বাঙালির ব্রিটিশ দর্শন
একটা চমৎকার নৈশভোজের পর যেকোনো বদান্য ব্যক্তি কী করতে চাইবে বলুন তো? আর কিছু নয়, চাইবে এবং ভালোবাসবে সে সম্পর্কে পড়তে ও জানতে। কথাটা বলেছিলেন উইলিয়াম থ্যাকারে, আর এই উক্তিটাই মুখবন্ধ হিসেবে ব্যবহার করেছেন শওকত ওসমান তার রেসিপিজ ফ্রম দ্য রাজ বইটির শুরুতে। আজ এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে রান্না এখন হেঁসেলের পরিধি ছাড়িয়ে সমাজ ও সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে, উত্তীর্ণ হয়েছে শিল্পের মর্যাদায়, আর রান্না-রন্ধন প্রণালী-রন্ধন ইতিহাস বিস্তর গবেষণারও বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ; ব্যবসায়িক ও বাণিজ্যিক দিকটার কথা না হয় না-ই বললাম। আদতে সমাজ গড়ে উঠেছে খাদ্য সংগ্রহ, খাদ্যের বণ্টন ও ব্যবহারকে কেন্দ্র করে, খাদ্যই নিয়ন্ত্রণ করে যুদ্ধ-শান্তি-সমতা-অসমতা, খাদ্যের নিরাপত্তা না থাকলে মানুষের মনুষ্যত্বই বিপন্ন হয়ে পড়ে। তাই খাদ্য বা ভোজ হলো মানুষের মৌলিক আগ্রহের একটি। বাঙালির ভোজনরসিকের দুর্নাম নতুন কিছু নয়, আর ভোজ ও ভোজন নিয়ে বাঙালির লেখালেখিও কম নয়। তবু রবীন্দ্রনাথ থেকে মুজতবা আলী—এরপর রসালো ও শিল্পিত ভোজন সাহিত্য আমরা কমই পেয়েছি। যদিও পেয়েছি এর মধ্যে ফখরুদ্দিন-নান্না মিয়ার ভুবনজোড়া সুনাম, পেয়েছি টমি মিয়ার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব, পেয়েছি সিদ্দিকা কবীর, নগরের পাড়ায় পাড়ায় রন্ধন শিক্ষার ইশকুল, রান্নার প্রতিযোগিতায় লাখ টাকার পুরস্কার, আর রান্না-মসলা-ভোজ ও আনুষঙ্গিক নিয়ে গড়ে ওঠা এক বিশাল বাজার। গড়ে উঠেছে দেশে দেশে এক নিজস্ব খাদ্য সংস্কৃতি বা ফুড কালচার, আর উপমহাদেশীয় এই ফুড কালচারের ভক্ত-অনুরাগী আজ বিশ্বজুড়ে। কিন্তু কীভাবে একটা সমাজ ও সংস্কৃতিতে গড়ে ওঠে এই ফুড কালচার, কী কী প্রভাবক তার আর সে নিজেই বা কী প্রভাব ফেলে সে সমাজে? কী করে রাজনীতি চলে আসে রান্নাঘরে, পুষ্টির রাজনীতি কীভাবে নিয়ামক হয়ে ওঠে একটি জাতির? চাইলে এর ওপর বড় বড় গবেষণা হতে পারে কিন্তু একটা রেসিপি বইয়ে সেই রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্যের উঁকিঝুঁকি চোখে পড়লে খানিকটা বিস্মিত হতে হয় বৈকি। আর এই বিস্ময়টাই রেসিপিজ ফ্রম দি রাজ-এর অনুপম বৈশিষ্ট্য।যে ঝাল টকটকে বাঙালি ‘কারি’ আজ পশ্চিমের হূদয় হরণ করেছে, আমরা কি জানি যে তার পেছনের ঝাল-মরিচের চাষ ও ব্যবহার বাঙালি প্রথম শিখেছে আসলে পর্তুগিজদের কাছ থেকে? পর্তুগিজরাই শিখিয়েছে কী করে তৈরি করতে হয় পনির বা ছানা, আর সেই শিক্ষা কাজে লাগিয়ে মাথা খাটিয়ে আমাদের হিন্দু ময়রারা তৈরি করে ফেলল ভুবনজয়ী রসগোল্লা।চা-পানের অভ্যাসটি ব্রিটিশদের কাছ থেকে নেওয়া তা অনেকে জানলেও আমরা জানি না যে আমাদের রসালো ফল আম সম্পর্কে ইংরেজরা মন্তব্য করেছিল এই বলে যে, ওটা একধরনের পচা পিচফলের মতো যার মধ্যে তার্পিনের বাজে গন্ধ। এও কিন্তু অনেকেরই অজানা যে ষোড়শ শতাব্দী থেকে ইউরোপ থেকে আগত মসলাবাহী জাহাজগুলো বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই মুলুকে আসতে শুরু করলে মসলার এক বিরাট বাজার ও কারখানা গড়ে উঠেছিল আমাদের এই তেজগাঁও-বেগুনবাড়ি খালের কাছে যা আজ কারওয়ান বাজার নামে পরিচিত। এ রকম ছোট ছোট তথ্য জানাতে জানাতে আমাদের মূল বিষয়ে নিয়ে যান লেখক, যিনি আসলে লিখতে বসেছেন ঢাকার অভিজাত এবং ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের বিখ্যাত রেসিপিগুলো। কীভাবে অ্যাংলো-ইন্ডিয়ানদের হাতে গড়ে ওঠা এই ক্লাব হয়ে উঠেছিল আধা সাহেব, আধা মেমদের মিলনস্থল, কীভাবে এ দেশে এসে পৌছাঁল হাউসি নাইট, ঈস্টার বল, নিউ ইয়ারস ইভ বল, ক্রিসমাস কেক আর জাজ সংগীতের সঙ্গে সঙ্গে হট প্যাটিস, প্রন কারি, ভিন্দালু, ফিস মলেই, মালিগাতাউনি আর এখনো সবার সবচেয়ে প্রিয় আলুর চপ। আধা মেম সাহেবরা লক্ষ্মীবাজারের প্রিন্স অব ওয়েলস বেকারি থেকে আনাতেন কেক ও প্যাটিস, ঢাকার প্রথম ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে তাঁরাই ছিলেন শিক্ষিকা আর সেই স্কুলগুলোতে যেমন সেন্ট গ্রেগরি স্কুলে সরবরাহ করা হতো এই ব্রিটিশ স্ন্যাকস। আসতেন ঢাকার নবাববাড়ির অভিজাত মহিলারাও, ইউরোপীয় খাবারের তারাও ছিলেন বড় সমঝদার। আজকে চারদিকের এই কেএফসি-পিৎজা হাট ক্রেজের মধ্যেও ঢাকা ক্লাবের সেই সনাতন ইউরোপীয় ধাঁচ ও স্বাদের খাবারের আবেদন যে একটুকুও কমেনি তার প্রমাণ মেলে লেখকের উদ্ধৃত রসনাবিলাসীলেখক-কবিদের উৎসাহ ও মন্তব্যের কথা পড়লে, যাদের মধ্যে সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ ও কায়সার হকের নাম উচ্চারিত হয়েছেলেখকের জবানীতে।এখন দেখা যাক একটা রেসিপি বইয়ের মধ্যে কী কী জিনিস একেবারেই আবশ্যক। প্রথমত, রেসিপিগুলোর সঠিক ও যথাযথ সহজ বিবরণ; দ্বিতীয়ত, সঠিক মাত্রা ও ওজনের ব্যবহারযোগ্য নির্দেশনা। এ দুটোই বইয়ে সুন্দরভাবে উপস্থিত। তার বাইরে যা আছে তা হলো: এক. প্রতিটি রেসিপির বর্ণনার আগে সে সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস বা মন্তব্য জুড়ে দেওয়া; দুই. আছে শুরুতে কীভাবে রেসিপি অনুসরণ করবেন তার একটা দারুণ টিপস, আছে ছোট ছোট ফুটনোট; আর তিন. বইয়ের শেষে একটা সমৃদ্ধ শব্দকোষও। উদাহরণ, চিকপি সালাদের রেসিপির শুরুতেই আছে অস্কার ওয়াইল্ডের একটা বিখ্যাত উক্তি—একটা ভালো সালাদ বানাতে হলে হতে হবে মেধাবী কূটনীতিক, কেননা দুজনের সমস্যা একই। দুজনকেই জানতে হবে কতটুকু তেলের সঙ্গে কতটুকু সিরকা মেশাতে হবে! কান্ট্রি ক্যাপ্টেন সম্পর্কে বলা হয়েছে—এই ডিশটি এসেছে ডাকবাংলো সংস্কৃতি থেকে, ১৮৪০ সালে যে ডাকবাংলোগুলো গড়ে উঠেছিল দেশজুড়ে অফিসারদের জন্য আর সেই বাংলোর বাবুর্চি ও খানসামারাই আবিষ্কার করে কান্ট্রি ক্যাপ্টেন চিকেন নামের এই সুস্বাদু খাবার। স্মোকড হিলসা পড়তে গিয়েই পাঠক প্রথম জানতে পারবেন যে ১৮৮২ সালের দিকে প্রথম এই ঢাকা ক্লাবেই পরিবেশিত হয় স্মোকড ইলিশ যা মুহূর্তেই সমাদৃত হয় সাহেবদের মধ্যে। আর এভাবেই গোয়ালন্দ ও নারায়ণগঞ্জের ইলিশ কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে ঢাকা-চাটগাঁ ও কলকাতার ক্লাব-রেস্তোরাঁগুলোতে। আরও জেনে নিন ভিন্দালু সম্পর্কে যা আসলে পর্তুগিজ শব্দ ‘ভিন্দো ই এলবস’ থেকে এসেছে আর ইংরেজরা একে প্রথম দেখেছিল গোয়ায় ১৭৯৭ সালে। তারপর ১৮১৩ সালে চলে যাওয়ার সময় ভোজনরসিক ইংরেজ সঙ্গে নিয়ে চলল গোয়ার বাবুর্চিকে, স্রেফ ভিন্দালুর জন্য! আর যদিও ইউরোপীয়রা স্যান্ডউইচ খাচ্ছে ১৮৯৪ সাল থেকেই, বাংলাদেশে এটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে ১৯৫০ সালে যখন নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি প্রথম বাজারে আনে স্লাইস করা রুটি। আর আছে সবার প্রিয় পোলাও যাকে আর্মেনীয়রা বলে পিলাফ, বসনিয়ায় পিলাভ, উজবেকরা প্লভ, আফগানরা পোলোও, তুর্কি ও হিন্দিতে পিলাভ। জানবেন খাদ্যের সংস্কৃতি কীভাবে ছড়িয়ে আছে দেশে দেশে, পথে পথে। রাঁধতে ভালোবাসেন এমন মানুষের মতো বইটি সমান ভালো লাগবে যিনি রান্না বিষয়ে পড়তে ও জানতে ভালোবাসেন। কেননা রেসিপির যতই ভেতরে ঢুকবেন ততই নতুন নতুন চমকপ্রদ তথ্য আর টীকার সমাহার পাঠকহূদয় ভরে দিতে থাকবে।ফ্ল্যাপ থেকে জানা যায়, লেখক শওকত ওসমান পেশায় ব্যবসায়ী, রান্না বা পুষ্টির সঙ্গে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও এরই মধ্যে তিনি লিখেছেন বাংলাদেশের রান্না, ভোজনরীতি ও আপ্যায়নরীতি নিয়ে আরেকটি বই খুন্তি কড়াই যা প্রকাশিত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকেও। আর তাঁর পরবর্তী বইয়ের নামও খুন্তি কড়াই—পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রান্না। জানা গেল, তিনি ভেজনবিলাসী ছাড়াও একজন উত্তম বাস্কেটবল খেলোয়াড় এবং সেতার বাদক। তার চেয়ে বড় কথা, তিনি একজন অসামান্য আড্ডাবাজ। স্ত্রী নাহিদ ওসমান যিনি রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানের সঙ্গে জড়িত একটি টিভি চ্যানেলে আর কন্যাদ্বয় রাসিকা ও রূখসারা ওসমানকে নিয়ে তাঁর সংসার। রেসিপিজ ফ্রম দি রাজ নামের এই ভিন্ন স্বাদের বইটি প্রকাশিত হয়েছে ২০০৯-এ ঢাকা ক্লাব লিমিটেডের সৌজন্যে ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ শিল্পী জামাল আহমেদের করা; সম্পাদক কায়সারহক।রেসিপিজ ফ্রম দি রাজ—শওকত ওসমান; সম্পাদক: কায়সার হক; ঢাকা ক্লাব লিমিটেডের সৌজন্যে, ২০০৯, ঢাকা।