বাঙ্ময় বিমূর্ততা
নবীন ও প্রবীণদের শিল্পচর্চার জন্য স্টুডিওর ব্যবস্থা করা, নিরীক্ষাধর্মী কাজকে উৎসাহিত করা, দেশের শিল্পকে দেশে ও দেশের বাইরে মেধাবী আয়োজনে উপস্থাপিত করা, বিদেশকে এই আঙিনায় ডেকে আনা এবং সর্বোপরি চারুশিল্পের চর্চা, বিক্রি, সংগ্রহ, সংরক্ষণ এবং এর বুদ্ধিবৃত্তিক প্রচার ও প্রসারের লক্ষ্যে ধানমন্ডির ৭/এ সড়কে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা আর্ট সেন্টার। ২ জুলাই থেকে ৫০টি চিত্র নিয়ে চলছে শিল্পী নিয়ামুল বারীর একক চিত্রপ্রদর্শনী। বাংলাদেশ ও ভারতে যথাক্রমে মৃৎশিল্প ও ভাস্কর্য বিষয়ে অধ্যয়ন করে নিয়ামুল বারী পাড়ি জমান নিউইয়র্কে। বর্তমান প্রদর্শনীর চিত্রকর্মগুলো সেখানেই করা। ছবিগুলো বিমূর্ত রীতিতে তৈরি। এ বিমূর্ত ছবি তৈরির পেছনে শিল্পীর অনুপ্রেরণা ছিল নিউইয়র্ক শহরের রাস্তায় পড়ে থাকা টুকিটাকি জিনিস, পুরোনো সাবওয়ের মেঝে, দেয়ালের ময়লা ধরা রং প্রভৃতি। প্রাচীন, অন্ধকারময় পরিবেশ তাঁর ছবির বিষয়। কালচে বা গাঢ় খয়েরি রঙের প্রাধান্য তাঁর ছবিতে এই প্রাচীনত্বের অনুভূতি সৃষ্টি করেছে। অ্যাক্রিলিক রঙের সঙ্গে বালু, কাঠের গুঁড়া বা পাথরের গুঁড়া মিশিয়ে ক্যানভাসে লেপন করা হয়েছে, যা ক্যানভাসের ওপর পলেস্তারার মতো এক বা একাধিক আস্তর তৈরি করেছে। এই আস্তরের মধ্যে বা ওপরে সুতা, কাপড়, পুঁতি বা পুঁতির কারুকাজ করা কাপড়ের অংশ, মসলিন শাড়ির খণ্ডাংশ ইত্যাদির সংযোজন করা হয়েছে। কখনো ক্যানভাসে এই বস্তুগুলোর ছাপ নেওয়া হয়েছে রং শুকিয়ে যাওয়ার আগে, আবার কখনো এই সংযোজিত বস্তুগুলোর ওপর দেওয়া হয়েছে পাতলা রঙের প্রলেপ। তাঁর এ সৃষ্টি-প্রক্রিয়া সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং অবচেতনের ক্রিয়া। কিন্তু এ অবচেতনের প্রাথমিক রসদ তিনি সংগ্রহ করেছেন গণজীবনের পরিবেশ থেকে। নিউইয়র্কের রাস্তা, দোকানের নানা রকম পণ্যের সমাহার, পুরোনো দেয়াল প্রভৃতি প্রাত্যহিক জীবনের স্মৃতি জারিত হয়ে তৈরি হয়েছে তাঁর ছবি।বালু বা পাথরের গুঁড়া রঙের সঙ্গে মিলিয়ে ক্যানভাসে পুরু আস্তর তৈরির ফলে দ্বিমাত্রিক ছবিতে যুক্ত হয়েছে ভাস্কর্যের গুণ—তিন মাত্রার বোধ। এ ছাড়া পুরো ক্যানভাসই হয়ে উঠেছে টেক্সচার-সমৃদ্ধ। ঘনত্ব ও টেক্সচার ক্যানভাসকে দিয়েছে স্পর্শগ্রাহ্য গুণ। এ শিল্পীর ছবিগুলো মিলে গেছে বিমূর্ত প্রকাশবাদী রীতির সঙ্গে। মলিন, অন্ধকারময় রং, টেক্সচার, ঘনত্ব—সবই অনেক বেশি বাঙ্ময় হয়ে উঠেছে তাঁর ছবিতে। তাঁর ছবির আরেকটি গুণ রুক্ষতা। একাধিক স্তরের টেক্সচার-সমৃদ্ধ রং, যা রুক্ষ ভাব ও অনুভূতির জন্ম দেয়, তার সঙ্গে জড়িয়ে গেছে নরম মসলিনের টুকরো বা নকশাসমৃদ্ধ শাড়ির পাড় বা ওড়না। জীবনের দ্বন্দ্ব, সংঘাত ও আনন্দ—এই বৈচিত্র্য বারীর বিমূর্ত প্রকাশে অনেক বেশি মূর্ত হয়ে উঠেছে প্রতীকী ব্যঞ্জনায়। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত।