আপনার কল্পনায় মেয়েটি যতটা ছোট ছিল, তাকে দেখলে চমকে উঠে আবিষ্কার করবেন, সেই মেয়ে তার চেয়ে অনেক বড় হয়ে গেছে। আপনার অনুমানে মেয়েটি যতটা বড় হয়ে উঠেছে বলে ভেবেছিলেন, চমকে উঠে আবিষ্কার করবেন, মেয়েটি আসলে এখনো ততটা বড় হয়নি। বাবা স্টিভ আরউইন পৃথিবীজুড়ে বিখ্যাত ছিলেন ‘দ্য ক্রোকোডাইল হান্টার’ নামে। ছোট্টবেলা থেকেই বাবার ন্যাওটা বিন্ডি হাঁটছে বাবার রেখে যাওয়া পথ ধরে। মাত্র ১৪ বছর বয়সে বাবার ভক্তদের মনে স্টিভ আরউইনকে ফিরে পাওয়ার এক অনুভূতি ছড়িয়ে দিচ্ছে বিন্ডি। শিশুদের জন্য নির্মিত নতুন ছবি রিটার্ন টু নিমস আইল্যান্ড-এ দেখা যাবে, ডেভেলপারদের লোলুপ গ্রাস থেকে নিজের দ্বীপটি বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ছোট্ট একটা কিশোরী। বুনো প্রকৃতিকে ভালোবাসার ব্যাপারটি আরউইন পরিবারের বংশগত ঐতিহ্য। আরউইনের বাবা-মা অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ৮০ কিলোমিটার উত্তরে গড়ে তুলেছিলেন অস্ট্রেলিয়া জু, যেটি উত্তরাধিকার সূত্রে হাত ঘুরে এখন বিন্ডির কাছে। খালি হাতে কুমির, সাপ ধরে বেড়ানো স্টিভ ২০০৬ সালে স্টিংরের আঘাতে মারা যান। সে সময় পানির নিচে ওশনস ডেডলিয়েস্ট নামের সাগরতলের ভয়ংকর প্রাণীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন। বাবার মৃত্যুর সময় বিন্ডির বয়স ছিল মাত্র আট বছর। তবে অনেকেরই হয়তো মনে আছে, বাবার শেষকৃত্যে গভীর আবেগময় একটি বক্তব্য দিয়েছিল সে। সেই বক্তব্যে ছিল বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করার প্রত্যয়। মাত্র দুই বছর বয়স থেকে বাবার ছায়াসঙ্গী হিসেবে প্রাণীবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত বিন্ডিকে। পুতুল নিয়ে খেলার বয়সটায় সে খেলেছে সাপখোপের সঙ্গে। বাবা তার নামটিও রেখেছিলেন প্রিয় একটি কুমিরের নামে। বিন্ডি যখন পিচ্চিকালেই বড় তারকা হয়ে উঠেছিল, স্টিভ সে সময় মজা করে বলেছিলেন, ‘আসল তারকা তো সে-ই, আমি শুধু তার সহশিল্পী হয়ে থাকার চেষ্টা করেছি।’ ক্রোকোডাইল হান্টার নামের ভীষণ জনপ্রিয় সেই ধারাবাহিকে স্টিভের সঙ্গে ছিলেন স্ত্রী টেরি। স্টিভের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের মিশনে কন্যার পাশেও আছেন এই অসাধারণ নারী।কিন্তু কী সেই লড়াই? ২০০৭ সালে তৎকালীন হাওয়ার্ড সরকার ৬০ লাখ ডলার দিয়ে ব্রিসবেনের উত্তরাঞ্চলের এক লাখ ৩৫ হাজার হেক্টর জমি কিনেছিল। স্টিভের স্মরণার্থে যেটিকে আরউইন সংরক্ষণ অঞ্চল বলা হয়। টেরি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রজাতির পাখি, উদ্ভিদ এবং কীটপতঙ্গের ১৯ শতাংশই আছে এই বনাঞ্চলে। এখান থেকেই খুঁজে পাওয়া বিশেষ ধরনের মাকড়শার বিষ ব্যবহার করে স্তন ক্যানসারের জন্য ওষুধও আবিষ্কার করা হয়েছে।এই বনাঞ্চলটি সংরক্ষণ করার জন্য ২০১০ সালে লেবার সরকার একটি আইনও পাস করে। কিন্তু পাশার দান ঘুরে যায় কনজারভেটিভ সরকার ক্ষমতায় আসার পর। এই অঞ্চলে বক্সাইটের খনি আছে। যেখান থেকে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। সরকার এখানে সেই খনিশিল্পই গড়ে তুলতে চায়। কিন্তু তা করা হলে বিপন্ন হবে প্রাণীজগৎ। প্রায় ধ্বংস হয়ে যাবে বন। এর বিরুদ্ধেই আন্দোলন করে যাচ্ছে বিন্ডি এবং তার মা টেরি। এরই মধ্যে চার লাখ মানুষ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষরও করেছেন। রিটার্ন টু নিমস আইল্যান্ড-এর প্রধান চরিত্র নিম যেমন লড়াই করেছে আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে, বাস্তবের দুনিয়ায়ও লড়ছে বিন্ডি। নিম জিতেছিল, আর বিন্ডি?রাজীব হাসান ইউএসএ টুডে থেকে