বাবরের স্মৃতিময় পানিপথে
ঐতিহাসিক পানিপথে তিনবার যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ সালে, দ্বিতীয়টি ১৫৫৬ ও তৃতীয়টি ১৭৬১ সালে। পানিপথের প্রথম যুদ্ধে মোগল সম্রাট জহিরউদ্দিন বাবর দিল্লির আফগান সুলতান ইব্রাহিম লোদীকে পরাস্ত করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অবসান ঘটান ভারতে লোদী বংশের শাসনকালের। দিনটি ছিল ১৫২৬ সালের ২১ এপ্রিল। পানিপথ ইতিহাসখ্যাত এক যুদ্ধস্থান। মোগল সাম্রাজ্যের উত্থানের পেছনে এই স্থানের ভূমিকা অবিসংবাদিত। পানিপথের তৃতীয় যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত হয়। উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের বর্তমানের একটি জেলা শহর হলো পানিপথ। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ৯০ কিলোমিটার আর ভারত-পাকিস্তান সীমান্তের পাঞ্জাব রাজ্যের রাজধানী চন্ডীগড় থেকে ১৬৯ কিলোমিটার দূরে এর অবস্থান। বর্তমানে পানিপথ প্রসিদ্ধ ভারতের বয়নশিল্প শহর হিসেবে। ভগবত গীতায়ও পানিপথের উল্লেখ আছে ‘ধর্মক্ষেত্র’ নামে। আফগান ও তুর্কি শাসকেরা দিল্লির শাসনক্ষমতা দখল করার জন্য পানিপথকে বেছে নিয়েছিলেন যুদ্ধক্ষেত্র হিসেবে। মোগল সম্রাট জহিরউদ্দিন বাবর দিল্লির আফগান সুলতান ইব্রাহিম লোদীকে পরাস্ত করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অবসান ঘটান ভারতে লোদী বংশের শাসনকাল। দিনটি ছিল ১৫২৬ সালের ২১ এপ্রিল। লোদী বংশের শাসন সূচিত হয়েছিল বাহালুল লোদীর হাতে। লোদীদের সঙ্গে প্রথম যুদ্ধ হয় ঐতিহাসিক এই পানিপথে। যুদ্ধ জয়ের পর সম্রাট বাবর এখানে নির্মাণ করেন একটি মসজিদ, একটি জলাশয় এবং একটি উদ্যান। সম্রাট বাবরের স্ত্রী কাবুলি বেগমের নামে যার নামকরণ করা হয় কাবুলিবাগ। পানিপথের তহশিল অফিসের কাছে রয়েছে ইব্রাহীম লোদীর কবর। ১৫৫৬ সালের ৫ নভেম্বর ক্ষমতা ধরে রাখার জন্য পানিপথের দ্বিতীয় যুদ্ধে অংশ নেন সম্রাট আকবর, ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য হিমুর সঙ্গে। যুদ্ধে পরাজিত বিক্রমাদিত্যের শিরশ্ছেদ করেন আকবর সৌন্ধাপুর সেনা ছাউনিতে। সেখানে বিক্রমাদিত্যের সমাধিস্থল রয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ২০০ বছর পর ১৭৬১ সালের ১৪ জানুয়ারি। যুদ্ধ হয় আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠি সেনাপতি সদাশিব রাও ভাউর। দিল্লি দখল করতে সমর্থ হলেও এই যুদ্ধে সদাশিব রাও পরাজিত হন। যা ইতিহাসে পানিপথের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। পানিপথের কালা আম এলাকায় রয়েছে ঐতিহাসিক যুদ্ধস্থান, পানিপথ যুদ্ধের সংগ্রহশালা, ইব্রাহীম লোদীর কবরস্থান, হেমচন্দ্রর সমাধিস্থল ইত্যাদি। সম্প্রতি এক সকালবেলা দিল্লি থেকে ট্রেনযোগে পানিপথ নেমে আমি আলোকচিত্রী ভাস্কর মুখার্জিকে নিয়ে একটি স্কুটারে করে রওনা দিই কালা আম এলাকায়। কথা প্রসঙ্গে ড্রাইভারকে জিজ্ঞাসা করি, কেন এই এলাকার নাম কালা আম হলো? তিনি জানালেন, একসময় এখানে বহু আমগাছ ছিল। যার পাতার রং ছিল অনেকটাই কালা। এখন আর কালা আমগাছের দেখা মেলে না। স্মৃতিস্মারক হিসেবে যুদ্ধক্ষেত্রের মাঝে সংরক্ষণ করে রাখা হয়েছে একটি কালা আমগাছ। কালা আমের যুদ্ধক্ষেত্রটি পাথরের ইট, বালু ও সিমেন্টের দেয়াল দিয়ে ঘেরা। গেটের সামনেই পানিপথের তিনটি যুদ্ধস্মারক। বাঁ দিকেরটি নীল আর ডান দিকের দুটি লাল বেলেপাথরের ওপর খোদাই করা যুদ্ধস্মারক। লাল দুটিতে হিন্দি ও বাংলা ভাষায় পানিপথের তিনটি যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। নীলটিতে রয়েছে হিন্দি ভাষায় পানিপথের তিনটি যুদ্ধের বর্ণনা। স্থানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। এর কর্মকর্তা ও কর্মীরাও থাকেন এই যুদ্ধক্ষেত্রের এক পাশে নির্মিত আবাসনে। হাঁটতে হাঁটতে আমাদের সামনে পড়ল একটি স্মারকস্তম্ভ। তাতে পাশাপাশি তিনটি যুদ্ধের প্রতীক স্তম্ভ। যেখানে লেখা, ১৯৯২ সালের ৯ আগস্ট পানিপথ যুদ্ধের এই স্মারকস্তম্ভ উদ্বোধন করেন হরিয়ানার রাজ্যপাল ধনিকলাল মণ্ডল। একটু দূরেই রয়েছে ব্যতিক্রমী কালা আমগাছটি। আমগাছের পাতাগুলো প্রায় কালো। আমগাছটির বয়স অবশ্য বেশি নয়। ভিন্ন রকমের হওয়ায় আমগাছটিকে এখানে রোপণ করে সংরক্ষণ করা হয়েছে। স্মারকস্তম্ভে লেখা রয়েছে আমগাছটির ইতিহাস। এখান থেকেই পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠি সেনাপতি সদাশিব রাও যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন। অদূরেই দেয়ালে পাথরের ওপর খোদাই করে রাখা হয়েছে পানিপথ যুদ্ধের কয়েকটি ম্যুরাল। স্থানটির অবস্থান একেবারে গ্রামের মধ্যে, যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক নয়, পথে পথে পোহাতে হয় নানা ভোগান্তি। এ কারণে যাঁরা ইতিহাসের সোনালি অতীত জানতে আগ্রহী, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও তাঁরা চলে আসেন এই প্রত্যন্ত কালা আম গ্রামে। যেমনটা আমরাও ছুটে গিয়েছিলাম কলকাতা থেকে সুদূর দিল্লি হয়ে হরিয়ানার এই ঐতিহাসিক পানিপথের যুদ্ধক্ষেত্রে।