বার্ধক্য জয়ের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স্কদের স্বাস্থ্য
বয়স্কদের স্বাস্থ্য

বয়স্কদের স্বাস্থ্য
অধ্যাপক শুভাগত চৌধুরী
প্রচ্ছদ: কাজী ঈশরাক
প্রকাশক: রূপ প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৫
২০০ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা।
বাংলাদেশে মানুষের গড় আয়ু এখন ৭১ বছর। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু বার্ধক্য জয় করার কৌশলগুলো সম্পর্কে আমরা খুব বেশি জানি না। স্বাস্থ্য-সচেতনতা আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারে। অধ্যাপক শুভাগত চৌধুরীর লেখা বয়স্কদের স্বাস্থ্য সেদিক থেকে খুব দরকারি একটি বই।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আজকাল ইউরোপ-আমেরিকার মানুষও খুব সচেতন। তাই সবাই স্বাস্থ্য-সচেতন। গ্রিন ফুড খুব জনপ্রিয়। জাংক ফুড বাদ দিয়ে এখন ফলমূল, শাকসবজি, গোশতের (রেড মিট) চেয়ে মাছের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ফার্মের মুরগির চেয়ে দেশি, অর্থাৎ খোলা মাঠে খুদ-কুটো খুঁটে খাওয়া মুরগির কদর শুধু আমাদের দেশেই নয়, বৃদ্ধি পাচ্ছে পশ্চিমা দেশগুলোতেও। স্বাস্থ্য-সচেতন ব্যক্তিরা দিনে পাঁচ রঙের পাঁচ রকম ফল রাখছেন প্রতিদিনের খাদ্যতালিকায়। প্রতিদিন কিছু শরীরচর্চা হয়ে উঠছে নিয়মিত করণীয়। এসবের উদ্দেশ্য একটাই, কীভাবে সুস্থ ও রোগমুক্ত জীবন যাপন করা যায়, বার্ধক্য বিলম্বিত করা যায়। শুভাগত চৌধুরী এগুলোই লিখেছেন তাঁর বইটিতে।
শুভাগত চৌধুরী বর্তমানে ঢাকার শাহবাগের মোড়ে, বারডেম ইব্রাহীম মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারে ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ও ইব্রাহীম মেডিকেল কলেজের সাম্মানিক অধ্যাপক। বিলেত-আমেরিকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাবিজ্ঞান বিষয়ে গবেষণা করেছেন, বিশ্বখ্যাত চিকিৎসা-বিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে তাঁর লেখা। দেশে সরকারি হাসপাতালে অধ্যাপনা করেছেন দীর্ঘ ৩৫ বছর। তাঁর রয়েছে অভিজ্ঞতার বিশাল ভান্ডার। তারই কিছু অংশ এবার তিনি উন্মুক্ত করেছেন এই বইয়ে।
আজকাল ওষুধ ও বিভিন্ন ধরনের হরমোন দিয়ে আয়ু বাড়ানোর প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হয় মানুষকে। বলা হয়, ওষুধ খেয়ে নাকি বার্ধক্য রোধ করা যায়। লেখক বইয়ে স্পষ্ট সতর্কবাণী করেছেন যে এসব কথিত বার্ধক্যরোধক (অ্যান্টি-এজিং) ওষুধ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। উন্নত দেশগুলোতেও এখন মানুষ এসব বিষয়ে বেশ সজাগ। বরং তিনি সজীব, সফল বার্ধক্যের জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি বলেছেন ব্যায়ামের কথা। লিখেছেন, ‘সবচেয়ে সরল ও সহজ ব্যায়াম হলো হাঁটা। প্রতিদিন সামান্য কিছু সময় ব্যায়ামের জন্য বিনিয়োগ করলে স্বাস্থ্য বজায় রাখার মতো বড় পুরস্কার আমরা অবশ্যই পাব।’
বুড়ো বয়সের একটি বড় দুর্ঘটনা হলো হোঁচট খেয়ে বা অন্য কোনো কারণে পড়ে গিয়ে আহত হওয়া। লেখক এই মারাত্মক দুর্ঘটনার বিষয়ে তাঁর বইয়ের ১০৬ পাতায় ‘পতন মুক্ত থাকুন’ নামে একটি অধ্যায়ে বুড়ো বয়সে পতন প্রতিরোধের জন্য ছয়টি ধাপ মেনে চলার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা প্রভৃতি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শও পাওয়া যাবে এখানে।
আমাদের দেশে ছেলেমেয়েদের সঙ্গেই বয়স্ক মা-বাবা থাকেন। বার্ধক্যজনিত সমস্যা তাঁদের সবারই কমবেশি আছে। বয়স্কদের স্বাস্থ্য বইটি সত্যিই একটি পারিবারিক বই। এটি সবার হাতের কাছে থাকলে চট করে দেখে নেওয়া যাবে, কখন কী করা দরকার।