বানর বিষয়ে দু-ছত্র গদ্য
বানরের জন্ম বিষয়ে কিংবদন্তিশোনা যায় পথভ্রষ্ট আর ধর্মে অজ্ঞ মানুষের মধ্যে ধর্ম বিষয়ে আলোচনার জন্য দাউদ নবী মাসের নির্দিষ্ট এক শনিবার সমুদ্রের ধারে একটা জায়গায় উপস্থিত হতেন। তাঁর অমৃত বাণী শোনার জন্য মানুষসহ বনের পশুপক্ষী, জীবজন্তু, মাছ, গাছগাছালি, নদী, লতা-পাতা, আকাশের চাঁদ, তারকারাজি আর পাতালের বালুকণা অধীর আগ্রহে অপেক্ষা করত।এমনি এক শনিবার দাউদ নবীর আগমনের প্রতীক্ষায় ছিল সবাই। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও নবীজি এলেন না। ফলে একে একে সবাই চলে গেল। গেল না শুধু মাছেরা। তারা সমুদ্রের একেবারে কিনারায় এসে নবীজির জন্য অপেক্ষা করতে লাগল। ওই এলাকার লোকজন ছিল খুবই লোভী। তারা একসময় বুঝতে পারল, নবীজি আজ আসবেন না। রংবেরঙের মাছগুলো তখনো সমুদ্রের পানিতে জলকেলি করছিল। তাদের দেখে মানুষ নিজেদের লোভ আর সামলাতে পারল না। বাড়ি থেকে ঝটপট জাল এনে মাছগুলো ধরে ফেলল আর রাতের বেলায় মহাভোজের আয়োজন করল।গত সপ্তাহে নবীজি আসতে পারেননি বলে পরের সপ্তাহে খুব সকাল সকাল সমুদ্র তীরে এসে হাজির হলেন। কিন্তু গুটি কতক লোক ছাড়া ওখানে আর কাউকে দেখা গেল না। গত সপ্তাহের মাছ শিকারের ঘটনা সবাই চেপে গেল। কিন্তু এদিক-ওদিক ঘোরাঘুরির পর নবীজি অসংখ্য মাছের আঁশ ওখানে পড়ে থাকতে দেখে স্পষ্ট বুঝতে পারলেন কী ঘটেছে। তিনি রাগান্বিত হয়ে বললেন, ‘কোন বানরেরা এই হীন কাজ করেছে?’ এ কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের সব মানুষ বানরে পরিণত হলো। চোখের পলকে তারা বনের দিকে চলে গেল আর লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়ল। ওই যে তারা গাছে উঠল আর নামল না।(কাহিনী কিংবদন্তিমোহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলা একাডেমী, ১৯৮৬)ঢাকা শহরের বানরঢাকা শহরে বানরেরা বসবাস করছে দীর্ঘ দিন ধরে। তারা কোথা থেকে কেমন করে এই শহরে এসেছিল, তার উল্লেখ ঢাকাবিষয়ক কোনো গ্রন্থে নেই। তারা যেখান থেকেই আসুক না কেন, বাস করছে গেন্ডারিয়া, বংশাল, মকিমবাজার, নাজিরাবাজার, আলাউদ্দিন রোড, নবাবপুর রোড, রথখোলা, টিপু সুলতান রোড, বনগ্রাম, ভূতের গলি আর তার আশপাশের এলাকায়। পুরোনো পরিত্যক্ত দালান আর গাছপালায় ছিল এদের বসবাস। লাল লাল পাছাঅলা বানরে এলাকা ছেয়ে গিয়েছিল। এসব বানর ছিল অতি নচ্ছার আর পাজির পা ঝাড়া। এদের জ্বালায় মহল্লাবাসী সব সময় তটস্থ থাকত। এসব পাঁজির দল লোকজনের ঘরবাড়ি থেকে জামা-কাপড়, আন্ডারওয়্যার, ব্রেসিয়ার, আচারের কৌটা, শুকাতে দেওয়া খাবার এমনকি হাতঘড়ি চুরি করে নিয়ে যেত। কোনোভাবেই তাদের ঠেকাতে না পেরে লোকজন তাদের অত্যাচার সয়ে যেত। নগরের এসব এলাকায় ইদানীং বিস্তর ফ্ল্যাট ওঠায় পুরোনো দালানকোঠা ভাঙা পড়েছে। ফলে লাল পুটকিঅলার দল এসব এলাকা থেকে চলে গেছে। অবশ্য দু-চারটি এখনও আছে, যাদের অস্তিত্ব প্রায় টেরই পাওয়া যায় না। সে যা-ই হোক, একদা পুরান ঢাকার পরাক্রমশালী এই বানর কখনো সাহিত্যের বিষয়বস্তু হয়ে ওঠেনি। বানর নিয়ে কেউ কিছু কেন লেখেনি তা গবেষণার বিষয় হতে পারে, তবে সাহিত্যে নতুন পথের সন্ধানী শহীদুল জহিরের চোখে তারা ঠিকই পড়েছিল। ‘মহল্লায় বান্দর, আবদুল হালিমের মা এবং আমরা’ নামে গোটা একটা গল্প লিখেছিলেন বান্দরের কাণ্ডকীর্তি নিয়ে।শহীদুল জহিরের গল্পে বান্দরমহল্লার লোকেরা বলে যে, ভূতের গলিতে আগেও বানর ছিল। যারা মহল্লার পুরাতন বাসিন্দা তারা মনে করতে পারে যে, একসময় তারা মহল্লায় অনেক বানর দেখেছে, ছাদের ওপর থেকে এই লাল টকটকে পুটকিঅলা বানরেরা দেয়াল বেয়ে নেমে এসে অরক্ষিত কোনো রান্নাঘর থেকে হরলিক্সের বোতল বগলদাবা করে নিয়ে যেত। তখন মহল্লার ছোট ছোট ছেলেমেয়ে বানরের পেছনে ছুটত। দূরে কোনো বাড়ির ছাদের কার্নিশের ওপর বসে থাকা বানরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেংচি দিত আর ছড়া কাটত, ‘বান্দর বান্দর ভেংচি, তর লাল পুটকি দেখচি!’ তবে কালক্রমে ভূতের গলি থেকে বানর অবলুপ্ত হয়ে যায়, কেন হয় তা গলির লোকেরা জানে না; পরে তারা বলে, তারা বস্তুত বুঝতেই পারেনি যে, মহল্লায় বান্দর নেই এবং তারা বহু দিন বান্দর দেখে না। এভাবে বহু দিন কাটানোর পর মহল্লায় প্রথম বানর ফিরে আসে এবং মহল্লার লোকেরা সচেতন হয়, তারা যখন বুঝতে পারে যে, সত্যি একটি অথবা একাধিক বানরের আগমন ঘটেছে, তারা ভেবে পায় না এই বানর কোত্থেকে এল; ‘এই হালার বান্দরেরা আইল কইত্থন,...’বংশাল রোডে নতুন বান্দরতখন বংশাল রোডে এক নতুন বান্দরের আগমন ঘটে, তবে তার পুটকি লাল কি না তা জানা যায় না। এই বান্দরটা এসেছিল ঢাকা জেলার প্রত্যন্ত গ্রাম মালঞ্চ থেকে। বয়ঃপ্রাপ্তির পর থেকে এই বান্দর সাঙ্গপাঙ্গদের নিয়ে মালঞ্চ গ্রামে হেন বাঁদরামি নেই যা করেনি। লোকের ফলগাছ থেকে ফল চুরি, মুরগি ও খাশি চুরি, পুকুর থেকে মাছ চুরি, বাড়ির গোলা থেকে ধান ও পাট চুরি, বিড়ি-সিগারেট ও হুকা সেবন, এমনকি গঞ্জিকা ও আফিম সেবন, ছেলে-ছোকরা নিয়ে পাটখেতে ঢুকে পড়া, কিশোরী যুবতীদের প্রাকাশ্য দিবালোকে জ্বালাতন করাসহ তাবত বাঁদরামির সঙ্গে সে ছিল যুক্ত। বাবা-মা, মুরব্বি, শিক্ষক, গুরুজন এমনকি মাতব্বর-চেয়ারম্যানরা তাকে নিরস্ত করতে পারেননি।পিতার আকস্মিক মৃত্যুতে তার এই বাঁদরামিতে ছেদ পড়ে। বড় সন্তান হওয়ায় তখন সংসারের দায় তার কাঁধে এসে পড়ে। গ্রাম সম্পর্কের এক চাচার হাত ধরে ঢাকায় আসে; ধোলাইখালের একটা কারখানায় কাজ পায়। ওই কারখানার মালিকও বড় ধরনের এক বান্দর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটিয়ে নিয়ে সামান্য কিছু টাকা তার হাতে তুলে দেয়। কাজ-কামে একটু এদিক-ওদিক হলেই চড়থাপ্পড় আর লাথিগুঁতা চলে। কাজ করতে করতে তার বাঁদরামি চিরদিনের জন্য ঘুচে যায়। এই বান্দরটার নাম কিয়ামুদ্দি। বংশাল পুলিশ ফাঁড়ির উল্টো দিকে এক পুরোনো দালানে তার বসবাস।বান্দরের কবলে কিয়ামুদ্দিদুপুরে টিফিন খাওয়ার ছুটি হলে কিয়ামুদ্দি হেঁটে হেঁটে বাসায় যায়। খেয়েদেয়ে একটুখানি জিরিয়ে আবার কারখানায় ফিরে আসে। সেদিন তার খুব বেশি খিদে পাওয়ায় একটু আগেভাগে বাসায় গেল। ঘরে ঢুকতেই দেখল একটা ধাড়ি বানর তার খাবারের বাক্স নাড়াচাড়া করছে। এ দৃশ্য দেখে কিয়ামুদ্দি খুব রেগে যায় আর বানরটাকে কষে একটা ধমক লাগায়। বানরটা তার দিকে ফিরে ভেংচি কেটে খাবারের বাক্সটা তুলে নিয়ে ভাঙা জানালার দিকে ছুটে যায়। তা দেখে কিয়ামুদ্দি চিৎকার করে ওঠে, ‘ওই বান্দর আমার খাওন নিস না কইলাম। এহাবারে মাইরা ফালামু।’ ততক্ষণে বান্দর চম্পট দিয়েছে। কিয়ামুদ্দি বাইরে আসে আর বানরের পিছু ধাওয়া করে। রাস্তার গাড়িঘোড়া ঠেলে সে দৌড়াতে থাকে। ‘ওই বান্দর আমার খাওন থুইয়া যা বড় খিদা নাগচে।’ ততক্ষণে এছাদ-ওছাদ করে বানরটা অনেক দূরে চলে গেছে। কিয়ামুদ্দি তখনো চিৎকার করে চলে, ‘ওই বান্দর খবরদার কইলাম, আমার খাওন দিয়া যা।’ তাকে এভাবে বানরের পিছু নিতে দেখে দোকানদাররা হেসে কুটি কুটি হয়। তারা বলতে থাকে, ‘ওই বুদাই বান্দরের পাছে দৌড় পারছ কেল্লা, ধরবার পারবি?’ এ কথায় কিয়ামুদ্দি কর্ণপাত করে না। তবে হাঁফাতে থাকে। ঠাটাপড়া রোদে পুড়ে যাচ্ছিল তার শরীর আর মাথা থেকে ঘাম পড়ছিল পায়ে। ‘ওই বান্দর আমার খাওন ফিরত দে। এ্যাহনও সুমায় আচে। ধরবার পারলে ছিঁড়া ফালামু।’ এসব কথায় কোনো কাজ হয় না। বান্দরটা ততক্ষণে বংশাল গোরস্থানের একটা গাছের মগডালে চড়ে বসে প্লাস্টিকের বাক্স থেকে ভাত বের করে খেতে শুরু করেছে। খাচ্ছে আর ফেলছে আর কিয়ামুদ্দির দিকে তাকিয়ে ভেংচি কাটছে।একটা ইটের টুকরো বানরের দিকে ছুড়ে মারে কিয়ামুদ্দি। লক্ষ্যভ্রষ্ট হয়। বানর চিঁ চিঁ করে হাসে। বানরের কপালে লাল দাগ। কিয়ামুদ্দি বলে, ‘চিনা রাখলাম তরে বান্দর। যদি ধরবার পারি তর ল্যাজা কাইটা ফালামু।’ বানরের হাতে খালি বাক্স। টুপ করে নিচে ফেলে দেয়। বাক্সটা কুড়িয়ে নিয়ে বাসার দিকে হাঁটা দেয়। প্রচণ্ড খিদে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢোকে। পকেটে বেশি পয়সা নেই। তিনটে আলুপুরি খায়। এক বেয়ারা দয়া দেখিয়ে একটু মাংসের ঝোল এনে দেয়।এসব হ্যাপা সামলে কারখানায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। বান্দর কারখানা মালিক কিয়ামুদ্দির ওপর প্রচণ্ড ক্ষেপে যায়। ‘ওই শালা, তর বাপের কারখানা পাইছসনি, ইচ্ছা মতোন কাজ করবি, বাইরা এহান থিকা, তরে আর কামে রাখুম না।’ এ কথা শুনে কিয়ামুদ্দির মাথায় আকাশ ভেঙে পড়ে। বলে, ‘কিল্লা, কামে রাখপেন না ক্যা? কী অইচে! রোজ রোজ লেট অয় নাহি।’‘আইজ লেট অইল ক্যান? যা বাইর অ। তরে রাখুম না।’একসময় কিয়ামুদ্দিও বান্দর ছিল। তার বাঁদরামি জেগে ওঠে। ‘রাখপেন না? ১০০ বার রাখপেন, আপনে না রাখলে আপনের বাপে রাখপ।’এ কথা শুনে কারখানাঅলার মাথায় রক্ত উঠে গেল। সে দৌড়ে এসে কিয়ামুদ্দির পাছায় একটা লাথি বসাল। লাথির জবাবে মালিকের চাপার মধ্যে আধামণ ওজনের একটা ঘুষি বসিয়ে কারখানা থেকে বেরিয়ে এল কিয়ামুদ্দি। বলল, ‘তর চাকরির গুষ্টি মারি হালার পুত।’কিয়ামুদ্দির কবলে বান্দরকারখানার চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ায় কিয়ামুদ্দির মা খুব খুশি হলো। বলল, ‘আর কতকাল বাড়ির বাইরে পইড়া থাকপি বাপ। আমাগো গেরামে এ্যাহন সক্কলে কলা চাষ করতাছে, তুইও কর। কলা রুইয়া না কাইটো পাত তাতেই কাপড় তাতেই ভাত।’ পরের দিন গ্রাম ঘুরতে বেরিয়ে কিয়ামুদ্দি দেখল চার দিকে শুধু কলাগাছ আর কলাগাছ। গোটা গ্রামটাই যেন কলাবাগান। প্রাক্তন বান্দরদের সঙ্গে দেখা হলো। সবাই এখন ন্যালাভোলা, ভালো মানুষ। তারাও বলল, ‘নাইমা পড়, তুইও কলা চাষে নাইমা পড় কিয়ামুদ্দি।’কিয়ামুদ্দির সব স্বপ্ন এখন কলাচাষকে ঘিরে। চার বিঘা জমিতে কলার চাষ করছে সে। গাছগুলো বেশি লম্বা হয় না। কাঁদির ভারে নুয়ে পড়তে চায়। মোটা মোটা সব কলা। ঢাকা থেকে ট্রাক নিয়ে ফড়িয়ারা আসে। টাকা গুণে দিয়ে কলা বোঝাই ট্রাক নিয়ে ফিরে যায়।একদিন সকালে কলাবাগানে কাজ করছিল কিয়ামুদ্দি। হঠাৎ দেখল একটা বানর কলার কাঁদি ধরে টানাটানি করছে, কপালে লাল দাগ।‘আইজ তরে পাইছি হারামজাদা’, এ কথা বলে বানরের দিকে এগিয়ে গেল সে। তাকে নড়াচড়ার কোনো সুযোগ না দিয়ে হাতের কাঁচিটা দিয়ে ক্যাচ করে কেটে ফেলল তার লেজ। ফিনকি দিয়ে রক্ত বেরুতে থাকলে ব্যথায় চিৎকার করতে লাগল বানরটা। কাঁচি আর লেজটা মাটিতে ফেলে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিয়ামুদ্দি। ভাবল, ‘এ আমি কী করলাম!’সেই সময় মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন মালঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান তালুকদার। তাঁর পেছনে এক সাগরেদ। সে চিৎকার করে বলল, ‘এডা আপনে কী করলেন, কিয়ামুদ্দি ভাই, আপনের মতোন ঠান্ডা মানুষের এই কাম?’চেয়ারম্যান বললেন, ‘এসব কতা থওচে। বান্দরডারে পশু হাসপাতালে লইয়া যাই। দেখি ল্যাজডা জুড়া দেওয়া যায় নাকি।’বানরটার ভাগ্য ভালো ছিল। হাসপাতালে একটা কনফারেন্স থাকায় কয়েকজন দক্ষ সার্জন সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা অল্প সময়ের মধ্যেই বানরটার লেজ সেলাই করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনলেন।চেয়ারম্যান বললেন, ‘হারামজাদা কিয়ামুদ্দিরে উচিত শিক্ষা দিতে হইব। অর বিরুদ্ধে পশু নির্যাতনের মামলা দিমু।’বানরটা লেখাপড়া জানত না বলে চেয়ারম্যান তার পক্ষে থানায় এজাহার রুজু করলেন। তবে এজাহারটা নিয়ে ওসি সাহেব একটু ধন্দে পড়লেন। এ রকম কেস আগে কখনো আসেনি। চেয়ারম্যান অবশ্য বললেন, ‘মানুষ বিচার প্রার্থনা করতে পারলে পশু কেন পারবে না। তারও বেঁচে থাকার অধিকার আছে।’বানরটাকে একনজর দেখার জন্য হাজার হাজার লোক থানায় ভিড় জমাল। বেলা যত বাড়তে লাগল, ভিড়ও তত বাড়তে লাগল। একটা সময় ভিড় এত বেড়ে গেল যে, থানার স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হলো।কিয়ামুদ্দিকে ধরতে পুলিশ যাচ্ছিল। কিন্তু তার আগেই কিয়ামুদ্দি নিজে থানায় এসে হাজির হলো। চেয়ারম্যান বললেন, ‘কী কিয়ামুদ্দি তুমার বাঁদরামি এ্যাহনও যায় নাই, এমন একটা কাম কেমনে করলা? অরে অ্যারেস্ট করেন ওসি সাব।’‘খুব অন্যায় হইয়া গেছে চাচা। কামটা করা ঠিক অয় নাই আমার।’কাছেই একটা বড় টুলে বসেছিল বানরটা। সে বলে উঠল, ‘না আপনে কোনো অন্যায় করেন নাই। আপনের লগে অন্যায় করচি আমি। আপনের খাওন চুরি কইরা আপনেরে ভুখা রাখচি,...’বানরকে মানুষের মতো কথা বলতে দেখে উপস্থিত লোকজন এত অবাক হলো যে, তাদের মুখ থেকে কোনো কথাই বেরুচ্ছিল না। স্তব্ধতা ভেঙে চেয়ারম্যান বলে উঠলেন, ‘কী রে কিয়ামুদ্দি, ঘটনা কী, বান্দরে কী কয়।’ তখন বানরটা সব ঘটনা খুলে বলল।চেয়ারম্যান সবকিছু শুনে বানরকে বললেন, ‘এখন তাইলে তুমি কী করবা? কোথায় যাইবা? তুমার ল্যাজে কাঁচা ঘাউ, তোমারে বিশ্রামে থাকতে হইব।’বানর বলল, ‘কিয়ামুদ্দি সাবে যদি আমারে লয়, তয় তার সঙ্গে যামু। জীবনে যত দিন বাঁচি তার লগে থাকপার চাই।’চেয়ারম্যান বললেন, ‘তা কিয়ামুদ্দি তুমি কী কও। তুমার মত কী।’‘আমি তারে রাখুম আমার লগে, যতদিন সে থাকপার চায়।’ এ কথা শোনার পর বানরটা এক লাফে কিয়ামুদ্দির কাঁধে গিয়ে উঠে পড়ল।