‘মামা, ঝালমুড়ি খাব।’ স্কুল থেকে বের হয়েই বায়না ধরল ইতি। ‘আগে বল মুড়ি বানান কী? র নাকি ড়?’ গম্ভীর হওয়ার ভান করে বানান মামা বললেন।
প্রশ্নটা শুনে তনয়ের সবগুলো দাঁত বেরিয়ে গেল। ইতির দিকে তাকিয়ে ভ্রু নাচাল সে। এর অর্থ হলো, ‘বলেছিলাম কি না?’
ইতি আর তনয় দুই ভাইবোন। দুজন একই স্কুলে পড়ে। মামা প্রতিদিন ওদের স্কুল থেকে নিতে আসেন। ওদের একটাই মামা। কথায় কথায় তাঁর বানান জিজ্ঞাসা করার বাতিক আছে। মামাকে ‘বানান মামা’ ডাকতে ডাকতে তাঁর আসল নামটাই ভুলে গেছে তনয় আর ইতি।
টিফিন পিরিয়ডে ইতি বলছিল, ‘আজ স্কুল ছুটির পর ঝালমুড়ি খাব।’
শুনে তনয় বলেছিল, ‘বাংলা ম্যামকে জিজ্ঞেস করে মুড়ি বানানটা জেনে নিস। দেখিস, ঝালমুড়ি খেতে চাইলেই মামা মুড়ি বানান জিজ্ঞেস করবে।’
কথাটা কেমন ঠিকঠাক মিলে গেল!
তনয়ের পরামর্শ মেনে ইতি আগেই বানানটা শিখে রেখেছিল। তাই ঝটপট বলল, ‘মুড়ি বানানে ড়। র না।’
মামা এবার আরও গম্ভীর হওয়ার ভান করে বললেন, ‘বল দেখি, তোর মা যে মুড়িঘন্ট রান্না করেন। সেখানে মুড়ি থাকে না কেন?’
যাহ! এই প্রশ্নটা ‘কমন’ পড়েনি। ইতি আর তনয় দুজনই মুখ গোল করে ভাবতে শুরু করল, তাই তো! মুড়িঘন্টে মুড়ি থাকে না কেন!
‘এই মুড়ি সেই মুড়ি নয় রে। এই মুড়ি অর্থ হলো মাথা। মাছের মাথা দিয়ে রান্না করা হয় বলে এর নাম মুড়িঘন্ট।’ মামা বুঝিয়ে বলেন।
ইতি এবার কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ‘উফ মামা, আমি মুড়িঘন্ট খেতে চাইনি। ঝালমুড়ি খেতে চেয়েছি। আগে ঝালমুড়ি খাওয়াও, পরে তোমার পরীক্ষা দেব।’
ঝালমুড়িওয়ালা যখন মুড়ি আর চানাচুর একসঙ্গে ঘুটা দিচ্ছেন, তখন তনয়ের আবদার, ‘মামা, তোমার মোবাইলটা দাও না। একটু গেম খেলব।’
বিনিময়ে কোনো না কোনো শব্দের বানান বলার প্রস্তুতি নিচ্ছিল ওরা। কিন্তু ওদের অবাক করে দিয়ে বানান মামা কি না মোবাইলটা দিয়ে দিলেন!
তাজ্জব ব্যাপার!
গেম খেলতে নিয়ে বোঝা গেল কারণটা। মোবাইল লক করা। লক খুলতে হলে পাসওয়ার্ড লাগবে।
‘মামা, তোমার ফোনের পাসওয়ার্ড কী?’
‘হু হো হা হা!’ বানান মামা এবার দুষ্টুলোকের মতো হাসার ভান করলেন। বললেন, ‘এটাই তো খেলা! পাসওয়ার্ড জানতে হলে তোদের একটা ধাঁধার সমাধান করতে হবে।’
‘কী ধাঁধা?’
মামা একটা কাগজ এগিয়ে দিলেন। তাতে লেখা আছে—
ন’দু ইতি নশা তনয়
দন্ত্য হলে তালব্য নয়
বানান যদি করো ভুল
ছিঁড়তে হবে মাথার চুল।
কী আজব ধাঁধা রে বাবা! ভাবতে ভাবতে ইতি আর তনয়ের মুড়ি (মানে মাথা!) ঘামিয়ে গেল।
এবার তোমরা বলো তো, কী হতে পারে পাসওয়ার্ড?