ্যে পাঁচ মিনিটেই মুখের চামড়া উঠে যাওয়ার উপক্রম হতো—এমন মন্তব্য করেছিলেন রবারদিউ। (ডাক্তার ক্যাম্পবেল নামে আরেক ইংরেজ এই ‘টাট্টি’ব্যবস্থার সুনাম করে বলেছিলেন, যে গৃহে এই ব্যবস্থা নেই, সেখানে থাকাই আদতে অসম্ভব।) তবে এতেও গরমকালে পূর্ণ শান্তি পাননি রবারদিউ। কেননা প্রচণ্ড মশা ও পিঁপড়ার উপদ্রব। অতএব মশা দূর করার জন্য মশারি খাটানোর পর খাটের চারখানা পায়া চারটি পানিভর্তি বাটির ওপর বসাতে হয়েছিল তাঁকে, যাতে রাতের বেলা পিঁপড়া গায়ে উঠে না কামড়ায়! তবে এই ‘টাট্টি’র ব্যবস্থা বর্ষাকালে বজায় রাখা মুশকিল হয়ে পড়ত, ফলে তখন তা অপসারণ করা ছাড়া গতি ছিল না। এই বারবার স্থাপন এবং অপসারণের ঝামেলা এড়াতে ইংরেজ সাহেবরা শেষমেশ ওই পদ্ধতি পরিত্যাগ করে গরম ঠেকাতে টানাপাখার দ্বারস্থ হন। সে আরেক লম্বা গল্প।