বারুদের গন্ধমাখা সত্য ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স
মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স
লেখক: খালেদ মোশাররফ
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
দাম: ৪০০ টাকা
খালেদ মোশাররফকে ছেলেবেলায় রূপকথার নায়ক মনে হতো। স্বাধীনতার পর পর আমাদের মতো শিশুরা যুদ্ধ যুদ্ধ খেলার সময় ‘কে ফোর্স’, ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’ নিয়ে কথা বলত। বিদ্যা জাহির করত, ‘জানিস, মুক্তিযুদ্ধে ১১টা সেক্টর ছিল। তিনজন মুক্তিযোদ্ধার নামে ছিল তিনটা ফোর্স...’ বলে। এরপর কাঠের লাঠি দিয়ে বানানো বন্দুকের গুলি চলত ঠা ঠা ঠা ঠা ঠা!
এরপর ধীরে ধীরে খালেদ মোশাররফ নামটি মনে গেঁথে গেল একদম। সেই খালেদ মোশাররফের লেখা বই মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স হাতে আসতেই তা পড়ার জন্য তৈরি হতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না।
খালেদেরই লেখা বই! যে যুদ্ধ ঘটে চলেছে, তারই শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের খতিয়ান লিখে চলেছেন খালেদ। আর কোনো সেক্টর কমান্ডার এভাবে লিখেছেন কি না জানা নেই আমার। অন্তত এখনো তেমন কিছু শুনিনি। খালেদ মোশাররফ যে কত পরিকল্পিতভাবে নিজের সেক্টরে যুদ্ধ পরিকল্পনা করেছেন, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, বইয়ের পাতায় পাতায় তার দৃষ্টান্ত মিলবে। একাত্তরের মুক্তিযুদ্ধ যে কারও দয়ার দান ছিল না, দাম দিয়েই কিনতে হয়েছে বাংলা, তা উপলব্ধি করতে সময় লাগবে না পাঠকের।
২৬ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা সামরিক তৎপরতা শুরু করার খবর পেয়েই খালেদ বিদ্রোহ করেন। শুরু করেন প্রতিরোধযুদ্ধ। পাকিস্তানি বাহিনী শিক্ষা দিতে চেয়েছিল বাঙালিদের। ভেবেছিল, তাদের সুশিক্ষিত সেনাবাহিনীর সামনে দাঁড়াতেই পারবে না বাঙালিরা। কিন্তু প্রতিরোধের প্রথম পর্যায়েই যে বাঙালিরা সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হবে, সেটা বুঝতে পারেনি ওরা। তাই, বঙ্গবন্ধুর ভাষণে বলা, ‘ভাতে মারব, পানিতে মারব’ শব্দাবলিকে বাস্তবে প্রয়োগ করা হতে থাকে। আর সেই যুদ্ধে খালেদ দেখান অসাধারণ শৌর্য।
খালেদের লেখা যেন ডায়েরি। প্রতিটি ঘটনার বর্ণনা রয়েছে। কোনো একটি বড় ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ হয়েছে। ফলে, যাঁরা এই বীরত্বের ভাগীদার, তাঁরা নৈর্ব্যক্তিকভাবেই উঠে এসেছেন খালেদের লেখায়। পাঠকের সামনে তাই হাজির হয়েছে সরাসরি বারুদের গন্ধমাখা সত্য ইতিহাস, যা বিকৃত করার সাধ্য কারও নেই।
ছোট করে বইয়ের কিছু অনবদ্য ঘটনার সংকেত দিই। এপ্রিলের ১৫ বা ১৬ তারিখের দিকে কুমিল্লা থেকে লাকসামের দিকে পাকিস্তানি বাহিনীর বিরাট এক গাড়িবহর যাচ্ছিল। চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘বি’ কোম্পানির সেনারা অ্যামবুশ করে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এই অ্যামবুশের সময় দীর্ঘক্ষণ যুদ্ধ হয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের সাহস ও কৌশলের কাছে পাকিস্তানিরা পরাভূত হয়। বিধ্বস্ত গাড়ি থেকে দুটি মেশিনগান, ছয়টি হালকা মেশিনগান, কয়েকটি রাইফেল আর কয়েক হাজার অ্যামিউনিশন উদ্ধার করা হয় (পৃ. ২৯)। মতিনগরে কয়েকটি তাঁবুতে মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম বাংলাদেশ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নবীন দলটি ধীরে ধীরে হাসপাতালটি গড়ে তোলে। জুন মাসে লন্ডন থেকে ডা. এম এ মবিন এসে যোগ দেন এই হাসপাতালে। কিছুদিন পর ডা. জাফরউল্লাহ চৌধুরীও যোগ দেন। ২০০ শয্যার হাসপাতালটি পূর্ণোদ্যমে কাজ করতে থাকে (পৃ. ৪৯-৫০)। বিশ্বব্যাংকের একটি টিম বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে জানতে জুন মাসে ঢাকায় আসে। পাকিস্তান প্রচার করে চলেছিল, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খালেদ মোশাররফ একটি গেরিলা দলকে পাঠিয়ে দিলেন ঢাকা শহরের কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর জন্য। বেশ কিছু জায়গায় গ্রেনেড ছোড়া হয়। হতাহতও হয় অনেকে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদল অবস্থান করছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তারা বাইরে থেকে হোটেলে ফেরার পর রুমে উঠে গেলে তাদের গাড়িতেও চালানো হয় গ্রেনেড হামলা। গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বিশ্বব্যাংকের কর্মকর্তারা সহজেই বুঝে যান, বাংলাদেশে আদতে কী ঘটছে। তাই তাঁরা তাঁদের রিপোর্টে পাকিস্তানকে আর্থিক সাহায্য না দেওয়ার জোর সুপারিশ করেন (পৃ. ৫৫-৫৬)। এ রকম অনেক অনেক ঘটনা পড়তে পড়তে মন গর্বে ভরে ওঠে। খালেদের বিচক্ষণতা নিয়েও সংশয় থাকে না।
ইতিহাসের উৎসাহী পাঠক মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানার জন্য এ বইটির ওপর নিঃসংশয়ে নির্ভর করতে পারেন। যুদ্ধসংক্রান্ত দলিল, মানচিত্র এবং ছবি ব্যবহারের ফলে বইটি আরও সমৃদ্ধ হয়েছে। বইয়ের শুরুতে এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তমের মুখবন্ধ ও বইটির সম্পাদক মুহাম্মদ লুৎফুল হকের নিবেদন বইটিতে ঢোকার পথ প্রশস্ত করবে।