বানান নিয়ে বাদ-বিসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মুরশিদের ‘বানান-বিভ্রান্তি: সরকারি সহকারি কর্মচারি’ লেখাটির প্রতিক্রিয়া

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাজ্ঞ গবেষক অধ্যাপক গোলাম মুরশিদ গত ৪ মার্চ প্রকাশিত প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় বাংলা বানান-বিভ্রান্তি সম্পর্কে একটা গোড়ার প্রশ্ন তুলেছেন। লেখাটা তিনি লিখেছেন একটু বেশি মাত্রার অ-পেশাদার ভঙ্গিতে; দাবি করেছেন, ভাষা বা বানান আপন গতিতে চলাই উত্তম। এ রকম হতে পারলে সম্ভবত ভালোই হতো। ব্যক্তি-স্বাধীনতার চূড়ান্ত রকমের স্বাদ পাওয়া যেত। কিন্তু মানব-অভিজ্ঞতার বর্তমান স্তর পর্যন্ত তাঁর এই আবেদন বাস্তবসম্মত নয়, ইতিহাসসম্মত তো নয়ই। আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে ভাষা-পরিকল্পনা করতেই হয়। আর বানান-নির্ধারণ এ পরিকল্পনার একেবারে প্রাথমিক কাজ। দুনিয়ার সর্বত্র ব্যতিক্রমহীনভাবে এ রকমই হয়ে আসছে। বাংলায় অন্যথা হওয়ার কারণ নেই। আমরা আপাতত তাঁর এসব বিরক্তিজনিত মন্তব্য একপাশে সরিয়ে রেখে ওই গোড়ার কথাটায় ফিরে যাব। তিনি প্রশ্ন তুলেছেন: ব্যাকরণ শেখা কি ভাষা-ব্যবহারের বা বানান জানার পূর্বশর্ত? বাংলা ভাষা ও ব্যাকরণ-বিতর্কের ‘আধুনিক’ ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিমাত্রই জানেন, প্রশ্নটি বিভিন্ন সময়ে বারবার উঠেছে, এবং অদ্যাবধি সবচেয়ে জরুরি প্রশ্ন হিসেবে থেকে গেছে।
অধ্যাপক গোলাম মুরশিদ রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিপক্ষ ঠাউরে তাঁর প্রস্তাব উত্থাপন করেছেন। রবীন্দ্রনাথের বিশেষণ হিসেবে প্রথমে ‘অকালপক্ব’ এবং পরে ‘একনায়ক’ শব্দ ব্যবহার করেছেন। বর্তমানে চালু বাংলা বানানরীতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানবিধির প্রায় হুবহু অনুসরণ, আর ওই বিধি প্রণয়ন করেছিলেন জনা দশেক বাঘা বাঘা ভাষাতাত্ত্বিক-পণ্ডিত, অন্য অনেকের মতামত নিয়ে—এ তথ্য যাঁরা জানেন, তাঁদের কাছে ব্যাপারটা বিস্ময়কর ঠেকবে। কিন্তু অধ্যাপক মুরশিদের শনাক্তি ঠিকই আছে। বাংলা বানানবিধির মূলনীতিগুলো আসলে রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষারই প্রতিফলন। তাঁর কয়েক দশকের অবিরাম বহুমুখী তৎপরতার মধ্য দিয়ে বাংলা বানানে ‘শৃঙ্খলা’ গড়ে উঠেছিল। গোলাম মুরশিদ সেই শৃঙ্খলাকে বলেছেন ‘জগাখিচুড়ি’, ‘বিশৃঙ্খলা’ এবং ‘নৈরাজ্য’। এই শনাক্তির মধ্য দিয়ে তিনি বাংলা বানান বিতর্কের একটা পুরোনো ধারার সঙ্গে সম্পৃক্ত হলেন। এই ধারার প্রধান তাত্ত্বিক দেবপ্রসাদ ঘোষ, যিনি ‘বানান’ লিখতেন ‘বাণান’ আকারে; অন্যতম প্রধান প্রচারক কেতকী কুশারী ডাইসন, যিনি ‘পাখি’ বানান ‘পক্ষী’র অনুকরণে ‘পাখী’ লেখার প্রস্তাব করেছেন। এখানে বলে রাখা দরকার, দেবপ্রসাদ ঘোষ পণ্ডিত মানুষ এবং বানান নিয়ে তাঁর লিপ্ততা পাণ্ডিত্য আর আন্তরিকতার ভালো নমুনা। পরবর্তীকালে তাঁর অনুসারীরা মূলত তাঁর কথাগুলোরই পুনরুৎপাদন করেছেন। এঁরা সংখ্যায় তুলনামূলকভাবে কম। তাঁদের অভিমত ‘মূলধারা’র বানানবিধিতে খুব একটা স্বীকৃত হয়নি। না হওয়ার জন্য তাঁরা মূলত রবীন্দ্রনাথকেই দুষেছেন। এ ক্ষেত্রে গোলাম মুরশিদের সঙ্গে এ ধারার মিল রয়েছে।
কিন্তু অমিল আরও বেশি। দেবপ্রসাদ স্কুল মূলত পাণ্ডিত্যনির্ভর, মূলত ব্যুৎপত্তি-অনুসারী এবং ব্যাকরণে নিষ্ঠাবান। এই যে পাণ্ডিত্য, ব্যুৎপত্তি আর ব্যাকরণ—তিন ক্ষেত্রেই যোগটা সংস্কৃতের সঙ্গে। সংস্কৃতের নিরিখে বাংলা বানান ‘সুশৃঙ্খল’ করার প্রস্তাবই তাঁরা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের প্রভাবশালী স্কুলের সঙ্গে তাঁদের মূল বিরোধটা আসলে ওই সংস্কৃতের অনুসরণ নিয়েই। রবীন্দ্রনাথ বরাবরই ‘প্রাকৃত’ বাংলার কথা বলেছেন, বরাবরই বানানের ব্যবহার-উপযোগিতার কথা বলেছেন, এবং ব্যুৎপত্তির বিপরীতে যথাসম্ভব উচ্চারণানুগ বানানের কথা বলেছেন। কেতকী কুশারী ডাইসন কোনো রাখঢাক না রেখেই ‘বৈদগ্ধ্যের সপক্ষে’ প্রবন্ধে লিখেছেন, রবীন্দ্রনাথ নিজে পণ্ডিত ছিলেন না বলে পাণ্ডিত্যের ব্যাপারে বিদ্বিষ্ট ছিলেন; তাঁর বানান-প্রযোজনা সেই বিদ্বেষের ফল। রবীন্দ্রনাথ তাঁর ভাষা-বিশ্লেষণে সত্যি সত্যি ‘পাণ্ডিত্যে’র বিরোধী ছিলেন। গোলাম মুরশিদের তোলা প্রশ্নটি তিনিই লিখিতভাবে সবচেয়ে বেশিবার তুলেছেন। তবু তাঁরা পরস্পরবিরোধী শিবিরেই পড়লেন।
কেন পড়লেন সে কথা বোঝার জন্য গোলাম মুরশিদের ‘বানান-বিভ্রান্তি: সরকারি সহকারি কর্মচারি’ লেখাটির অন্য কিছু অনুমান ও শনাক্তির বিশ্লেষণ করতে হবে। তিনি বলেছেন, ‘সত্যিকার অর্থে বানানের কোনো শুদ্ধ-অশুদ্ধ নেই’। তাঁর এ অনুমান আংশিক সত্য। বানানের ক্ষেত্রে ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। কিন্তু ঐতিহ্যের মধ্যেও যুক্তি থাকে। তা ছাড়া শব্দভান্ডারের একটা উল্লেখযোগ্য অংশ—বিশেষত সাধিত শব্দগুলো—ব্যাকরণিক উপায়ে নিষ্পন্ন। সংগত কারণেই এগুলোতে ব্যাকরণের নিয়ম মানতে হয়। কিন্তু ‘ঐতিহ্যে’র ব্যাপারটাও তো খুব গোলমেলে। একটা সময়ে বা সময়ের একটু দীর্ঘ পরিসরে একই শব্দ বিচিত্রভাবে লিখিত হয়। কে ঠিক করবে কোনটা ‘ঐতিহ্য’ আর কোনটা নয়। এ কাজটা পৃথিবীর সর্বত্রই প্রধানত একাডেমিগুলোই করে থাকে।
ফরাসি একাডেমি তার বিখ্যাত অভিধান প্রথম প্রকাশ করার সময়, পাঁচ হাজার ফরাসি শব্দের, অর্থাৎ তখনকার (১৭৬২ সালের) ফরাসি ভাষার মোট শব্দসম্ভারের প্রায় বার ভাগের এক ভাগ শব্দের বানান সংস্কার করেছিল। অন্য ভাষাগুলোর ক্ষেত্রেও তা-ই হয়েছে। অধ্যাপক মুরশিদ ইংরেজি বানানের অজর-অক্ষর রূপ সম্পর্কে যা বলেছেন, তা ইংল্যান্ডের ক্ষেত্রে কিছুটা সত্য, কিন্তু আমেরিকার ক্ষেত্রে অবস্থা একেবারেই বিপরীত। সেখানে রীতিমতো টাকা খাঁটিয়ে পরিকল্পনা করে বানান বদলানো হয়েছে। এ সরল তথ্যগুলো মনে রাখলে কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি কিংবা কলকাতা বাংলা আকাদেমি সম্পর্কে অধ্যাপক মুরশিদ যে বিষোদ্গার করেছেন, তার ন্যূনতম কারণও খুঁজে পাওয়া যায় না। ধরে নেওয়া যাক, যাঁরা প্রতিষ্ঠানগুলোর পক্ষে কাজ করেছেন—কলকাতা বিশ্ববিদ্যালয় বানান কমিটির সেই প্রাজ্ঞ দশের কথা মাথায় রেখেই—তাঁরা যথেষ্ট যোগ্য নন। কিন্তু এমন তো নয় যে, এর বাইরে অন্য অনেকে বিস্তর কাজ করে বসেছিলেন, তাঁদের না ডেকেই কাজটা করা হয়েছে। বরং ঘটেছে বিপরীত ঘটনা। চারপাশের—বিশেষত সংস্কৃতপন্থীদের ব্যাপক চাপের মুখে কমিটি তাঁদের প্রস্তাব অল্প সময়ের ব্যবধানে দুবার সংশোধন করে, অর্থাৎ সমঝোতা করে চূড়ান্ত করেছিলেন। এই ইতিহাস এত পরিচিত যে গোলাম মুরশিদের অজানা থাকার কোনো কারণ নেই।
তিনি আসলে ওই প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোর নিন্দা করেছেন সম্পূর্ণ ভিন্ন একটা অনুমান থেকে। তখন, তাঁর ভাষায়, ‘বাংলা বানানের সাজানো বাগান’ ছিল। ঐতিহাসিক তথ্য-উপাত্ত তাঁর এ অনুমানকে মোটেই সমর্থন করে না। বস্তুত বিশ শতকের দ্বিতীয়-তৃতীয় দশকে ‘চলতি’ শব্দ ব্যাপক হারে লেখায় ব্যবহৃত হতে থাকলে বাংলা বানানের নৈরাজ্য চরমে উঠেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় বানানবিধির প্রতি বেশ ক্রিটিক্যাল বানান-বিশারদ মনীন্দ্রকুমার ঘোষ লক্ষ করেছেন, বানান-সংস্কার সমিতির স্থির করে দেওয়ার আগে ‘করছি’ শব্দটির ‘বানান ছিল ডজন-তিনেক’। ‘ক, ক’, কো; র, র্, রেফ, সম্পূর্ণ র বা রেফবিহীন; চি, চ্চি, ছি, চ্ছি—এই বর্ণগুলোর প্রায় সব রকম বিন্যাস দেখা যেত। এ রকম সমস্যার উল্লেখ করে তার সমাধানকল্পে তখন আক্ষরিক অর্থেই অগণিত প্রস্তাব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই বাস্তবতা কোনো ‘সাজানো বাগান’-এর ইঙ্গিত দেয় না।
‘সাজানো বাগান’ ধারণাটা এসেছে আরেকটা অনুমান থেকে। এ ছোট্ট লেখাটিতে অধ্যাপক মুরশিদ বার কয়েক লিখেছেন, বাংলা বানানের শতাব্দী-পরম্পরায় একটা ঐতিহ্য গড়ে উঠেছিল। এ বক্তব্য সম্পূর্ণ অনৈতিহাসিক। এটা লেখা আমার জন্য বেশ বিব্রতকর। কারণ, আঠারো-উনিশ শতকের বাংলা নিয়ে লেখা একাধিক মূল্যবান গবেষণাগ্রন্থের রচয়িতা গোলাম মুরশিদের খেয়াল না করার কোনো কারণ নেই যে উনিশ শতকের নতুন গদ্য আর নতুন বানানের সঙ্গে আগের বাংলার সম্পূর্ণ বিচ্ছেদ ঘটেছিল। যদি পুরোনো ঐতিহ্য বিবেচিত হতো, তাহলে হয়তো গত এক শ বছরের বানান-বিতর্ক সম্পূর্ণ অন্য খাতে বইত। আর বাংলা বানানের বিশৃঙ্খলাও অনেক কম পরিশ্রমে দূর করা যেত। রবীন্দ্রনাথ এ প্রশ্নটি বারবার তুলেছেন। বলেছেন, যদি ঐতিহ্যের কথা বলতেই হয়, তাহলে বাংলা ভাষার ঐতিহ্য তো পুরানো বাংলা, তার আগের অপভ্রংশ ও প্রাকৃতের লিখিত নানা রূপ। কিন্তু উনিশ শতকের বানানশাস্ত্রীরা বাংলা বানানকে ‘সুশৃঙ্খল’ করতে চেয়েছেন সংস্কৃত ঐতিহ্য অনুযায়ী। বিপুল-অধিকাংশ অ-সংস্কৃত শব্দেও প্রয়োগ করতে চেয়েছেন সে একই সূত্রাবলি, আর স্বভাবতই মুশকিলে পড়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানবিধি ওই ইতিহাসের সাপেক্ষেই পাঠ্য।
অধ্যাপক মুরশিদ যা-ই বলুন না কেন, ১৯৩৬ সালের পর থেকে বাংলা বানান অনেক সুবিধাজনক হয়েছে। কিন্তু অসুবিধাও অনেক রয়ে গেছে। অসুবিধাগুলোর বেশির ভাগের গোড়ায় আছে একটি সিদ্ধান্ত: সংস্কৃত ও অসংস্কৃত শব্দকে আলাদা মূল্য দেওয়া। গোলাম মুরশিদের আগে এ সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমি নমুনা হিসেবে মুহম্মদ আবদুল হাইয়ের সংশ্লিষ্ট মতামত সম্পর্কে তাঁর রচনাবলির সম্পাদক হুমায়ুন আজাদের মন্তব্য উদ্ধৃত করছি: ‘মুহম্মদ আবদুল হাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানের একটি বিধান মানেননি; তিনি বিদেশি শব্দে ট-বর্গীয় ধ্বনির আগে “স” আর “ন” ব্যবহার না করে “ষ” আর “ণ”ই ব্যবহার করেছেন;—লিখেছেন “ষ্ট্যাণ্ডার্ড”। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানের এ-বিধিটি জনপ্রিয় হয়েছিল, তবে এ-বিধিটি অবৈজ্ঞানিক ও ভাষার স্বভাববিরোধী। এ-বিধিটি বাংলা বানানের সূত্রকে জটিল করেছে, বিদেশি শব্দকে চিরকালের জন্য বিদেশি করে রাখার বিধান দিয়েছে, এবং মনে করেছে যে প্রতিটি মানুষই হবে ভাষাবিজ্ঞানী। মুহম্মদ আবদুল হাই এ বিধিটি মানেননি বলে তাঁকে রক্ষণশীল মনে হতে পারে, কিন্তু তিনি ঠিক কাজটি করেছিলেন। আমরাও এখন এ বিধিটি বর্জন করতে পারি।’
কিন্তু আসলে কেউ বর্জন করেনি। ব্যাপারটি শুধু বানানের নয়, বরং সামগ্রিকভাবে বাংলা ভাষাচর্চার সবচেয়ে গোড়ার গলদ। বাংলা ব্যাকরণ আজতক এ নীতিতেই চর্চিত হয়—সংস্কৃত শব্দের জন্য এক বিধি আর ইতর শব্দের জন্য অন্য বিধি। ১৯৩৯-এর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাকরণে এ রকম আছে, ১৯৮৮-এর জ্যোতি ভূষণ চাকীর ব্যাকরণেও তাই; এমনকি বাংলা একাডেমির ২০১১ সালের উচ্চাভিলাষী প্রমিত ব্যাকরণেও তৎসম শব্দের জন্য অন্য ব্যাকরণ দেখতে বলা হয়েছে। ফলে বলতেই হয়, অধ্যাপক গোলাম মুরশিদ ঠিক প্রশ্ন তুলে ভুল পক্ষকে দোষারোপ করেছেন। বাংলা ভাষার একজন প্রাজ্ঞ গবেষক হিসেবে যদি তিনি এ প্রশ্ন নিয়ে আরও অগ্রসর হন, তাহলে রবীন্দ্রনাথকেই সবচেয়ে বড় সহযাত্রী হিসেবে পাবেন। বাংলা ভাষার নিপুণতম বিশ্লেষক রবীন্দ্রনাথ ঠাকুর তৎসম-অতৎসম বিভাজনে কৌশলগত সায় দিয়েছেন বটে, কিন্তু বরাবরই আশা প্রকাশ করেছেন, একসময় কোনো এক ‘কামাল পাশা’ আবির্ভূত হয়ে শক্ত প্রতিপক্ষের ভয়ে ভীত না হয়ে এ সমস্যার সমাধান করবেন। সে সময় এখনো আসেনি; হয়তো আসবে।