বাঙালির বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ আসছে। প্রবল হয়ে উঠছে বাড়ি ফেরার টান। শোনা যাক বাড়ি ফেরার গল্প...

ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেলি উসিকালা। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও ফোকলোর বিষয়ে গবেষণার জন্য এসেছিল বাংলাদেশে। আমি ছিলাম মেয়েটির স্থানীয় একাডেমিক তত্ত্বাবধায়ক। হেলি ফোকলোরের ছাত্রী। আমি তাই তাকে পাঠিয়েছিলাম কিশোরগঞ্জে, লোকজ সংস্কৃতির সাধক মোহাম্মদ সাইদুরের গ্রামের বাড়িতে। দিন পনেরো পরে ফিরে এসে হেলি আমাকে বলল, ‘বাংলাদেশের গ্রামীণ পরিবারের প্রাথমিক ঐক্যের সূত্র খুঁজেছি আমি। দেখলাম সেটা “বাড়ি”। তবে আমাদের পশ্চিমের “হোম” ও আপনাদের “বাড়ি” এক নয়। আপনাদের দেশে “বাড়ি”, “পাড়া” এবং “সমাজ” পরস্পর সংলগ্ন। এ জন্যই বাড়ির গুরুত্ব কেবল বাড়ির মানুষের জন্য নয়, পাড়ার মানুষের জন্যও। এক বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষের সামাজিক কাজকর্ম বা অন্যান্য সূত্রেও পরস্পরের সহায় হয়, সঙ্গী হয়। এর ভালো-মন্দ দিক দুই-ই হয়তো আছে। সে বিষয়গুলো আরও

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অনুপুঙ্খভাবে বিচার-বিবেচনা করা যেতে পারে। তবে মূল কথাটা হলো, “বাড়ি”টা খুব গুরুত্বপূর্ণ। সেটা বাড়ির জন্য যেমন, পাড়া বা সমাজের জন্যও তেমনি।’
আমাদের সমাজ সম্পর্কে বিদেশিনীর এই পর্যবেক্ষণ বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ প্রধানত গ্রামীণ ও কৃষিপ্রধান দেশ। পাশ্চাত্যের নাগরিকতা বলতে যা বোঝা যায়, এখন পর্যন্ত বাংলাদেশে তা লক্ষণীয় নয়। এমনকি পশ্চিম বাংলার কলকাতায় যে নাগরিকতা দেখা যায়, সেটাও এখন অবধি বাংলাদেশে লক্ষ্যমান নয়। পশ্চিম বাংলায় বহু পরিবার গ্রামের সঙ্গে সম্পর্ক ছেদ ঘটিয়েছে। ফলে তাদের কাছে ‘দেশের বাড়ি’ বলে শিকড়ের কোনো টান নেই। উদাহরণ দিই। বিখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের কলকাতার বাড়ির ঘটনা। একদিন দুপুরের খাওয়ার সময়ে তাঁর পুত্র ও পুত্রবধূ এসেছেন। অন্নদাশঙ্কর রায় তাঁদের বললেন, ‘তোমরা তো আগে জানিয়ে আসোনি। অতএব আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে পাচক তোমাদের জন্য চা তৈরি করবে। তোমরা তো নিশ্চয়ই খেয়ে এসেছ।’ এই হলো গ্রাম-বিচ্ছিন্ন নাগরিকতা, যেটি আছে পাশ্চাত্যে। এই বিচ্ছিন্নতার সঙ্গে একধরনের নিঃসঙ্গতাও রয়েছে। পাশের বাড়ির মানুষের খবরটিও অনেক সময় জানা হয় না। এটাই সেখানকার রীতি। বাংলাদেশে তেমন নয়।
সাম্প্রতিক কালে আমাদের দেশে যে নগরায়ণ হয়েছে, সেখানে যাদের বাস তাদের শতকরা নব্বই জনের ‘দেশের বাড়ি’ আছে। অনেকের মা-বাবা-পুত্র-কন্যা-স্ত্রী আছেন সেখানে। এ জন্য উৎসব-অনুষ্ঠানে এ দেশের মানুষকে বাড়ি যেতেই হয়। শহর খালি করে লাখ লাখ মানুষ যখন গ্রামের বাড়ি বা ‘দেশে’ যায়, এর একটা আলাদা রূপ-ধরন-বৈশিষ্ট্য আছে; এবং আছে সমস্যাও, যা বাংলাদেশের একেবারেই নিজস্ব। তখন রাস্তাঘাটে গাড়িঘোড়ার প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, যানজটে বিধ্বস্ত হয় লোকজন। রাস্তাঘাটে ভোগান্তিতে নাকাল হয় মানুষেরা। হ্যাঁ, একসঙ্গে লাখ লাখ মানুষের বাড়িতে যাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা বোধ হয় শুধু বাংলাদেশেই দেখা যায়। শহুরে বাঙালির বাড়ি ফেরার এই ‘চাপ’ সামলাতে এ সময় সরকারের বিভিন্ন সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংক্রান্ত সব কর্তৃপক্ষই হিমশিম খায়। অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় নানা ক্ষেত্রে।
তবে পথের নানা বাধাবিপত্তি সত্ত্বেও যখন অভীষ্ট ‘বাড়ি’তে গিয়ে পৌঁছেন মানুষেরা, সে মুহূর্তে তাদের জন্য আনন্দঘন যে সংবর্ধনার ঘটনা ঘটে, তাতেই যেন সার্থক হয়ে ওঠে এত কষ্টের বাড়ি ফেরা।
বিভিন্ন উৎসবে পরিবারের টানে শহর ছেড়ে গ্রামে যাওয়া, এই যাত্রা শুধু নিজের বাড়ির লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাতেই সীমাবদ্ধ নয়, পাড়া বা সমাজের মানুষের সঙ্গে দেখা, কুশল বিনিময় এবং পারস্পরিক মেলামেশার সামাজিকতায় সেটি হয়ে ওঠে বহু বর্ণিল ও প্রাণবন্ত। এর ইতিবাচক দিক অনেক। উৎসব উপলক্ষে গ্রামের মানুষ ও শহরের মানুষের মধ্যে বছরে দু-একবার দেখা–সাক্ষাৎ ও মেলামেশার সুযোগ হয়। ফলে দুই পক্ষের মধ্যেই সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা বিষয়ে আলাপ-আলোচনা এবং মতবিনিময়ের সুযোগ ঘটে, পরস্পরকে বোঝার ক্ষেত্র তৈরি হয়, গুরুত্বের দিক দিয়ে যেটি অসাধারণ। গ্রাম ও শহরের মানুষের মধ্যে এই ধরনের আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচনের ভোটের ক্ষেত্রে বা কোনো জাতীয় ইস্যুতে এ দুই এলাকার মানুষের মধ্যে একটি ঐকমত্য লক্ষ করা যায়। ১৯৫৪ সালের নির্বাচন বা ’৭০-এর নির্বাচনই হোক, গ্রাম ও শহরের মানুষের ‘ভোটিং প্যাটার্ন’ যে একই রকম হলো, তার পেছনের কারণটি কিন্তু গ্রাম এবং শহরের মানুষের এই উৎসবকেন্দ্রিক যোগাযোগ। শহর-নগরনির্বিশেষে বহু বিষয়ে গোটা বাংলাদেশের মানুষের যে একই ধরনের মতামত লক্ষ করা যায়, সেটি তাদের চিন্তাধারার একটি বৈশিষ্ট্যও বটে। আমরা একে ইতিবাচক বলেই মনে করি।

নগরবাসী তরুণ প্রজন্মের অনেকেই গ্রামবাংলা সম্পর্কে প্রায় কিছুই জানে না। সেই যে একবার নাকি ঢাকা শহরের এক স্কুলে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘মাছ কোথায় থাকে?’ ছেলেদের কাছ থেকে উত্তর এসেছিল, ‘কেন স্যার, ফ্রিজে থাকে? মা তো ফ্রিজ থেকেই মাছ বের করে আনেন।’ গ্রামে গেলে অন্তত শহরে বেড়ে ওঠা ছেলেদের এ ধরনের উদ্ভট ধারণা দূর হবে। তারা যেমন গ্রামীণ আত্মীয়স্বজনকে ভালোবাসতে শিখবে, তেমনি গ্রামের নদীনালা, গাছপালা, পশুপাখি এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রা, খাবারদাবার, পিঠাপুলি, লোকসংস্কৃতি ও পরিবেশ সম্পর্কেও অবহিত হবে। তাদের জীবনের জন্য এই অভিজ্ঞতা খুবই প্রয়োজন। এ বিবেচনায় বিভিন্ন উৎসবে পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এখন উৎসব উপলক্ষে বাড়ি ফেরার প্রচণ্ডতা বেশি লক্ষ করা যায়। আগে এমনটি ছিল না। তখন যেসব বাঙালি মুসলমান শহরে চাকরি করতেন, এঁদের বেশির ভাগই ছিলেন ছোটখাট চাকুরে। ফলে তাঁদের হাত-টানাটানি ছিল, হাতে নগদ টাকাপয়সা তেমন থাকত না। তাই বাড়ি ফেরার বিষয়টি এতটা প্রকট ছিল না। তদুপরি যাতায়াতব্যবস্থাও এখনকার মতো এত সহজ ছিল না।
এক্ষণে দু-একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি ফেরার কাহিনিতে চোখ ফেরানো যাক। মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের দাদরোখি গ্রামের বিখ্যাত ডেপুটিবাড়ির অধ্যাপক আদালত খান একসময়ে ভারতবিখ্যাত হয়েছিলেন। তাঁর ‘মুভমেন্ট’ ছাপা হতো কলকাতার বিখ্যাত ইংরেজি দৈনিক স্টেটসম্যান-এ। ছুটিছাটা ও উৎসবে তিনি যখন দাদরোখি আসতেন, সে খবরও ছাপা হতো স্টেটসম্যান-এ, ১৮৯০ সালের পত্রিকায়। গ্রামে এসে নিজ বাড়িতে আত্মীয়-পরিজনের সঙ্গে সময় কাটাতেন তিনি। দেখাশোনা করতেন গ্রামের স্কুলের শিক্ষাব্যবস্থা এবং স্কুলের জন্য দিতেন অর্থ সহায়তা। তাঁর স্ত্রী বেগম আজিজুন্নেসা একটি স্কুলে চৌদ্দ টাকা চাঁদা দিয়েছিলেন—এ খবরটিও আমরা পত্রিকায় দেখেছি। সেকালে চৌদ্দ টাকা অবশ্যই সামান্য ছিল না। তাঁর কৃতবিদ্য অন্য ভাইয়েরাও অনেক সময় তাঁর সঙ্গে আসতেন। এর ফলে ঘটত পারিবারিক মেলামেশার এক চমৎকার সুযোগ। গ্রামের মানুষও ধন্য হতেন তাঁদের সাহচর্যে।