বাঙালিদের ফুটবল দলের সেই ঐতিহাসিক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক ১০০ বছর আগে ১৯১১ সালে বাংলার ইতিহাসে ঘটেছিল তিনটি যুগান্তকারী ঘটনা। ওই বছর বঙ্গভঙ্গ রদ হয়, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়, আর বাঙালিদের ফুটবল দল মোহনবাগান ক্লাব ইংরেজদের দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) শিল্ড লাভ করে। কোনো ভারতীয় দলের এটিই ছিল প্রথম আইএফএ শিল্ড বিজয়। চূড়ান্ত খেলা হয়েছিল ২৯ জুলাই, যেখানে মোহনবাগান ২-১ গোলে বিজয়ী হয়। খেলাটি হয়েছিল ক্যালকাটা ফুটবল ক্লাব মাঠে। ফার্স্ট মিডলসেক্স রেজিমেন্টের সঙ্গে প্রথম দিনের সেমিফাইনালে ড্র আর পরের দিনেরটিতে বিজয়ী হয়ে মোহনবাগান ফাইনালে উত্তীর্ণ হলে সারা বাংলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকাসহ পূর্ববাংলার জেলাগুলো থেকে অজস্র মানুষ ফাইনাল দেখতে কলকাতায় হাজির হয়। রেল কর্তৃপক্ষ বর্ধমান ও রানাঘাট থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। রাজগঞ্জ ও বরানগর থেকেও বিশেষ স্টিমারের ব্যবস্থা হয়। জয়ন্ত দত্ত তাঁর ভিক্টোরিয়াস মোহনবাগান গ্রন্থে লিখেছেন, ‘শহর কলকাতা সাজল নতুন প্রাণের আবেগে। লাখ লাখ মানুষ চলল ময়দানের দিকে। সাহেব বাঙালির লড়াইকে প্রত্যক্ষ করতে। সবার মুখে এক কথা—আমাদের মোহনবাগান। মোহনবাগান দল তো কোনো একটা বিশেষ দল নয়, এ দল তো বাঙালি তথা বাংলার দল, ভারতীয় দল। অতএব, এই ম্যাচেই প্রমাণিত হবে স্বাধীনতার উন্মাদনা। সেদিনের যুদ্ধকে প্রত্যক্ষ করতে কলকাতা উপচে পড়েছিল।’ফাইনালের দুই টাকার টিকিট কালোবাজারে ১৫ টাকায় বিক্রি হয়, মাঠে এক খিলি পান বিক্রি হয় এক আনায়। খেলা বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দুইটার মধ্যে মাঠ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাঠের দুই ধারে খেলা দেখার জন্য আট আনা থেকে দুই টাকা পর্যন্ত ভাড়ায় বাক্স, টুল, টেবিল, পাটাতন এমনকি ইটও পাওয়া যায়। খেলায় দর্শকসংখ্যা ছিল আশি হাজার থেকে এক লাখ। রয়টার্সের সংবাদ অনুযায়ী, ভিড়ের কারণে বেশির ভাগ দর্শকই খেলা দেখতে পারেনি। গাছের ওপর থেকে দর্শক আর স্বেচ্ছাসেবকেরা খেলার ফলাফল প্রচার করতে থাকে। দ্য এম্পায়ার পত্রিকা মাঠে একটি অস্থায়ী টেলিফোন এক্সচেঞ্জ বসিয়ে টেলিফোনের মাধ্যমে খেলার ফলাফল সারা কলকাতায় জানাতে থাকে।মোহনবাগানের বিজয়ের পর দেখা গেল আরেক দৃশ্য, পরাধীন ভারতে তা ছিল নজিরবিহীন। উন্মত্ত জনতা নিজেদের জামা ছিঁড়ে এবং সেই ছেঁড়া জামার টুকরো, টুপি, লাঠি, রুমাল, ছাতা শূন্যে ছুড়তে থাকে।রয়টার্সের নিচের সংবাদের মাধ্যমে খেলার সংবাদ পৌঁছে গিয়েছিল সারা বিশ্বে: রয়টার্স নিউজ এজেন্সি: ক্যাবলগ্রাম টু ইংল্যান্ড, ২৯ জুলাই ১৮১১ফর দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল, অ্যান ইন্ডিয়ান টিম, দি মোহনবাগান কনসিসটিং পিউরলি অব বেঙ্গলিজ, হ্যাজ ওন দি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড বিটিং ক্র্যাক টিমস অব ইংলিশ রেজিমেন্টস। অ্যাট দি ফাইনাল টুডে দেয়ার ওয়াজ আ সিন অব এক্সট্রাঅর্ডিনারি এনথুজিয়াজম...’মোহনবাগান ক্লাবের মোট ১১ জন খেলোয়াড়ের মধ্যে চারজন ছিলেন কলকাতার, দুজন হুগলির, দুজন ঢাকার, দুজন ফরিদপুরের এবং একজন ছিলেন ময়মনসিংহের, অর্থাৎ মোট পাঁচজন ছিলেন পূর্ব বাংলার। রাজেন সেন ও যতীন রায় ছিলেন ঢাকা জেলার, শিবদাস ভাদুড়ী ও বিজয়দাস ভাদুড়ী ছিলেন ফরিদপুর জেলার এবং অভিলাষ ঘোষ ছিলেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। দলের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ী। ফাইনালে মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক বিজয়ের রূপকার ছিলেন পূর্ব বাংলার দুই খেলোয়াড়—শিবদাস ভাদুড়ী ও অভিলাষ ঘোষ। চূড়ান্ত খেলায় উভয়েই একটি করে গোল করেন। টুর্নামেন্টে মোহনবাগান মোট ১২টি গোল করে, যার মধ্যে পূর্ব বাংলার এই পাঁচজন করেছিলেন ১১টি, এর মধ্যে বিজয়দাস চারটি, শিবদাস তিনটি এবং অভিলাষ ও যতীন রায় দিয়েছিলেন দুটি করে। রাজেন্দ্রনাথ সেনগুপ্ত (রাজেন সেন নামে অধিক পরিচিত ছিলেন)। ঢাকার বিক্রমপুরের অধিবাসী। দলের সবচেয়ে তরুণ খেলোয়াড়, ২১ বছর বয়স। কলকাতা স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সেন্টার হাফ পজিশনে খেলতেন। বেঁটে-খাটো হলেও দুর্জয় সাহস এবং অফুরন্ত দমের কারণে সারা মাঠেই তাঁর বিচরণ ছিল। কথিত যে কলেজজীবনে স্বদেশি আন্দোলনে জড়িত ছিলেন। পরে আকাশবাণী, কলকাতায় যুক্ত হন। তিনি ছিলেন বাংলায় ফুটবল ধারাভাষ্য প্রচারে পথিকৃৎ। ১৯৪৮ সালে ইহলোক ত্যাগ করেন।যতীন্দ্রনাথ রায় (মতান্তরে জীতেন্দ্রনাথ রায়, তবে কানু রায় নামে অধিক পরিচিত ছিলেন)। ঢাকার অধিবাসী। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। রাইট আউট পজিশনে খেলতেন। ঢাকায় ওয়ারী ক্লাবে খেলেছেন। ক্ষিপ্ত গতিতে বল নিয়ে এগোতেন, রামধনু শটে পারদর্শী ছিলেন। পরে পুলিশ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন এবং রায়বাহাদুর খেতাব পেয়েছিলেন। ১৯৬২ সালে তিনি মৃত্যুবরণ করেন। অভিলাষ ঘোষ। ময়মনসিংহের অধিবাসী। স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতেন। গায়ের কালো রঙের জন্য ‘কালো দৈত্য’ নামে পরিচিত ছিলেন। ১৯১১-এর চূড়ান্ত খেলায় বিজয়সূচক গোলটি অভিলাষের পা থেকে আসে। ১৯৫৫ সালে তিনি মারা যান। বিজয়দাস ভাদুড়ী। ফরিদপুরের অধিবাসী। লেফট ইন পজিশনে খেলতেন। তাঁর অসাধারণ পায়ের কাজ আর শরীরের মোচড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ বিধ্বস্ত হয়ে যেত। কর্মজীবনে ব্যবসা করতেন। ১৯৩৬ সালে তাঁর মৃত্যু হয়।শিবদাস ভাদুড়ী। ফরিদপুরের অধিবাসী। লেফট আউট পজিশনে খেলতেন। ১৯১১-এর বিজয়ী দলের দলপতি ছিলেন। ফর্সা দীর্ঘকায় চেহারার শিবদাসকে সে সময় ফুটবলের জাদুকর বলা হতো। ১৯১১-এর চূড়ান্ত খেলায় পিছিয়ে থাকা অবস্থায় শিবদাস প্রথমে নিজে এক গোল দিয়ে সমতা আনেন, আর শেষ মুহূর্তে অভিলাষকে পাশ দিয়ে জয়সূচক গোলের সুযোগটি করে দেন। কর্মজীবনে শিবদাস সরকারি পশু চিকিৎসা বিভাগের ইন্সপেক্টর ছিলেন। ১৯৩২ সালে শিবদাস ইহলোক ত্যাগ করেন।১৯১১ সালে বাঙালি দল যে ইতিহাস সৃষ্টি করে, তার মোটা অংশের কৃতিত্ব ছিল পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের খেলোয়াড়দের। ১৯১১ সালে পূর্ব বাংলার ফুটবল খেলোয়াড়দের সাফল্যের ধারাবাহিকতায় ১৯২০ সালে কলকাতায় জন্ম নেয় ‘ইস্ট বেঙ্গল ক্লাব’। সে সময় এই ক্লাবের অধিকাংশ খেলোয়াড়ই আসতেন পূর্ব বাংলা থেকে। মুহাম্মদ লুৎফুল হক, সূত্র:১৯১১ বাঙালির ঐতিহাসিক ফুটবল যুদ্ধ, কৌশিক বন্দ্যোপাধ্যায়।